সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং
১২:৪৪ পি.এম
॥ হাবিবুর রহমান ॥
ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৬ : নির্বাচন কমিশন (ইসি) আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের সুষ্ঠু ও গ্রহণযোগ্য আয়োজনের লক্ষ্যে শিগগিরই রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসার পরিকল্পনা করছে।
নির্বাচন কমিশনের শীর্ষ কর্মকর্তাদের মতে, চলতি মাসের শেষের দিকে অথবা ডিসেম্বরের প্রথম সপ্তাহে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে তিন দিনব্যাপী এ সংলাপ অনুষ্ঠিত হবে।
তারা জানিয়েছেন, কমিশন চলতি মাসের মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। এ অনুযায়ী, আগামী ২৯ বা ৩০ নভেম্বর থেকে তিন দিনের সংলাপ শুরু হতে পারে। প্রয়োজনে নভেম্বরের শেষ দিনেও সংলাপ শুরু করা হতে পারে।
ইসির কর্মকর্তাদের মতে, ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণার আগে আগামী ১০ ডিসেম্বরের মধ্যে সব কিছু সম্পন্ন হবে। এ সময়ের মধ্যে আইনশৃঙ্খলা বিষয়েও একটি সভা অনুষ্ঠিত হবে বলে তারা জানিয়েছেন।
ইসির কর্মকর্তারা জানিয়েছেন, নির্ধারিত সময়েই ইউপি নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ বা অনিবার্য পরিস্থিতি সৃষ্টি না হলে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ডিসেম্বরের প্রথমার্ধে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে। সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তারা এ তফসিল ঘোষণা করবেন।
তারা আশা প্রকাশ করেছেন যে, নির্বাচনের তফসিল ঘোষণার পর ভোটারদের মধ্যে নির্বাচনী আমেজ তৈরি হবে এবং উৎসবমুখর পরিবেশে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে।
ইসির পরিকল্পনা অনুযায়ী, ইউপি নির্বাচন আয়োজনের ক্ষেত্রে কোনো বাধা তাদের চোখে পড়ছে না। তারা জানিয়েছেন, আগামী ২১ জানুয়ারি প্রথম ধাপের ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের নির্ধারিত তারিখের প্রায় ৪৫ দিন আগে তফসিল ঘোষণা করা হবে।
ইসির কর্মকর্তারা আরও বলেছেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ইউপি নির্বাচন সম্পন্ন করতে রাজনৈতিক দলগুলোর সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন। এ ক্ষেত্রে সরকারের কাছ থেকেও পূর্ণ সহযোগিতা পাওয়া যাবে বলে তারা আশাবাদী। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য রাজনৈতিক দল, প্রার্থী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সম্মিলিত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তারা উল্লেখ করেছেন।
এ বিষয়ে নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ বাসসকে বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে যেসব নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ হয়েছে, সেসব দলের সঙ্গে তিন দিনের এই সংলাপ অনুষ্ঠিত হবে। এছাড়া পরবর্তী সময়ে যেসব দল নিবন্ধন পেয়েছে, তাদের সাথেও আলোচনায় বসা হবে বলে তিনি উল্লেখ করেন।
তিনি জানান, ইউপি নির্বাচনের জন্য ইসির সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামী ২১ জানুয়ারি প্রথম ধাপে ইউপি নির্বাচন হবে। ২১ জানুয়ারির কমবেশি ৪৫ দিন আগেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।
ইসি আব্দুর রহমানেল মাছউদ বলেন, নির্বাচনে যারা প্রার্থী হবেন, তাদের আচরণবিধি মেনে চলতে হবে। ভালো নির্বাচনের জন্য সরকার, রাজনৈতিক দল, প্রার্থী এবং আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা সমানভাবে প্রয়োজন। এই চারটি বিষয়ের ওপর সুষ্ঠু নির্বাচন নির্ভর করে বলে তিনি মনে করেন।
তিনি জানান, ইউপি নির্বাচনের আগে আইনশৃঙ্খলার বিষয়ে কেন্দ্রীয়ভাবে এবং এলাকা ভিত্তিকও মিটিং হবে। ইউপি নির্বাচন শুরু হলে মানুষ ভোটের দিকে ঝুঁকে পড়বে এবং উৎসবমুখর ভোটের পরিবেশ সৃষ্টি হবে।
এ বিষয়ে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বাসসকে বলেন, কমিশনের সিদ্ধান্ত হলো এ মাসের মধ্যেই রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসতে হবে। আইনশৃঙ্খলা বিষয়েও একটি মিটিং হবে। আগামী ১০ ডিসেম্বরের মধ্যে সব কিছু সম্পন্ন করা হবে। রাজনৈতিক দলের কাছে সুষ্ঠু নির্বাচনের জন্য সহায়তা চাওয়া হবে।
পাঁচ ধাপে ৪ হাজার ৩৩২ ইউপি নির্বাচন
পাঁচ ধাপে ৫০৮ উপজেলায় ৪ হাজার ৩৩২ ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচনের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সম্প্রতি ইসির ওয়েবসাইটে কোন ইউনিয়ন পরিষদে কবে ভোট হবে, তার পূর্ণ তালিকা প্রকাশ করা হয়েছে।
ইসির তালিকা অনুযায়ী, প্রথম ধাপে দেশের ১২৭টি উপজেলার ১ হাজার ৪২ টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপে ১২৫টি উপজেলার ১ হাজার ৬৯টি ইউপি, তৃতীয় ধাপে ১২০ উপজেলার ১ হাজার ২৪ টি ইউপি, চতুর্থ ধাপে ৯৬টি উপজেলার ৮১৩টি ইউপি এবং পঞ্চম ধাপে ৪০ উপজেলার ৩৮৪ টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশন জানিয়েছে, পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে ভোট হবে ২০২৭ সালের ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ও শেষ ধাপে ২৭ মে।
গত ১৬ নভেম্বর কমিশন সভা শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, ইউপি নির্বাচন শুরুর আগে নিবন্ধিত সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসবে ইসি। এ মাসের শেষ ভাগে অথবা ডিসেম্বরের শুরুতে মোট তিনদিনে নিবন্ধনের ক্রমিক অনুযায়ী দলগুলোকে আলোচনায় আমন্ত্রণ জানানো হবে। স্থানীয় সরকার নির্বাচন কীভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়, সে বিষয়ে দলগুলোর সঙ্গে আলোচনা করা হবে বলে তিনি উল্লেখ করেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকা রেঞ্জের আওতাধীন বিভিন্ন জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির তদারকি ও পর্যবেক্ষণকে আরও কার্যকর করতে ১২ জন পুলিশ কর্মকর্তাকে রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। তাদের এই দায়িত্ব আগামী দুই মাসের জন্য নির্ধারিত হয়েছে।
রোববার (২২ নভেম্বর) বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের স্বাক্ষরিত দুটি পৃথক প্রজ্ঞাপনে এই নির্দেশনা প্রদান করা হয়। সংযুক্ত কর্মকর্তাদের ২৩ নভেম্বরের মধ্যে তাদের নতুন কর্মস্থলে যোগ দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
প্রথম প্রজ্ঞাপনে আট জন কর্মকর্তাকে সংযুক্ত করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন—ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. রোকনুজ্জামান সরকার, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার সাখের হোসেন সিদ্দিকী, মোহাম্মদ শাহ ইমরান ও মো. মেহেদী হাসান, সিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. সোহেল রানা, সিআইডির সহকারী পুলিশ সুপার মো. মোকছেদুল মমিন, পুলিশ সদর দপ্তরের সহকারী পুলিশ সুপার মো. আবু সিয়াম ও মো. মাকসুদুল হাসান।
দ্বিতীয় প্রজ্ঞাপনে আরও চার জন কর্মকর্তাকে সংযুক্ত করা হয়েছে। তারা হলেন- পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার এস এম আল-বেরুনী, এ বি এম মুজাহিদুল ইসলাম ও মো. আতিকুর রহমান এবং গাজীপুর মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার সালাউদ্দিন শাকিল।
প্রজ্ঞাপনের নির্দেশনা অনুযায়ী, আগামী দুই মাস তারা ঢাকা রেঞ্জের ডিআইজির কার্যালয়ে দায়িত্ব পালন করবেন। এই সময়ের মধ্যে ঢাকা রেঞ্জের আওতাধীন জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ, তদারকি এবং প্রয়োজনীয় সমন্বয়ের কাজ করবেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
তানিয়া আক্তার তাপসী, যিনি নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক উপ-প্রশিক্ষণবিষয়ক সম্পাদক, তাকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (২২ নভেম্বর) গাজীপুরের টঙ্গী এলাকা থেকে তার গ্রেফতারি কার্যক্রম সম্পন্ন হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেত্রী হিসেবে পরিচিত তানিয়া আক্তার তাপসী, পূর্ববর্তী কেন্দ্রীয় কমিটিতে উপ-প্রশিক্ষণবিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
২০২৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অনুষ্ঠিত একটি আলোচনা সভায় চেয়ারে বসাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এই সংঘর্ষে ইডেন মহিলা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল শাখার ছাত্রলীগের নেত্রীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। ওই ঘটনার পর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী তানিয়া আক্তার তাপসীকে কেন্দ্রীয় ছাত্রলীগের পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছিল।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
কুমিল্লায় অপরাধ দমনের উদ্দেশ্যে জেলা পুলিশের বিশেষ সাঁড়াশি অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের ৬৪ সদস্যসহ মোট ৩২৫ জনকে আটক করা হয়েছে। গত ৪৮ ঘণ্টার মধ্যে জেলার বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) সমন্বয়ে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়।
সোমবার (২৩ নভেম্বর) অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এবং অপরাধ দমনের উদ্দেশ্যে এ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে কিশোর গ্যাং, মাদক কারবারি, ছিনতাইকারী এবং নিষিদ্ধ সংগঠনের নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে।
আটককৃতদের বিরুদ্ধে অভিযোগ ও অপরাধে সম্পৃক্ততা যাচাই-বাছাই শেষে ২৩০ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অপরদিকে, অপরাধে সম্পৃক্ততার প্রমাণ না পাওয়ায় ৯৫ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।
অভিযান প্রসঙ্গে পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, অপরাধ দমনের পাশাপাশি সাধারণ মানুষ যাতে কোনোভাবেই হয়রানির শিকার না হন, সে বিষয়ে পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে। তিনি উল্লেখ করেন, কোনো নিরপরাধ ব্যক্তি যাতে অযাচিত ভোগান্তিতে না পড়েন, তা নিশ্চিত করতে মাঠপর্যায়ে কঠোর তদারকি ও প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়েছে।
তিনি আরও জানান, কিশোর গ্যাং, মাদক, ছিনতাইসহ সব ধরনের অপরাধ নির্মূল এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সালতানাত অব ওমানের জাতীয় দিবস প্রতি বছরই পারস্পরিক শ্রদ্ধা, ঐতিহ্য এবং কূটনৈতিক সৌহার্দ্যের বন্ধনে উদযাপন করা হয়। এ বছরও এই ঐতিহ্য বজায় রেখে জাতীয় দিবসটি উদযাপন করা হয়েছে।
এই উপলক্ষে ঢাকায় অবস্থিত ওমান দূতাবাসের উদ্যোগে রাজধানীর একটি অভিজাত হোটেলে রোববার (২২ নভেম্বর) রাতে একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বক্তারা দুই দেশের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক ও অর্থনৈতিক অংশীদারিত্বকে আরও উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
রাজধানীর এই পাঁচ তারকা হোটেলের বলরুমটি সাজানো হয়েছিল ওমানের জাতীয় পতাকার লাল, সাদা ও সবুজ রঙের নান্দনিক পরিবেশে। প্রবেশদ্বার থেকে মূল মঞ্চ পর্যন্ত প্রদর্শিত হয়েছিল দেশটির প্রাচীন ইতিহাস, পর্যটন এবং আধুনিকায়নের চিত্র। অতিথিদের স্বাগত জানাতে পরিবেশন করা হয় সুগন্ধি আরবীয় কফি কাহওয়া, খেজুর এবং ঐতিহ্যবাহী মিষ্টি হালুয়া।
এই কূটনৈতিক মিলনমেলায় বাংলাদেশ সরকারের উচ্চপদস্থ প্রতিনিধি, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। আনুষ্ঠানিকতা শুরু হয় দুই দেশের জাতীয় সংগীত পরিবেশন এবং কেক কেটে।
ওমানের রাষ্ট্রদূত জামিল বিন হাজি বিন ইসমাইল আল বালুশি এ সময় বলেন, "আমরা পারস্পরিক শ্রদ্ধা, আইন ও জাতিসংঘ সনদের ভিত্তিতে সম্পর্ক বজায় রাখার ওপর জোর দিচ্ছি।" তিনি আশা প্রকাশ করেন যে, একটি যৌথ বিজনেস কাউন্সিল প্রতিষ্ঠা হবে, যা বাণিজ্যিক ও বিনিয়োগ সহযোগিতার অগ্রাধিকার নির্ধারণ এবং উভয় দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে যোগাযোগ জোরদার করতে সহায়তা করবে।
পরিবেশ ও বনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু একই আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, "আমাদের দুদেশের বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, খাদ্য নিরাপত্তা, জ্বালানি, শিপিং, আইসিটি, আসবাবপত্র এবং শিক্ষায় সহযোগিতা প্রসারিত করার উল্লেখযোগ্য সুযোগ রয়েছে।" তিনি শক্তিশালী বেসরকারি খাতের সম্পৃক্ততা, একটি যৌথ বিজনেস কাউন্সিল, উচ্চ-স্তরের সফর বিনিময় এবং নিয়মিত রাজনৈতিক আলোচনার প্রত্যাশা করেন।
এই কূটনৈতিক আয়োজন কেবল একটি রাষ্ট্রীয় দিবস উদযাপন নয়, বরং এটি বাংলাদেশ ও ওমানের মধ্যে দীর্ঘদিনের আস্থা, অর্থনৈতিক অংশীদারিত্ব এবং আত্মিক বন্ধনের উজ্জ্বল প্রতিফলন, এমনটাই মনে করছেন অংশগ্রহণকারীরা।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ