সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং
১০:৪৬ এম
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর জব্বার ইউনিয়নের জাহাজমারা গ্রামের ১ নম্বর ওয়ার্ডের দরিদ্র কৃষক মো. মনির আহাম্মদের ২০ শতক জমিতে চাষ করা সব টমেটো গাছের গোড়া কেটে দেওয়া হয়েছে বলে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) বিকেলের দিকে এই ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। সন্ধ্যায় যখন তিনি খেতে গিয়েছিলেন, তখন নিজের হাতে গড়ে তোলা টমেটো গাছগুলোর এমন অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়েন। ক্ষতিগ্রস্ত গাছগুলোর পাশে বসে আহাজারি করেন এই কৃষক। আজ বিকেলে ভুক্তভোগী মনির আহম্মদ বাদী হয়ে উপজেলার চর জব্বর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জাফর ও সাইফুলের বিরুদ্ধে সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার বরাবর ও চর জব্বর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
জানা গেছে, উন্নত জাতের হাইব্রিড টমেটোর বীজ সংগ্রহ করে আগাম চাষের উদ্যোগ নেন কৃষক মনির আহাম্মদ। দীর্ঘদিনের পরিশ্রম ও অর্থ ব্যয় করে তিনি সারিবদ্ধভাবে গাছগুলো বড় করে তোলেন। প্রতিটি গাছের গোড়ায় খুঁটি দিয়ে লতানো ডালপালা বেঁধে যত্নসহকারে পরিচর্যা করেন। গাছগুলোতে ফুল আসার পাশাপাশি ইতোমধ্যে টমেটো ধরতেও শুরু করেছিল। তাঁর পরিকল্পনা ছিল, আর মাত্র দুই সপ্তাহের মধ্যে ফলন সংগ্রহ করে বাজারে বিক্রি করবেন। যখন তিনি ভালো ফলন ও ন্যায্যমূল্য পাওয়ার প্রত্যাশায় স্বপ্ন বুনছিলেন, তখনই তাঁর অনুপস্থিতিতে কে বা কারা পুরো জমির টমেটো গাছের গোড়া কেটে দেয়। এতে আসন্ন ফসল ঘিরে তাঁর সব স্বপ্ন ও প্রত্যাশা ভেঙে পড়েছে।
কৃষক মনির আহাম্মদ স্থানীয় কৃষকদের নিয়ে গঠিত আনন্দ বাজার সয়াবিন উৎপাদনকারী কৃষক সমবায় সমিতি লিমিটেডের একজন সদস্য। ঘটনার পরপরই তিনি বিষয়টি সমিতিকে অবহিত করেন। খবর পেয়ে সমিতির নেতৃবৃন্দ ও সদস্যরা সরেজমিনে জমিতে গিয়ে ক্ষতিগ্রস্ত টমেটো খেত পরিদর্শন করেন।
এ বিষয়ে সমিতির সভাপতি মো. বাবুল বলেন, "এটি অত্যন্ত ন্যক্কারজনক ঘটনা। মানুষের সঙ্গে মানুষের ব্যক্তিগত শত্রুতা থাকতে পারে, কিন্তু গাছ বা সবজি ফসলের সঙ্গে কারও শত্রুতা থাকতে পারে না। যারা এ ধরনের কাজ করেছে, তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।"
ক্ষতিগ্রস্ত কৃষক মনির আহাম্মদের দাবি, ধারদেনা করে প্রায় ৮০ হাজার টাকা ব্যয়ে ২০ শতক জমিতে টমেটো চাষ করেছিলেন। আর মাত্র দুই সপ্তাহ পর ফলন সংগ্রহের কথা ছিল। তাঁর ধারণা, ওই জমির টমেটো বিক্রি করে প্রায় ৫ লাখ টাকা আয় করা সম্ভব হতো। কৃষিকাজের প্রতি ভালোবাসা থেকে ইটভাটায় কাজ করতে যাওয়ার পরিকল্পনা বাদ দিয়ে তিনি এই চাষাবাদে বিনিয়োগ করেছিলেন।
সুবর্ণচর উপজেলা কৃষি কর্মকর্তা হারুন অর রশিদ জানান, ঘটনাটি তিনি শুনেছেন। সংশ্লিষ্ট এলাকার উপসহকারী কৃষি কর্মকর্তা ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত জমি পরিদর্শন করেছেন। তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, কৃষি অফিসের বরাদ্দ ও সামর্থ্য অনুযায়ী ক্ষতিগ্রস্ত কৃষককে যতটুকু সম্ভব সহযোগিতা করা হবে।
এ বিষয়ে সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার আকিব ওসমান বলেন, বিষয়টি যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
নারায়ণগঞ্জের ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে গার্মেন্টসের ওয়েস্টেজ ঝুট ভর্তি একটি ট্রাকে পেট্রলবোমা নিক্ষেপ করে আগুন লাগিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রাকের সব মালামাল পুড়ে গেছে। ট্রাকচালক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তাদের দাবি অনুযায়ী, এই ঘটনায় প্রায় ৭ থেকে ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ঘটনাটি ঘটে সোমবার (২৩ নভেম্বর) ভোর পৌনে ৫টার দিকে ফতুল্লার স্টেডিয়াম এলাকার সিএনজি স্ট্যান্ডের সামনে। প্রত্যক্ষদর্শীদের মতে, মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি ট্রাকটিকে লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেয়।
ট্রাকচালক ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে চাঁদনী ট্রান্সপোর্টের পাঁচটি ট্রাক গার্মেন্টসের ওয়েস্টেজ ঝুট নিয়ে ফতুল্লার স্টেডিয়াম বটতলা এলাকার প্রান্ত এন্টারপ্রাইজের উদ্দেশ্যে রওনা হন। রবিবার বিকেল ৪টার দিকে যাত্রা শুরু করে সোমবার ভোর ৪টার দিকে তারা নির্ধারিত এলাকায় পৌঁছান। পরে স্টেডিয়ামের সামনে লিংক রোডের পাশে পাঁচটি ট্রাক পার্ক করে চালকরা গাড়ির ভেতরে ঘুমিয়ে পড়েন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি পাঁচটি ট্রাকের মধ্যে একটি ট্রাককে লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ করে। মুহূর্তের মধ্যে ট্রাকটিতে আগুন ধরে যায় এবং দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। আগুন ছড়িয়ে পড়লে পাশের ট্রাকের চালকরা ঘুম থেকে উঠে আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন।
আগুনে পুড়ে যাওয়া ট্রাকের চালক মামুন বলেন, ‘চট্টগ্রাম থেকে চাঁদনী ট্রান্সপোর্টের পাঁচটি ট্রাকে গার্মেন্টসের ওয়েস্টেজ ঝুট নিয়ে ভোর ৪টার দিকে এখানে পৌঁছে গাড়ি পার্ক করে ঘুমিয়ে পড়ি। হঠাৎ আগুন লাগার খবর পেয়ে ঘুম থেকে উঠে নিজের ট্রাকে আগুন জ্বলতে দেখি। অন্য চালকদের সঙ্গে নিয়ে আগুন নেভানোর চেষ্টা করি। আমার ট্রাকে প্রায় ৭ থেকে ৮ লাখ টাকার মালামাল ছিল।’
অন্য একটি ট্রাকের চালক প্রত্যক্ষদর্শী মো. রিয়াজ জানান, রাতে তারা পাঁচটি ট্রাক সেখানে পার্ক করে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ একটি ট্রাকে আগুন দেখতে পেয়ে দ্রুত ঘুম থেকে উঠে চালক মামুনকে ডাক দেন। এরপর সবাই মিলে নিজেদের গাড়িতে থাকা পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় নৈশপ্রহরী কামাল হোসেন বলেন, ‘মোটরসাইকেলে দুই ব্যক্তি সেখানে আসেন। তাদের একজন চলন্ত মোটরসাইকেল থেকে পার্ক করে রাখা ট্রাকে পেট্রলবোমা নিক্ষেপ করেন। সঙ্গে সঙ্গে ট্রাকটিতে আগুন ধরে যায় এবং মুহূর্তেই তা পুরো গাড়িতে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভানোর কাজ শুরু করেন।’
প্রান্ত এন্টারপ্রাইজের ম্যানেজার মো. মহসিন সরকার জানান, তাদের প্রতিষ্ঠানের জন্য চট্টগ্রাম থেকে পাঁচটি ট্রাকে গার্মেন্টসের ওয়েস্টেজ ঝুট আনা হয়েছিল। চালকরা গাড়ি পার্ক করে ভেতরে ঘুমিয়ে পড়েছিলেন। মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি একটি ট্রাকে পেট্রলবোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দিয়েছে বলে তিনি জেনেছেন। এতে তার প্রতিষ্ঠানের প্রায় ৭ থেকে ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
নারায়ণগঞ্জের শিবু মার্কেট ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার অপূর্ব বল জানান, ভোর ৫টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ৬টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। ট্রাকটিতে গার্মেন্টসের ওয়েস্টেজ ঝুটবোঝাই থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং নিয়ন্ত্রণে আনতে কিছুটা বেশি সময় লাগে। একপর্যায়ে গাড়ির পানি শেষ হয়ে গেলে পাশের একটি পুকুর থেকে পানি সংগ্রহ করে পুনরায় আগুন নেভানোর কাজ করা হয়। তবে তদন্তের পর ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণ করা যাবে।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. মফিজুর রহমান জানান, জালকুড়ি এলাকায় টহলে থাকার সময় আগুনের খবর পেয়ে দল নিয়ে ঘটনাস্থলে পৌঁছে একটি ট্রাকে আগুন জ্বলতে দেখা যায়। কারা কী কারণে আগুন দিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে, এসআরবি-১১-এর একটি টহলদল সাইনবোর্ড এলাকায় দায়িত্ব পালন করছিল। আগুনের খবর পেয়ে উপসহকারী পরিচালক (ডিএডি) বিপ্লবের নেতৃত্বে দলটি ঘটনাস্থল পরিদর্শন করে। প্রাথমিকভাবে দুজন ব্যক্তি আগুন লাগিয়ে পালিয়ে গেছেন বলে জানা গেছে। তবে আগুনের প্রকৃত কারণ এবং এটি পরিকল্পিত নাশকতা কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। রাতে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে তাদের টহল অব্যাহত রয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন একটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র স্থাপনার ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নতুন একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা প্রদর্শিত হয়েছে। বাহিনীটির দাবি, এই নতুন ব্যবস্থার মাধ্যমে একসঙ্গে দুটি তরল জ্বালানিচালিত ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা সম্ভব।
নতুন এই উৎক্ষেপণব্যবস্থাটি পূর্বে ব্যবহৃত ইরানের দ্বৈত উৎক্ষেপণব্যবস্থার তুলনায় উন্নত বলে মনে করা হচ্ছে। পূর্বের ব্যবস্থায় একসঙ্গে দুটি কঠিন জ্বালানিচালিত ক্ষেপণাস্ত্র ছোড়া হতো, কিন্তু নতুন ব্যবস্থায় তরল জ্বালানির ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হচ্ছে।
আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ মুসাভি বলেছেন, নতুন ব্যবস্থার মাধ্যমে ইরানের সামরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তিনি মন্তব্য করেন, ‘আমরা আমাদের যুদ্ধকৌশলের কাঠামোয় অপ্রত্যাশিত চমক এবং অত্যন্ত কার্যকর সক্ষমতা যুক্ত করেছি।’
আইআরআইবির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নতুন ক্ষেপণাস্ত্রগুলো উল্লম্বভাবে উৎক্ষেপণ করা হয়। এগুলোর গতিপথ ও গতি নিয়ন্ত্রণের সক্ষমতা রয়েছে বলে দাবি করা হয়েছে। এর ফলে শত্রুপক্ষের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এড়িয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানার ক্ষেত্রে সুবিধা পেতে পারে ইরান।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের দাবি, দেশটির নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্রের পাল্লা ও লক্ষ্যভেদে নির্ভুলতা বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি, যুক্তরাষ্ট্রের গ্লোবাল পজিশনিং সিস্টেমের (জিপিএস) ওপর নির্ভর না করেও এসব ক্ষেপণাস্ত্র পথনির্দেশনা পেতে সক্ষম।
গত শনিবার (২১ নভেম্বর) আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের নতুন একটি ভূগর্ভস্থ স্থাপনা পরিদর্শন করেন বাহিনীটির কমান্ডার মেজর জেনারেল আহমদ ওয়াহিদি। এ সময় প্রচারিত ভিডিওতে কয়েক কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গের ভেতরে শত শত ক্ষেপণাস্ত্র ও উৎক্ষেপণযান দেখা যায়। তবে ভিডিওটি ঠিক কবে ধারণ করা হয়েছে, তা স্পষ্ট নয়। তথ্যসূত্র: আল-জাজিরা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বিএনপির প্রভাবশালী নেতা মরহুম সালাউদ্দিন কাদের চৌধুরী (সাকা চৌধুরী) সম্পর্কে একটি আবেগঘন পোস্ট সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন তার ছোট ভাই গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এমপি।
রোববার রাতে, তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এই স্ট্যাটাসটি প্রকাশ করেন, যেখানে ভাই হারানোর বেদনা ব্যক্ত করেছেন।
গিয়াস উদ্দিন কাদের চৌধুরী উল্লেখ করেন, ‘বড় ভাইয়ের (সাকা চৌধুরী) কথা মনে পড়লে আজও বুকের ভেতরটা কেমন ভারী হয়ে আসে। তার সঙ্গে হওয়া অন্যায়, তাকে হারানোর কষ্ট—কিছুই আজও ভুলতে পারিনি। মাঝে মাঝে মনে হয়, যদি সময়টা একটু অন্যরকম হতো, যদি আমরা তার জন্য আরও কিছু করতে পারতাম! কিন্তু সেই সময়ের অসহায়ত্ব আর না-পারার কষ্ট আজও আমাদের তাড়া করে বেড়ায়। কিছু কষ্ট কাউকে বোঝানো যায় না, শুধু নীরবে বয়ে বেড়াতে হয়’।
তিনি আরও বলেন, ‘আজ আপনার স্মরণে আয়োজিত অনুষ্ঠানে যারা উপস্থিত হয়ে আপনাকে শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করেছেন, তাদের প্রত্যেকের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা। আল্লাহ আমার বড় ভাইকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন’। এই ভাইস চেয়ারম্যান বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে একটি ক্যান্ডি তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের পর নিখোঁজ শ্রমিকদের সন্ধানে কর্তৃপক্ষ আবারও তল্লাশি অভিযান শুরু করতে যাচ্ছে। এ ঘটনায় পুলিশ ২৪টি বডি ব্যাগ উদ্ধার করেছে। তবে মৃতদের প্রকৃত সংখ্যা এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি।
শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় পশ্চিম জাভা প্রদেশের সেরাং রিজেন্সির চিকান্দে এলাকায় অবস্থিত পিটি ফনুসা আগুং মুলিয়া ক্যান্ডি কারখানায় আগুন লাগে। রোববার (২২ নভেম্বর) দমকলকর্মীরা কারখানার ভেতরে অবশিষ্ট আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছিল।
নিখোঁজ শ্রমিকদের সন্ধানে তল্লাশি অভিযান রাতের জন্য স্থগিত করা হয়েছিল। ইন্দোনেশিয়ার বানতেন প্রদেশের পুলিশপ্রধান হেন্দ্রা কুর্নিয়াওয়ান জানিয়েছেন, সোমবার সকালে আবারও অভিযান শুরু হবে। রোববার স্থানীয় টেলিভিশন চ্যানেল মেট্রো টিভিকে তিনি এ তথ্য জানান।
কারখানাটির মূল প্রতিষ্ঠান পিটি ইউনাইটেড ফ্যামিলি ফুডের প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিভেন আরউইন উইজায়া এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, শনিবারের শিফটে কারখানায় প্রায় ৩০০ কর্মী উপস্থিত ছিলেন। আগুন লাগার সময় তাদের মধ্যে ৬৫ জন দুর্ঘটনাকবলিত এলাকায় ছিলেন বলে ধারণা করা হচ্ছে।
পরে কারখানা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, ওই ৬৫ জনের মধ্যে ২৪ জন বাড়ি ফিরে গেছেন, চারজন চিকিৎসাধীন রয়েছেন এবং ২৯ জন এখনও নিখোঁজ। বাকি আটজনের অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
রোববারের সংবাদ সম্মেলনে পুলিশের দুর্যোগে নিহত ব্যক্তিদের শনাক্তকরণ বিভাগের কর্মকর্তা ওয়াহিউ হিদায়াতি দ্বি পালুপি বলেন, আগুনের তীব্রতা এত বেশি ছিল যে উদ্ধার করা মরদেহগুলো চেহারা দেখে শনাক্ত করা সম্ভব হচ্ছে না।
তিনি জানান, নিখোঁজ শ্রমিকদের স্বজনদের কাছ থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করা হবে। পাশাপাশি তাদের ব্যক্তিগত ব্যবহার্য জিনিসপত্র থেকেও নমুনা নেওয়া হবে। শনাক্তকরণ প্রক্রিয়া সম্পন্ন করতে দুই থেকে তিন সপ্তাহ সময় লাগতে পারে।
এদিকে, অগ্নিকাণ্ডে ঠিক কতজন নিহত হয়েছেন তা এখনও নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ। পুলিশের ভাষ্য অনুযায়ী, একটি বডি ব্যাগে একাধিক ব্যক্তির দেহাবশেষ থাকতে পারে।
কী কারণে কারখানাটিতে আগুনের সূত্রপাত হয়েছে, তা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ। ভবনটির কিছু অংশ ধসে পড়ার ঝুঁকিতে রয়েছে বলেও জানিয়েছেন সংশ্লিষ্ট এক কর্মকর্তা।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ