ঢাকা শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ইং ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

জয়পুরহাটের কালাইয়ে পরিত্যক্ত পুলিশ বক্সে অগ্নিসংযোগ, তদন্ত করছে পুলিশ


জয়পুরহাটের কালাইয়ে পরিত্যক্ত পুলিশ বক্সে অগ্নিসংযোগ, তদন্ত করছে পুলিশ

জয়পুরহাট জেলার কালাই পৌরসভার সরাইল এলাকার একটি পুলিশ বক্সে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত গভীর রাতে একদল দুর্বৃত্ত এ ঘটনা ঘটিয়েছে বলে জানা গেছে। দুর্বৃত্তরা আগুন দেওয়ার দৃশ্য মোবাইল ফোনে ধারণ করে পরে তা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাতে সরাইল এলাকার পল্লীবিদ্যুতের সাবস্টেশনের উত্তরপাশে পরিত্যক্ত পুলিশ বক্সটিতে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় আগুন দেওয়ার দৃশ্য মোবাইল ফোনে ধারণ করা হয়। পরে সেই ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়া হলে বিষয়টি জানাজানি হয়। তবে ভিডিওতে যাদের দেখা গেছে, তাদের পরিচয় কিংবা তারা কোনো উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার পর বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত আনুমানিক দেড়টার দিকে সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে আগুন দেওয়ার কিছু আলামত দেখা যায়। সেখানে পোড়া দাগ ও পেট্রল বলা কেরোসিনের গন্ধ পাওয়া যায়। যদিও কে বা কারা এমন চেষ্টা করেছে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে এদিন রাতে ওই এলাকায় দায়িত্ব পালনরত পুলিশের এসআই আমিনুল ইসলামের কাছে জানতে চাওয়া হলে তিনি ক্যামেরার সামনে বক্তব্য দিতে রাজি হননি।

আরও পড়ুন: মানিকগঞ্জে আ.লীগ নেতাকে ছাড়াতে বিএনপি এমপির সুপারিশের অভিযোগ

ঘটনার খবর পেয়ে জয়পুরহাট জেলা যুবদলের সদস্য তরিকুল ইসলাম তালুকদার রাসেল তাৎক্ষণিক ঘটনাস্থলে যান। তিনি ঘটনাটির সত্যতা যাচাই করেন এবং দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি এ ধরনের নাশকতা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ সদস্যদের অনুরোধ জানান।

কালাই থানার ওসি সাইদুল আলম ইসলাম জানিয়েছেন, সরাইল এলাকায় পরিত্যক্ত পুলিশ বক্সে আগুন দেওয়ার বিষয়টি আমরা জানতে পেরেছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটিও খতিয়ে দেখা হচ্ছে। কারা কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা শনাক্তে পুলিশ কাজ করছে। ঘটনাটি তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লাকসামে লকডাউনের কোনো প্রভাব পড়েনি, স্বাভাবিক অফিস-আদালত ও সচল ব্যবসাপ্রতিষ্ঠান

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:০১ পি.এম


লাকসামে লকডাউনের কোনো প্রভাব পড়েনি, স্বাভাবিক অফিস-আদালত ও সচল ব্যবসাপ্রতিষ্ঠান

কুমিল্লার লাকসামে আওয়ামী লীগের ডাকা লকডাউনের কোনো প্রভাব লক্ষ্য করা যায়নি। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সড়কে যানবাহন চলাচল, গণপরিবহন, অফিস-আদালত এবং ব্যবসাপ্রতিষ্ঠানের কার্যক্রম অন্যান্য দিনের মতোই অব্যাহত রয়েছে। কর্মজীবী মানুষ স্বাভাবিকভাবে কর্মস্থলে যাচ্ছেন। দোকানপাট ও বিপণিবিতানও খোলা রয়েছে।

লকডাউন কর্মসূচির কারণে লাকসামে জনজীবন অচল হয়ে পড়ার কোনো চিত্র দেখা যায়নি। সকাল থেকেই বিভিন্ন সড়কে ব্যক্তিগত গাড়ি, বাস, সিএনজিচালিত অটোরিকশা, রিকশা এবং মোটরসাইকেল চলাচল করতে দেখা গেছে। কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে গণপরিবহন চলাচল স্বাভাবিক রয়েছে। ফলে কর্মস্থল এবং প্রয়োজনীয় কাজে বের হওয়া মানুষকে কোনো ভোগান্তিতে পড়তে হয়নি।

আঞ্চলিক মহাসড়কে চলাচলকারী সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে যে, লকডাউন কর্মসূচির কারণে তাদের দৈনন্দিন কাজে তেমন কোনো প্রভাব পড়েনি। অফিসগামী মানুষ, ব্যবসায়ী এবং কর্মজীবীরা স্বাভাবিকভাবেই তাদের কাজকর্ম চালিয়ে যাচ্ছেন। তাদের মতে, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও সাধারণ মানুষের জীবনযাত্রা এবং জীবিকা যেন ব্যাহত না হয়, সে বিষয়টি নিশ্চিত করা জরুরি।

ঐতিহ্যবাহী দৌলতগঞ্জ বাজারের বিশিষ্ট মুদি ব্যবসায়ী ইব্রাহিম খলিলের সঙ্গে কথা হলে তিনি বলেন, "কিসের লকডাউন। আমরা কোনো লকডাউনের খবর জানি না। তবে নিষিদ্ধ ও পলাতক দল যেভাবে গাড়িতে আগুন, ভাঙচুর করছে এটা মেনে নেওয়া যায় না। আমরা আমাদের জীবনের স্বাভাবিকতা চাই। কোনো রাজনৈতিক দলের সড়কে যানবাহন চলাচলে বাধা দেওয়া, জনসাধারণের স্বাভাবিক কাজে বিঘ্ন ঘটানো রাজনৈতিক কর্মসূচি হতে পারে না।"

এক বেসরকারি চাকরিজীবী সহিদুল ইসলাম ইনকিলাবকে বলেন, "পলাতক কোনো দলের আহ্বান জনগণ মানে না। তারা যদি লকডাউন দিতে চায়, তাহলে দেশে এসে কর্মসূচি দিক। বিদেশে বসে দেশকে অস্থিতিশীল করার কোনো যৌক্তিকতা নেই। দেশের মানুষের মধ্যে তাদের কোনো অবস্থান নেই।"

সকাল সাড়ে ১১টায় এ নিউজ লেখা পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:০২ পি.এম


উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেফতার

ঢাকা, ১৯ নভেম্বর, ২০২৬ : রাজধানীর উত্তরা এলাকা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) খালিদ মনসুর বাসসকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার রাত সোয়া ২টার সময় উত্তরার ৩ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের একটি আবাসিক স্থাপনা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ওসি আরও বলেন, তার বিরুদ্ধে মামলা রয়েছে এবং আজ তাকে আদালতে পাঠানো হবে।

পুলিশের সূত্রে জানা গেছে, নুরুল ইসলাম নাহিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে সংঘটিত একাধিক হত্যা মামলার অভিযোগ রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ককটেল বিস্ফোরণের পর দেশের সব বিমানবন্দরে বাড়তি সতর্কতার নির্দেশ বেবিচকের

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:০২ পি.এম


ককটেল বিস্ফোরণের পর দেশের সব বিমানবন্দরে বাড়তি সতর্কতার নির্দেশ বেবিচকের

দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও নাশকতামূলক কর্মকাণ্ডের কারণে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমানবন্দরগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতির প্রেক্ষাপটে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) দেশের সব বিমানবন্দরের নিরাপত্তা জোরদারের জন্য বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বেবিচক সদস্য এয়ার কমোডর আসিফ ইকবাল।

তথ্য অনুযায়ী, দেশের সব বিমানবন্দর কর্তৃপক্ষকে সর্বোচ্চ নিরাপত্তা প্রটোকল বজায় রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে। একই সঙ্গে বিমানবন্দরের ল্যান্ডসাইড এলাকায় নজরদারি, টহল ও যানবাহন তল্লাশি বৃদ্ধি করার পাশাপাশি সকল প্রবেশপথে নিরাপত্তা জোরদার করার নির্দেশনা দেয়া হয়েছে। বিমানবন্দরের অভ্যন্তরেও বিভিন্ন নিরাপত্তামূলক পদক্ষেপ গ্রহণের নির্দেশনা রয়েছে।

এর আগে মঙ্গলবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরের গেটে ফ্লাইওভার থেকে ককটেল নিক্ষেপের একটি ঘটনা ঘটে।

এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধের জন্য শাহজালাল বিমানবন্দরে নজরদারি বৃদ্ধি করা হয়েছে। বিমানবন্দরের সামনের ফ্লাইওভারে সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত পুলিশের টহল ও অবস্থান নিশ্চিত করার জন্য বিমানবন্দর থানাকে নির্দেশনা দেয়া হয়েছে।

এছাড়া, বিমানবন্দরের বাইরের অংশে সিসি ক্যামেরা ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ক্যামেরা স্থাপনের উদ্যোগ গ্রহণের কথা জানিয়েছেন বিমানবন্দর কর্তৃপক্ষ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘আলো আসবেই’ গ্রুপের সদস্য অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি উত্তরা থেকে গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:০৩ পি.এম


‘আলো আসবেই’ গ্রুপের সদস্য অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি উত্তরা থেকে গ্রেফতার

উত্তরা এলাকা থেকে ‘আলো আসবেই’ গ্রুপের সদস্য হিসেবে পরিচিত অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরের দিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তার বাসা থেকে তাকে আটক করে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, উত্তরার আঠারো নম্বর সেক্টর থেকে ডিবি জ্যোতিকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে একটি মামলা রয়েছে এবং আদালতে হাজির করার পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে, রাজধানী ঢাকায় পুলিশের উপস্থিতি বৃদ্ধি করা হয়েছে। ব্লক রেইড এবং চিরুনী অভিযান পরিচালনার কথাও তিনি উল্লেখ করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%