প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়ার পর নতুন করে সেই মামলার বিচার বা পুনর্বিচারের আইনগত সুযোগ নেই, এ কথা জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি উল্লেখ করেছেন যে, নির্ধারিত সময়সীমা শেষ হয়ে যাওয়ার কারণে মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগও হারিয়েছেন শেখ হাসিনা।
রোববার ট্রাইব্যুনাল প্রাঙ্গনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব মন্তব্য করেন। চব্বিশের অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত সরকারের কাছে বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে ফেরত চেয়ে ‘নোট ভারবাল’ বা কূটনৈতিক পত্র পাঠিয়েছে। পরবর্তীতে এই বিষয়ে একাধিকবার ভারত সরকারের কাছে তাগাদা দেওয়া হয়েছে।
শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি দিল্লি কিভাবে দেখছে, এ নিয়ে গত ১২ নভেম্বর একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি। ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর ক্ষেত্রে ভারতের দুটি শর্ত রয়েছে। এর মধ্যে একটি হলো, চব্বিশের অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায়ের পুনর্বিচার বা আপিল করার সুযোগ দেওয়ার নিশ্চয়তা। বিবিসির বরাত দিয়ে গত শনিবার (১৪ নভেম্বর) ভারতের সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ অনলাইন প্রতিবেদন প্রকাশ করেছে।
টেলিগ্রাফের প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে শেখ হাসিনার পুনর্বিচার নিয়ে প্রশ্ন করা হলে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম একে ‘উদ্ভট’ মন্তব্য করেন। তিনি বলেন, ‘ভারত নিজের দেশে ডিনোভো ট্রায়ালের (পুনর্বিচারের) বিধান বাতিল করলেও বাংলাদেশকে পুনর্বিচারের পরামর্শ দিচ্ছে। একই বিষয়ের দ্বিতীয়বার বিচার করার আইনগত সুযোগ নেই। এই জাতীয় বিষয়ের এইসব উদ্ভট বক্তব্য আমরা প্রত্যাখ্যান করি।’
আমিনুল ইসলাম প্রশ্ন রেখে বলেন, ‘ভারত সরকার যে সরকার এডভাইস করতেছে (পুনর্বিচারের), ভারত তো এই মামলার ট্রায়াল প্রসিডিং (বিচারিক কার্যক্রম) শুরু থেকেই জানে। তাদের আশ্রয়ে- প্রশ্রয়ে আসামি আছেন। ভারত তখন কেন তাদের অতিথিকে (শেখ হাসিনাকে) এডভাইস করলেন না যে, আপনি (শেখ হাসিনা) বাংলাদেশে যান, গিয়ে বিচারটা মোকাবেলা করেন। অথবা কেন বললেন না যে আপনি ইন টাইম (নির্ধারিত সময়ের মধ্যে) গিয়ে আপিল করেন। তা না করে আপিলের সময় পার করলেন, বিচারের সময় পার করলেন। আর এখন এসে আবার আমাদেরকে এডভাইস করছেন যে আপনি ডিনোভো ট্রায়াল করেন।’
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের ২১(৩) ধারা অনুসারে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার ৩০ দিনের মধ্যে আপিল করার বাধ্যবাধকতা রয়েছে। শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় গত বছর ১৭ নভেম্বর দেওয়া হয়েছে। সে হিসাবে মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করার সময়সীমা অনেক আগেই শেষ হয়ে গেছে।
আইনটি যে আওয়ামী লীগ শাসনামলে প্রণয়ন করা হয়েছে, সে কথা মনে করিয়ে দিয়ে চিফ প্রসিকিউটর বলেন, ‘২০১০ সালে এই আইনের অধীনে ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা এবং কার্যপ্রণালি বিধিমালা প্রণয়ন করা হয়। ২০২৪ সালের আগ পর্যন্ত আওয়ামী লীগ সরকার ওই আইন ও বিধিমালা ব্যবহার করেই ট্রাইব্যুনাল পরিচালনা করেছে।’
তিনি আরও বলেন, ‘বর্তমান সরকার আপিলের বিধানসংক্রান্ত কোনো ধারা পরিবর্তন করেনি। আইনে যে বিধান রয়েছে, সে অনুযায়ীই বিচার হচ্ছে। আইন অনুমতি না দিলে সরকার, ট্রাইব্যুনাল বা চিফ প্রসিকিউটর, কেউই আপিলের (শেখ হাসিনাকে) সুযোগ দিতে পারেন না।’
রাষ্ট্রপতির কাছে শেখ হাসিনা ক্ষমা চেয়ে আবেদন করতে পারবেন কি না, এমন প্রশ্নের জবাব দেওয়া তার এখতিয়ারের মধ্যে পড়ে না বলে জানান চিফ প্রসিকিউটর।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন