বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং
১০:৪৩ এম
দেশের বিভিন্ন স্থানে গ্রামীণ ব্যাংকের শাখায় সন্ত্রাসী হামলার পর, এবার চট্টগ্রাম নগরীর পারিবারিক বাড়িতে পেট্রল বোমা নিক্ষেপ করেছে নিষিদ্ধ সংগঠন আওয়ামী ছাত্রলীগের সন্ত্রাসীরা। ব্যাংকের প্রতিষ্ঠাতা এবং অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা, নোবেলজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূসের বাড়িটি পাঁচলাইশ আবাসিক এলাকায় অবস্থিত। বুধবার রাত ১১টার দিকে এই ঘটনা ঘটে। এ সময় বাড়ির সামনে থাকা আবর্জনায় আগুন ধরে যায়, যা পরে টহল পুলিশের সদস্যরাই নিভিয়ে ফেলে।
পাঁচলাইশ থানার ওসি মোজাম্মেল হক জানান, চারতলা বাড়িটির পূর্বপাশের নিচতলার ওই অংশে গত ১০-১৫ বছর ধরে কেউ বসবাস করেন না। বাড়ির লোকজনও সেখানে যান না। রাতে সেখানে জমে থাকা পুরনো ফার্নিচার ও কাপড় চোপড়ে কীভাবে আগুন লেগে যায়, তা তদন্ত করা হচ্ছে। টহল দলের পুলিশ সদস্যরা আগুন দেখতে পেয়ে গিয়ে তা নিভিয়ে ফেলে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বাড়িটির নিচতলায় পিছনের দিকের অংশে আগুন জ্বলছে। একটি রিকশার যাত্রী ভিডিওটি ধারণ করেন। নিচতলায় আগুন জ্বলার সময় সামনের ফুটপাতে দাঁড়িয়ে তা দেখছিলেন তিনি, এবং তখন বৃষ্টি হচ্ছিল। স্থানীয়রা জানান, গত শতকের ষাটের দশকে মুহাম্মদ ইউনূসের বাবা বাড়িটি নির্মাণ করেছিলেন।
বাড়ির পূর্ব পাশের নিচতলার ওই অংশটি পরিত্যক্ত। পুরো বাড়ির চারপাশে সীমানা দেয়াল থাকলেও, এই অংশটি টিন দিয়ে ঘেরা। সেখানে বাড়ির সামনের খালি জায়গায় ঝোপঝাড় হয়ে আছে। সন্ত্রাসীরা ওই অংশ দিয়ে বোমা ছুড়ে মারে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা দেখা সম্ভব নয়। তাই আপনার সময় ও পছন্দ অনুযায়ী কিছু খেলা বেছে নিতে হবে। লাইভ বা সরাসরি খেলা দেখার প্রতি আপনার আগ্রহ নিশ্চয়ই অন্য সবার মতোই বেশি। কোথায় কী খেলা হচ্ছে তা জানার জন্য খোঁজাখুঁজি করে সময় নষ্ট না করে এই শিডিউল দেখে নিন। এরপর ঠিক করুন কখন কোন খেলায় নজর দেবেন।
আজ (বৃহস্পতিবার) বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা জোহানেসবার্গ টেস্টের পঞ্চম দিনে মাঠে নামবে। একই দিনে ভারত-নিউজিল্যান্ডের প্রথম টেস্টও শুরু হবে। এর পাশাপাশি এশিয়া কাপ রাইজিং স্টারসে বাংলাদেশ ‘এ’ দলের ম্যাচও রয়েছে।
জোহানেসবার্গ টেস্ট : ৫ম দিন
বাংলাদেশ–দক্ষিণ আফ্রিকা
বেলা ২টা, টি স্পোর্টস
ওয়েলিংটন টেস্ট : ১ম দিন
নিউজিল্যান্ড–ভারত
ভোর ৪টা, সনি স্পোর্টস ১ ও ৫
এশিয়া কাপ রাইজিং স্টারস
বাংলাদেশ ‘এ’–হংকং
দুপুর ১২টা, টি স্পোর্টস ও সনি স্পোর্টস ১
রাওয়ালপিন্ডি টেস্ট : ৩য় দিন
পাকিস্তান–শ্রীলঙ্কা
সকাল ১০–৩০ মি., টি স্পোর্টস ও পিটিভি স্পোর্টস
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
রাজধানীর উত্তরখান থানা এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যুবলীগের একজন নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বুধবার (১৮ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
গ্রেপ্তারকৃত রবিউল ইসলাম রবি (৩০) ঢাকা মহানগর উত্তর যুবলীগের ৪৫ নম্বর ওয়ার্ডের সদস্য।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উত্তরখান থানাধীন হেলাল মার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের অজ্ঞাতনামা ২৫ থেকে ৩০ জন নেতাকর্মী উত্তরখান থানাধীন ওজাপাড়া এলাকার বাসিন্দা রিপন হোসেনের বাড়ি লক্ষ্য করে একটি ককটেল নিক্ষেপ করে। ককটেলটি রিপন হোসেনের বসতবাড়ির প্রবেশপথের দেয়ালে লেগে বিস্ফোরিত হয়। বিস্ফোরণের পরপরই হামলাকারীরা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পরবর্তীতে ঘটনার ছায়া তদন্ত ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই ককটেল বিস্ফোরণের ঘটনায় রবিউল ইসলাম রবির জড়িত থাকার বিষয়টি জানা যায়। এরই ধারাবাহিকতায় বুধবার সন্ধ্যায় হেলাল মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
রাজধানীর ভাটারা থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ককটেল বিস্ফোরণের আগ মুহূর্তে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক এক নেতা এবং একাধিক মামলায় অভিযুক্ত অপর এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বুধবার (১৮ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
গ্রেপ্তারকৃতরা হলেন— মোহাম্মদ দিপু তালুকদার বন্যা (২১) ও মুফতি রুহুল আমিন (৬২)।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে ভাটারা থানা পুলিশের একটি আভিযানিক দল বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে ককটেল বিস্ফোরণের আগ মুহূর্তে মোহাম্মদ দিপু তালুকদার বন্যাকে হাতেনাতে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে লাল ও হলুদ রঙের স্কচটেপ দিয়ে মোড়ানো দুটি তাজা ককটেল উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত দিপু তালুকদার বন্যা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তরের সাবেক সহ-সভাপতি।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পৃথক অভিযানে একই দিন সন্ধ্যা আনুমানিক ৬টা ৩০ মিনিটে বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে মুফতি রুহুল আমিনকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
রাজধানী ঢাকা বায়ুদূষণের কারণে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে। বৃহস্পতিবার সকালে ঢাকার বায়ুর মান সূচক (একিউআই) ২১৪ রেকর্ড করা হয়েছে, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই অবস্থায় রাজধানীর বাসিন্দাদের স্বাস্থ্যঝুঁকি বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে শিশু, বয়স্ক এবং শ্বাসকষ্টজনিত সমস্যায় ভোগা ব্যক্তিদের জন্য। তালিকার প্রথম স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, যার স্কোর ২৫৫।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের প্রকাশিত সূচক থেকে এই তথ্য পাওয়া গেছে। একই সময়ে আফগানিস্তানের রাজধানী কাবুল ২১৩ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। ইরাকের বাগদাদ ১৯৪ স্কোর নিয়ে চতুর্থ স্থানে অবস্থান করছে।
আইকিউএয়ারের তালিকায় শীর্ষ দশে থাকা অন্যান্য শহরের মধ্যে কঙ্গোর কিনশাসা ও ভারতের দিল্লি রয়েছে, উভয় শহরের স্কোর ১৭৮। ভারতের কলকাতা ১৭৫, বাহরাইনের মানামা ১৬৮, পাকিস্তানের করাচি ও ভারতের মুম্বাই ১৫৮ স্কোর নিয়ে তালিকায় রয়েছে। দক্ষিণ এশিয়ার একাধিক শহর এখনও বিশ্বের সবচেয়ে দূষিত নগরগুলোর তালিকায় স্থান করে নিয়েছে।
আইকিউএয়ারের বায়ুমান সূচক অনুযায়ী, শূন্য থেকে ৫০ স্কোরকে ভালো, ৫১ থেকে ১০০ মাঝারি এবং ১০১ থেকে ১৫০ সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়। ১৫১ থেকে ২০০ স্কোর অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ খুবই অস্বাস্থ্যকর এবং ৩০০-এর বেশি স্কোরকে দুর্যোগপূর্ণ বা বিপজ্জনক পর্যায় হিসেবে গণ্য করা হয়। এই হিসাবে ঢাকার ২১৪ স্কোরের বাতাসে সুস্থ মানুষেরও স্বাস্থ্যগত সমস্যা দেখা দিতে পারে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, বায়ুদূষণের অতিক্ষুদ্র কণা (পিএম২.৫) ফুসফুসের গভীরে প্রবেশ করে রক্তপ্রবাহেও মিশতে পারে। দীর্ঘমেয়াদি দূষণের সংস্পর্শে শ্বাসতন্ত্রের সংক্রমণ, হৃদরোগ, স্ট্রোক ও ফুসফুসের ক্যানসারের ঝুঁকি বৃদ্ধি পায়। শিশু, বয়স্ক, অন্তঃসত্ত্বা নারী এবং হৃদ্রোগ ও শ্বাসতন্ত্রের রোগে আক্রান্ত ব্যক্তিরা এ ক্ষেত্রে বেশি ঝুঁকিতে অবস্থান করেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ