প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নিম্নতম মজুরি বোর্ড নতুন গ্রেডভিত্তিক ন্যূনতম মজুরি কাঠামো সুপারিশ করেছে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য। এতে সর্বনিম্ন গ্রেডের জন্য ১৭ হাজার টাকা এবং সর্বোচ্চ গ্রেডের জন্য ২১ হাজার ৫০০ টাকা মজুরি নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন এই মজুরি কাঠামো আগের তুলনায় বছরওয়ারি মজুরি বৃদ্ধির হারেও বেশি।
বুধবার (২৫ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের বৈঠকে চারটি গ্রেডে নতুন মজুরি কাঠামো সুপারিশ করা হয়। প্রথম গ্রেডে ২১ হাজার ৫০০ টাকা, দ্বিতীয় গ্রেডে ২০ হাজার টাকা, তৃতীয় গ্রেডে ১৯ হাজার ২০০ টাকা এবং চতুর্থ গ্রেডে ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, ২০২৩ সালে নিম্নতম গ্রেডে বছরওয়ারি ১১ দশমিক ২৫ শতাংশ হারে মজুরি বৃদ্ধি করে ১২ হাজার ৫০০ টাকা ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছিল। এবার ২০২৬ সালে নিম্নতম গ্রেডে বছরওয়ারি ১২ শতাংশ হারে মজুরি বৃদ্ধি করে ১৭ হাজার টাকা নির্ধারণের সুপারিশ করা হয়েছে। ফলে আগের বিভিন্ন সময়ে ঘোষিত বছরওয়ারি মজুরি বৃদ্ধির হারের তুলনায় এবারের সুপারিশকৃত হার বেশি।
নতুন মজুরি কাঠামো সুপারিশ করায় নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান, সদস্য, শ্রমিক ও মালিকপক্ষসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন মন্ত্রী। তিনি বলেন, "শ্রমিকদের অক্লান্ত পরিশ্রম ও ঘামের ওপর দাঁড়িয়ে আছে দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি।" বর্তমান বাজার পরিস্থিতি, দ্রব্যমূল্য ও শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে শ্রমিকরা সম্মান ও মর্যাদার সঙ্গে জীবনযাপন করতে পারেন।
মন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার শ্রমিকদের কল্যাণে শ্রম আইন সংশোধনসহ বিভিন্ন ইতিবাচক সংস্কার এনেছে। এর অংশ হিসেবে বেতন পুনর্নির্ধারণের সময়সীমা পাঁচ বছর থেকে কমিয়ে তিন বছর করা হয়েছে। প্রতি তিন বছর পরপর মজুরি পর্যালোচনা ও পুনর্নির্ধারণের উদ্যোগ শ্রমিকদের আর্থিক সুরক্ষা দেবে এবং জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে খাপ খাইয়ে নিতে সহায়তা করবে।
শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার, ভালুকা ও চট্টগ্রামসহ সাতটি শিল্পঘন এলাকায় বিশেষায়িত হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন বলেও জানান মন্ত্রী। আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে টঙ্গীতে বিশেষায়িত হাসপাতাল নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে।
শিল্প খাতে স্বাভাবিক কর্মপরিবেশ ও উৎপাদনশীলতা বজায় রাখতে শ্রমিকদের নিজ নিজ কর্মক্ষেত্রে ফিরে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান মন্ত্রী। একই সঙ্গে শ্রমিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রেখে দেশের অর্থনীতির চাকা সচল রাখতে মালিকপক্ষের প্রতিও আহ্বান জানান তিনি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন