প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ভারতের রাজস্থানের শ্রী গঙ্গানগর জেলায় গত ৩ নভেম্বর রেললাইনে বিস্ফোরণের ঘটনায় রাজস্থানের সন্ত্রাসবিরোধী স্কোয়াড (এটিএস) পাঞ্জাবের ২১ বছর বয়সী এক তরুণী এবং ২২ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার করেছে। তদন্তকারীরা অভিযুক্তদের পাকিস্তানভিত্তিক হ্যান্ডলারদের সঙ্গে সন্দেহভাজন যোগাযোগের বিষয়টি খতিয়ে দেখছেন।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মহকদীপ কৌর ও দবিন্দর সিং। উভয়েই পাঞ্জাবের গুরুদাসপুর জেলার বাসিন্দা। রাজস্থান পুলিশ পাঞ্জাব পুলিশের সহায়তায় তাদের গ্রেপ্তার করেছে।
ভারতীয় তদন্তকারীরা সন্দেহ করছেন যে, ওই দুজন পাকিস্তানভিত্তিক ‘চাচা’ ও ‘শাহ’ নামে পরিচিত দুই হ্যান্ডলারের নির্দেশে কাজ করছিলেন। প্রাথমিক তদন্তে অভিযোগ করা হয়েছে যে, অনলাইনে কথোপকথন ও আর্থিক প্রলোভনের মাধ্যমে মহকদীপ কৌরকে তাদের সঙ্গে যুক্ত করা হয়েছিল। তবে এসব সন্দেহভাজন যোগাযোগ ও অভিযোগ এখনো চূড়ান্তভাবে প্রমাণিত হয়নি।
এ ঘটনায় পুলিশ আরও তিন সন্দেহভাজনকে আটক করেছে। তারা অভিযুক্তদের আবাসন ও যাতায়াতসহ অন্যান্য লজিস্টিক সহায়তা দিয়েছিলেন কি না, তা তদন্ত করা হচ্ছে। অভিযুক্তরা যে হোটেলে অবস্থান করেছিলেন, সেই হোটেলের মালিকও এই ঘটনায় জড়িত থাকতে পারেন বলে সন্দেহ করা হচ্ছে।
অভিযান চলাকালে দুটি আগ্নেয়াস্ত্র, ৪৬ রাউন্ড কার্তুজ এবং নগদ ৩০ হাজার রুপি উদ্ধার করা হয়েছে। তদন্তকারীরা পাকিস্তান থেকে সন্দেহভাজন অর্থ লেনদেন এবং বিস্ফোরণে ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) ব্যবহার করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখছেন।
গত ৩ নভেম্বর রাত পৌনে ১০টার দিকে শ্রী গঙ্গানগর জেলার ৫০ জিবি গ্রামের কাছে অনুপগড়-সুরতগড় রেললাইনে এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে রেললাইনের নিচে থাকা সিমেন্ট ও স্টিলের দুটি স্লিপার ক্ষতিগ্রস্ত হয় এবং লাইনের মাঝখানে প্রায় আড়াই ফুট গভীর একটি গর্তের সৃষ্টি হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আশপাশের গ্রামের বাসিন্দারা বিস্ফোরণের শব্দ শুনে পুলিশ ও রেল কর্তৃপক্ষকে খবর দেন। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ওই সেকশনে ট্রেন চলাচল স্থগিত করা হয়, যার ফলে বেশ কয়েকটি ট্রেনের যাত্রা বাতিল করতে হয়েছিল।
জানা গেছে, বিস্ফোরণের প্রায় ৭৫ মিনিট আগে ওই পথ দিয়ে একটি যাত্রীবাহী ট্রেন অতিক্রম করেছিল। তদন্তকারীরা খতিয়ে দেখছেন যে, বড় ধরনের কোনো ট্রেন দুর্ঘটনা ঘটানোর উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে রেললাইনটিকে লক্ষ্যবস্তু করা হয়েছিল কি না।
উত্তর-পশ্চিম রেলওয়ের প্রধান জনসংযোগ কর্মকর্তা অমিত সুদর্শন নিশ্চিত করেছেন, মেরামত কাজ ও নিরাপত্তা পরিদর্শনের পর গত ৫ নভেম্বর ওই রুটে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়।
রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ দায়েরের পর রামসিংপুর থানা পুলিশ একটি মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করে।
বিকানের রেঞ্জের পুলিশ মহাপরিদর্শক ওম প্রকাশ মেঘওয়াল জানিয়েছেন, বিস্ফোরণের সময়ের আশপাশে ঘটনাস্থলের কাছে সক্রিয় থাকা মোবাইল ফোন নম্বরগুলো বিশ্লেষণ করেছেন তদন্তকারীরা। এছাড়া ঘটনার আগে ও পরে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনের গতিবিধি শনাক্ত করতে রামসিংপুর এবং আশপাশের গ্রামের সিসিটিভি ফুটেজও পরীক্ষা করা হয়েছে।
প্রযুক্তিগত প্রমাণ ও অন্যান্য সূত্রের ওপর ভিত্তি করে তদন্তকারীরা গুরুদাসপুরে পৌঁছান এবং সেখান থেকে প্রধান দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেন। বিস্ফোরণের আগে অভিযুক্তরা ওই রেলপথ এলাকা রেকি (পর্যবেক্ষণ) করেছিলেন কি না এবং এই হামলার পরিকল্পনা বা বাস্তবায়নে আরও কেউ সহায়তা করেছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন