ঢাকা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ইং ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানা বন্ধ, ২৫টিতে সাধারণ ছুটি


আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানা বন্ধ, ২৫টিতে সাধারণ ছুটি

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে শ্রমিকদের চলমান আন্দোলনের কারণে সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে অস্থিরতার সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতির প্রেক্ষিতে, বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ১৩(১) ধারার আওতায় অনির্দিষ্টকালের জন্য ২১টি তৈরি পোশাক কারখানা বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি হামিম গ্রুপ ও ডেকো ডিজাইনসহ ২৫টি কারখানায় আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

রোববার সকালে আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া এই তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, শ্রমিকরা সকালে কারখানায় উপস্থিত হলেও কাজে যোগদান না করে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ও ভাঙচুর এড়ানোর জন্য মালিকপক্ষ কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।

আরও পড়ুন: রূপপুর থেকে দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু

শিল্প পুলিশ জানায়, শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী (কাজ নেই, মজুরি নেই ভিত্তিতে) ২১টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা ২৫টি কারখানার মধ্যে হামিম গ্রুপ, ডেকো ডিজাইন, নেক্সট কালেকশন ও স্টারলিং গ্রুপের একটি কারখানা অন্তর্ভুক্ত রয়েছে। এদিকে, আরও তিনটি কারখানার শ্রমিকরা সকালে কর্মস্থলে উপস্থিত হলেও কাজে যোগদান না করে কারখানার ভেতরেই বিক্ষোভ ও কর্মবিরতি পালন করছেন।

আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, শ্রমিকদের আন্দোলনের কারণে ২১টি কারখানা শ্রম আইন ২০০৬ এর ১৩(১) ধারায় বন্ধ এবং ২৫টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। তিনটি কারখানার ভেতরে শ্রমিকরা কাজে যোগ না দিয়ে অবস্থান করছেন।

তিনি আরও জানান, শিল্পাঞ্চলের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং কারখানাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত শিল্প পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা চলছে।

আরও পড়ুন: পরীক্ষার ফরম পূরণে বেশি টাকা আদায়ের ঘটনায় ইউএনওর হস্তক্ষেপ

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জনগণের বিরুদ্ধে অবস্থানকারীদের রাজনীতিতে ফেরার সুযোগ নেই: রিজভী

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৫০ পি.এম


জনগণের বিরুদ্ধে অবস্থানকারীদের রাজনীতিতে ফেরার সুযোগ নেই: রিজভী

ঢাকা, ২২ নভেম্বর, ২০২৬ : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী মন্তব্য করেছেন যে, জনগণের বিরুদ্ধে অবস্থান নেওয়া ব্যক্তিদের রাজনীতিতে ফেরার কোনো সুযোগ নেই। তিনি উল্লেখ করেন, "বাংলাদেশের জনগণ সত্য, ন্যায় ও ন্যায়বিচারের পক্ষে রয়েছে।"

তিনি আরও বলেন, বর্তমান সরকার এবং বিএনপি প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাসী নয়। অপরাধীদের দমনে দমন-পীড়নের পথ বেছে না নিয়ে আইন অনুযায়ী বিচারের মুখোমুখি করার বিষয়টিই তাদের অবস্থান।

রোববার বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দল কর্তৃক আয়োজিত বিক্ষোভ মিছিলের পূর্ব সমাবেশে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

এ কর্মসূচির আয়োজন করা হয়েছে দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে।

রুহুল কবির রিজভী বলেন, বিগত ১৭ বছরের শাসনামলে গণতন্ত্র, সুষ্ঠু নির্বাচন এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ধ্বংস করা হয়েছে। বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নির্যাতন, মিথ্যা মামলা এবং হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

তিনি উল্লেখ করেন, ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরও বিদেশে বসে অডিও বার্তার মাধ্যমে সহিংসতা ও নাশকতায় উসকানি দিচ্ছেন।

সাম্প্রতিক সহিংস ঘটনার প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ফরিদপুরের ভাঙ্গা ও নড়াইলে প্রাণহানি, গ্রামীণ ব্যাংকের ৮০টি শাখায় অগ্নিসংযোগ এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ বিএনপির বিভিন্ন নেতার বাসভবনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে।

তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের বিদেশে অবস্থানরত নেতারা ককটেল নিক্ষেপ ও নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার জন্য অর্থের জোগান দিচ্ছেন। ব্যাংকিং খাত এবং বড় বড় মেগা প্রকল্প থেকে আত্মসাৎ করা অর্থ এসব কর্মকাণ্ডে ব্যবহার হচ্ছে।

রুহুল কবির রিজভী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যদি চান, তবে তিনি সহিংসতাকারীদের কঠোরভাবে দমন করতে পারতেন। কিন্তু গণতন্ত্র ও আইনের শাসনে বিশ্বাসী হওয়ায় তিনি প্রতিশোধপরায়ণতার পথ অবলম্বন করছেন না।

নাশকতা ও অপতৎপরতা প্রতিরোধের জন্য স্বেচ্ছাসেবক দলসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সতর্ক থাকার এবং রাজপথে পাহারা দেওয়ার আহ্বান জানান তিনি।

ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সভাপতি এ এ জহির উদ্দিন তুহিনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু এবং স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও এস এম জিলানী।

সমাবেশটি সঞ্চালনা করেন ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ বাপ্পা সিকদার, যেখানে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সার না পেয়ে কৃষকদের ক্ষোভে কৃষি কর্মকর্তাকে থাপ্পড়

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৫১ পি.এম


সার না পেয়ে কৃষকদের ক্ষোভে কৃষি কর্মকর্তাকে থাপ্পড়

মানিকগঞ্জের সাটুরিয়ায় সার সরবরাহের ঘাটতির কারণে কৃষকরা দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও সার পাননি। এ পরিস্থিতিতে ক্ষোভের এক পর্যায়ে দায়িত্ব পালনরত এক উপসহকারী কৃষি কর্মকর্তাকে থাপ্পড় মারার ঘটনা ঘটেছে।

রোববার (২২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দরগ্রাম ইউনিয়নের দরগ্রাম বাজারে বাবুল ট্রেডার্স নামের একটি সার বিক্রির দোকানে এই ঘটনা ঘটে।

লাঞ্ছিত হওয়া কর্মকর্তার নাম মো. আরিফুল ইসলাম, যিনি ওই এলাকায় উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে দরগ্রাম বাজারের বাবুল ট্রেডার্সে কৃষকদের মধ্যে সার বিতরণ শুরু হয়। তবে বরাদ্দকৃত সারের তুলনায় কৃষকদের উপস্থিতি ছিল অনেক বেশি। ফলে লাইনে অপেক্ষমাণ সকল কৃষককে সার দেওয়ার আগেই মজুত শেষ হয়ে যায়। এ সময় সার শেষ হওয়ার বিষয়টি জানালে, দীর্ঘক্ষণ অপেক্ষায় থাকা কয়েকজন কৃষক ক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে তারা উত্তেজিত হয়ে উপসহকারী কৃষি কর্মকর্তা আরিফুল ইসলামকে থাপ্পড় মারেন।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল ইসলাম এবং উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসসুম। পরে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসসুম জানান, উদ্ভূত পরিস্থিতিতে কৃষকদের অতিরিক্ত সারের চাহিদা মেটাতে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির রেজুলেশনের মাধ্যমে অতিরিক্ত সারের চাহিদা জেলা সার ও বীজ মনিটরিং কমিটির কাছে পাঠানো হয়েছে। মাসিক বরাদ্দের বাইরে অতিরিক্ত সার পাওয়া গেলে যেসব ইউনিয়নে চাহিদা বেশি, সেসব ইউনিয়নে তা বণ্টন করা হবে।

তিনি আরও জানান, কৃষকদের সুবিধার্থে আগামী মাসের সার আগাম উত্তোলনের বিষয়েও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মানিকগঞ্জের উপ-পরিচালককে অবহিত করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিসেম্বরে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৫১ পি.এম


ডিসেম্বরে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির সতর্কতা

ডিসেম্বর মাসে সীমান্ত দিয়ে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও যাতায়াত হতে দেওয়া হবে না, এমনটি জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। তিনি জানান, মাদক, অস্ত্র ও বিস্ফোরক চোরাচালান বন্ধে সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে।

রোববার (২২ নভেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) সীমান্ত পরিদর্শনকালে সাংবাদিকদের কাছে তিনি এসব তথ্য তুলে ধরেন।

বিজিবি মহাপরিচালক উল্লেখ করেন, দেশের সীমান্ত পাহারা দেওয়া, চোরাচালান প্রতিরোধ করা এবং অবৈধ ব্যক্তিদের এক দেশ থেকে অন্য দেশে যাতায়াত বন্ধ করা বিজিবির দায়িত্ব। বিশেষ করে ডিসেম্বর মাসকে সামনে রেখে সীমান্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ লক্ষ্যে ফেনী, কুমিল্লাসহ বিভিন্ন সীমান্ত এলাকা পরিদর্শন করা হচ্ছে।

তিনি আরও জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী দেশের মানুষের প্রত্যাশা পূরণ এবং সীমান্ত নিরাপত্তা শতভাগ নিশ্চিত করতেই সরেজমিনে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

এ সময় স্থানীয়দের সহযোগিতা কামনা করে বিজিবি মহাপরিচালক বলেন, সীমান্ত এলাকায় কারও সন্দেহজনক আসা-যাওয়া কিংবা অবৈধ অনুপ্রবেশের বিষয়ে কোনো তথ্য থাকলে তা বিজিবিকে জানাতে হবে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে অবৈধ কর্মকাণ্ড বন্ধ করা হবে। পরিদর্শনকালে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে: ডা. শফিকুর রহমান

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৫২ পি.এম


প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে: ডা. শফিকুর রহমান

অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের উদ্দেশ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, তার দল প্রবাসীদের মেধা, জ্ঞান, অভিজ্ঞতা ও গবেষণালব্ধ অর্জনকে দেশের উন্নয়নে কাজে লাগাতে চায়, শুধু আর্থিক রেমিট্যান্সের ওপর নির্ভর না করে। তারা ইন্টেলেকচুয়াল রেমিট্যান্সের (মেধাভিত্তিক অবদান) পক্ষে কথা বলতে এসেছেন।

রোববার (২২ নভেম্বর) স্থানীয় সময় বিকেল ৪:১৫ মিনিটে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের ক্যাম্পবেলটাউনে বাংলাদেশি প্রবাসীদের আয়োজনে ‘জুলাই অভ্যুত্থান ও তার পরবর্তী সময়: ভয়েসেস ফ্রোম অস্ট্রেলিয়া’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের ব্যাপক উপস্থিতিতে ডা. শফিকুর রহমানকে ফুল দিয়ে বরণ ও সংবর্ধনা জানানো হয়।

তিনি আরও উল্লেখ করেন, বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত মেধাবী বাংলাদেশিরা যেন তাদের জন্মভূমিতে ফিরে এসে দেশের উন্নয়নে অবদান রাখতে পারেন, সেই পরিবেশ তৈরি করতে চায় জামায়াত। সুযোগ পেলে তাদের সঙ্গে অতিথির মতো নয়, ভাই, সন্তান ও পিতার মতো আচরণ করবে দলটি।

অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে বক্তব্য প্রদান করেন পশ্চিম সিডনির ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের কাউন্সিলর মাসুদ খলিল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একাডেমিক ও গবেষক, রাজনৈতিক বিশ্লেষক এবং সাউথ এশিয়ান পলিসি ইনিশিয়েটিভ ও গ্লোবাল ভয়েস ফর হিউম্যানিটি-এর নির্বাহী পরিচালক শিবলী সোহাইল। এছাড়াও অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আবু ইউসুফ ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসিফ ইকবাল।

এতে অস্ট্রেলিয়ায় বসবাসরত বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন। উপস্থিত প্রতিনিধিদের অনেকে তাদের বক্তব্যের মাধ্যমে প্রবাসীদের প্রত্যাশার কথা ব্যক্ত করেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘জুলাই অভ্যুত্থানে প্রবাসী বাংলাদেশিদের অবদান আমরা কখনো ভুলবো না। দেশের গণমাধ্যম যখন আমাদের কষ্টের কথা যথাযথভাবে তুলে ধরেনি, তখন প্রবাসে থাকা ভাই-বোনেরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে দেশের মানুষের ওপর নির্যাতন ও নিপীড়নের চিত্র বিশ্ববাসীর কাছে পৌঁছে দিয়েছেন। বিভিন্ন দেশে সভা-সমাবেশ নিষিদ্ধ থাকা সত্ত্বেও তারা দেশের মানুষের অধিকার আদায়ের দাবিতে রাজপথে নেমেছেন। এজন্য অনেকে গ্রেফতার হয়েছেন, জেল খেটেছেন এবং শাস্তির মুখোমুখি হয়েছেন। এখনো ৫৪ জন প্রবাসী কারাগারে রয়েছেন, যা আমাদের জন্য অত্যন্ত কষ্টের ও লজ্জার।’

তিনি আরও বলেন, ‘প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। অথচ দেশে গেলে বিমানবন্দরসহ বিভিন্ন জায়গায় তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। এমনকি শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনাও ঘটেছে। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যাদের আমরা রেমিট্যান্স যোদ্ধা বলি, তাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে। তাদের ভোটাধিকার নিশ্চিত করার দাবিতে আমরা অতীতেও সোচ্চার ছিলাম। আগামী স্থানীয় সরকার নির্বাচনেও প্রবাসীদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা হলে আমরা এর প্রতিবাদ জানাব।’

জুলাই অভ্যুত্থানের স্মৃতিচারণ করে বিরোধীদলীয় নেতা বলেন, ‘জুলাইয়ের যোদ্ধারা এখনো জীবিত আছেন। তাদের অনেকের হাত-পা নেই, কেউ চোখ হারিয়েছেন, কিন্তু তাদের মনোবল হারাননি। আমি আহত যোদ্ধাদের কাছে জানতে চেয়েছি, জাতির প্রয়োজনে আবারও কি লড়াই করতে পারবেন? তারা বলেছেন, একটি পা হারিয়েছি, অন্য পা তো আছে; ক্রাচে ভর করেও দেশের জন্য লড়াই করব। যাদের চোখ নেই, তারাও বলেছেন, অন্যের হাত ধরে হলেও তারা দেশের প্রয়োজনে এগিয়ে যাবেন। একজন মা ১০ মাসের শিশুকে কোলে নিয়ে রাজপথে নেমেছিলেন। তিনি বলেছিলেন, বাংলাদেশের রাজপথে যত শিশু নেমে এসেছে, সবাইকে নিজের সন্তান মনে করেই তিনি আন্দোলনে এসেছেন। এই মায়েরা, এই যোদ্ধারা আমাদের শক্তি। জাতির প্রয়োজনে তারা আবারও জেগে উঠবেন, ইনশাআল্লাহ।’

জুলাই অভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা ছিল বৈষম্যহীন, মানবিক ও ইনসাফভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠা, এমনটাও বলেছেন তিনি। বিরোধীদলীয় নেতার ভাষ্য, জুলাইয়ের স্লোগান ছিল ‘উই ওয়ান্ট জাস্টিস’। এই আন্দোলনের কোনো একক মাস্টারমাইন্ড ছিল না। ১০ মাসের শিশুকে কোলে নিয়ে রাজপথে আসা মা, পানি বিতরণ করতে গিয়ে শহীদ হওয়া মুগ্ধ, বুক পেতে গুলি গ্রহণ করা আবু সাঈদসহ অসংখ্য ছাত্র-জনতা এই অভ্যুত্থানের প্রকৃত নায়ক। শহীদরা কোনো নির্দিষ্ট দলের সম্পদ নন, তারা গোটা জাতির সম্পদ।

জুলাই-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, ‘গণভোটে জনগণ যে রায় দিয়েছেন, তা বাস্তবায়ন করতে হবে। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আমরা সংসদেও কথা বলেছি। জনগণের রায়কে উপেক্ষা করে বাংলাদেশে রাজনীতি চলতে পারে না। জনগণের আকাঙ্ক্ষার প্রতি সম্মান দেখিয়ে রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করতে হবে। এ বিষয়ে আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট। কোনো চাপ বা প্রলোভনে আমরা আমাদের আদর্শ ও অঙ্গীকার থেকে সরে আসবো না।’

তরুণ প্রজন্মের ভূমিকা তুলে ধরে ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা বাংলাদেশকে তরুণদের হাতে তুলে দিতে চাই। বাংলাদেশের নামের এয়ারক্রাফটের ককপিটে তরুণরা বসবে, আর আমরা বসবো প্যাসেঞ্জার সিটে। আমরা তাদের সহযোগিতা করব। আমাদের এবারের প্রার্থী তালিকার ৬২ শতাংশের বয়স ৪৫ বছরের নিচে। আমরা বিশ্বাস করি, তরুণদের নেতৃত্বেই আগামী দিনের বাংলাদেশ গড়ে উঠবে। একই সঙ্গে দেশের উন্নয়নে নারী-পুরুষ সবাইকে সমানভাবে অংশগ্রহণের সুযোগ দিতে হবে। জুলাই আন্দোলনে নারীদের সাহসী ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

সরকার ও বিরোধী দলের সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, ‘জাতীয় স্বার্থে যেখানে সরকারের ভালো কাজের সমর্থন দেওয়া প্রয়োজন, সেখানে আমরা সমর্থন দেব। আর যেখানে ভুল হবে, সেখানে প্রতিবাদ করব। বিরোধী দলের দায়িত্ব হলো জনগণের অধিকার ও স্বার্থের পক্ষে কথা বলা। সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের রায়কে সম্মান করতে হবে, যোগ্য ও সৎ ব্যক্তিদের নিয়ে দেশ পরিচালনা করতে হবে এবং দুর্নীতির ঊর্ধ্বে থাকতে হবে। দেশের বর্তমান সন্ত্রাস, নৈরাজ্য, দুর্নীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর পদক্ষেপ নিতে হবে। কোনো দল বা ব্যক্তি আমাদের শত্রু নয়। কোনো দল বা ব্যক্তি দেশের বিরুদ্ধে অপকর্ম করলে সেই অপকর্মই আমাদের প্রতিপক্ষ। আমরা একটি ঐক্যবদ্ধ, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ চাই। বাংলাদেশ একদিন বদলাবে এবং সেই পরিবর্তনের সারথি হবে এ দেশের জনগণ।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডা. মোসলেহ উদ্দিন ফরিদ এমপি, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি, ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ডা. এস এম খালিদুজ্জামান এবং বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব (এপিএস) মুহাম্মদ নজরুল ইসলাম।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%