ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

যুদ্ধবিরতির পরিবর্তে ইউক্রেনের সঙ্গে চূড়ান্ত শান্তিচুক্তি নিয়ে আলোচনায় রাজি রাশিয়া: পুতিন


যুদ্ধবিরতির পরিবর্তে ইউক্রেনের সঙ্গে চূড়ান্ত শান্তিচুক্তি নিয়ে আলোচনায় রাজি রাশিয়া: পুতিন

ঢাকা, ২৩ অক্টোবর, ২০২৬ : রাশিয়া ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনা পুনরায় শুরু করার জন্য প্রস্তুতি নিচ্ছে। তবে মস্কো স্বল্পমেয়াদি যুদ্ধবিরতির পরিবর্তে চূড়ান্ত শান্তিচুক্তির আওতায় নিরাপত্তা-সংক্রান্ত শর্তাবলি নিয়ে আলোচনা করার ইচ্ছা প্রকাশ করেছে। বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বার্তা সংস্থা এএফপি’র প্রতিবেদন অনুযায়ী, রাষ্ট্রীয় টেলিভিশনের এক সাংবাদিকের সঙ্গে কথা বলার সময় পুতিন উল্লেখ করেন, ‘এই আলোচনার লক্ষ্য হবে চূড়ান্ত চুক্তির কাঠামোর মধ্যে ইউক্রেন ও রাশিয়া—উভয় দেশের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি নিয়ে আলোচনা করা। যুদ্ধের মধ্যে স্বল্প সময়ের কোনো বিরতির পর নয়, বরং চূড়ান্ত চুক্তির অংশ হিসেবেই এ বিষয়ে আলোচনা করতে হবে।’

আরও পড়ুন: ট্যাংকার থেকে তেল ছড়িয়ে পড়ায় সংযুক্ত আরব আমিরাতের সমুদ্রসৈকত বন্ধ ঘোষণা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রাজিলে চূড়ান্ত ভোটের আগে লুলা ও বলসোনারো শেষ টেলিভিশন বিতর্কে মুখোমুখি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

০২:২৭ পি.এম


ব্রাজিলে চূড়ান্ত ভোটের আগে লুলা ও বলসোনারো শেষ টেলিভিশন বিতর্কে মুখোমুখি

ঢাকা, ২৩ অক্টোবর, ২০২৬ : ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা এবং তার ডানপন্থি প্রতিদ্বন্দ্বী ফ্লাভিও বলসোনারো শুক্রবার দ্বিতীয় এবং শেষবারের মতো টেলিভিশন বিতর্কে মুখোমুখি হতে যাচ্ছেন।

রোববার অনুষ্ঠিত হতে যাওয়া চূড়ান্ত দফার ভোটের আগে, দুই প্রার্থীই সিদ্ধান্তহীন ভোটারদের সমর্থন অর্জনের জন্য শেষ মুহূর্তের প্রচেষ্টা চালাচ্ছেন।

খবরটি বার্তা সংস্থা এএফপি’র মাধ্যমে প্রকাশিত হয়েছে।

চলতি মাসের শুরুতে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফায় সাবেক কট্টর ডানপন্থি প্রেসিডেন্ট জাইর বলসোনারোর ছেলে ফ্লাভিও বলসোনারো লুলার চেয়ে দুই শতাংশ পয়েন্ট বেশি ভোট পেয়ে মোট ভোটের ৪৭ শতাংশ অর্জন করেন।

ফ্লাভিওর এই অপ্রত্যাশিত অগ্রগতি বামপন্থিদের মধ্যে সক্রিয়তা বৃদ্ধি করেছে। রোববারের রান-অফ বা দ্বিতীয় দফার ভোটের আগে দেশজুড়ে বড় বড় নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।

এদিকে, ৮১ বছর বয়সের কাছাকাছি পৌঁছানো বর্তমান প্রেসিডেন্ট লুলাও শেষ মুহূর্তে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার বাড়িয়েছেন। তিনি নিজের হাতে মোবাইল ধরে ভিডিও প্রকাশ করছেন এবং জীবনে প্রথমবারের মতো একটি মুঠোফোন কিনেছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় প্রকাশিত ডেটাফোলহা ইনস্টিটিউটের এক জরিপে দেখা গেছে, দুই প্রার্থীর ভোটারদের সমর্থন ৫০ শতাংশ করে। অথচ দুই সপ্তাহ আগে প্রকাশিত জরিপে ফ্লাভিও বলসোনারো চার শতাংশ পয়েন্টে এগিয়ে ছিলেন।

রাজনৈতিক পরামর্শক প্রতিষ্ঠান ডোমিনিয়ামের পরিচালক ও রাজনৈতিক বিশ্লেষক লিয়ান্দ্রো গাবিয়াতি এএফপিকে জানিয়েছেন, ‘লুলার জনপ্রিয়তা বাড়ছে। তবে প্রতিদ্বন্দ্বিতার গতিপথ পুরোপুরি বদলে দিতে পারে—এমন কোনো নির্ণায়ক আঘাত তিনি এখনো হানতে পারেননি। এই বিতর্কই হতে পারে তার শেষ সুযোগ।’

শুক্রবার রাতে রিও ডি জেনেইরোতে দেশটির বৃহত্তম টেলিভিশন নেটওয়ার্ক টিভি গ্লোবো আয়োজিত বিতর্কের দিকে তাকিয়ে আছেন ব্রাজিলের ভোটাররা।

রোববার অনুষ্ঠিত প্রথম বিতর্ক দ্রুতই পাল্টাপাল্টি অপমান ও কটাক্ষে রূপ নেয়, ফলে সেখানে নীতিগত প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনার সুযোগ খুব কম ছিল।

রিওর দন্তচিকিৎসক লিজি মোরেইরা এএফপিকে বলেন, ‘বিতর্কগুলো আবারও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের মতো পর্যায়ে নেমে গেছে, যা একেবারেই অযৌক্তিক।’

৬০ বছর বয়সী মোরেইরা বলসোনারোকে ভোট দেবেন। তার মতে, লুলার নীতিগুলো ‘জনতুষ্টিবাদী’ বলে মনে হচ্ছে।

‘ভুয়া খবর’ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ

বিতর্কে দুই প্রার্থীর বক্তব্য তাৎক্ষণিকভাবে যাচাই করার ব্যবস্থা চালুর দাবিতে অনলাইনে একটি আবেদন করা হয়েছে। এতে ১০ লাখের বেশি মানুষ স্বাক্ষর করেছেন। আবেদনকারীরা টিভি গ্লোবোকে সরাসরি তথ্য যাচাইয়ের ব্যবস্থা চালুর আহ্বান জানিয়েছেন।

নির্বাচনী প্রচারে ব্যাপক হারে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে তুলেছে।

বুধবার উত্তর-পূর্বাঞ্চলীয় শহর ফোর্তালেজায় এক নির্বাচনী সমাবেশে ফ্লাভিও বলসোনারো বলেন, তাকে ‘অনেক ভুয়া খবরের’ জবাব দিতে হয়েছে। বিশেষ করে ব্যয় কমানোর জন্য তিনি সামাজিক কল্যাণ কর্মসূচি বন্ধ করে দেবেন—এমন অভিযোগের প্রতিবাদ জানান তিনি।

লাতিন আমেরিকার অন্যান্য ডানপন্থি নেতার মতো ফ্লাভিওও কঠোর নিরাপত্তানীতির পক্ষে অবস্থান নিয়েছেন। তিনি জীবনযাত্রার ব্যয় কমানোর প্রতিশ্রুতি দিয়েছেন এবং লুলাকে রাজনীতি থেকে ‘অবসর নেওয়ার’ আহ্বান জানিয়েছেন।

জবাবে লুলা বলেছেন, ‘পরিবর্তন মানে মানুষের অধিকার কেড়ে নেওয়া নয়।’

দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর বেলো হরিজন্তেতে এক বামপন্থি সমাবেশে ২২ বছর বয়সী গ্যাব্রিয়েলা ফেরেইরা বলেন, ‘লুলা আমার সবকিছুর প্রতিনিধিত্ব করেন। আমি দরিদ্র। আমি একজন শিক্ষার্থী। পড়াশোনা শেষ করতে আমি বৃত্তির ওপর নির্ভরশীল।’

সাবেক শ্রমিকনেতা লুলা নিজেকে গণতন্ত্রের রক্ষক হিসেবে তুলে ধরছেন। বলসোনারো পরিবারের আবার ক্ষমতায় ফেরার বিরোধিতার ওপরও তিনি অনেকাংশে নির্ভর করছেন।

২০২২ সালের নির্বাচনে লুলার কাছে পরাজয়ের পর অভ্যুত্থানের চেষ্টা করার দায়ে জাইর বলসোনারো ২৭ বছরের কারাদণ্ড ভোগ করছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মসজিদে হারাম ও নববীর জুমা পড়াবেন শায়খ সালেহ ও শায়খ আলী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

০২:২৮ পি.এম


মসজিদে হারাম ও নববীর জুমা পড়াবেন শায়খ সালেহ ও শায়খ আলী

সৌদি আরবের পবিত্র দুই মসজিদে আগামীকাল শুক্রবার (২৩ অক্টোবর) জুমার নামাজে ইমামতি কারা করবেন, সে বিষয়ে কর্তৃপক্ষ সিদ্ধান্ত গ্রহণ করেছে। মক্কার মসজিদুল হারামে ইমামতির দায়িত্ব পালন করবেন শায়খ সালেহ বিন হুমাইদ। অন্যদিকে, মদিনার মসজিদে নববিতে ইমামতি করবেন শায়খ আলী হুযাইফি।

হিজরি ১৪৪৮ সালের ১২ জমাদিউল আউয়াল তারিখে পবিত্র দুই মসজিদে তাদের ইমামতির বিষয়টি জানানো হয়েছে। শায়খ সালেহ বিন হুমাইদ একজন প্রখ্যাত আলেম, ইসলামি চিন্তাবিদ এবং পবিত্র মসজিদুল হারামের জ্যেষ্ঠ ইমাম। তিনি ১৯৫০ সালে সৌদি আরবের কাসিম প্রদেশের বুরাইদাহ শহরে জন্মগ্রহণ করেন। মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় থেকে শরিয়াহ বিষয়ে স্নাতক, স্নাতকোত্তর এবং ডক্টরেট ডিগ্রি অর্জন করেন।

১৯৮৪ সালে তিনি মসজিদুল হারামের ইমাম হিসেবে নিযুক্ত হন। দীর্ঘ সময় ধরে তিনি সেখানে ইমামতি, খুতবা প্রদান এবং ধর্মীয় শিক্ষা কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি সৌদি আরবের জ্যেষ্ঠ আলেম পরিষদের সদস্য এবং রাজদরবারের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন। ২০০১ থেকে ২০০৮ সাল পর্যন্ত সৌদি আরবের শুরা কাউন্সিলের চেয়ারম্যানের দায়িত্বও পালন করেন তিনি। ইসলামি জ্ঞানচর্চা ও ইসলামের সেবায় অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৬ সালে তিনি কিং ফয়সাল আন্তর্জাতিক পুরস্কার লাভ করেন। তাঁর একাধিক ধর্মীয় গ্রন্থও রয়েছে।

অন্যদিকে, শায়খ আলী বিন আবদুর রহমান আল-হুযাইফি সৌদি আরবের একজন প্রখ্যাত কোরআন তিলাওয়াতকারী এবং মদিনার মসজিদে নববির জ্যেষ্ঠ ইমাম। ১৯৪৭ সালে সৌদি আরবের মক্কা অঞ্চলের দক্ষিণাঞ্চলে তাঁর জন্ম। শৈশবে তিনি পবিত্র কোরআন হিফজ করেন এবং পরবর্তীতে শরিয়াহ ও ইসলামি শিক্ষায় উচ্চতর ডিগ্রি অর্জন করেন।

তিনি রিয়াদের ইমাম মুহাম্মদ বিন সৌদ ইসলামি বিশ্ববিদ্যালয় থেকে শরিয়াহ বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে মিসরের আল-আজহার বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর এবং ডক্টরেট ডিগ্রি লাভ করেন। তিনি মদিনার ইসলামি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। ১৯৭৯ সালে তিনি মসজিদে নববির ইমাম হিসেবে নিযুক্ত হন। এরপর থেকে দীর্ঘ সময় ধরে তিনি এ পবিত্র মসজিদে ইমামতি ও খুতবা প্রদানের দায়িত্ব পালন করছেন। ১৯৮১ সালে তিনি মসজিদুল হারামেও ইমামতির দায়িত্ব পালন করেন।

কোরআনের বিভিন্ন কিরাআতে তাঁর বিশেষ দক্ষতা রয়েছে। তাঁর ধীরস্থির, স্পষ্ট এবং সুমধুর তিলাওয়াত মুসলিম বিশ্বের বহু মানুষের কাছে পরিচিত। তিনি মদিনার মুসহাফ পর্যালোচনাসংক্রান্ত বৈজ্ঞানিক কমিটির প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

সূত্র: ইসলামিক ইনফরমেশন

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সউদিতে হুতিদের হামলার জের: আটকা হাজারো ভারতীয় ওমরাহযাত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

০২:২৮ পি.এম


সউদিতে হুতিদের হামলার জের: আটকা হাজারো ভারতীয় ওমরাহযাত্রী

সউদি আরবে হুথিদের হামলার কারণে বিমান চলাচল ব্যাহত হওয়ায় মক্কা ও মদিনায় আটকা পড়ে আছেন কয়েক হাজার ভারতীয় ওমরাহযাত্রী। তাঁদের দেশে ফিরিয়ে আনতে কাজ করছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। গত এক সপ্তাহে প্রায় ৩ হাজার যাত্রী দেশে ফিরেছেন। তবে আরও প্রায় ৪ হাজার ভারতীয় আটকা রয়েছেন বলে জানিয়েছেন দেশটির এক সংসদ সদস্য।

গত বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় সউদির দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে হামলার ঘটনা ঘটে। পরদিন বৃহস্পতিবার সউদি কর্তৃপক্ষ জানায়, হামলায় একজন ভারতীয় ও একজন সউদি নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আটজন, যাঁদের মধ্যে দুইজন ভারতীয় ও দুইজন বাংলাদেশি রয়েছেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বৃহস্পতিবার (২২ অক্টোবর) জানান, রিয়াদে ভারতীয় দূতাবাস এবং জেদ্দায় কনস্যুলেট বিমান সংস্থা ও ভ্রমণ পরিচালনাকারীদের সঙ্গে যোগাযোগ রাখছে। আটকে পড়া যাত্রীদের দ্রুত দেশে ফেরানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে, নিরাপত্তা পরিস্থিতির কারণে কয়েকটি ভারতীয় বিমান সংস্থা সউদিগামী এবং সউদি থেকে ছেড়ে আসা ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করেছে। এয়ার ইন্ডিয়া, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস এবং ইন্ডিগোর ফ্লাইট ২৪ অক্টোবর পর্যন্ত এবং আকাসা এয়ারের ফ্লাইট ২৭ অক্টোবর পর্যন্ত বন্ধ রাখার কথা জানানো হয়েছে। যাত্রীদের বিমানবন্দরে যাওয়ার আগে ফ্লাইটের সর্বশেষ অবস্থা যাচাই করতে বলা হয়েছে।

আটকে পড়া যাত্রীদের সহায়তায় ভারতীয় দূতাবাস ও কনস্যুলেটে ২৪ ঘণ্টার নিয়ন্ত্রণকক্ষ চালু রয়েছে। পরিস্থিতির ওপর নজর রাখার পাশাপাশি যাত্রীদের দেশে ফেরাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করছে ভারত সরকার।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতে যাওয়ার সময় দালালসহ বিজিবির হাতে ৪ আটক

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

০২:২৮ পি.এম


ভারতে যাওয়ার সময় দালালসহ বিজিবির হাতে ৪ আটক

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযান পরিচালনা করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অবৈধভাবে ভারতে যাওয়ার প্রচেষ্টাকালে এক দালালসহ চারজনকে আটক করেছে। এ সময় ভারতীয় কীটনাশক ও ওষুধ জব্দ করা হয়। শুক্রবার (২৩ অক্টোবর) মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য প্রকাশ করেছে।

বিজিবি জানায়, বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ২টা ২০ মিনিটের দিকে নতুনপাড়া বিওপির একটি দল সীমান্ত পিলার ৬৬/৭-এস থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালায়। অভিযানের সময় একটি আমবাগানে পরিত্যক্ত অবস্থায় ২০০ প্যাকেট ভারতীয় কীটনাশক উদ্ধার করা হয়।

এদিকে, খোসালপুর বিওপির একটি টহল দল যোশপুর গ্রামে অভিযান চালিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করার সময় তিন বাংলাদেশি নাগরিক ও এক দালালকে আটক করে। আটক দালালের নাম বিল্লাল হোসেন (৩৫), যিনি মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের বাসিন্দা।

আটক তিন বাংলাদেশি নাগরিক হলেন— কুমিল্লার সায়েদ আলম (২২), সাব্বির হোসাইন (২৩) এবং চাঁদপুরের মো. মাহমুদুল হাসান (২১)। তাদের কাছ থেকে একটি ইজিবাইকও জব্দ করা হয়।

অন্যদিকে, শুক্রবার ভোরে যাদবপুর বিওপির আওতাধীন এলাকায় অভিযান চালিয়ে ৬৫৩ পিস ভারতীয় ওষুধ উদ্ধার করে বিজিবি। অভিযানে বেতবাড়িয়া এলাকার একটি খেতের পাশ থেকে উদ্ধার করা হয় এসব ওষুধ।

৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী এমদাদুর রহমান জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উদ্ধার করা মালামাল ও ইজিবাইকসহ আটককৃতদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%