ঢাকা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ইং ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

১৪৫ কোটি টাকার হীরার হার: জেনিফার লোপেজের গয়নায় কী আছে?


১৪৫ কোটি টাকার হীরার হার: জেনিফার লোপেজের গয়নায় কী আছে?

১৮৬ ক্যারেটের একটি হীরার হার, যার আনুমানিক মূল্য প্রায় ১৪৫ কোটি টাকা। একটি এত মূল্যবান গয়না গলায় ধারণ করে অনুষ্ঠানে উপস্থিত হলে নিরাপত্তার প্রয়োজনীয়তা স্বাভাবিক। তাই মার্কিন পপ তারকা ও অভিনেত্রী জেনিফার লোপেজের এই গয়না রক্ষায় নিয়োজিত ছিলেন চারজন নিরাপত্তাকর্মী। তাঁদের মধ্যে দুজন ছিলেন দায়িত্বে থাকা সশস্ত্র পুলিশ কর্মকর্তা। তবে শুধু দামি গয়নাই নয়, এবারের উপস্থিতিতে লোপেজ নিজের জীবন, সন্তানদের দূরে চলে যাওয়া এবং নতুন করে পথচলার বিষয়গুলোও তুলে ধরেছেন।

গত বৃহস্পতিবার রাতে কনসার্টভিত্তিক চলচ্চিত্র ‘দ্য জে-লো শো’র প্রিমিয়ারে উপস্থিত ছিলেন জেনিফার লোপেজ। সেদিন তিনি ইতালীয় ফ্যাশন ব্র্যান্ড ডলচে অ্যান্ড গাবানার বিশেষ নকশার পোশাকে নজর কাড়েন। শ্যান্টিলি লেসের গাউনের সঙ্গে সাটিনের শাল-কোট ছিল তাঁর সাজে। তবে পুরো সাজের কেন্দ্রবিন্দু ছিল ১৮৬ ক্যারেটের চোখধাঁধানো হীরার হার।

‘সিসিলিয়া’ নামের এই হারটির সবচেয়ে আকর্ষণীয় অংশ হলো মাঝখানে বসানো ১১০ ক্যারেটের হলুদ রঙের নাশপাতি আকৃতির হীরা। গয়নাটির আনুমানিক মূল্য ১৪৫ কোটি টাকা। স্বাভাবিকভাবেই এত মূল্যবান অলংকারের নিরাপত্তায় আয়োজকেরা কোনো ছাড় দিতে চাননি। প্রিমিয়ারের লালগালিচায় মার্ক ম্যালকিনের সঙ্গে আলাপকালে লোপেজ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, হারটির নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে এবং উপস্থিত নিরাপত্তাকর্মীদের নজর মূলত গয়নাটির দিকেই।

আরও পড়ুন: প্রভা যুক্ত, মিথিলা বাদ- আসছে ‘অ্যালেন স্বপন ৩’

যেভাবে পছন্দের তালিকায় হার

এই বিশেষ গয়না ও পোশাকের সঙ্গে লোপেজের পরিচয় প্রিমিয়ারের দিনেই হয়নি। গত জুলাইয়ে ইতালির তাওরমিনায় ডলচে অ্যান্ড গাবানার ‘আলতা মোদা’ ফ্যাশন শোতে পারফর্ম করতে গিয়ে প্রথম তিনি গাউন, কোট ও হীরার হারটি দেখেন। দেখেই তাঁর ভালো লেগে যায়।

এ প্রসঙ্গে লোপেজ বলেন, ‘সেখানে গিয়ে হারটি দেখলাম, কোটটিও দেখলাম। দুটিই আমার ভীষণ ভালো লেগেছিল। আমি তাদের বলেছিলাম, এগুলো আমার দারুণ পছন্দ হয়েছে। পরে তারা জানায়, প্রিমিয়ারের জন্য এগুলো আমার কাছে পাঠাবে। কোটটি আমাকে উপহার দিয়েছে, আর হারটি শুধু এই রাতের জন্য পাঠিয়েছে।’

এত দামি গয়না নিজের কাছে রেখে দেওয়ার ইচ্ছা তাঁর নেই। বরং হারটির সৌন্দর্য ও মূল্য নিয়ে কথা বলতে গিয়ে রসিকতাও করেছেন এই তারকা। লোপেজের ভাষায়, এটি অসাধারণ সুন্দর একটি গয়না। শেষ পর্যন্ত যাঁর সংগ্রহে যাবে, তিনি ভাগ্যবান। এমন অলংকার প্রজন্মের পর প্রজন্ম ধরে উত্তরাধিকার হিসেবে রেখে দেওয়ার মতো।

আরও পড়ুন: শিল্পকলায় অনুষ্ঠিত হবে ‘প্রথম ক্বান্দে ফারসি উৎসব ২০২৬’

নতুন গল্পের অপেক্ষা লোপেজ

জেনিফার লোপেজের নতুন কনসার্ট চলচ্চিত্র ‘দ্য জে-লো শো’ কেবল তাঁর জনপ্রিয় গানের পরিবেশনা নয়। লাস ভেগাসের মঞ্চে ধারণ করা এই আয়োজনে সংগীতের পাশাপাশি উঠে এসেছে তাঁর ব্যক্তিগত ও পেশাগত জীবনের নানা অধ্যায়। ব্রঙ্কসে শৈশব থেকে শুরু করে আন্তর্জাতিক তারকা হয়ে ওঠার দীর্ঘ পথচলার গল্পও রয়েছে এতে।

লোপেজের কাছে এই আয়োজন নিছক একটি কনসার্ট নয়, বরং ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ বাঁক। বর্তমানে তিনি নতুন অ্যালবামের কাজ করছেন। একই সঙ্গে উপভোগ করছেন জীবনের নতুন সময়। এই শোকে তিনি নিজের এত দিনের পথচলার একটি পর্বের সমাপ্তি হিসেবে দেখছেন।

লোপেজ বলেন, ‘আমার মনে হয়, এই শো আমার ক্যারিয়ারের জন্য খুব গুরুত্বপূর্ণ। এটি জীবনের একটি বিশেষ সময়কে চিহ্নিত করছে। এত দিন যা করেছি, তার সবকিছুর শেষে যেন একটি দাঁড়ি, এমনকি বিস্ময়চিহ্ন বসিয়ে দিচ্ছে। এবার আমরা নতুন গল্প বলতে পারব।’

আরও পড়ুন: নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান আগামীকাল

তবে নতুন অধ্যায়ের শুরুটা শুধু পেশাগত জীবনে নয়, ব্যক্তিগত জীবনেও। চারবার বিয়ের পর প্রতিটি সম্পর্কেরই পরিসমাপ্তি ঘটেছে বিচ্ছেদে। দীর্ঘদিনের প্রেম ও সম্পর্কের অভিজ্ঞতা পেরিয়ে এখন একা থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করছেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে লোপেজ স্পষ্ট জানিয়েছেন, নতুন কোনো সম্পর্কে জড়ানোর জন্য তাড়াহুড়ো নেই তাঁর। নিজের বর্তমান জীবন নিয়ে সন্তুষ্ট এই তারকা। তিনি বলেছেন, ‘আমার এখন প্রেম করার প্রয়োজন নেই। আমি ভালো আছি, সুখে আছি। এই ভালো থাকাটা নষ্ট করতে চাই না।’

ভালোবাসা সম্পর্কে নিজের পুরোনো ধারণা নিয়েও এখন নতুন করে ভাবছেন লোপেজ। তাঁর মতে, জীবনের নানা অভিজ্ঞতা তাঁকে ভালোবাসার প্রকৃত অর্থ বুঝতে সাহায্য করেছে। গত দুই দশকে নিজেকে জানার পাশাপাশি সম্পর্কের নানা দিকও উপলব্ধি করেছেন তিনি। ছোটবেলায় ভালোবাসা সম্পর্কে যে ধারণা ছিল, সময়ের সঙ্গে তা বদলে গেছে। এখন তিনি বুঝতে পারছেন, একসময় যেগুলোকে ভালোবাসা ভেবেছিলেন, সেগুলোর সবই আসলে ভালোবাসা ছিল না।

সন্তানদের শূন্যতায় মন খারাপ অভিনেত্রীর। ক্যারিয়ার ও সম্পর্কের বাইরে মা হিসেবেও জীবনের নতুন বাস্তবতার মুখোমুখি হচ্ছেন লোপেজ। সাবেক স্বামী মার্ক অ্যান্টনির সঙ্গে তাঁর যমজ সন্তান এমে ও ম্যাক্স। দুজনই এখন কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। পড়াশোনার জন্য বাড়ি ছেড়ে যাওয়ায় সন্তানদের অনুপস্থিতি বেশ ভালোভাবেই অনুভব করছেন এই গায়িকা।

আরও পড়ুন: মিস ইউনিভার্সের সুইমস্যুট পর্বে মাহির ব্যতিক্রমী উপস্থিতি

সন্তানদের ঘর এখনো আগের মতোই সাজিয়ে রেখেছেন তিনি। বাড়িতে ফিরে সেই ঘরগুলোর পাশ দিয়ে যাওয়ার সময় সন্তানদের কথা মনে পড়ে। কখনো ঘরে ঢুকে বসেও থাকেন। লোপেজের কথায়, ‘বাড়িতে ঢুকলেই ওদের অনুপস্থিতি টের পাই। ঘরগুলো আগের মতোই রেখেছি। দরজা বন্ধ করি না। পাশ দিয়ে যাওয়ার সময় ওদের জিনিসপত্র দেখি। কখনো কখনো ঘরে ঢুকেও বসি।’

সন্তানদের কথা মনে করে প্রায়ই আবেগাপ্লুত হয়ে পড়েন বলেও জানিয়েছেন তিনি। লোপেজ বলেন, ‘ওরা আমার সত্তারই অংশ। আমার যমজ সন্তান দুজনই আমার সবকিছু। সবচেয়ে কঠিন বিষয় হলো, দুজন একই সময়ে বাড়ি ছেড়ে গেছে।’

তবে সন্তানদের সঙ্গে দূরত্ব বাড়লেও যোগাযোগে ভাটা পড়েনি। নিয়মিত ফোন ও ভিডিও কলে কথা হয় তাঁদের। লোপেজের মতে, বাড়ির বাইরে গিয়ে সন্তানরাও জীবনের নতুন অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছে। এই দূরত্ব তাদের মা-সন্তানের সম্পর্কের গুরুত্ব আরও ভালোভাবে উপলব্ধি করতে সাহায্য করছে।

নতুন অ্যালবামের প্রস্তুতি, কনসার্ট চলচ্চিত্র এবং ব্যক্তিগত জীবনের পরিবর্তন- সব মিলিয়ে ব্যস্ত সময় পার করছেন জেনিফার লোপেজ। ‘দ্য জে-লো শো’ যেন তাঁর কাছে পেছনে ফিরে তাকানোর পাশাপাশি সামনে এগিয়ে যাওয়ারও উপলক্ষ।

আরও পড়ুন: রুদ্রাক্ষের মালার রহস্য প্রকাশ করলেন সাই পল্লবী

‘দ্য জে-লো শো: লাইভ ইন লাস ভেগাস’ আগামী ২৬ নভেম্বর রাত ৮টায় যুক্তরাষ্ট্রের সিবিএস ও প্যারামাউন্ট প্লাসে প্রচারিত হবে। এর বর্ধিত সংস্করণ দেখা যাবে শুধু প্যারামাউন্ট প্লাসে।

ভ্যারাইটি অবলম্বনে

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাজিতপুরে করিমা বেগমকে গলাটিপে হত্যার অভিযোগ, লুট হয়েছে টাকা ও স্বর্ণালংকার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০১:২৭ পি.এম


বাজিতপুরে করিমা বেগমকে গলাটিপে হত্যার অভিযোগ, লুট হয়েছে টাকা ও স্বর্ণালংকার

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার কৈলাগ ইউনিয়নের উত্তর কৈলাগ গ্রামের ৫৫ বছর বয়সী করিমা বেগমকে গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার ঘর থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগও পাওয়া গেছে। গত রবিবার, ২২ নভেম্বর সকাল আনুমানিক ৬টা ২০ মিনিটে উত্তর কৈলাগ গ্রামে এই ঘটনা ঘটে। নিহত করিমা বেগম ওই গ্রামের নিজাম উদ্দিনের স্ত্রী ছিলেন।

নিহতের স্বামীর ছোট ভাই বাছির উদ্দিন জানান, সকালে নামাজের জন্য অজু করতে ঘরের বাইরে যান করিমা বেগম। এই সুযোগে অজ্ঞাতপরিচয় ব্যক্তি বা ব্যক্তিরা ঘরে প্রবেশ করে। অজু শেষে ঘরে ফিরে তিনি জায়নামাজ বিছিয়ে নামাজের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় এলাকার একদল চোর তার গলা টিপে হত্যা করে। পরে ঘর থেকে নগদ টাকা ও দেড় ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। তিনি আরও জানান, ঘটনার আগে নিহতের স্বামী নিজাম উদ্দিন ভোরে হাওরে চলে যান। সম্প্রতি তিনি প্রতিবেশীদের কাছে ধানের খড় বিক্রি করেছিলেন। ঘটনার সময় কয়েকজন প্রতিবেশী খড় নিতে আসছিলেন।

এদিকে প্রতিবেশী কামাল মিয়া একজনকে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে দেখেছেন। তবে পেছন দিক থেকে দেখায় তিনি ওই ব্যক্তিকে শনাক্ত করতে পারেননি। নিহত করিমা বেগমের দুই ছেলে কাউছার মিয়া ও শরিফ মিয়া সৌদি আরবপ্রবাসী। তাঁর এক মেয়ে শোহেনা আক্তার। খবর পেয়ে ১১ নম্বর কৈলাগ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল করিম পুলিশকে বিষয়টি জানান। পরে বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহিদুল্লাহসহ পুলিশের একটি দল এবং বাজিতপুর সার্কেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় প্রত্যক্ষদর্শী হিসেবে উল্লেখ করা কামাল মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ নিয়ে গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এ বিষয়ে বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহিদুল্লাহ জানান, লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। গত রবিবার থেকে আজ সোমবার পর্যন্ত এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।

বাজিতপুর উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তার যোগদান:

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন ডা. চন্দ্র শেখর দত্ত। গত রবিবার কিশোরগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে তিনি যোগদান করেন। যোগদানের পর ডা. চন্দ্র শেখরকে ফুল দিয়ে বরণ করেন কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাইদুর রহমান। এসময় অন্যান্য উপজেলা স্বাস্থ্য ও প: প : কর্মকর্তারও উপস্থিত ছিলেন।

তিনি ৩৩ তম বিসিএস ক্যাডারের (স্বাস্থ্য) কর্মকর্তা চন্দ্র শেখর দত্ত মেডিকেল অফিসার হিসেবে ৬ষ্ঠ গ্রেড প্রশাসনিক পদে পদোন্নতি লাভ করেন। বাজিতপুরে যোগদান করার আগে তিনি বিভাগীয় পুলিশ হাসপাতাল, সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে মেডিকেল অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। ভৈরব রেলওয়ে কলোনীর কৃতি সন্তান হিসেবে পরিচিত ডা. চন্দ্র শেখর দত্ত তার উপর অর্পিত দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামিনে মুক্তির পর বিমানবন্দরে আটক শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০১:২৮ পি.এম


জামিনে মুক্তির পর বিমানবন্দরে আটক শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

নব্বইয়ের দশকে রাজধানীর অপরাধজগতের একটি পরিচিত নাম ছিল শেখ মোহাম্মদ আসলাম, যিনি সুইডেন আসলাম নামে পরিচিত। তিনি কারওয়ান বাজার, ফার্মগেট, রাজাবাজার, তেজগাঁও ও শেরেবাংলা নগর এলাকায় আধিপত্য বিস্তার, হত্যাকাণ্ড ও চাঁদাবাজির অভিযোগে আলোচনায় ছিলেন। তার ছদ্মবেশে চলাফেরা, বুলেটপ্রুফ জ্যাকেট ব্যবহার এবং কারাগারে থেকেও অপরাধজগত নিয়ন্ত্রণের অভিযোগ ঘিরে নানা রহস্য তৈরি হয়েছিল।

২০২৪ সালের ৩ সেপ্টেম্বর, দীর্ঘ ২৭ বছর কারাগারে থাকার পর তিনি জামিনে মুক্তি পান। মুক্তির পর প্রায় দুই বছর বাইরে থাকার পর আবারও গ্রেফতার হন এই আলোচিত ব্যক্তি। রোববার (২২ নভেম্বর) দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশ ছাড়ার চেষ্টা করার সময় তাকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে গিয়েছিলেন সুইডেন আসলাম। তবে গোয়েন্দাদের ধারণা, তার পরিকল্পনা ছিল ব্যাংকক হয়ে মালয়েশিয়া যাওয়ার। ডিএমপির তেজগাঁও গোয়েন্দা বিভাগের উপকমিশনার জিয়াউদ্দিন আহম্মেদ জানিয়েছেন, রাত আড়াইটার দিকে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে ডিবির কাছে হস্তান্তর করে।

ডিবি কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, আসলামের বিরুদ্ধে চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে ঢাকা মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ে শতাধিক অভিযোগ জমা পড়েছে। এছাড়া অন্তত পাঁচটি টর্চার সেল পরিচালনার অভিযোগও পুলিশ পেয়েছে। এসব অভিযোগ যাচাই-বাছাই করা হচ্ছে।

যেভাবে উত্থান অপরাধজগতে

সুইডেন আসলামের পরিবারের বাড়ি ঢাকার নবাবগঞ্জ উপজেলার ছাতিয়া এলাকায় অবস্থিত। তার বাবা শেখ জিন্নাত আলী পরিবার নিয়ে রাজধানীর ইন্দিরা রোডে বসবাস করতেন। তিন ছেলে ও চার মেয়ের মধ্যে আসলাম ছিলেন দ্বিতীয়। তিনি তেজগাঁও পলিটেকনিক স্কুল, বর্তমানে তেজগাঁও সরকারি বিদ্যালয়, থেকে এসএসসি পাস করেন।

১৯৮৬-৮৭ সালের দিকে রাজধানীর অপরাধজগতে আসলামের উত্থান শুরু হয়। প্রথম দিকে রাজাবাজার, ইন্দিরা রোড ও ফার্মগেট এলাকায় তার প্রভাব বিস্তার ঘটে। সে সময় এসব এলাকায় চাঁদাবাজি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করত একাধিক সন্ত্রাসী গ্রুপ।

১৯৮৭ সালে পূর্ব রাজাবাজারের নাজনীন স্কুলের ভেতরে মায়ের সামনে কিশোর শাকিলকে হত্যার অভিযোগে আলোচনায় আসেন আসলাম। ওই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে অপরাধজগতে তার নাম ছড়িয়ে পড়ে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

কারওয়ান বাজার ও আশপাশের এলাকার অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করত জাতীয় তরুণ পার্টির রানা গ্রুপ। ওই গ্রুপের অন্যতম সদস্য ছিলেন পিচ্চি হান্নান। এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ১৯৯০ সালের পর রানা গ্রুপের সঙ্গে আসলামের বিরোধ বাড়তে থাকে। দুই পক্ষের মধ্যে প্রায়ই হামলা-পাল্টা হামলা, গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটত।

একপর্যায়ে ১৯৯৬ সালে রানা গ্রুপের অন্যতম ক্যাডার পিচ্চি হান্নানকে নিজের দলে নিয়ে আসেন আসলাম। একই বছর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ের সুপারস্টার হোটেলের সামনে রানাকে হত্যার ঘটনায় আসলামের বিরুদ্ধে অভিযোগ ওঠে। ওই হত্যাকাণ্ডে পিচ্চি হান্নান জড়িত ছিলেন বলে বিভিন্ন সূত্রে উল্লেখ করা হয়েছে।

এরপর কারওয়ান বাজার, তেজতুরি বাজার, তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল ও শেরেবাংলা নগর এলাকায় আসলামের প্রভাব বিস্তৃত হয়। এসব এলাকার অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনায় পিচ্চি হান্নান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন। তবে তার পেছনে আসলামের প্রভাব ও নির্দেশনা কাজ করত বলে অভিযোগ রয়েছে।

যেভাবে নামের আগে ‘সুইডেন’

আসলামের নামের আগে সুইডেন শব্দটি যুক্ত হওয়ার পেছনে রয়েছে তার ব্যক্তিগত জীবনের একটি ঘটনা। বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, তার প্রথম স্ত্রী ইতি ছিলেন সুইডেনপ্রবাসী। বিয়ের পর আসলামও স্ত্রীর সঙ্গে সুইডেনে গিয়ে কয়েক বছর বসবাস করেন। সেখান থেকে দেশে ফেরার পর অপরাধজগতে তার নামের সঙ্গে ‘সুইডেন’ শব্দটি যুক্ত হয়ে যায়।

পরবর্তী সময়ে তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে। তবে কীভাবে এবং কোন সময়ে তার নামের আগে এই পরিচিতি স্থায়ী হয়, তা নিয়ে জানা যায়নি।

গালিব হত্যা ও গ্রেফতার

যুবলীগ নেতা মাহমুদুল হক খান গালিব হত্যাকাণ্ডের পর ১৯৯৭ সালের ২৬ মে গ্রেফতার হন সুইডেন আসলাম। ওই বছরের ২৩ মার্চ তেজকুনিপাড়ায় নিজের বাসার সামনে খুন হন গালিব। এ ঘটনায় তার স্ত্রী শাহেদা নাসরিন শম্পা তেজগাঁও থানায় মামলা করেন।

দীর্ঘদিন নজরদারি ও অভিযান চালানোর পর আসলামকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সে সময় তার কাছ থেকে একটি বুলেটপ্রুফ জ্যাকেট উদ্ধার করা হয়েছিল বলে বিভিন্ন সংবাদ প্রতিবেদনে উল্লেখ রয়েছে। গ্রেফতারের সময় তার বয়স ছিল প্রায় ৩৫ বছর।

বিভিন্ন সময়ে তার বিরুদ্ধে ২২টি মামলা হওয়ার তথ্য পাওয়া যায়। এর মধ্যে ৯টি ছিল হত্যা মামলা। এ ছাড়া অপহরণ, চাঁদাবাজি ও অস্ত্রসংক্রান্ত অভিযোগেও মামলা ছিল। অস্ত্র আইনের মামলায় তার ১৭ বছরসহ বিভিন্ন মেয়াদে সাজা হয়েছিল বলে জানা যায়।

গ্রেফতারের পর দীর্ঘ সময় কারাগারে থাকলেও অপরাধজগতের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়নি বলে অভিযোগ রয়েছে। ঘনিষ্ঠ সহযোগী পিচ্চি হান্নানের মাধ্যমে কারাগারে বসেই বিভিন্ন এলাকায় প্রভাব ধরে রাখতেন তিনি— এমন তথ্য বিভিন্ন সময়ে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

কারওয়ান বাজার ও তেজগাঁও শিল্পাঞ্চলের আড়তমালিক, গার্মেন্টস ব্যবসায়ী এবং জমি কেনাবেচার সঙ্গে যুক্ত ব্যক্তিদের কাছ থেকে তার নাম ব্যবহার করে চাঁদা আদায়ের অভিযোগও রয়েছে। আদায় করা অর্থের একটি অংশ কারাগারে তার কাছে পৌঁছাত বলে বিভিন্ন সূত্রের দাবি।

কারাগারের ভেতরেও একাধিকবার মারামারির ঘটনায় আলোচনায় আসেন আসলাম। তার সেল থেকে দুটি মোবাইল ফোন উদ্ধারের তথ্যও বিভিন্ন সময়ে প্রকাশিত হয়েছিল। এসব ফোনের মাধ্যমে বাইরে থাকা সহযোগীদের সঙ্গে যোগাযোগ এবং মামলার বাদী ও সাক্ষীদের হুমকি দেওয়ার অভিযোগ ছিল তার বিরুদ্ধে। এসব কারণে বিভিন্ন সময়ে তাকে এক কারাগার থেকে অন্য কারাগারে স্থানান্তর করা হয় বলে জানা যায়।

২৭ বছর পর মুক্তি, ফের গ্রেফতার

দীর্ঘ ২৭ বছর কারাভোগের পর ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর জামিনে মুক্তি পান সুইডেন আসলাম। ওই দিন রাত ৯টার দিকে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে বের হন তিনি। তখন তার বয়স ছিল ৬২ বছর।

কারামুক্তির পরও তাকে ঘিরে অপরাধজগতের নানা আলোচনা চলতে থাকে। কারওয়ান বাজার ও তেজগাঁও এলাকায় চাঁদাবাজির নিয়ন্ত্রণ নিয়ে বিভিন্ন পক্ষের বিরোধের ঘটনায় তার নাম উঠে আসার কথাও গণমাধ্যমে প্রকাশিত হয়। বিশেষ করে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আজিজুর রহমান মুসাব্বির হত্যাকাণ্ডের পর অপরাধজগতের বিভিন্ন ব্যক্তির নাম আলোচনায় আসে। তবে এসব ঘটনায় তার সম্পৃক্ততা অভিযোগের পর্যায়ে রয়েছে।

এবার দেশ ছাড়ার চেষ্টাকালে বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হলো। ডিবি কর্মকর্তাদের দাবি, সরকারের উচ্চপর্যায়ের নির্দেশনার পর প্রায় এক মাস ধরে তাকে গ্রেফতারের চেষ্টা চলছিল। দেশত্যাগ ঠেকাতে তার পাসপোর্টও ব্লক করে রাখা হয়েছিল বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘অনেক কিছুই দেখতে পাবেন’–সিমন্সের ভবিষ্যৎ নিয়ে তামিমের মন্তব্য

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০১:২৮ পি.এম


‘অনেক কিছুই দেখতে পাবেন’–সিমন্সের ভবিষ্যৎ নিয়ে তামিমের মন্তব্য

বাংলাদেশ জাতীয় দলের বর্তমান প্রধান কোচ ফিল সিমন্সের পারফরম্যান্স নিয়ে পর্যালোচনা চলছে, এমন ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল। যদিও ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত তার সঙ্গে চুক্তি রয়েছে, তবুও এই বিষয়টি নিয়ে আলোচনা চলছে।

সাদা বলের ক্রিকেটে বাংলাদেশের হতাশাজনক পারফরম্যান্সের পর, সিমন্সের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে। তিন ফরম্যাটে সিমন্সের অধীনে বাংলাদেশ ৯৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে, যার মধ্যে জয় এসেছে ৩৯টিতে।

বাংলাদেশ টেস্টে ১৮ ম্যাচের মধ্যে ৭টি জয় পেয়েছে। ওয়ানডেতে ৩২ ম্যাচে জয় ১১টি। আর টি-টোয়েন্টিতে ৪৫ ম্যাচের মধ্যে ৩২টিতে জিতেছে দল।

মিরপুরের হোম অব ক্রিকেটে আকস্মিক সংবাদ সম্মেলনে তামিম বলেন, "দেখুন, যেহেতু একটি সিরিজ চলমান রয়েছে, তাই এ বিষয়ে আমার নিজস্ব মতামত আছে। ভবিষ্যতে অনেক কিছুই দেখতে পাবেন বলে আমি মনে করি।"

তিনি আরও যোগ করেন, "এখন একটি সিরিজ চলছে। তাই বাংলাদেশ দল যে একটি টেস্ট ম্যাচ, এরপর ওয়ানডে এবং তারপর টি-টোয়েন্টি খেলবে, সেই বিষয়টিকে আমাকে সম্মান করতে হবে। সময়ের সঙ্গে সঙ্গে বিষয়টি নিশ্চয়ই জানতে পারবেন।"

বর্তমানে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ দলের সঙ্গে রয়েছেন সিমন্স। চুক্তি নিয়ে আলোচনা ও জল্পনা-কল্পনায় তিনি খুব একটা বিচলিত মনে হয়নি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যাত্রাবাড়ীতে ৫০ কেজি গাঁজাসহ মাদক কারবারি সাকিব আহম্মেদ গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০১:২৯ পি.এম


যাত্রাবাড়ীতে ৫০ কেজি গাঁজাসহ মাদক কারবারি সাকিব আহম্মেদ গ্রেপ্তার

রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকায় একটি অভিযান পরিচালনা করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মো. সাকিব আহম্মেদ (২৪) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে, যার কাছে ৫০ কেজি গাঁজা ছিল।

সোমবার (২৩ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য প্রকাশ করেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, রোববার (২২ নভেম্বর) সকালে যাত্রাবাড়ী থানাধীন শনির আখড়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ৫০ কেজি গাঁজা, একটি মোবাইল ফোন এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি জিপ গাড়ি।

গ্রেপ্তার হওয়া ব্যক্তির বিরুদ্ধে ডিএমপির যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

এছাড়া, বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, গ্রেপ্তারকৃতকে আদালতে পাঠানো হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%