প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
দীর্ঘ সময় ধরে দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী হাতের একটি মালা নিয়ে ভক্তদের কৌতূহলের কেন্দ্রবিন্দুতে রয়েছেন। সংবাদ সম্মেলন, সাক্ষাৎকার এবং বিভিন্ন অনুষ্ঠানে প্রায়শই তার হাতে মালাটি দেখা যায়। এমনকি সিনেমার শুটিংয়ের সময়ও এটি পরিধান করতে দেখা গেছে তাকে। এতদিন ধরে এ নিয়ে নানা আলোচনা চললেও এবার অভিনেত্রী নিজেই মালাটির রহস্য প্রকাশ করেছেন।
সম্প্রতি সিনেমার প্রচারের অংশ হিসেবে ‘বিহাইন্ডউডস’-কে দেওয়া এক সাক্ষাৎকারে সাই পল্লবী জানান, তার হাতে থাকা মালাটি রুদ্রাক্ষের। তিরুচিপল্লীর শ্রীরঙ্গমের শ্রী রঙ্গনাথস্বামী মন্দির থেকে তার এক কাজিন মালাটি নিয়ে এসেছিলেন। পরবর্তীতে অভিনেত্রীর দাদার হাত ঘুরে সেটি তার কাছে আসে।
তবে সাই পল্লবীর মালাটির সঙ্গে সম্পর্ক কেবল স্মৃতির মধ্যে সীমাবদ্ধ নয়। এর সঙ্গে জড়িয়ে আছে তার চিকিৎসাবিদ্যার পরীক্ষার একটি বিশেষ অভিজ্ঞতা। অভিনেত্রী জানান, জর্জিয়ার টিবিলিসি স্টেট মেডিকেল ইউনিভার্সিটি থেকে চিকিৎসাবিদ্যায় স্নাতক সম্পন্ন করার পর ভারতে ফিরে ফরেন মেডিকেল গ্র্যাজুয়েট এক্সামিনেশন (এফএমজিই) পরীক্ষায় অংশগ্রহণ করেন তিনি।
পরীক্ষার আগের দিন রুদ্রাক্ষের মালাটি হাতে নিয়ে প্রার্থনা শুরু করেছিলেন সাই পল্লবী। তার বিশ্বাস, এই মালা তাকে মানসিক শক্তি জুগিয়েছিল এবং পরীক্ষায় ভালো ফল করতে সহায়তা করেছিল। হাসতে হাসতে অভিনেত্রী বলেন, “পরীক্ষার আগের দিন রুদ্রাক্ষের এই মালা হাতে নিয়ে প্রার্থনা করতাম। আমার মনে হয়, এর ফলে পরীক্ষায় আমি ভালো ফলও করেছিলাম।”
পরীক্ষার আগে শুরু হওয়া সেই অভ্যাস একসময় নিয়মিত জীবনের অংশ হয়ে যায়। সাই পল্লবীর ভাষায়, “এরপর এটি প্রতিদিনের অভ্যাসে পরিণত হয়। এমনকি, শুটিংয়ে যাওয়ার সময়ও মালাটি পরে থাকি।”
উল্লেখ্য, ২০০৫ সালে শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন সাই পল্লবী। ২০১৪ সালে মালায়ালাম সিনেমা ‘প্রেমাম’-এ কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান তিনি। সিনেমাটিতে অভিনয়ের জন্য ফিল্মফেয়ার পুরস্কারও অর্জন করেন। পরে ২০১৭ সালে তেলেগু সিনেমা ‘ফিদা’-তে অভিনয় করে দর্শকদের কাছে আরও জনপ্রিয় হয়ে ওঠেন।
বর্তমানে সাই পল্লবীর হাতে রয়েছে বেশ কয়েকটি আলোচিত সিনেমা। ‘রামায়ণ: পার্ট ১’ সিনেমায় অভিনয় নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। এ ছাড়া রাজকুমার পেরিয়াসামি পরিচালিত ‘ও. এম.’ সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত সিনেমাটিতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন ধানুশ, মাম্মুত্তি, শ্রীলীলা ও নাসিরুদ্দিন শাহসহ আরও অনেকে। ২০০ কোটি রুপি বাজেটের সিনেমাটি গত ২০ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন