০৮:০৫ পি.এম
ঢাকা, ১৫ নভেম্বর, ২০২৬ : বক্তারা দ্রুত একটি সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের আহ্বান জানিয়েছেন, যাতে রোডক্র্যাশে প্রতিরোধযোগ্য প্রাণহানি ও গুরুতর আঘাত কমানো সম্ভব হয়।
তারা উল্লেখ করেছেন, নিরাপদ সড়ক অবকাঠামো, নিয়ন্ত্রিত গতিসীমা, নিরাপদ যানবাহন, দায়িত্বশীল সড়ক ব্যবহার এবং দুর্ঘটনা-পরবর্তী দ্রুত জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করার জন্য সমন্বিত উদ্যোগের প্রয়োজন রয়েছে।
আজ রোববার বিশ্ব রোডক্র্যাশে নিহত ও আহত ব্যক্তিদের স্মরণ দিবস উপলক্ষে রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত সংসদ সদস্য, নীতিনির্ধারক, সড়ক নিরাপত্তা বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা এসব বিষয় তুলে ধরেন। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ যৌথভাবে এই সভার আয়োজন করে।
আরও পড়ুন: দলিলে জমির তথ্য ও বাস্তব সীমানা মিলানোর পদ্ধতি জানুন
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের রোড সেফটি প্রজেক্ট ম্যানেজার মোহাম্মদ ওয়ালী নোমান। তিনি উল্লেখ করেন, "যথাযথ নীতি, আইন, নিরাপদ অবকাঠামো ও কার্যকর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সড়কে প্রাণহানি কমানো সম্ভব।"
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউটের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের প্রধান অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী অনুষ্ঠানে বলেন, "রোডক্র্যাশে মৃত্যু ও গুরুতর আঘাতের বড় অংশই প্রতিরোধযোগ্য।" তিনি আরও বলেন, দুর্ঘটনার পর চিকিৎসার পাশাপাশি দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা জরুরি। নিরাপদ সড়ক ব্যবস্থা নিশ্চিত হলে প্রাণহানি কমানোর পাশাপাশি স্বাস্থ্যসেবার ওপর চাপও কমবে।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব মো. হাবিবুর রহমান খান বলেন, "প্রতিটি গুরুতর দুর্ঘটনার যথাযথ তদন্ত, দায় নির্ধারণ এবং দুর্ঘটনার পর দ্রুত উদ্ধার ও চিকিৎসাসেবা নিশ্চিত করা জরুরি।" তিনি উল্লেখ করেন, রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবক নেটওয়ার্ক এই কাজে সহায়তা করতে পারে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস বলেন, "রোডক্র্যাশে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমাতে সরকার একটি সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের প্রতিশ্রুতি দিয়েছে।" তিনি জানান, এ আইন কার্যকর হলে দুর্ঘটনায় আহত ব্যক্তিদের দ্রুত উদ্ধার ও জরুরি চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হবে। তিনি আরও বলেন, পরিবহন শ্রমিকদের নিয়মিত প্রশিক্ষণ, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে রোডক্র্যাশে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সরকারি ট্রাস্ট ফান্ডের সহায়তার বিষয়টি জানাতে হবে, যাতে তাঁরা সময়মত যথাযথ সহায়তা পান।
আরও পড়ুন: ক্যামব্রিজে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করলেন নাহিদ ইসলাম
সভায় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যুব ও স্বেচ্ছাসেবক বিভাগের পরিচালক সায়মা ফেরদৌসী। সভায় সভাপতিত্ব করেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক খন্দকার আব্দুল আউয়াল রিজভী।
এছাড়া অনুষ্ঠানে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) পরিচালক (রোড সেফটি) মো. জিয়াউর রহমান, ব্র্যাক রোড সেফটি প্রোগ্রামের ম্যানেজার খালিদ মাহমুদ প্রমুখ বক্তব্য রাখেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন