প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
গাজীপুরের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট দীর্ঘদিন ধরে চলমান রয়েছে। প্রতিদিন প্রায় দেড় হাজার রোগী চিকিৎসা নিতে আসেন এই স্বাস্থ্য কমপ্লেক্সে, যা কালীগঞ্জ উপজেলা সহ পার্শ্ববর্তী পলাশ ও রূপগঞ্জ উপজেলা থেকে আসে। তবে, ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালটিতে অনুমোদিত ১৮৬টি পদের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র ১৩৩ জন। ফলে ৫৩টি পদ শূন্য রয়েছে। অর্থাৎ, হাসপাতালটির অনুমোদিত জনবলের প্রায় ২৮.৫০ শতাংশ পদ বর্তমানে খালি রয়েছে। এই কারণে হাসপাতালটিতে চিকিৎসাসেবা পরিচালনায় নানা সীমাবদ্ধতা সৃষ্টি হচ্ছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, অনুমোদিত পদের মধ্যে প্রথম শ্রেণিতে ৩২টি পদের বিপরীতে কর্মরত রয়েছেন ২০ জন, যেখানে শূন্য রয়েছে ১২টি পদ। দ্বিতীয় শ্রেণির ৩৭টি পদের মধ্যে কর্মরত ৩৩ জন, শূন্য ৪টি। তৃতীয় শ্রেণির ৯২টি পদের বিপরীতে কর্মরত ৭২ জন, শূন্য ২০টি পদ। অন্যদিকে, চতুর্থ শ্রেণির ২৫টি পদের মধ্যে কর্মরত রয়েছেন মাত্র ৬ জন। এ শ্রেণিতে শূন্য পদের সংখ্যা ১৯টি। হাসপাতালটি শীঘ্রই ১৫১ শয্যায় উন্নীত হবে, কিন্তু জনবল সংকট অব্যাহত থাকলে চিকিৎসাসেবা মারাত্মকভাবে ব্যাহত হবে।
গাইনী ও অবস্, শিশু রোগ বিশেষজ্ঞ, নাক কান গলা বিভাগ, কার্ডিওলজিষ্ট পদে চিকিৎসক সংকটের কারণে নারী, শিশু ও অন্যান্য রোগীরা চরম ভোগান্তিতে পড়েছেন। বিশেষ করে গর্ভবতী নারী ও শিশুরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছেন। দূরদূরান্ত থেকে চিকিৎসা নিতে আসা রোগীরা সময় ও অর্থ ব্যয় করেও সেবা না পেয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। এই পরিস্থিতিতে রোগীদের দুর্ভোগ লাঘবে দ্রুত শূন্য পদে চিকিৎসকের ব্যবস্থা করা অত্যন্ত জরুরি।
হাসপাতালের পরিসংখ্যান অনুযায়ী, গত অক্টোবর মাসে বহির্বিভাগে ১৬৭২৯ জন, জরুরি বিভাগে ৪০৪৫ জন এবং অন্তর্বিভাগে ভর্তি হয়ে ৮২৩ জন রোগী চিকিৎসাসেবা নিয়েছেন। প্রতি মাসে হাসপাতালটিতে গড়ে ৫৭টি স্বাভাবিক প্রসব (নরমাল ডেলিভারি) এবং ১১টি সিজারিয়ান অপারেশন সম্পন্ন হয়। হাসপাতাল সূত্রের দাবি, স্বাভাবিক প্রসব, সিজারিয়ান অপারেশন, এক্সরে, আল্ট্রাসনোগ্রাম, ইসিজি, প্যাথলজি পরীক্ষাসহ অন্যান্য সেবার সংখ্যা আগের তুলনায় বেড়েছে। সাপে কাটা রোগীদের চিকিৎসার জন্য অ্যান্টিভেনম এবং জলাতঙ্ক প্রতিরোধে অ্যান্টি-র্যাবিস ভ্যাকসিন মজুত রাখা হয়েছে।
স্থানীয়রা জানান, কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবার মান ও পরিধি আরও বাড়াতে হলে জনবল সংকট নিরসন অত্যন্ত জরুরি। চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীসহ শূন্য পদগুলো দ্রুত পূরণ করা প্রয়োজন। প্রয়োজনীয় জনবল নিয়োগ দেওয়া হলে বিদ্যমান চিকিৎসক ও কর্মচারীদের ওপর অতিরিক্ত কাজের চাপ কমবে। রোগীদের অপেক্ষার সময় কমানো এবং আরও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব হবে। স্থানীয়রা কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শূন্য পদগুলো দ্রুত পূরণে স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে কাপাসিয়া উপজেলার এলাকার তারাগঞ্জ ডেমরার অন্তর্বিভাগে চিকিৎসাধীন মোঃ রফিজউদ্দিন বলেন, "অন্য হাসপাতালের তুলনায় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মান ভালো। এজন্য আমড়া এখানে চিকিৎসা নিতে এসেছি।"
জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসা নাম প্রকাশে অনিচ্ছুক এক সেবাপ্রার্থী জানান, "হাসপাতালে চিকিৎসা সেবার মান আগের চেয়ে অনেক ভালো হয়েছে। ডাক্তার যত্নসহকারে আমার চিকিৎসা করেছেন। হাসপাতালে দালালের দৌরাত্ব দেখতে পাইনি। কেউ কোন টাকা পয়সা চায়নি।"
তবে বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা কালীগঞ্জ পৌর এলাকার বালীগাঁও গ্রামের সাত্তার মিয়া ক্ষোভ প্রকাশ করে জানান, "ডায়াবেটিকস এর পরীক্ষা করতে এসেছিলাম কিন্তু ঔষধ নেই বলে করতে পারিনি। হাসপাতালে আগে সবই ছিল। এখন ডাক্তার থাকলে ঔষধ থাকে না, ঔষধ থাকলে ডাক্তার থাকে না। প্রয়োজনীয় চিকিৎসকের অভাবে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে রোগীদের। অনেকে টিকিট কেটেও চিকিৎসক না থাকায় ফিরে যাচ্ছেন।"
হাসপাতালে নির্ধারিত সময়ে চিকিৎসকদের উপস্থিত না থাকা, আয়া ও সংশ্লিষ্ট কর্মীদের বিরুদ্ধে রোগী এবং স্বজনদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ করেছেন কেউ কেউ। সেবাগ্রহীতারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হাসপাতালের টয়লেটসহ সার্বিক পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, কর্মীদের আচরণে পেশাদারত্ব নিশ্চিত করা, চিকিৎসকদের নির্ধারিত সময়ে উপস্থিতি এবং প্রয়োজনীয় চিকিৎসক নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রেজওয়ানা রসিদ বলেন, "হাসপাতালে ১১টি কনসালটেন্ট পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র ৪ জন। গাইনী ও অবস্, শিশু রোগ বিশেষজ্ঞ, নাক কান গলা বিভাগ, কার্ডিওলজিষ্ট পদ দীর্ঘদিন যাবৎ ফাঁকা থাকায় রোগীরা চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। ৫জন মেডিকেল অফিসার এই হাসপাতালে নিয়োগপ্রাপ্ত হলেও তারা অন্যত্র সংযুক্ত আছেন। পার্শ্ববর্তী পলাশ ও রুপগঞ্জ উপজেলা থেকে আমাদের এখানে প্রতিদিনই বিপুল পরিমাণ রোগী আসেন। প্রতিদিন জরুরি বিভাগ, বহির্বিভাগ ও আন্তর্বিভাগে প্রায় দেড় হাজার রোগী চিকিৎসাসেবা নিয়ে থাকেন। স্বল্পতার কারণে রোগীদের চাহিদা মতো প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করতে পারি না। জনবল স্বল্পতার কারণে ডাক্তার ও নার্সদের কঠোর পরিশ্রম করতে হয়। তবে সীমিত জনবল নিয়েই রোগীদের সর্বোচ্চ চিকিৎসাসেবা অব্যাহত রেখেছি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন