প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
অ্যানথ্রপিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবটের সঙ্গে কথোপকথনে অকারণে অপমানজনক, নিষ্ঠুর বা লাগাতার আক্রমণাত্মক আচরণ নিষিদ্ধ করেছে। প্রতিষ্ঠানটির নতুন ব্যবহারের নীতিমালা ১২ নভেম্বর থেকে কার্যকর হয়েছে। এই সিদ্ধান্তের পর এআই চ্যাটবটের সঙ্গে মানুষের আচরণ, তাদের অনুভূতি আছে কি না এবং ব্যবহারকারীর ভাষা উত্তরের মানকে কতটা প্রভাবিত করে, তা নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে।
এ সংক্রান্ত একটি প্রতিবেদন টেকরাডার প্রকাশ করেছে।
অ্যানথ্রপিকের এই সিদ্ধান্তের পেছনে চ্যাটবটের প্রতি নৈতিক বিবেচনা কাজ করছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রতিষ্ঠানটি এর আগে ভবিষ্যতের এআই সিস্টেমের সম্ভাব্য অনুভূতি ও নৈতিক মর্যাদা নিয়ে গবেষণা করেছে। ফলে নতুন নীতিমালাকে কেউ কেউ এআইয়ের প্রতি মানবিক আচরণের দিকে অগ্রসর হওয়ার ইঙ্গিত হিসেবে দেখছেন।
তবে গবেষণায় দেখা গেছে, চ্যাটবটের সঙ্গে খারাপ আচরণ শুধু নৈতিকতার প্রশ্ন নয়, বরং এতে ব্যবহারকারীর কাঙ্ক্ষিত ফল পাওয়ার সম্ভাবনাও কমতে পারে।
গবেষণায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রতি তিনজন চ্যাটবট ব্যবহারকারীর একজন চ্যাটবটকে গালাগালি করেছেন বা অপমানজনক কথা বলেছেন। এক বছর ধরে ৮০ লাখের বেশি বার্তা বিশ্লেষণ করে এই গবেষণা পরিচালিত হয়।
গবেষণার তথ্য অনুযায়ী, কোনো ব্যবহারকারী চ্যাটবটের উত্তরে অসন্তুষ্ট হয়ে গালাগালি ছাড়াই অভিযোগ জানালে পরবর্তী উত্তরে চ্যাটবট ৩৫ শতাংশ ক্ষেত্রে সমস্যার সমাধান করতে পেরেছে। কিন্তু ব্যবহারকারী গালাগালি বা অপমান করলে সমস্যার সমাধানের হার কমে ২৪ শতাংশে নেমে আসে।
কেন অপমানজনক ভাষা ব্যবহারে চ্যাটবটের কার্যকারিতা কমে যায়, সে বিষয়ে গবেষকদের নিশ্চিত ব্যাখ্যা নেই। তবে বিশেষজ্ঞদের ধারণা, কথোপকথনের ধরন ও প্রেক্ষাপট এতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
গবেষণায় চ্যাটবটের প্রতি ব্যবহারকারীদের বিরক্তির প্রধান কারণও উঠে এসেছে। ব্যবহারকারীর নির্দেশনা অনুযায়ী কাজ না করা ১৯ শতাংশ ক্ষেত্রে গালাগালি বা অপমানের কারণ। ভুল উত্তর দেওয়ার কারণে ১৮ শতাংশ এবং ব্যবহারকারীর কথা বুঝতে না পারার কারণে ১৫ শতাংশ ক্ষেত্রে এমন আচরণ দেখা গেছে।
বয়স ও লিঙ্গভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, নারীদের তুলনায় পুরুষরা চ্যাটবটের সঙ্গে কথোপকথনে প্রায় এক-তৃতীয়াংশ বেশি গালাগালি বা অপমানসূচক শব্দ ব্যবহার করেন। আর ৩৫ থেকে ৪৪ বছর বয়সীরা এ ধরনের ভাষা ব্যবহারে সবচেয়ে এগিয়ে।
গবেষণার ফলাফল বলছে, চ্যাটবটের সঙ্গে ভদ্রভাবে কথা বলা শুধু সামাজিক সৌজন্য নয়, বরং ভালো ও কার্যকর উত্তর পাওয়ার ক্ষেত্রেও ইতিবাচক ভূমিকা রাখতে পারে। এআইকে অপমান করে নয়, বরং স্পষ্টভাবে সমস্যার কথা জানিয়ে সংশোধন চাইলে ব্যবহারকারীরা তুলনামূলকভাবে বেশি উপকারী ফল পেতে পারেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন