প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন যে, মতপ্রকাশের স্বাধীনতা, বাকস্বাধীনতা এবং নাগরিক অধিকার সুরক্ষার বিষয়গুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রস্তাবিত সাইবার সুরক্ষা (সংশোধন) আইনের চূড়ান্ত রূপ দেওয়া হবে। তিনি উল্লেখ করেছেন, আইনের বিভিন্ন ধারা নিয়ে বিদেশি কূটনীতিক এবং সংশ্লিষ্ট অংশীজনদের আপত্তি, পর্যবেক্ষণ ও সুপারিশ সরকার গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করবে। নতুন কোনো প্রস্তাব বা সুপারিশ থাকলে আগামী এক সপ্তাহের মধ্যে লিখিতভাবে জমা দেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিক ও বিভিন্ন অংশীজনের সঙ্গে পরামর্শ সভা শেষে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন আইনমন্ত্রী।
সরকারের প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন চূড়ান্ত করার আগে সংশ্লিষ্ট সব পক্ষের মতামত নেওয়ার উদ্যোগের অংশ হিসেবে এ সভার আয়োজন করা হয়। এতে বিদেশি কূটনৈতিক মিশন ও বিভিন্ন অংশীজনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সমন্বয়ে এ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
আইনমন্ত্রী জানান, কোনো আইনের খসড়া তৈরি হলে তা নিয়ে বিভিন্ন পক্ষের আপত্তি ও ভিন্নমত থাকতেই পারে। এ কারণেই সরকার অংশীজনদের সঙ্গে আলোচনা করছে। সংসদে উপস্থাপনের আগে আইনটির প্রতিটি গুরুত্বপূর্ণ দিক পর্যালোচনা করে প্রয়োজনীয় পরিবর্তন ও সংশোধনের সুযোগ রাখা হয়েছে।
তিনি বলেন, মতপ্রকাশের স্বাধীনতা ও বাকস্বাধীনতার মতো আন্তর্জাতিকভাবে স্বীকৃত গুরুত্বপূর্ণ অধিকার এই আইনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। বিষয়টি বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রী মন্ত্রিসভা থেকে আইনটির খসড়া আরও পর্যালোচনা ও পরামর্শের জন্য ফেরত পাঠিয়েছেন। এরপর থেকেই পর্যায়ক্রমে সম্পাদক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে আলোচনা করা হচ্ছে। আগামী দিনেও নাগরিক সমাজ ও ব্যবসায়ী সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করা হবে।
পরামর্শ সভায় অংশগ্রহণকারীদের প্রতিক্রিয়া তুলে ধরে আসাদুজ্জামান বলেন, আইনের বেশ কয়েকটি ধারা নিয়ে অংশীজনরা ইতিবাচক মতামত দিয়েছেন। নাগরিক অধিকার সুরক্ষায় সরকারের উদ্যোগকেও তারা সামগ্রিকভাবে প্রশংসা করেছেন। তবে কয়েকটি বিষয়ে আপত্তি ও সংশোধনের সুপারিশ এসেছে। সেগুলো সভাতেই নোট করা হয়েছে। অংশীজনরা যাতে প্রস্তুতি নিয়ে মতামত দিতে পারেন, সে জন্য বৈঠকের সাত থেকে ১০ দিন আগেই তাদের কাছে আইনের খসড়া পাঠানো হয়েছিল।
মতপ্রকাশের স্বাধীনতা ও স্বাধীন সাংবাদিকতা নিশ্চিত করার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, আন্তর্জাতিক নাগরিক ও রাজনৈতিক অধিকারবিষয়ক চুক্তির (আইসিসিপিআর) ১৯ অনুচ্ছেদের ৩ নম্বর উপধারায় মতপ্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে যুক্তিসংগত বিধিনিষেধ আরোপের সুযোগ রয়েছে। বাংলাদেশের সংবিধানের ৩৯ অনুচ্ছেদেও একই ধরনের বিধান রয়েছে। সরকার এসব সাংবিধানিক ও আন্তর্জাতিক বিধানের বাইরে গিয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না এবং ভবিষ্যতেও নেবে না।
অনলাইনে কোনো কনটেন্ট অপসারণ বা ওয়েবসাইট বন্ধ করে দেওয়ার ক্ষমতা নিয়ে উদ্বেগের বিষয়ে আইনমন্ত্রী বলেন, এ ধরনের সিদ্ধান্তের ক্ষেত্রে বিচারিক পর্যালোচনার সুযোগ রাখা হয়েছে। অর্থাৎ, বিষয়টি কোনো কর্তৃপক্ষের অবাধ বা একক সিদ্ধান্তের ওপর ছেড়ে দেওয়া হচ্ছে না। তবে আইনের চূড়ান্ত খসড়ায় এ বিধান কীভাবে অন্তর্ভুক্ত করা হচ্ছে, তা দেখার পর এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা যাবে।
আইনের বিভিন্ন ধারায় ব্যবহৃত শব্দ, সংজ্ঞা ও ব্যাখ্যার অস্পষ্টতা দূর করার বিষয়ে তিনি বলেন, সরকার প্রতিটি সংজ্ঞা যথাসম্ভব স্পষ্ট ও বোধগম্য করার চেষ্টা করছে। আইনের ভাষা যেন দুর্বোধ্য না হয় এবং কোনো শব্দের একাধিক ব্যাখ্যার সুযোগ তৈরি না হয়, সেদিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
এ প্রসঙ্গে আইনমন্ত্রী মন্তব্য করেন, ‘আকাশের যত তারা, আইনের তত ধারা।’ আইনটিতে যত বিস্তারিত বিধানই রাখা হোক না কেন, এর কিছু ইতিবাচক ও নেতিবাচক দিক থাকতে পারে। তাই প্রয়োজনীয় বিষয়গুলো স্পষ্টভাবে সংজ্ঞায়িত করে আইনের অস্পষ্টতা ও জটিলতা কমানোর চেষ্টা চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন