প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাজধানী ঢাকা বায়ুদূষণের কারণে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে। বৃহস্পতিবার সকালে ঢাকার বায়ুর মান সূচক (একিউআই) ২১৪ রেকর্ড করা হয়েছে, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই অবস্থায় রাজধানীর বাসিন্দাদের স্বাস্থ্যঝুঁকি বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে শিশু, বয়স্ক এবং শ্বাসকষ্টজনিত সমস্যায় ভোগা ব্যক্তিদের জন্য। তালিকার প্রথম স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, যার স্কোর ২৫৫।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের প্রকাশিত সূচক থেকে এই তথ্য পাওয়া গেছে। একই সময়ে আফগানিস্তানের রাজধানী কাবুল ২১৩ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। ইরাকের বাগদাদ ১৯৪ স্কোর নিয়ে চতুর্থ স্থানে অবস্থান করছে।
আইকিউএয়ারের তালিকায় শীর্ষ দশে থাকা অন্যান্য শহরের মধ্যে কঙ্গোর কিনশাসা ও ভারতের দিল্লি রয়েছে, উভয় শহরের স্কোর ১৭৮। ভারতের কলকাতা ১৭৫, বাহরাইনের মানামা ১৬৮, পাকিস্তানের করাচি ও ভারতের মুম্বাই ১৫৮ স্কোর নিয়ে তালিকায় রয়েছে। দক্ষিণ এশিয়ার একাধিক শহর এখনও বিশ্বের সবচেয়ে দূষিত নগরগুলোর তালিকায় স্থান করে নিয়েছে।
আইকিউএয়ারের বায়ুমান সূচক অনুযায়ী, শূন্য থেকে ৫০ স্কোরকে ভালো, ৫১ থেকে ১০০ মাঝারি এবং ১০১ থেকে ১৫০ সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়। ১৫১ থেকে ২০০ স্কোর অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ খুবই অস্বাস্থ্যকর এবং ৩০০-এর বেশি স্কোরকে দুর্যোগপূর্ণ বা বিপজ্জনক পর্যায় হিসেবে গণ্য করা হয়। এই হিসাবে ঢাকার ২১৪ স্কোরের বাতাসে সুস্থ মানুষেরও স্বাস্থ্যগত সমস্যা দেখা দিতে পারে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, বায়ুদূষণের অতিক্ষুদ্র কণা (পিএম২.৫) ফুসফুসের গভীরে প্রবেশ করে রক্তপ্রবাহেও মিশতে পারে। দীর্ঘমেয়াদি দূষণের সংস্পর্শে শ্বাসতন্ত্রের সংক্রমণ, হৃদরোগ, স্ট্রোক ও ফুসফুসের ক্যানসারের ঝুঁকি বৃদ্ধি পায়। শিশু, বয়স্ক, অন্তঃসত্ত্বা নারী এবং হৃদ্রোগ ও শ্বাসতন্ত্রের রোগে আক্রান্ত ব্যক্তিরা এ ক্ষেত্রে বেশি ঝুঁকিতে অবস্থান করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন