প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
কক্সবাজার, বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত, আন্তর্জাতিক পর্যটনকেন্দ্র হিসেবে আরও আকর্ষণীয় করে তুলতে শুরু হচ্ছে বর্ণাঢ্য ‘কক্সবাজার পর্যটন কার্নিভাল’, যা তিন মাসব্যাপী চলবে। এই উৎসব আগামী ২২ নভেম্বর থেকে ২০২৭ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে। বাংলাদেশ পর্যটন করপোরেশন এ আয়োজনের মাধ্যমে দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করা, স্থানীয় ঐতিহ্য ও সংস্কৃতির প্রসার ঘটানো এবং পর্যটননির্ভর অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সৃষ্টির লক্ষ্যে কাজ করছে।
কার্নিভালে পর্যটকদের জন্য বিনোদন, অ্যাডভেঞ্চার, সাংস্কৃতিক অনুষ্ঠান, দেশীয় খাবার, স্থানীয় পণ্যের বাজার, বালু ভাস্কর্য, চিত্রকর্ম প্রদর্শনীসহ নানা আয়োজন থাকবে। হোটেল শৈবাল প্রাঙ্গণে ১৫টি বিশেষ জোন গড়ে তোলা হচ্ছে। এর মাধ্যমে কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্য, স্থানীয় লোকশিল্প, ঐতিহ্য, সংস্কৃতি ও পর্যটন সম্ভাবনাকে দেশ-বিদেশের মানুষের কাছে তুলে ধরার পরিকল্পনা রয়েছে।
রোববার (১৫ নভেম্বর) বিকেল ৩টায় কক্সবাজারের হোটেল শৈবালে স্থানীয় সাংবাদিকদের নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ পর্যটন করপোরেশনের পরিচালক (অতিরিক্ত সচিব পদমর্যাদা) মো. গনী উল আজম এসব তথ্য জানান। তিনি উল্লেখ করেন, বাংলাদেশ পর্যটন করপোরেশন আদেশ, ১৯৭২-এর ২(ঙ) ধারা অনুযায়ী ‘কক্সবাজার পর্যটন কার্নিভাল’ সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য ‘স্পেলবাউন্ড কমিউনিকেশনস লিমিটেড’কে বাস্তবায়ন সহযোগী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। পর্যটকদের বিনোদন, জ্ঞানচর্চা, বিশ্রাম ও রোমাঞ্চকর অভিজ্ঞতার বিষয়টি বিবেচনায় রেখে পুরো আয়োজনকে বিভিন্ন বিশেষ জোনে সাজানো হচ্ছে।
মো. গনী উল আজম আরও জানান, কক্সবাজারের লোকশিল্প, ঐতিহ্য ও সংস্কৃতিকে আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরা এবং নগদবিহীন আর্থিক লেনদেনের ব্যবহার উৎসাহিত করাও এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। এ উদ্যোগের মাধ্যমে পর্যটন খাতে আধুনিক সেবার প্রসার ঘটবে বলে আশা করা হচ্ছে।
কার্নিভালের আকর্ষণীয় আয়োজনের মধ্যে ওয়েলনেস জোন থাকবে, যেখানে শারীরিক ও মানসিক প্রশান্তির ব্যবস্থা থাকবে। এক্সপেরিয়েন্স জোনে নতুন ও রোমাঞ্চকর অভিজ্ঞতা পাওয়া যাবে। সমুদ্রের সান্নিধ্যে রাত কাটানোর জন্য ক্যাম্পিং জোন থাকবে। ওপেন থিয়েটার ও এম্পিথিয়েটার জোনে নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠান, দেশীয় পরিবেশনা এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐতিহ্যবাহী সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হবে।
এছাড়া ওপেন লাইব্রেরি ও টেলিস্কোপ জোনে উন্মুক্ত পরিবেশে বই পড়ার সুযোগ থাকবে এবং টেলিস্কোপ দিয়ে রাতের আকাশ পর্যবেক্ষণ করা যাবে। মার্কেট জোনে স্থানীয় ও ঐতিহ্যবাহী পণ্যের কেনাকাটা, এক্সিবিশন জোনে শিল্পকর্ম ও পর্যটনসংশ্লিষ্ট প্রদর্শনী এবং গেমিং জোনে আধুনিক বিভিন্ন খেলার ব্যবস্থা থাকবে। শিশুদের জন্য আলাদা কিডস জোনও থাকবে।
খাদ্যপ্রেমীদের জন্য ফুড জোনে কক্সবাজারের ঐতিহ্যবাহী সামুদ্রিক খাবারসহ দেশি-বিদেশি বিভিন্ন পদের খাবার পরিবেশন করা হবে। গো-কার্ট ও স্পোর্টস জোনে রোমাঞ্চকর গো-কার্টিং এবং বিচ স্পোর্টসসহ বিভিন্ন খেলাধুলার আয়োজন থাকবে। দেশি-বিদেশি বালুশিল্পীদের অংশগ্রহণে বালু ভাস্কর্য জোন এবং দেশের খ্যাতনামা চিত্রশিল্পীদের শিল্পকর্ম নিয়ে চিত্রকর্ম জোন সাজানো হবে। সমুদ্রসৈকতের পরিবেশে লাইভ বারবিকিউ আয়োজনের জন্য সি-ভিউ বারবিকিউ জোন থাকবে।
হোটেল শৈবালের অভ্যন্তরে অবস্থিত পুকুরের চারপাশে পর্যটকদের জন্য দৃষ্টিনন্দন সাজসজ্জা ও বিনোদনমূলক নানা আয়োজন থাকবে।
আয়োজকদের আশা, আগামী ২২ নভেম্বর থেকে পূর্ণমাত্রায় কার্নিভালের কার্যক্রম শুরু হবে। এ উৎসব কক্সবাজারে পর্যটকদের অবস্থানের সময় বাড়ানোর পাশাপাশি পর্যটন মৌসুমে নতুন মাত্রা যোগ করবে। একই সঙ্গে স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী, উদ্যোক্তা, হোটেল-মোটেল, রেস্তোরাঁ ও পর্যটনসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যবসা সম্প্রসারণ এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
সংবাদ সম্মেলনে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালীর সভাপতিত্বে এবং কালবেলার কক্সবাজার প্রতিনিধি এম আর মাহবুবের সঞ্চালনায় বক্তব্য ও তথ্য উপস্থাপন করা হয়। এ সময় বাংলাদেশ পর্যটন করপোরেশনের মহাব্যবস্থাপক এহেছানুল করিব, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী, স্পেলবাউন্ডের স্বত্বাধিকারী গাজী গোলাম সরওয়ারসহ পর্যটনসংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন