ঢাকা মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ইং ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে দগ্ধ সানজিদার মৃত্যু, মৃতের সংখ্যা তিন


কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে দগ্ধ সানজিদার মৃত্যু, মৃতের সংখ্যা তিন

রাজধানীর ধানমন্ডির কাঁঠালবাগান এলাকায় ঘটে যাওয়া গ্যাস বিস্ফোরণের ফলে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ সানজিদা পাঁচ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে মঙ্গলবার সকালে মারা গেছেন। তার মৃত্যুর ফলে ওই অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা তিনজনে পৌঁছেছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৭টা ১৫ মিনিটের দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ সকাল ৮টা ৫০ মিনিটে সানজিদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন: রাজধানীতে ৩ হাজার আধুনিক বৈদ্যুতিক বাস চালুর উদ্যোগ

সূত্রে জানা গেছে, গত ১৯ নভেম্বর রাজধানীর ধানমন্ডির কাঁঠালবাগান এলাকায় গ্যাস ছড়িয়ে পড়ার কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই অগ্নিকাণ্ডে সানজিদার শরীরের ৩৭ শতাংশ পুড়ে যায়। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়, যেখানে তিনি নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন ছিলেন।

পাঁচ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর মঙ্গলবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সানজিদা। তার মৃত্যুতে ওই অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণহানির সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়াল।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোপালগঞ্জে আওয়ামী লীগের দুই পক্ষের পৃথক সংঘর্ষে গুলিবিদ্ধসহ ৩০ আহত, এলাকায় উত্তেজনা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৪১ এম


গোপালগঞ্জে আওয়ামী লীগের দুই পক্ষের পৃথক সংঘর্ষে গুলিবিদ্ধসহ ৩০ আহত, এলাকায় উত্তেজনা

গোপালগঞ্জে আওয়ামী লীগের দুটি গ্রুপের মধ্যে পৃথক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে ধারালো অস্ত্র, ইটপাটকেল এবং লাঠিসোঁটার আঘাতে দুই পক্ষের মোট ৩০ জন আহত হয়েছেন। গোপালগঞ্জ সদরের প্রথম সংঘর্ষের সময় চারজন গুলিবিদ্ধ হন। এই ঘটনার ফলে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে।

স্থানীয় বাসিন্দারা মন্তব্য করছেন যে, গোপালগঞ্জ সদর উপজেলার পর কোটালীপাড়ায়ও নিষিদ্ধ আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গোপালগঞ্জের ছাত্রদলের কর্মী মো. সোহান বলেন, "নিজেদের পাতা ফাঁদে নিজেরা পা দিয়ে নিজের পায়েই কুড়াল মারল।"

কোটালীপাড়ায় বিক্ষোভ মিছিলে দাঁড়ানো নিয়ে সংঘর্ষের সূত্রপাত ঘটে বলে জানান কোটালীপাড়া মোড়ের পান দোকানদার ইদ্রিস। সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় কোটালীপাড়া উপজেলার দক্ষিণ হিরণ গ্রামে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হন। এ সময় পাঁচটি দোকানঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।

স্থানীয় আরমান ঢালী বলেন, সোমবার সন্ধ্যায় আওয়ামী লীগের একটি বিক্ষোভ মিছিল দক্ষিণ হিরণ গ্রামে পৌঁছালে মিছিলে দাঁড়ানো নিয়ে হিরণ ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী যুবলীগ নেতা মশিউর রহমানের সঙ্গে মুন্সী রইচ উদ্দিনের ভাই শফিকুল ইসলামের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

যুবলীগ নেতা মশিউর রহমান গণমাধ্যমকে জানান, "আমরা দক্ষিণ হিরণ গ্রামে পৌঁছালে জামায়াত নেতা মুন্সী রইচ উদ্দিনের ভাই শফিকুল ইসলাম লোকজন নিয়ে আমাদের ওপর হামলা করেন। হামলায় আমিসহ কয়েকজন আহত হই।"

অন্যদিকে শফিকুল ইসলাম বলেন, "আমার বড় ভাই বিদেশে থাকেন। তিনি কোনো রাজনীতির সঙ্গে জড়িত নন। আমি দীর্ঘদিন ধরে ভদ্রভাবে ছাত্রলীগ করে আসছি। আমার আপন ভাই মুন্সী রইচ উদ্দিন আগামী হিরণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে মানুষের সাথে আন্তরিকতার সঙ্গে মেশেন। হামলায় আমিসহ বেশ কয়েকজন আহত হই। আমাদের পাঁচটি দোকানঘর ভাঙচুর ও লুটপাট করা হয়।"

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন চন্দ্র দেবনাথ গণমাধ্যমকে বলেন, "দুই পক্ষের সংঘর্ষের কথা শুনেছি। তবে এখন পর্যন্ত কেউ অভিযোগ করতে আসেননি। লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।"

সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাতটায় গোপালগঞ্জ সদর উপজেলায় নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল এবং পায়ে পাড়া দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে কমপক্ষে ২০ জন আহত হন, যাদের মধ্যে চারজন গুলিবিদ্ধ। শহরের পুরাতন লঞ্চঘাটের গোলচত্বরে চরমানিকদাহ ও ঘোষেরচর গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর চালানো হয়।

প্রত্যক্ষদর্শী সাইফুল, আবুবকর ও লাবলু জানান, "আমরাও সংবাদকর্মী। আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে চরমানিকদাহ ও ঘোষেরচর গ্রামের লোকজন গোলচত্বর এলাকায় প্রথমে জড়ো হন। দুই গ্রামের দুই যুবকের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।" ঘণ্টাব্যাপী সংঘর্ষে অন্তত ১৫ থেকে ২০ জন আহত হন।

পুলিশ ও বিজিবির টহল দল ঘটনাস্থলে পৌঁছালে সংঘর্ষে জড়িত ব্যক্তিরা পালিয়ে যান। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "তদন্ত ছাড়া এ বিষয়ে কিছু বলা যাচ্ছে না। বিস্তারিত জেনে আইনি ব্যবস্থা নেওয়া হবে।"

কেন্দ্রীয় বিএনপির সহ-আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ জয়নুল আবেদীন মেসবা গণমাধ্যমে বলেন, "প্রকৃতি কারও কথা শোনে না। এমন কিছু অন্যায় আছে, যার প্রতিশোধ মানুষকে নিতে হয় না। নীরব প্রকৃতি নীরবেই তার প্রতিশোধ নেয়। গোপালগঞ্জ ও কোটালীপাড়ায় ঠিক এমন ঘটনাই ঘটতে যাচ্ছে।"

তিনি আরও বলেন, "নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতা ঠান্ডা করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো দরকার নেই। ওরাই ওদের জন্য যথেষ্ট।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্ববাজারে তিন মাসের মধ্যে অপরিশোধিত তেলের সর্বনিম্ন দাম

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৪২ এম


বিশ্ববাজারে তিন মাসের মধ্যে অপরিশোধিত তেলের সর্বনিম্ন দাম

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণপথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে ঝুঁকি ও উত্তেজনা অব্যাহত থাকলেও আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমছে। পর্যাপ্ত সরবরাহ এবং বাজারে চাহিদার তুলনায় তেলের উদ্বৃত্ত তৈরি হওয়ার আশঙ্কায় দাম তিন মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ের কাছাকাছি নেমে এসেছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৪০ সেন্ট বা ০ দশমিক ৪৫ শতাংশ কমে ৮৮ দশমিক ৯৭ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ২৩ সেন্ট বা ০ দশমিক ২৯ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৭৯ দশমিক ৯৪ ডলারে নেমেছে। গ্রিনিচ মান সময় (জিএমটি) রাত ১টা ৪৭ মিনিটে এসব দাম রেকর্ড করা হয়।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, সোমবার লেনদেন শেষে ব্রেন্ট ক্রুডের দাম গত ৩১ আগস্টের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে। অন্যদিকে, দিনের শুরুর দিকে ডব্লিউটিআইয়ের দামও গত ২৬ আগস্টের পর সর্বনিম্ন অবস্থানে পৌঁছায়।

তবে তেলের দাম কমলেও হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি পরিবহণে নিরাপত্তাঝুঁকি কাটেনি। সোমবার ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী দাবি করে, হরমুজ প্রণালিতে নৌমাইনে আঘাতের পর তিনটি ‘নিয়ম লঙ্ঘনকারী’ তেলবাহী জাহাজে আগুন ধরে যায়। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করা হয়।

অন্যদিকে, ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ৫০টি জ্বালানিবাহী ট্যাংকারকে লক্ষ্য করে চালানো সাইবার হামলায় ইরানের সম্ভাব্য সংশ্লিষ্টতা খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্র।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সরবরাহ পরিস্থিতির উন্নতি তেলের দামে চাপ তৈরি করছে। লিবিয়ার শারারা তেল পাইপলাইন আবার চালু হওয়ায় দেশটির সরবরাহও বাড়ছে। এ ছাড়া ডয়চে ব্যাংকের এক বিশ্লেষণে বলা হয়েছে, অক্টোবরে বিশ্ববাজারে পর্যবেক্ষণ করা তরল জ্বালানির মজুত ৫ কোটি ২০ লাখ ব্যারেল বেড়েছে। এতে দৈনিক ১৭ লাখ ব্যারেল উদ্বৃত্ত সরবরাহের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

বিশ্লেষকদের মতে, একদিকে বাজারে সরবরাহ বৃদ্ধি ও উদ্বৃত্তের আশঙ্কা তেলের দাম কমাচ্ছে, অন্যদিকে হরমুজ প্রণালির নিরাপত্তাঝুঁকি জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তা বজায় রাখছে। ফলে বাজারে দামের ওঠানামা অব্যাহত থাকতে পারে। তথ্যসূত্র: রয়টার্স

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদরাসা ভবনে নিম্নমানের নির্মাণকাজে ফাটল, উদ্বেগ প্রকাশ শিক্ষক ও অভিভাবকদের

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৪২ এম


মাদরাসা ভবনে নিম্নমানের নির্মাণকাজে ফাটল, উদ্বেগ প্রকাশ শিক্ষক ও অভিভাবকদের

দূর থেকে দেখলে মনে হবে, একটি দৃষ্টিনন্দন একাডেমিক ভবন আধুনিক নকশায় নির্মিত হয়েছে। নতুন রং, আকর্ষণীয় নকশা ও সাজানো প্রবেশমুখ সহজেই দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে। কিন্তু কাছ থেকে দেখলে নির্মাণকাজের নানা ত্রুটি প্রকাশ পায়। ভবনের মেঝে, প্রবেশমুখ ও বারান্দার অন্তত ২০টি স্থানে ফাটল দেখা গেছে। দেয়ালে সামান্য চাপ দিলেই পলেস্তারা খসে পড়ছে। দরজা-জানালায় নিম্নমানের কাঠ ব্যবহারের অভিযোগও উঠেছে। অথচ ভবনটি এখনও আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়নি। এই অবস্থায় নির্মাণকাজের মান নিয়ে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলার ছাতনী রাউতারা জেএম ফাযিল মাদ্রাসার নবনির্মিত একতলা একাডেমিক ভবনে এ ধরনের চিত্র দেখা গেছে। শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়দের অভিযোগ, ঠিকাদার এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রকৌশল বিভাগের দায়িত্বশীল ব্যক্তিদের যোগসাজশে নিম্নমানের কাজ করার কারণে ভবনে ফাটল ও নানা ত্রুটি দেখা দিয়েছে, যা হস্তান্তরের আগেই ঘটেছে।

রোববার (২৪ নভেম্বর) সরেজমিনে গিয়ে দেখা যায়, সদ্য রং করা ভবনটির বাইরের অংশ বেশ আকর্ষণীয় হলেও ভেতরে ও প্রবেশমুখে রয়েছে নানা ত্রুটি। প্রবেশমুখের মেঝে দেবে গিয়ে সেখানে ফাটল তৈরি হয়েছে। বারান্দার বিভিন্ন স্থানে ফাটল দেখা গেছে। প্রতিটি কক্ষের দরজায় ফাটল রয়েছে। কয়েকটি দরজার কাঠ ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে। স্থানীয়রা জানান, মেঝেতে মোজাইক নির্মাণে পাথর ও সিমেন্টের পরিমাণ কম ব্যবহৃত হয়েছে। দেয়ালের পলেস্তারা এতটাই দুর্বল যে সামান্য চাপ দিলেই তা খসে পড়ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২৩-২৪ অর্থবছরে ভবনটির নির্মাণে প্রাক্কলিত ব্যয় ধরা হয় ১ কোটি ১৮ লাখ ৩৪ হাজার ৫০০ টাকা। দরপত্রে ৫ শতাংশ কম দরে ১ কোটি ১২ লাখ ৪২ হাজার ৭৭৫ টাকায় কাজটি পান ঠিকাদার মো. হাবিবুর রহমান। ২০২৩ সালের ৩০ নভেম্বর তাঁকে কার্যাদেশ দেওয়া হয়। কার্যাদেশ অনুযায়ী, একতলা একাডেমিক ভবনটির চারতলা ভিত্তি নির্মাণ, স্যানিটারি, পানি সরবরাহ ও বিদ্যুতায়নের কাজ অন্তর্ভুক্ত ছিল। কাজ শেষ করার সময়সীমা নির্ধারণ করা হয় ১২ মাস।

তবে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হয়নি। প্রায় দুই বছর পর চলতি মাসে নির্মাণকাজ শেষ করে ভবনটি হস্তান্তরের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু হস্তান্তরের আগেই বিভিন্ন স্থানে ফাটল ও নির্মাণত্রুটি দেখা দেওয়ায় ভবনের স্থায়িত্ব এবং কাজের গুণগত মান নিয়ে প্রশ্ন উঠেছে।

একাধিক শিক্ষার্থী ও অভিভাবক অভিযোগ করে বলেন, ঠিকাদার ও শিক্ষা প্রকৌশল বিভাগের দায়িত্বশীল ব্যক্তিদের যোগসাজশে নিম্নমানের কাজ করা হয়েছে। ফলে ভবন হস্তান্তরের আগেই বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে।

শিক্ষার্থীর অভিভাবক খাইরুল ইসলাম বলেন, একাডেমিক ভবন নির্মাণের পরপরই বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। এতেই বোঝা যায়, কতটা নিম্নমানের কাজ করা হয়েছে। দেয়ালে সামান্য চাপ দিলেই পলেস্তারা খসে পড়ছে। তাই ভবনটি হস্তান্তরের আগে কারিগরি পরীক্ষা করার জোর দাবি জানাচ্ছি। তা না হলে এ ভবনে শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে শঙ্কা থেকে যাবে।

গ্রামের বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, তাঁদের গ্রামের এই মাদ্রাসায় একটি নতুন ভবন নির্মাণ ছিল দীর্ঘদিনের স্বপ্ন। কিন্তু সেই স্বপ্নের ভবনেই এখন ফাটল দেখা দিয়েছে। ঠিকাদার ও শিক্ষা প্রকৌশল বিভাগের দায়িত্বে অবহেলার কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে। এ ঘটনায় দায়ীদের চিহ্নিত করে শাস্তির দাবি জানান তিনি।

মাদ্রাসার শিক্ষিকা মোছা. মমতাজ বেগম বলেন, ভবনের পলেস্তারা করার সময় ঠিকাদারের লোকজন অল্প পরিমাণ সিমেন্ট ব্যবহার করছিলেন। তখন প্রতিবাদ করেও কোনো লাভ হয়নি। এখন দেয়ালের পলেস্তারা খসে পড়ছে।

মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আতাউর রহমান বলেন, ভবনের বিভিন্ন সমস্যা দেখা দেওয়ায় বিষয়টি মাদ্রাসার বর্তমান সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মো. মাজাহারুল ইসলামকে জানানো হয়েছে।

ঠিকাদারের ব্যবস্থাপক উজ্জ্বল হোসেনের কাছে জানতে চাইলে তিনি ভবনের ফাটলের বিষয়টি স্বীকার করেন। তিনি বলেন, ফাটলগুলো আবার মেরামত করে দেওয়া হবে।

ভবন নির্মাণকাজের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী প্রকৌশলী ফরহাদ হোসেনের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি কোনো বক্তব্য না দিয়ে পরে সরাসরি সাক্ষাতে কথা বলবেন বলে জানান।

মাদ্রাসার সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক মো. মাজাহারুল ইসলাম বলেন, বিষয়টি তাঁর জানা ছিল না। সাংবাদিকের মাধ্যমে তিনি প্রথম জানতে পেরেছেন। খোঁজখবর নিয়ে দেখবেন।

এ বিষয়ে বক্তব্য জানতে দিনাজপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. বেলাল হোসেনের সঙ্গে গত দুই দিন ধরে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয় এবং খুদে বার্তা পাঠানো হয়। তবে তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাড়ির আনাচকানাচে অশ্বত্থগাছ থাকা শুভ না অশুভ?

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৪৩ এম


বাড়ির আনাচকানাচে অশ্বত্থগাছ থাকা শুভ না অশুভ?

বাড়ির দেওয়াল, ছাদ অথবা আনাচকানাচে হঠাৎ করে অশ্বত্থগাছ গজিয়ে ওঠার ঘটনা ঘটে। বিশেষ করে পুরনো বাড়ির দেওয়ালের ফাটল বা অব্যবহৃত স্থানগুলোতে এই গাছের উপস্থিতি লক্ষ্য করা যায়। কিন্তু প্রশ্ন হলো, বাড়ির ভিতরে বা ছাদে অশ্বত্থগাছ বেড়ে ওঠা কি শুভ, নাকি অশুভ? বাস্তুশাস্ত্র এবং প্রচলিত ধর্মীয় বিশ্বাসে এ সম্পর্কে কী বলা হয়েছে, তা জানার চেষ্টা করা যাক।

বাড়িতে অশ্বত্থগাছ থাকা কি অশুভ?

হিন্দুধর্মে অশ্বত্থগাছকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। প্রচলিত ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এই গাছের সঙ্গে শনিদেবের সম্পর্ক রয়েছে। অনেকের বিশ্বাস, অশ্বত্থগাছের নীচে প্রদীপ জ্বালালে শনিদেবের আশীর্বাদ লাভ করা সম্ভব।

তবে বাস্তুশাস্ত্রের প্রচলিত ধারণা অনুসারে, বাড়ির দেওয়াল, ছাদ অথবা আনাচকানাচে অশ্বত্থগাছ বেড়ে ওঠা শুভ নয়। বিশেষত, দেওয়ালের ফাটল বা বাড়ির কাঠামোর মধ্যে গাছটির শিকড় ছড়িয়ে পড়লে তা ভবনের জন্য ক্ষতিকর হতে পারে। তাই গাছটি বড় হওয়ার আগেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে মনে করা হয়।

কীভাবে বাড়ি থেকে অশ্বত্থগাছ সরাবেন?

প্রচলিত ধর্মীয় রীতি অনুযায়ী, অশ্বত্থগাছ অপসারণের জন্য কিছু নিয়ম মেনে চলার কথা বলা হয়।

১. গাছটি বড় হওয়ার আগেই সতর্কতার সঙ্গে শিকড়-সহ তুলে ফেলার ব্যবস্থা করুন।

২. ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, গাছটি সরাসরি ফেলে না দিয়ে অন্য কোনও উপযুক্ত জায়গায়, যেমন মাঠ বা মন্দিরের চত্বরে, রোপণ করা যেতে পারে।

৩. যে জায়গা থেকে গাছটি সরানো হয়েছে, সেখানে গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধ করার রীতি প্রচলিত রয়েছে।

তবে মনে রাখতে হবে, এগুলি মূলত প্রচলিত ধর্মীয় এবং বাস্তুবিশ্বাসের অংশ। অশ্বত্থগাছ বাড়িতে থাকলেই অমঙ্গল হয়, এমন কোনও বৈজ্ঞানিক প্রমাণ নেই। অন্যদিকে, দেওয়াল বা ছাদের ফাটলে গাছ জন্মালে তার শিকড় ভবনের ক্ষতি করতে পারে। তাই গাছ সরানোর আগে প্রয়োজনে অভিজ্ঞ মালী বা ভবন মেরামতির বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৯ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%