প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
কুমিল্লার লাকসামে আওয়ামী লীগের ডাকা লকডাউনের কোনো প্রভাব লক্ষ্য করা যায়নি। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সড়কে যানবাহন চলাচল, গণপরিবহন, অফিস-আদালত এবং ব্যবসাপ্রতিষ্ঠানের কার্যক্রম অন্যান্য দিনের মতোই অব্যাহত রয়েছে। কর্মজীবী মানুষ স্বাভাবিকভাবে কর্মস্থলে যাচ্ছেন। দোকানপাট ও বিপণিবিতানও খোলা রয়েছে।
লকডাউন কর্মসূচির কারণে লাকসামে জনজীবন অচল হয়ে পড়ার কোনো চিত্র দেখা যায়নি। সকাল থেকেই বিভিন্ন সড়কে ব্যক্তিগত গাড়ি, বাস, সিএনজিচালিত অটোরিকশা, রিকশা এবং মোটরসাইকেল চলাচল করতে দেখা গেছে। কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে গণপরিবহন চলাচল স্বাভাবিক রয়েছে। ফলে কর্মস্থল এবং প্রয়োজনীয় কাজে বের হওয়া মানুষকে কোনো ভোগান্তিতে পড়তে হয়নি।
আঞ্চলিক মহাসড়কে চলাচলকারী সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে যে, লকডাউন কর্মসূচির কারণে তাদের দৈনন্দিন কাজে তেমন কোনো প্রভাব পড়েনি। অফিসগামী মানুষ, ব্যবসায়ী এবং কর্মজীবীরা স্বাভাবিকভাবেই তাদের কাজকর্ম চালিয়ে যাচ্ছেন। তাদের মতে, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও সাধারণ মানুষের জীবনযাত্রা এবং জীবিকা যেন ব্যাহত না হয়, সে বিষয়টি নিশ্চিত করা জরুরি।
ঐতিহ্যবাহী দৌলতগঞ্জ বাজারের বিশিষ্ট মুদি ব্যবসায়ী ইব্রাহিম খলিলের সঙ্গে কথা হলে তিনি বলেন, "কিসের লকডাউন। আমরা কোনো লকডাউনের খবর জানি না। তবে নিষিদ্ধ ও পলাতক দল যেভাবে গাড়িতে আগুন, ভাঙচুর করছে এটা মেনে নেওয়া যায় না। আমরা আমাদের জীবনের স্বাভাবিকতা চাই। কোনো রাজনৈতিক দলের সড়কে যানবাহন চলাচলে বাধা দেওয়া, জনসাধারণের স্বাভাবিক কাজে বিঘ্ন ঘটানো রাজনৈতিক কর্মসূচি হতে পারে না।"
এক বেসরকারি চাকরিজীবী সহিদুল ইসলাম ইনকিলাবকে বলেন, "পলাতক কোনো দলের আহ্বান জনগণ মানে না। তারা যদি লকডাউন দিতে চায়, তাহলে দেশে এসে কর্মসূচি দিক। বিদেশে বসে দেশকে অস্থিতিশীল করার কোনো যৌক্তিকতা নেই। দেশের মানুষের মধ্যে তাদের কোনো অবস্থান নেই।"
সকাল সাড়ে ১১টায় এ নিউজ লেখা পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন