সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং
১২:৪৩ পি.এম
দীর্ঘ সময় ধরে দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী হাতের একটি মালা নিয়ে ভক্তদের কৌতূহলের কেন্দ্রবিন্দুতে রয়েছেন। সংবাদ সম্মেলন, সাক্ষাৎকার এবং বিভিন্ন অনুষ্ঠানে প্রায়শই তার হাতে মালাটি দেখা যায়। এমনকি সিনেমার শুটিংয়ের সময়ও এটি পরিধান করতে দেখা গেছে তাকে। এতদিন ধরে এ নিয়ে নানা আলোচনা চললেও এবার অভিনেত্রী নিজেই মালাটির রহস্য প্রকাশ করেছেন।
সম্প্রতি সিনেমার প্রচারের অংশ হিসেবে ‘বিহাইন্ডউডস’-কে দেওয়া এক সাক্ষাৎকারে সাই পল্লবী জানান, তার হাতে থাকা মালাটি রুদ্রাক্ষের। তিরুচিপল্লীর শ্রীরঙ্গমের শ্রী রঙ্গনাথস্বামী মন্দির থেকে তার এক কাজিন মালাটি নিয়ে এসেছিলেন। পরবর্তীতে অভিনেত্রীর দাদার হাত ঘুরে সেটি তার কাছে আসে।
তবে সাই পল্লবীর মালাটির সঙ্গে সম্পর্ক কেবল স্মৃতির মধ্যে সীমাবদ্ধ নয়। এর সঙ্গে জড়িয়ে আছে তার চিকিৎসাবিদ্যার পরীক্ষার একটি বিশেষ অভিজ্ঞতা। অভিনেত্রী জানান, জর্জিয়ার টিবিলিসি স্টেট মেডিকেল ইউনিভার্সিটি থেকে চিকিৎসাবিদ্যায় স্নাতক সম্পন্ন করার পর ভারতে ফিরে ফরেন মেডিকেল গ্র্যাজুয়েট এক্সামিনেশন (এফএমজিই) পরীক্ষায় অংশগ্রহণ করেন তিনি।
পরীক্ষার আগের দিন রুদ্রাক্ষের মালাটি হাতে নিয়ে প্রার্থনা শুরু করেছিলেন সাই পল্লবী। তার বিশ্বাস, এই মালা তাকে মানসিক শক্তি জুগিয়েছিল এবং পরীক্ষায় ভালো ফল করতে সহায়তা করেছিল। হাসতে হাসতে অভিনেত্রী বলেন, “পরীক্ষার আগের দিন রুদ্রাক্ষের এই মালা হাতে নিয়ে প্রার্থনা করতাম। আমার মনে হয়, এর ফলে পরীক্ষায় আমি ভালো ফলও করেছিলাম।”
পরীক্ষার আগে শুরু হওয়া সেই অভ্যাস একসময় নিয়মিত জীবনের অংশ হয়ে যায়। সাই পল্লবীর ভাষায়, “এরপর এটি প্রতিদিনের অভ্যাসে পরিণত হয়। এমনকি, শুটিংয়ে যাওয়ার সময়ও মালাটি পরে থাকি।”
উল্লেখ্য, ২০০৫ সালে শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন সাই পল্লবী। ২০১৪ সালে মালায়ালাম সিনেমা ‘প্রেমাম’-এ কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান তিনি। সিনেমাটিতে অভিনয়ের জন্য ফিল্মফেয়ার পুরস্কারও অর্জন করেন। পরে ২০১৭ সালে তেলেগু সিনেমা ‘ফিদা’-তে অভিনয় করে দর্শকদের কাছে আরও জনপ্রিয় হয়ে ওঠেন।
বর্তমানে সাই পল্লবীর হাতে রয়েছে বেশ কয়েকটি আলোচিত সিনেমা। ‘রামায়ণ: পার্ট ১’ সিনেমায় অভিনয় নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। এ ছাড়া রাজকুমার পেরিয়াসামি পরিচালিত ‘ও. এম.’ সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত সিনেমাটিতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন ধানুশ, মাম্মুত্তি, শ্রীলীলা ও নাসিরুদ্দিন শাহসহ আরও অনেকে। ২০০ কোটি রুপি বাজেটের সিনেমাটি গত ২০ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ব্রেক্সিট গণভোটের দশ বছর পর লন্ডন নতুন সমঝোতা করেছে ব্রাসেলসের সঙ্গে। জনমতের পরিবর্তনের ইঙ্গিতও দেখা যাচ্ছে। তবে সদস্যপদে ফেরার সিদ্ধান্ত নিতে হলে ব্রিটেনকে সুবিধার পাশাপাশি শর্তের হিসাবও দিতে হবে।
ব্রিটেনের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহামের সংসদীয় আসন মেকারফিল্ড। ২০১৬ সালের গণভোটে সেখানে প্রায় দুই-তৃতীয়াংশ ভোট ইইউ ছাড়ার পক্ষে পড়েছিল বলে ধারণা করা হয়। দশ বছর পর গার্ডিয়ানে প্রকাশিত এক জরিপ বিশ্লেষণ অনুযায়ী, চিত্রটি বদলেছে। ফোর্টিয়াস গ্লোবালের মডেল অনুযায়ী, গ্রেট ব্রিটেনের ৬৩২টি সংসদীয় আসনের মধ্যে ৫১২টিতে এখন ইইউতে ফেরার পক্ষে সমর্থন বৃদ্ধি পেয়েছে। মেকারফিল্ডও সেই তালিকায় অন্তর্ভুক্ত। সাত হাজারের বেশি মানুষের উত্তর থেকে তৈরি এই আসনভিত্তিক অনুমান ভবিষ্যৎ গণভোটের ফলাফল নির্দেশ করে না। তবে ব্রেক্সিটের পক্ষে একসময় শক্ত সমর্থন ছিল এমন এলাকাতেও ফেরার আলোচনা চলছে, যা উল্লেখযোগ্য।
এদিকে, শুক্রবার (২০ নভেম্বর) ব্রাসেলসে খাদ্যবাণিজ্য, কার্বন বাজার ও তরুণদের যাতায়াত নিয়ে যুক্তরাজ্য ও ইইউ নতুন সমঝোতায় পৌঁছেছে। বার্নহাম জানিয়েছেন, দীর্ঘমেয়াদি সম্পর্কের বিকল্পগুলোর মধ্যে পূর্ণ সদস্যপদও আলোচনা হতে পারে। পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ডও বলেছেন, সরকার বিভিন্ন বিকল্পের সুবিধা ও খরচ বিবেচনা করবে। তবে ২২ নভেম্বর পর্যন্ত সদস্যপদের আবেদন, আনুষ্ঠানিক আলোচনা বা নতুন গণভোটের কোনো ঘোষণা আসেনি। চলতি সংসদের মেয়াদে ইইউ, একক বাজার ও শুল্ক ইউনিয়নে ফেরা এবং অবাধ চলাচল পুনর্বহাল সরকারের নীতির বাইরে রয়েছে। ফলে ব্রিটেন আপাতত ইউরোপের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করছে। সদস্যপদে ফেরার প্রশ্নটি সামনে এসেছে পরবর্তী রাজনৈতিক সিদ্ধান্ত হিসেবে।
‘নিয়ন্ত্রণ ফিরিয়ে নাও’- দশ বছর পর সেই হিসাব। ২০১৬ সালের ২৩ জুন গণভোটে ৫১ দশমিক ৯ শতাংশ ভোট পড়েছিল ইইউ ছাড়ার পক্ষে, ৪৮ দশমিক ১ শতাংশ থাকার পক্ষে। যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে বের হয় ২০২০ সালের ৩১ জানুয়ারি। ব্রেক্সিটের পক্ষে ভোট দেওয়ার কারণ সবার এক ছিল না। কেউ চেয়েছিলেন সীমান্ত ও অভিবাসন নিয়ে সিদ্ধান্ত আরও বেশি ব্রিটেনের হাতে থাকুক। কেউ ইউরোপীয় প্রতিষ্ঠানের জবাবদিহি নিয়ে প্রশ্ন তুলেছিলেন। শিল্পাঞ্চলের অনেক ভোটারের ক্ষোভ ছিল আরও কাছের বিষয় নিয়ে। তাদের এলাকায় ভালো চাকরি কমছিল, বিনিয়োগ আসছিল না, আর ওয়েস্টমিনস্টার তাদের কথা শুনছে বলে তারা মনে করতেন না। মেকারফিল্ডের ভোট নিয়ে কথা বলতে গিয়ে বার্নহাম নিজেও সেই অভিজ্ঞতার কথা তুলেছেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
॥ হাবিবুর রহমান ॥
ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৬ : নির্বাচন কমিশন (ইসি) আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের সুষ্ঠু ও গ্রহণযোগ্য আয়োজনের লক্ষ্যে শিগগিরই রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসার পরিকল্পনা করছে।
নির্বাচন কমিশনের শীর্ষ কর্মকর্তাদের মতে, চলতি মাসের শেষের দিকে অথবা ডিসেম্বরের প্রথম সপ্তাহে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে তিন দিনব্যাপী এ সংলাপ অনুষ্ঠিত হবে।
তারা জানিয়েছেন, কমিশন চলতি মাসের মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। এ অনুযায়ী, আগামী ২৯ বা ৩০ নভেম্বর থেকে তিন দিনের সংলাপ শুরু হতে পারে। প্রয়োজনে নভেম্বরের শেষ দিনেও সংলাপ শুরু করা হতে পারে।
ইসির কর্মকর্তাদের মতে, ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণার আগে আগামী ১০ ডিসেম্বরের মধ্যে সব কিছু সম্পন্ন হবে। এ সময়ের মধ্যে আইনশৃঙ্খলা বিষয়েও একটি সভা অনুষ্ঠিত হবে বলে তারা জানিয়েছেন।
ইসির কর্মকর্তারা জানিয়েছেন, নির্ধারিত সময়েই ইউপি নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ বা অনিবার্য পরিস্থিতি সৃষ্টি না হলে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ডিসেম্বরের প্রথমার্ধে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে। সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তারা এ তফসিল ঘোষণা করবেন।
তারা আশা প্রকাশ করেছেন যে, নির্বাচনের তফসিল ঘোষণার পর ভোটারদের মধ্যে নির্বাচনী আমেজ তৈরি হবে এবং উৎসবমুখর পরিবেশে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে।
ইসির পরিকল্পনা অনুযায়ী, ইউপি নির্বাচন আয়োজনের ক্ষেত্রে কোনো বাধা তাদের চোখে পড়ছে না। তারা জানিয়েছেন, আগামী ২১ জানুয়ারি প্রথম ধাপের ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের নির্ধারিত তারিখের প্রায় ৪৫ দিন আগে তফসিল ঘোষণা করা হবে।
ইসির কর্মকর্তারা আরও বলেছেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ইউপি নির্বাচন সম্পন্ন করতে রাজনৈতিক দলগুলোর সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন। এ ক্ষেত্রে সরকারের কাছ থেকেও পূর্ণ সহযোগিতা পাওয়া যাবে বলে তারা আশাবাদী। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য রাজনৈতিক দল, প্রার্থী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সম্মিলিত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তারা উল্লেখ করেছেন।
এ বিষয়ে নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ বাসসকে বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে যেসব নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ হয়েছে, সেসব দলের সঙ্গে তিন দিনের এই সংলাপ অনুষ্ঠিত হবে। এছাড়া পরবর্তী সময়ে যেসব দল নিবন্ধন পেয়েছে, তাদের সাথেও আলোচনায় বসা হবে বলে তিনি উল্লেখ করেন।
তিনি জানান, ইউপি নির্বাচনের জন্য ইসির সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামী ২১ জানুয়ারি প্রথম ধাপে ইউপি নির্বাচন হবে। ২১ জানুয়ারির কমবেশি ৪৫ দিন আগেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।
ইসি আব্দুর রহমানেল মাছউদ বলেন, নির্বাচনে যারা প্রার্থী হবেন, তাদের আচরণবিধি মেনে চলতে হবে। ভালো নির্বাচনের জন্য সরকার, রাজনৈতিক দল, প্রার্থী এবং আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা সমানভাবে প্রয়োজন। এই চারটি বিষয়ের ওপর সুষ্ঠু নির্বাচন নির্ভর করে বলে তিনি মনে করেন।
তিনি জানান, ইউপি নির্বাচনের আগে আইনশৃঙ্খলার বিষয়ে কেন্দ্রীয়ভাবে এবং এলাকা ভিত্তিকও মিটিং হবে। ইউপি নির্বাচন শুরু হলে মানুষ ভোটের দিকে ঝুঁকে পড়বে এবং উৎসবমুখর ভোটের পরিবেশ সৃষ্টি হবে।
এ বিষয়ে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বাসসকে বলেন, কমিশনের সিদ্ধান্ত হলো এ মাসের মধ্যেই রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসতে হবে। আইনশৃঙ্খলা বিষয়েও একটি মিটিং হবে। আগামী ১০ ডিসেম্বরের মধ্যে সব কিছু সম্পন্ন করা হবে। রাজনৈতিক দলের কাছে সুষ্ঠু নির্বাচনের জন্য সহায়তা চাওয়া হবে।
পাঁচ ধাপে ৪ হাজার ৩৩২ ইউপি নির্বাচন
পাঁচ ধাপে ৫০৮ উপজেলায় ৪ হাজার ৩৩২ ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচনের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সম্প্রতি ইসির ওয়েবসাইটে কোন ইউনিয়ন পরিষদে কবে ভোট হবে, তার পূর্ণ তালিকা প্রকাশ করা হয়েছে।
ইসির তালিকা অনুযায়ী, প্রথম ধাপে দেশের ১২৭টি উপজেলার ১ হাজার ৪২ টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপে ১২৫টি উপজেলার ১ হাজার ৬৯টি ইউপি, তৃতীয় ধাপে ১২০ উপজেলার ১ হাজার ২৪ টি ইউপি, চতুর্থ ধাপে ৯৬টি উপজেলার ৮১৩টি ইউপি এবং পঞ্চম ধাপে ৪০ উপজেলার ৩৮৪ টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশন জানিয়েছে, পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে ভোট হবে ২০২৭ সালের ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ও শেষ ধাপে ২৭ মে।
গত ১৬ নভেম্বর কমিশন সভা শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, ইউপি নির্বাচন শুরুর আগে নিবন্ধিত সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসবে ইসি। এ মাসের শেষ ভাগে অথবা ডিসেম্বরের শুরুতে মোট তিনদিনে নিবন্ধনের ক্রমিক অনুযায়ী দলগুলোকে আলোচনায় আমন্ত্রণ জানানো হবে। স্থানীয় সরকার নির্বাচন কীভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়, সে বিষয়ে দলগুলোর সঙ্গে আলোচনা করা হবে বলে তিনি উল্লেখ করেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকা রেঞ্জের আওতাধীন বিভিন্ন জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির তদারকি ও পর্যবেক্ষণকে আরও কার্যকর করতে ১২ জন পুলিশ কর্মকর্তাকে রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। তাদের এই দায়িত্ব আগামী দুই মাসের জন্য নির্ধারিত হয়েছে।
রোববার (২২ নভেম্বর) বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের স্বাক্ষরিত দুটি পৃথক প্রজ্ঞাপনে এই নির্দেশনা প্রদান করা হয়। সংযুক্ত কর্মকর্তাদের ২৩ নভেম্বরের মধ্যে তাদের নতুন কর্মস্থলে যোগ দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
প্রথম প্রজ্ঞাপনে আট জন কর্মকর্তাকে সংযুক্ত করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন—ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. রোকনুজ্জামান সরকার, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার সাখের হোসেন সিদ্দিকী, মোহাম্মদ শাহ ইমরান ও মো. মেহেদী হাসান, সিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. সোহেল রানা, সিআইডির সহকারী পুলিশ সুপার মো. মোকছেদুল মমিন, পুলিশ সদর দপ্তরের সহকারী পুলিশ সুপার মো. আবু সিয়াম ও মো. মাকসুদুল হাসান।
দ্বিতীয় প্রজ্ঞাপনে আরও চার জন কর্মকর্তাকে সংযুক্ত করা হয়েছে। তারা হলেন- পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার এস এম আল-বেরুনী, এ বি এম মুজাহিদুল ইসলাম ও মো. আতিকুর রহমান এবং গাজীপুর মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার সালাউদ্দিন শাকিল।
প্রজ্ঞাপনের নির্দেশনা অনুযায়ী, আগামী দুই মাস তারা ঢাকা রেঞ্জের ডিআইজির কার্যালয়ে দায়িত্ব পালন করবেন। এই সময়ের মধ্যে ঢাকা রেঞ্জের আওতাধীন জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ, তদারকি এবং প্রয়োজনীয় সমন্বয়ের কাজ করবেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
তানিয়া আক্তার তাপসী, যিনি নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক উপ-প্রশিক্ষণবিষয়ক সম্পাদক, তাকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (২২ নভেম্বর) গাজীপুরের টঙ্গী এলাকা থেকে তার গ্রেফতারি কার্যক্রম সম্পন্ন হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেত্রী হিসেবে পরিচিত তানিয়া আক্তার তাপসী, পূর্ববর্তী কেন্দ্রীয় কমিটিতে উপ-প্রশিক্ষণবিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
২০২৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অনুষ্ঠিত একটি আলোচনা সভায় চেয়ারে বসাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এই সংঘর্ষে ইডেন মহিলা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল শাখার ছাত্রলীগের নেত্রীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। ওই ঘটনার পর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী তানিয়া আক্তার তাপসীকে কেন্দ্রীয় ছাত্রলীগের পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছিল।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ