মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং
০২:৫৪ পি.এম
আগামী ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরের সময় তিনি কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এছাড়া, তিনি জেলার ঐতিহ্যবাহী দুটি শিল্পপ্রতিষ্ঠান কুষ্টিয়া সুগার মিল লিমিটেড ও মোহিনী মিলস লিমিটেডের অর্থনৈতিক পুনরুজ্জীবন, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং শিল্পায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে কুষ্টিয়া জেলা বিএনপির সদস্যসচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার প্রধানমন্ত্রীর সফরের বিষয়টি নিশ্চিত করেছেন।
দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচনের পর উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন এবং নির্বাচনি ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলো পূরণের উদ্দেশ্যে এই সফরের আয়োজন করা হচ্ছে। বিশেষভাবে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও স্বাস্থ্য কার্ডের মতো জনকল্যাণমূলক কর্মসূচির বাস্তবায়ন গুরুত্ব পাবে।
কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল উদ্বোধনের মাধ্যমে জেলার স্বাস্থ্যসেবার পরিধি বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। হাসপাতালটি চালু হলে কুষ্টিয়া এবং আশপাশের এলাকার মানুষের চিকিৎসাসুবিধা বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।
স্বাস্থ্য খাতের পাশাপাশি কুষ্টিয়ার শিল্প ও অর্থনৈতিক উন্নয়নও সফরের গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে রয়েছে। এ সময় কুষ্টিয়া সুগার মিল লিমিটেড ও মোহিনী মিলস লিমিটেডের বর্তমান অবস্থা পর্যালোচনা করা হবে এবং প্রতিষ্ঠান দুটির কার্যক্রম পুনরুজ্জীবিত করার বিষয়ে আলোচনা হতে পারে। নতুন কর্মসংস্থান সৃষ্টি ও স্থানীয় শিল্পায়নের সম্ভাবনা কাজে লাগানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।
দীর্ঘদিন ধরে নানা সংকট, লোকসান ও অব্যবস্থাপনার কারণে ঐতিহ্যবাহী এ দুটি শিল্পপ্রতিষ্ঠানের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে বলে স্থানীয়দের ভাষ্য। প্রধানমন্ত্রীর সফর ঘিরে মিল দুটির পুনরায় চালু হওয়া, আধুনিকায়ন এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে ফিরিয়ে আনার বিষয়ে শ্রমিক, কৃষক ও স্থানীয় মানুষের মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছে।
প্রধানমন্ত্রীর সফর প্রসঙ্গে প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, "তারেক রহমানের কুষ্টিয়া সফর এ অঞ্চলের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর এ সফরের মধ্য দিয়ে কুষ্টিয়ার সার্বিক উন্নয়ন, শিল্পের প্রসার ও অর্থনৈতিক অগ্রযাত্রায় নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করছেন তাঁরা।"
এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে জেলা প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের পক্ষ থেকে প্রাথমিক প্রস্তুতি এবং নিরাপত্তাব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
গাজীপুরের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট দীর্ঘদিন ধরে চলমান রয়েছে। প্রতিদিন প্রায় দেড় হাজার রোগী চিকিৎসা নিতে আসেন এই স্বাস্থ্য কমপ্লেক্সে, যা কালীগঞ্জ উপজেলা সহ পার্শ্ববর্তী পলাশ ও রূপগঞ্জ উপজেলা থেকে আসে। তবে, ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালটিতে অনুমোদিত ১৮৬টি পদের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র ১৩৩ জন। ফলে ৫৩টি পদ শূন্য রয়েছে। অর্থাৎ, হাসপাতালটির অনুমোদিত জনবলের প্রায় ২৮.৫০ শতাংশ পদ বর্তমানে খালি রয়েছে। এই কারণে হাসপাতালটিতে চিকিৎসাসেবা পরিচালনায় নানা সীমাবদ্ধতা সৃষ্টি হচ্ছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, অনুমোদিত পদের মধ্যে প্রথম শ্রেণিতে ৩২টি পদের বিপরীতে কর্মরত রয়েছেন ২০ জন, যেখানে শূন্য রয়েছে ১২টি পদ। দ্বিতীয় শ্রেণির ৩৭টি পদের মধ্যে কর্মরত ৩৩ জন, শূন্য ৪টি। তৃতীয় শ্রেণির ৯২টি পদের বিপরীতে কর্মরত ৭২ জন, শূন্য ২০টি পদ। অন্যদিকে, চতুর্থ শ্রেণির ২৫টি পদের মধ্যে কর্মরত রয়েছেন মাত্র ৬ জন। এ শ্রেণিতে শূন্য পদের সংখ্যা ১৯টি। হাসপাতালটি শীঘ্রই ১৫১ শয্যায় উন্নীত হবে, কিন্তু জনবল সংকট অব্যাহত থাকলে চিকিৎসাসেবা মারাত্মকভাবে ব্যাহত হবে।
গাইনী ও অবস্, শিশু রোগ বিশেষজ্ঞ, নাক কান গলা বিভাগ, কার্ডিওলজিষ্ট পদে চিকিৎসক সংকটের কারণে নারী, শিশু ও অন্যান্য রোগীরা চরম ভোগান্তিতে পড়েছেন। বিশেষ করে গর্ভবতী নারী ও শিশুরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছেন। দূরদূরান্ত থেকে চিকিৎসা নিতে আসা রোগীরা সময় ও অর্থ ব্যয় করেও সেবা না পেয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। এই পরিস্থিতিতে রোগীদের দুর্ভোগ লাঘবে দ্রুত শূন্য পদে চিকিৎসকের ব্যবস্থা করা অত্যন্ত জরুরি।
হাসপাতালের পরিসংখ্যান অনুযায়ী, গত অক্টোবর মাসে বহির্বিভাগে ১৬৭২৯ জন, জরুরি বিভাগে ৪০৪৫ জন এবং অন্তর্বিভাগে ভর্তি হয়ে ৮২৩ জন রোগী চিকিৎসাসেবা নিয়েছেন। প্রতি মাসে হাসপাতালটিতে গড়ে ৫৭টি স্বাভাবিক প্রসব (নরমাল ডেলিভারি) এবং ১১টি সিজারিয়ান অপারেশন সম্পন্ন হয়। হাসপাতাল সূত্রের দাবি, স্বাভাবিক প্রসব, সিজারিয়ান অপারেশন, এক্সরে, আল্ট্রাসনোগ্রাম, ইসিজি, প্যাথলজি পরীক্ষাসহ অন্যান্য সেবার সংখ্যা আগের তুলনায় বেড়েছে। সাপে কাটা রোগীদের চিকিৎসার জন্য অ্যান্টিভেনম এবং জলাতঙ্ক প্রতিরোধে অ্যান্টি-র্যাবিস ভ্যাকসিন মজুত রাখা হয়েছে।
স্থানীয়রা জানান, কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবার মান ও পরিধি আরও বাড়াতে হলে জনবল সংকট নিরসন অত্যন্ত জরুরি। চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীসহ শূন্য পদগুলো দ্রুত পূরণ করা প্রয়োজন। প্রয়োজনীয় জনবল নিয়োগ দেওয়া হলে বিদ্যমান চিকিৎসক ও কর্মচারীদের ওপর অতিরিক্ত কাজের চাপ কমবে। রোগীদের অপেক্ষার সময় কমানো এবং আরও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব হবে। স্থানীয়রা কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শূন্য পদগুলো দ্রুত পূরণে স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে কাপাসিয়া উপজেলার এলাকার তারাগঞ্জ ডেমরার অন্তর্বিভাগে চিকিৎসাধীন মোঃ রফিজউদ্দিন বলেন, "অন্য হাসপাতালের তুলনায় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মান ভালো। এজন্য আমড়া এখানে চিকিৎসা নিতে এসেছি।"
জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসা নাম প্রকাশে অনিচ্ছুক এক সেবাপ্রার্থী জানান, "হাসপাতালে চিকিৎসা সেবার মান আগের চেয়ে অনেক ভালো হয়েছে। ডাক্তার যত্নসহকারে আমার চিকিৎসা করেছেন। হাসপাতালে দালালের দৌরাত্ব দেখতে পাইনি। কেউ কোন টাকা পয়সা চায়নি।"
তবে বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা কালীগঞ্জ পৌর এলাকার বালীগাঁও গ্রামের সাত্তার মিয়া ক্ষোভ প্রকাশ করে জানান, "ডায়াবেটিকস এর পরীক্ষা করতে এসেছিলাম কিন্তু ঔষধ নেই বলে করতে পারিনি। হাসপাতালে আগে সবই ছিল। এখন ডাক্তার থাকলে ঔষধ থাকে না, ঔষধ থাকলে ডাক্তার থাকে না। প্রয়োজনীয় চিকিৎসকের অভাবে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে রোগীদের। অনেকে টিকিট কেটেও চিকিৎসক না থাকায় ফিরে যাচ্ছেন।"
হাসপাতালে নির্ধারিত সময়ে চিকিৎসকদের উপস্থিত না থাকা, আয়া ও সংশ্লিষ্ট কর্মীদের বিরুদ্ধে রোগী এবং স্বজনদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ করেছেন কেউ কেউ। সেবাগ্রহীতারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হাসপাতালের টয়লেটসহ সার্বিক পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, কর্মীদের আচরণে পেশাদারত্ব নিশ্চিত করা, চিকিৎসকদের নির্ধারিত সময়ে উপস্থিতি এবং প্রয়োজনীয় চিকিৎসক নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রেজওয়ানা রসিদ বলেন, "হাসপাতালে ১১টি কনসালটেন্ট পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র ৪ জন। গাইনী ও অবস্, শিশু রোগ বিশেষজ্ঞ, নাক কান গলা বিভাগ, কার্ডিওলজিষ্ট পদ দীর্ঘদিন যাবৎ ফাঁকা থাকায় রোগীরা চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। ৫জন মেডিকেল অফিসার এই হাসপাতালে নিয়োগপ্রাপ্ত হলেও তারা অন্যত্র সংযুক্ত আছেন। পার্শ্ববর্তী পলাশ ও রুপগঞ্জ উপজেলা থেকে আমাদের এখানে প্রতিদিনই বিপুল পরিমাণ রোগী আসেন। প্রতিদিন জরুরি বিভাগ, বহির্বিভাগ ও আন্তর্বিভাগে প্রায় দেড় হাজার রোগী চিকিৎসাসেবা নিয়ে থাকেন। স্বল্পতার কারণে রোগীদের চাহিদা মতো প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করতে পারি না। জনবল স্বল্পতার কারণে ডাক্তার ও নার্সদের কঠোর পরিশ্রম করতে হয়। তবে সীমিত জনবল নিয়েই রোগীদের সর্বোচ্চ চিকিৎসাসেবা অব্যাহত রেখেছি।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
আজ অগ্রহায়ণ মাসের ১ম দিন। বাজিতপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে আজ থেকে কৃষকরা আমন ধানের জমি কাটার কাজে ব্যস্ত হয়ে পড়েছেন। এ বছর ৭ হাজার ২ শত ৫ সেক্টর জমিতে আমন ধানের চাষ করা হয়েছে। কৃষি বিভাগের সূত্রে জানা গেছে, প্রতি হেক্টরে আমন ধান (খরিফ) ৫.৩৭ হেক্টর ফলন হচ্ছে।
পিরিজপুরের কৃষক আবুল হোসেন আজ সোমবার জানিয়েছেন, তার ৩ একর জমিতে প্রায় ২৭০ মণ ধান হবে। এ ছাড়া, এলাকার অন্যান্য কৃষকদের সাথে কথা বললে তারা জানাচ্ছেন, ইরি বোরো ধানের ফলনের তুলনায় এ বছর আমন ধান অনেক বেশি হয়েছে। কৃষকরা বলছেন, বোরো ধানের তুলনায় আমন ধানের উৎপাদন খরচ কম হওয়ায় তারা লাভের আশা করছেন।
বাজিতপুর ছাড়াও কুলিয়ারচরে বিভিন্ন ইউনিয়নে আমন ধানের বাম্পার ফলন হওয়ার সম্ভাবনা নিয়ে অনেকেই আশাবাদী। কৃষকরা জানিয়েছেন, বর্তমানে সার এবং জালানি দ্রব্যের মূল্য খুব বেশি হওয়ায় হয়তো আমন ধানের লাভ কিছুটা কম হবে। তবে তারা উল্লেখ করেছেন, বৈশাখী ধানের তুলনায় এ বছর আমনের ফলন অনেক ভালো হচ্ছে। বাজিতপুর উপজেলা কৃষি কর্মকর্তা আশরাফুল আলম জানিয়েছেন, বোরো ধানের তুলনায় আমন ধানের বাম্পার ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজ প্রকৃতি পুনরুদ্ধার এবং প্রাকৃতিক দুর্যোগ ও পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য টাঙ্গাইলে বিলুপ্ত প্রায় ফলজ ও বনজ বৃক্ষ রোপণের কর্মসূচি আয়োজন করা হয়েছে। সোমবার সকালে টাঙ্গাইল সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে বৃক্ষ রোপণের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করেন টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: শাহীন মিয়া।
বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন "মূর্খ সংঘ" এর আয়োজনে বৃক্ষরোপণ শেষে টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: শাহীন মিয়া মন্তব্য করেন, "জলবায়ু পরিবর্তনের প্রভাব বর্তমানে বিশ্বজুড়ে ক্রমশ তীব্র হয়ে উঠছে। বাংলাদেশও এর প্রভাব থেকে মুক্ত নয়। তাপদাহ, বন্যা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি দিন দিন বাড়ছে। এসব মোকাবিলায় এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।"
তিনি আরও উল্লেখ করেন, "মূর্খ সংঘ" যে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু করেছে, তা প্রশংসনীয়। তিনি সকলকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণে এগিয়ে আসার জন্য আহ্বান জানান।
"মূর্খ সংঘ" এর উদ্যোক্তা মোস্তাক আহমেদ রানা জানান, প্রাকৃতিক পরিবেশের সুরক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। পরিবেশ সুরক্ষা ও জলবায়ু সহনশীল বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে তাদের বৃক্ষরোপণ কার্যক্রম ভবিষ্যতে আরও বিস্তৃত করা হবে। এ সময় ইউএনও অফিসের অন্যান্য কর্মকর্তাগণ, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল্লাহ আসিফ খান শেলী, ব্যবসায়ী ও যুবদল নেতা নাজমুল আহসান নোমান, "মূর্খ সংঘ" এর উদ্যোক্তা মোস্তাক আহমেদ রানা এবং নূর হাসিয়া খান উপস্থিত ছিলেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
মুক্তির দিশারি আফ্রো-এশিয়া ও লাতিন আমেরিকার বুভুক্ষু মানুষের, উপমহাদেশের বিদ্রোহী ও প্রগতিশীল রাজনীতির অন্যতম পুরোধা, সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদবিরোধী সংগ্রামের আপসহীন সিপাহসালার মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার (১৭ নভেম্বর) পালিত হবে। ১৯৭৬ সালের এই দিনে তিনি ঢাকার তৎকালীন পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন। পরে তাঁকে টাঙ্গাইলের সন্তোষে চিরনিদ্রায় শায়িত করা হয়।
দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য টাঙ্গাইলের সন্তোষ ও রাজধানী ঢাকাসহ সারা দেশে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে সন্তোষে মাজার প্রাঙ্গণে শুরু হয়েছে সাত দিনব্যাপী ঐতিহ্যবাহী ‘ভাসানী মেলা’। টাঙ্গাইলের সন্তোষে অবস্থিত মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন মাজার প্রাঙ্গণে এই মেলা কেন্দ্র করে ভক্ত, অনুসারী ও সাধারণ মানুষের ঢল নেমেছে। পাশাপাশি, টাঙ্গাইল শহরসহ দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ব্যানারে মওলানা ভাসানীর জীবন ও কর্মের ওপর আলোচনা সভা এবং স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে।
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকীতে মঙ্গলবার সকাল থেকেই মাজারে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতের মাধ্যমে দিনের মূল কর্মসূচি শুরু হবে। মরহুমের পরিবার, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ভাসানী ফাউন্ডেশনসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দিনব্যাপী আলোচনা সভা, ওরস ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এদিন দেশের বিশিষ্টজনরা মাজার প্রাঙ্গণে উপস্থিত হয়ে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভায় যোগ দেওয়ার পরিকল্পনা করেছেন।
১৮৮০ সালের ১২ ডিসেম্বর সিরাজগঞ্জ জেলার ধানগড়া গ্রামে হাজি শরাফত আলী খানের ঘরে আবদুল হামিদ খান জন্মগ্রহণ করেন। শৈশবে পিতামাতাকে হারিয়ে তিনি চরম প্রতিকূলতার মধ্য দিয়ে বেড়ে ওঠেন। প্রথাগত শিক্ষার পাশাপাশি ভারতের ঐতিহাসিক দারুল উলুম দেওবন্দে ইসলামি দর্শন ও সমাজতত্ত্বে উচ্চতর জ্ঞান অর্জন করেন। টাঙ্গাইলের কাগমারিতে শিক্ষকতার মাধ্যমে কর্মজীবন শুরু হলেও তাঁর মূল ঠিকানা ছিল মেহনতি মানুষের কাতার। পরবর্তীতে আসামের ধুবড়ী জেলার ‘ভাসানচর’-এ বসবাস এবং সেখানে প্রজাস্বত্ব ও কৃষক আন্দোলনে অবিস্মরণীয় নেতৃত্ব দেওয়ার কারণে কৃতজ্ঞ জনতা তাঁকে ‘ভাসানী’ উপাধিতে ভূষিত করে।
মজলুম জননেতা মওলানা ভাসানীর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন মূলত এ অঞ্চলের মানুষের আত্মনিয়ন্ত্রণাধিকার ও মুক্তির ধারাবাহিক ইতিহাস। তাঁর রাজনীতির প্রতিটি বাঁকে রয়েছে দূরদর্শিতা ও আপসহীনতার ছাপ। ব্রিটিশ আমলে আসামের কুখ্যাত ‘লাইন প্রথা’ ও বাঙালি খেদাও আন্দোলনের বিরুদ্ধে তিনি দুর্বার প্রতিরোধ গড়ে তোলেন। জমিদারি প্রথা উচ্ছেদ এবং কৃষকের ভূমি অধিকার প্রতিষ্ঠায় তাঁর সংগ্রাম ইতিহাসে মাইলফলক হয়ে আছে। ১৯৪৭ সালের সিলেট গণভোটে সিলেটকে পূর্ব বাংলার অন্তর্ভুক্ত করার আন্দোলনে তিনি সম্মুখসারিতে থেকে নেতৃত্ব দেন। পাকিস্তান প্রতিষ্ঠার পর শাসকগোষ্ঠীর বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়াতে ১৯৪৯ সালের ২৩ জুন ঢাকার রোজ গার্ডেনে তাঁর নেতৃত্বে গঠিত হয় ‘পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ’ এবং তিনি এর প্রতিষ্ঠাতা সভাপতি নির্বাচিত হন। পরবর্তীতে অসাম্প্রদায়িক ও সাম্রাজ্যবাদবিরোধী রাজনীতিকে আরও সুসংহত করতে ১৯৫৭ সালে তিনি ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) প্রতিষ্ঠা করেন। ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের অন্যতম প্রধান সংগঠক হিসেবে তিনি কারাবরণ করেন। ১৯৫৭ সালে টাঙ্গাইলের সন্তোষে ঐতিহাসিক কাগমারী সম্মেলনে পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠীর শোষণ ও বিমাতাসুলভ আচরণের বিরুদ্ধে তিনি প্রথম ঐতিহাসিক ‘আসসালামু আলাইকুম’ উচ্চারণ করেন। এর মধ্য দিয়েই তিনি মূলত পূর্ব বাংলার আসন্ন স্বাধীনতার স্পষ্ট ইঙ্গিত দিয়েছিলেন। ১৯৬৯ সালের উত্তাল গণঅভ্যুত্থানে তিনি রাজপথে নেমে এসে আইয়ুব খানের স্বৈরশাসনের ভীত কাঁপিয়ে দেন এবং আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহারে সরকারকে বাধ্য করেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তিনি প্রবাসী বাংলাদেশ সরকারের সর্বদলীয় উপদেষ্টা পরিষদের সভাপতি হিসেবে বিশ্বজনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
স্বাধীন বাংলাদেশে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায় এবং পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় ১৯৭৬ সালের ১৬ মে ৯৬ বছর বয়সে তিনি ঐতিহাসিক ফারাক্কা লং মার্চের নেতৃত্ব দেন। বার্ধক্যকে জয় করে তাঁর এই পদযাত্রা বিশ্বজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।
ক্ষমতার মসনদ তাঁর কাছে কখনোই আরাধ্য ছিল না বরং ক্ষমতার বিপরীতে দাঁড়িয়ে শোষিত মানুষের কণ্ঠস্বর হয়ে ওঠাই ছিল তাঁর আজীবনের ব্রত। কৃষক-শ্রমিকের অধিকারের প্রশ্নে আপসহীন অবস্থানের কারণে তিনি বিশ্বজুড়ে ‘মজলুম জননেতা’ ও ‘লাল মওলানা’ হিসেবে পরিচিতি পান। ছনের ঘরে বসবাস আর অত্যন্ত সাদাসিধে জীবনযাপনের মাধ্যমে তিনি ত্যাগের এক অনন্য নজির স্থাপন করে গেছেন। জাতীয় জীবনে তাঁর অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৭৭ সালে তাঁকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার’ এবং ২০০২ সালে ‘একুশে পদক’-এ ভূষিত করা হয়।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ