মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং
০৩:৫০ পি.এম
ভারত ও ভুটানের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণের সম্ভাবনা থাকলেও শেরপুরের নাকুগাঁও স্থলবন্দর বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে পিছিয়ে পড়ছে।
ভুটান থেকে তুলনামূলক কম দামে পাথর আমদানির সুযোগ থাকা সত্ত্বেও সীমান্তপথের জটিলতার কারণে এটি নিয়মিতভাবে হচ্ছে না। ভারতীয় ভিসা জটিলতা, সড়ক যোগাযোগের সমস্যা এবং কাস্টমস কর্তৃপক্ষের সমন্বয়হীনতা আমদানি-রপ্তানির কার্যক্রমকে ব্যাহত করছে।
গত দুই বছরে পাথর আমদানির পরিমাণ প্রায় ৫০ শতাংশ কমেছে। নিয়মিত রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় শ্রমিকরা কাজ হারিয়ে বেকার হয়ে পড়েছেন।
ভুটান থেকে পাথর আমদানিকারক ব্যবসায়ী জাহিদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী জাহাঙ্গীর আলম বলেন, "আমরা ভুটান থেকে ভারতের তুলনায় অনেক কম দামে পাথর আমদানি করতে পারি। কিন্তু ভুটান থেকে ভারত হয়ে বাংলাদেশে প্রবেশে নানা প্রতিবন্ধকতা রয়েছে।" তিনি উল্লেখ করেন, "ভারতীয় ব্যবসায়ীরা বিভিন্ন নিয়ম ও নীতির মাধ্যমে পাথরের আমদানিতে বাধা সৃষ্টি করছেন।" তিনি আরও জানান, "গত দুই সপ্তাহ ধরে রোববার ভুটানের পাথর বাংলাদেশে প্রবেশ করতে পারছে না।"
নাঁকুগাও আমদানি রপ্তানি সমিতির সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান বলেন, "ভারতীয় সিন্ডিকেটের প্রভাবে পাথর আমদানিতে ব্যবসায়ীরা সমস্যার সম্মুখীন হচ্ছেন।" তিনি আরও বলেন, "পাথরের পাশাপাশি কয়লা ও অন্যান্য পণ্যের আমদানি-রপ্তানি চালু হলে বাণিজ্য ও কর্মসংস্থান বৃদ্ধি পাবে।"
ব্যবসায়ী কামরুল জানান, অতীতে এই বন্দর দিয়ে কাপড়, পাম অয়েল, মাছ, মশারি, তৈরি পোশাক ও সিমেন্টসহ বিভিন্ন পণ্য রপ্তানি করা হতো। কিন্তু ২০২৩ সালের পর থেকে নিয়মিত রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে এবং কয়লা আমদানিও বন্ধ হয়ে গেছে। এসব পণ্যের বাণিজ্য পুনরায় চালু হলে বন্দরের কার্যক্রম বৃদ্ধি পাবে।
নাকুগাঁও ইমিগ্রেশন পুলিশ চেকপোস্টের ইমিগ্রেশন ইনচার্জ পলাশ চন্দ্র সরকার বলেন, "সরকারি নির্দেশনা অনুযায়ী ইমিগ্রেশন কার্যক্রম পরিচালিত হচ্ছে। তবে ভিসা জটিলতার কারণে ব্যবসায়ী ও পর্যটকদের যাতায়াত উল্লেখযোগ্যভাবে কমেছে।"
বন্দর কর্তৃপক্ষের অতিরিক্ত পরিচালক (ট্রাফিক) মো. জাহিদুল ইসলাম দৈনিক ইনকিলাবকে বলেন, "বর্তমানে ভারতীয় পাথর আমদানির ওপর নির্ভর করেই বন্দর পরিচালিত হচ্ছে।" তিনি জানান, "ভারত থেকে ২১ ধরনের পণ্য আমদানি এবং বাংলাদেশ থেকে আইনসম্মত সব পণ্য রপ্তানির অনুমতি থাকলেও বাস্তবে তা হচ্ছে না।"
এদিকে আমদানি-রপ্তানি কমে যাওয়ার কারণে পণ্য ওঠানো-নামানো, ট্রাক খালাস, পাথর ভাঙা ও পরিবহনের কাজে নিয়োজিত শ্রমিকদের কাজ উল্লেখযোগ্যভাবে কমে গেছে। ফলে শত শত শ্রমিক এখন বেকার হয়ে মানবেতর জীবনযাপন করছেন।
বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, নাকুগাঁও স্থলবন্দর দিয়ে ভারত থেকে পাথর আমদানি ২০১৯-২০ অর্থবছরে ছিল ৮৫ হাজার ৩৫ মেট্রিক টন। ২০২১-২২ অর্থবছরে তা বেড়ে দাঁড়ায় ২ লাখ ৭৬ হাজার ৪৮৩ মেট্রিক টনে। এরপর আমদানির পরিমাণ আরও বেড়ে ২০২৩-২৪ অর্থবছরে সর্বোচ্চ ৩ লাখ ৯১ হাজার ১৩৭ মেট্রিক টনে পৌঁছায়। তবে এরপর থেকে আমদানিতে নিম্নমুখী প্রবণতা দেখা দেয়। সর্বশেষ ২০২৫-২৬ অর্থবছরে পাথর আমদানি কমে প্রায় ১ লাখ ৯৫ হাজার মেট্রিক টনে নেমে আসে। অর্থাৎ, মাত্র দুই অর্থবছরের ব্যবধানে নাকুগাঁও স্থলবন্দর দিয়ে পাথর আমদানি কমেছে প্রায় ৫০ শতাংশ।
উল্লেখ্য, এই বন্দর দিয়ে পাথর, কয়লা, চুনাপাথর, কাঠ, সার, পেঁয়াজ, রসুন, আদা, ফল, গমসহ বিভিন্ন পণ্য আমদানির অনুমতি রয়েছে। নির্দিষ্ট কিছু ব্যতিক্রম ছাড়া ভুটানের পণ্যও আমদানি করা যায়। বাংলাদেশ থেকে আইনসম্মত সব ধরনের পণ্য রপ্তানির সুযোগ রয়েছে। তবে বাস্তবে আমদানি কার্যক্রম মূলত পাথরনির্ভর হয়ে গেছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
পাবনার ঈশ্বরদীতে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, তারা আওয়ামী লীগের বিরুদ্ধে স্লোগান দিয়ে জামায়াতের এক নেতার বাড়িতে অগ্নিসংযোগ এবং লুটপাট করেছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম।
মঙ্গলবার (২৪ নভেম্বর) তিনি নিজের ফেসবুক পেজে এই অভিযোগ তুলে ধরেন। সাদিক কায়েমের দাবি, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলামের শ্বশুর এবং জামায়াতের এক ইউনিয়ন আমীরের বাড়িতে হামলা চালিয়ে আগুন দেওয়া হয়েছে এবং লুটপাট করা হয়েছে।
ফেসবুক পোস্টে সাদিক কায়েম বলেন, "আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের সুযোগ নিয়ে বিএনপির নেতাকর্মীদের একটি অংশ নিজেদের স্বার্থ হাসিলে ব্যস্ত হয়ে পড়েছে।" তিনি উল্লেখ করেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব, কিন্তু দলের নেতাকর্মীদের বিরুদ্ধে রাজনৈতিক অস্থিতিশীলতার সুযোগ নিয়ে সন্ত্রাস ও লুটপাটে জড়ানোর অভিযোগ উঠছে।
তিনি আরও অভিযোগ করেন, "এ ঘটনার পরও জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ দৃশ্যমান হয়নি।" সাদিক কায়েম সতর্ক করে বলেন, এ ধরনের কর্মকাণ্ড ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক ঐক্য ও পারস্পরিক আস্থার পরিবেশ নষ্ট করবে।
বিএনপির রাজনৈতিক অবস্থানের সমালোচনা করে ডাকসু ভিপি বলেন, "একদিকে ঐক্যের কথা বলা হচ্ছে, অন্যদিকে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাটের মতো ঘটনা ঘটছে।" তিনি বিএনপিকে এ ধরনের দ্বিমুখী আচরণ থেকে বেরিয়ে আসার আহ্বান জানান।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন যে, মতপ্রকাশের স্বাধীনতা, বাকস্বাধীনতা এবং নাগরিক অধিকার সুরক্ষার বিষয়গুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রস্তাবিত সাইবার সুরক্ষা (সংশোধন) আইনের চূড়ান্ত রূপ দেওয়া হবে। তিনি উল্লেখ করেছেন, আইনের বিভিন্ন ধারা নিয়ে বিদেশি কূটনীতিক এবং সংশ্লিষ্ট অংশীজনদের আপত্তি, পর্যবেক্ষণ ও সুপারিশ সরকার গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করবে। নতুন কোনো প্রস্তাব বা সুপারিশ থাকলে আগামী এক সপ্তাহের মধ্যে লিখিতভাবে জমা দেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিক ও বিভিন্ন অংশীজনের সঙ্গে পরামর্শ সভা শেষে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন আইনমন্ত্রী।
সরকারের প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন চূড়ান্ত করার আগে সংশ্লিষ্ট সব পক্ষের মতামত নেওয়ার উদ্যোগের অংশ হিসেবে এ সভার আয়োজন করা হয়। এতে বিদেশি কূটনৈতিক মিশন ও বিভিন্ন অংশীজনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সমন্বয়ে এ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
আইনমন্ত্রী জানান, কোনো আইনের খসড়া তৈরি হলে তা নিয়ে বিভিন্ন পক্ষের আপত্তি ও ভিন্নমত থাকতেই পারে। এ কারণেই সরকার অংশীজনদের সঙ্গে আলোচনা করছে। সংসদে উপস্থাপনের আগে আইনটির প্রতিটি গুরুত্বপূর্ণ দিক পর্যালোচনা করে প্রয়োজনীয় পরিবর্তন ও সংশোধনের সুযোগ রাখা হয়েছে।
তিনি বলেন, মতপ্রকাশের স্বাধীনতা ও বাকস্বাধীনতার মতো আন্তর্জাতিকভাবে স্বীকৃত গুরুত্বপূর্ণ অধিকার এই আইনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। বিষয়টি বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রী মন্ত্রিসভা থেকে আইনটির খসড়া আরও পর্যালোচনা ও পরামর্শের জন্য ফেরত পাঠিয়েছেন। এরপর থেকেই পর্যায়ক্রমে সম্পাদক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে আলোচনা করা হচ্ছে। আগামী দিনেও নাগরিক সমাজ ও ব্যবসায়ী সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করা হবে।
পরামর্শ সভায় অংশগ্রহণকারীদের প্রতিক্রিয়া তুলে ধরে আসাদুজ্জামান বলেন, আইনের বেশ কয়েকটি ধারা নিয়ে অংশীজনরা ইতিবাচক মতামত দিয়েছেন। নাগরিক অধিকার সুরক্ষায় সরকারের উদ্যোগকেও তারা সামগ্রিকভাবে প্রশংসা করেছেন। তবে কয়েকটি বিষয়ে আপত্তি ও সংশোধনের সুপারিশ এসেছে। সেগুলো সভাতেই নোট করা হয়েছে। অংশীজনরা যাতে প্রস্তুতি নিয়ে মতামত দিতে পারেন, সে জন্য বৈঠকের সাত থেকে ১০ দিন আগেই তাদের কাছে আইনের খসড়া পাঠানো হয়েছিল।
মতপ্রকাশের স্বাধীনতা ও স্বাধীন সাংবাদিকতা নিশ্চিত করার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, আন্তর্জাতিক নাগরিক ও রাজনৈতিক অধিকারবিষয়ক চুক্তির (আইসিসিপিআর) ১৯ অনুচ্ছেদের ৩ নম্বর উপধারায় মতপ্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে যুক্তিসংগত বিধিনিষেধ আরোপের সুযোগ রয়েছে। বাংলাদেশের সংবিধানের ৩৯ অনুচ্ছেদেও একই ধরনের বিধান রয়েছে। সরকার এসব সাংবিধানিক ও আন্তর্জাতিক বিধানের বাইরে গিয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না এবং ভবিষ্যতেও নেবে না।
অনলাইনে কোনো কনটেন্ট অপসারণ বা ওয়েবসাইট বন্ধ করে দেওয়ার ক্ষমতা নিয়ে উদ্বেগের বিষয়ে আইনমন্ত্রী বলেন, এ ধরনের সিদ্ধান্তের ক্ষেত্রে বিচারিক পর্যালোচনার সুযোগ রাখা হয়েছে। অর্থাৎ, বিষয়টি কোনো কর্তৃপক্ষের অবাধ বা একক সিদ্ধান্তের ওপর ছেড়ে দেওয়া হচ্ছে না। তবে আইনের চূড়ান্ত খসড়ায় এ বিধান কীভাবে অন্তর্ভুক্ত করা হচ্ছে, তা দেখার পর এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা যাবে।
আইনের বিভিন্ন ধারায় ব্যবহৃত শব্দ, সংজ্ঞা ও ব্যাখ্যার অস্পষ্টতা দূর করার বিষয়ে তিনি বলেন, সরকার প্রতিটি সংজ্ঞা যথাসম্ভব স্পষ্ট ও বোধগম্য করার চেষ্টা করছে। আইনের ভাষা যেন দুর্বোধ্য না হয় এবং কোনো শব্দের একাধিক ব্যাখ্যার সুযোগ তৈরি না হয়, সেদিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
এ প্রসঙ্গে আইনমন্ত্রী মন্তব্য করেন, ‘আকাশের যত তারা, আইনের তত ধারা।’ আইনটিতে যত বিস্তারিত বিধানই রাখা হোক না কেন, এর কিছু ইতিবাচক ও নেতিবাচক দিক থাকতে পারে। তাই প্রয়োজনীয় বিষয়গুলো স্পষ্টভাবে সংজ্ঞায়িত করে আইনের অস্পষ্টতা ও জটিলতা কমানোর চেষ্টা চলছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
অরাজনৈতিক তরিক্বতভিত্তিক আধ্যাত্মিক সংগঠন মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ এর কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য মুহাম্মদ নিজাম উদ্দিন আজ (২৪ নভেম্বর) মঙ্গলবার ভোর ৫.৩০ মিনিটে নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। "ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।" মরহুমের নামাজে জানাযা আজ বাদে আসর সীতাকুণ্ড দক্ষিণ রহমতনগরে অনুষ্ঠিত হবে।
মরহুমের জন্য মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ গভীরভাবে শোকাহত। তারা রূহের মাগফিরাত কামনার পাশাপাশি মরহুমের শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
মোহাম্মদ বাঘের গালিবাফ, ইরানের পার্লামেন্টের স্পিকার, অভিযোগ করেছেন যে যুক্তরাষ্ট্র দেশটির ওপর ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’—এমন একটি অচলাবস্থা চাপিয়ে দিতে চায়। তার মতে, সংঘাতের হুমকি দূর করার জন্য কেবল আলোচনা নয়, বরং ইরানের শক্তি বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদি প্রতিরোধক্ষমতা গড়ে তোলা অপরিহার্য।
বার্তা সংস্থা আনাদোলু এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি এই তথ্য জানিয়েছে।
গালিবাফ বলেন, ‘টেকসই প্রতিরোধক্ষমতা বলতে দেশের শক্তি বৃদ্ধি করাকে বোঝায়।’ তিনি আরও যোগ করেন, ‘প্রতিরোধক্ষমতা গড়ে তোলার ক্ষেত্রে কূটনীতি ও যুদ্ধ—দুটিই হাতিয়ার হিসেবে কাজ করে।’
তিনি বলেন, ‘যুদ্ধও নয়, শান্তিও নয়—এমন পরিস্থিতি চলতে পারে না। এর অবশ্যই সমাধান করতে হবে।’ গালিবাফ প্রশ্ন করেন, ‘এখন প্রশ্ন হলো, কীভাবে, কার মাধ্যমে এবং কী ধরনের পদক্ষেপ নিয়ে আমরা এই পরিস্থিতির সমাধান করব?’
গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর থেকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। এর প্রতিক্রিয়ায়, ইরান ইসরাইল এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালায়।
এরপর গত জুনে, সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি কাঠামোগত সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয় এবং দুই দেশের মধ্যে আলোচনা শুরু হয়।
তবে, হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ ও নির্বিঘ্নে জাহাজ চলাচল নিশ্চিত করার উপায় নিয়ে মতবিরোধ দেখা দেওয়ায় পরবর্তী সময়ে আলোচনা থমকে যায়।
যুদ্ধ বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকলেও, গত জুলাই থেকে দুই পক্ষের মধ্যে থেমে থেমে সংঘর্ষ আবারও শুরু হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ