সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং
০৫:৫৪ পি.এম
কুমিল্লা-৫ (ব্রাহ্মণপাড়া-বুড়িচং) আসনের বিএনপির সংসদ সদস্য জসিম উদ্দিনকে ‘আওয়ামী লীগের দালাল’ বলে উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম রনি।
রোববার (২২ নভেম্বর) তার ফেসবুক পোস্টটি জেলার রাজনৈতিক পরিবেশে তোলপাড় সৃষ্টি করেছে। সোমবার এটি সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
সাইফুল ইসলাম রনির পোস্টের নিচে বিভিন্ন মন্তব্য এসেছে। সাইমন নামের একজন মন্তব্যে লিখেছেন, ‘ওনাকে কোনোরকম কালীরবাজারে নিয়ে আসেন, হেতে নাকি কলীরবাজারকে নিয়ে কংকশনগর উপজেলা করব।’
মো. আব্দুস সালাম নামের একজন মন্তব্য করেছেন, ‘দু-একটা ছবি দিয়ে কি দালাল নির্ধারণ করা যায় ভাইয়া? কারণ, দোসর আওয়ামী লীগ তো মানুষকে জিম্মি করেও ছবি তুলছে। রাজপথ কী বলে, তা-ও দেখতে হবে।’
জুয়েল রানা নামের আরেকজন মন্তব্য করেন, ‘তার সঙ্গে জেলা ও শহরের আওয়ামী লীগের বড় নেতাদের যোগসাজশ আছে, তারা আবার মুরুব্বির সঙ্গে থাকে। আওয়ামী লীগের দালাল জসিম।’
নিলয় রাজ নামের একজন লেখেন, ‘মাদকের টাকা সিস্টেমে খাই, আবার শুনি ডিলারও। এখন তো দেখি দালাল ৪২০। এই লোক কীভাবে এমপি হলো, আল্লাহ ভালো জানেন।’
এ বিষয়ে সোমবার (২৩ নভেম্বর) সকালে সাইফুল ইসলাম রনি বলেন, ‘সে আওয়ামী লীগের দালাল। তার পিএসও আওয়ামী লীগ করত। সে আজীবন আওয়ামী লীগের দালালি করেছে। নির্বাচনের পর এখন দলের কর্মীদের মূল্যায়ন করে না।’
সম্পূর্ণ ঘটনাটিকে দুঃখজনক আখ্যা দিয়ে সংসদ সদস্য জসিম উদ্দিন বলেন, ‘সরকার ও জনগণ যে কাজ দিয়েছে, তা নিয়ে ব্যস্ত থাকতে হয়। নেতাদের প্রতি একটু ইয়ে থাকলে যা হয়। আমি তার কল ধরিনি বলে হয়তো এমন পোস্ট করেছে। আমি প্রতিহিংসার রাজনীতি করি না। আমি কী করি, সব আল্লাহ দেখেন।’
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে জয়লাভ করে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন জসিম উদ্দিন। তিনি দীর্ঘদিন ধরে ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
মুন্সীগঞ্জের শ্রীনগরে অটোরিকশার গ্যারেজের মালিক ও তার স্ত্রীর বিরুদ্ধে ডাকাতির ঘটনা ঘটেছে, যেখানে তাদের রশি দিয়ে বেঁধে রাখা হয়েছিল। ডাকাতরা এ সময় দুটি অটোরিকশা, ৬১টি ব্যাটারি ও ১৯টি চার্জার নিয়ে যায়। এই ঘটনার ফলে গুরুতর অসুস্থ হয়ে মারা গেছেন গ্যারেজ মালিক অহিদুল্লাহ (৫৪)।
ঘটনাটি সোমবার (২৩ নভেম্বর) ভোর ৪টার মধ্যে উপজেলার পাটাভোগ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পাটাভোগ গ্রামে ওহিদুর রহমান জিঠুর অটোরিকশার গ্যারেজে সংঘটিত হয়।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ভোরের দিকে ৬ থেকে ৭ জন ডাকাত গ্যারেজের পেছনের তালা কেটে ভেতরে প্রবেশ করে। তারা গ্যারেজের মালিক অহিদুল্লাহ ও তার স্ত্রী হোসনা খাতুনকে রশি দিয়ে হাত-পা বেঁধে ফেলে। এরপর গ্যারেজে থাকা ৬১টি ব্যাটারি, ১৯টি চার্জার এবং দুটি অটোরিকশা একটি পিকআপভ্যানে তুলে নিয়ে পালিয়ে যায়।
ডাকাতরা চলে যাওয়ার পর স্থানীয়দের সহায়তায় হোসনা খাতুন নিজের বাঁধন খুলে স্বামীকে উদ্ধার করেন। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত অহিদুল্লাহ কুমিল্লার দাউদকান্দি উপজেলার তোলাতলি গ্রামের মৃত ওহাব আলী প্রধানের ছেলে। তিনি প্রায় তিন মাস ধরে ওই গ্যারেজটি ভাড়া নিয়ে পরিচালনা করছিলেন।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান জানান, অহিদুল্লাহর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। পুলিশ জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে কাজ করছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
॥ ওমর ফারুক ॥
রাজশাহী, ২৩ নভেম্বর ২০২৬ : ঐতিহ্যবাহী বাঘা শাহী জামে মসজিদ ইসলামি স্থাপত্যশৈলীর একটি অনন্য নিদর্শন। ৫০০ বছরের ইতিহাসের সাক্ষী হিসেবে মসজিদটি এখনও গর্বের সাথে দাঁড়িয়ে আছে। মসজিদের নির্মাণশৈলী দর্শনার্থীদের মুগ্ধ করে। একাধিকবার দর্শনার্থীরা এখানে আসেন।
বাঘা উপজেলা সদরে, রাজশাহী মহানগর থেকে প্রায় ৫০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত এই মসজিদটি পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান। এখানে নামাজ আদায় করতে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মানুষ আসেন।
১৫২৩-১৫২৪ সালে (৯৩০ হিজরি) হুসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা আলাউদ্দিন শাহের পুত্র সুলতান নুসরাত শাহ এই মসজিদটি প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে বিভিন্ন সময়ে মসজিদের সংস্কার করা হয়েছে। ১৮৯৭ সালে গম্বুজগুলো ভেঙে গেলে নতুন করে ছাদ দেওয়া হয়। বর্তমানে এটি রাষ্ট্রের হেরিটেজ সম্পদ হিসেবে সংরক্ষিত।
মসজিদটি ২৫৬ বিঘা জমির ওপর অবস্থিত। মসজিদের আঙিনা ভূমি থেকে ৮-১০ ফুট উঁচু করে তৈরি করা হয়েছে। উত্তর পাশের ফটকের ওপরের স্তম্ভ ও কারুকাজ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে ১০টি গম্বুজ এবং ৬টি স্তম্ভ রয়েছে। মসজিদটিতে ৪টি মেহরাব রয়েছে, যা অত্যন্ত কারুকার্য খচিত। দৈর্ঘ্য ৭৫ ফুট, প্রস্থ ৪২ ফুট, এবং উচ্চতা ২৪ ফুট ৬ ইঞ্চি। দেয়াল চওড়া ৮ ফুট, গম্বুজের ব্যাস ৪২ ফুট, উচ্চতা ১২ ফুট। চৌচালা গম্বুজের ব্যাস ২০ ফুট এবং উচ্চতা প্রায় ৩০ ফুট। মাঝখানের দরজার ওপর ফার্সি ভাষায় লেখা একটি শিলালিপি রয়েছে। মসজিদটির গাঁথুনি চুন-সুরকি দিয়ে তৈরি। ভিতরে এবং বাইরের দেয়ালে মেহরাব ও স্তম্ভ রয়েছে। বাঘা মসজিদের দৈর্ঘ্য ২২.৯২ মিটার, প্রস্থ ১২.১৮ মিটার এবং উচ্চতা ২৪ ফুট ৬ ইঞ্চি। এর দেয়াল ২.২২ মিটার পুরু। মসজিদটিতে পাঁচটি প্রবেশদ্বার রয়েছে এবং এটি চারদিকে প্রাচীর দিয়ে ঘেরা।
মসজিদের প্রধান বিশেষত্ব হলো সম্পূর্ণ টেরাকোটার কারুকাজ। গাঁথুনি চুন এবং সুরকি দিয়ে তৈরি। মসজিদটির ভিতরে এবং বাইরের দেয়ালে সুন্দর মেহরাব ও স্তম্ভ রয়েছে। পোড়ামাটির নকশায় আমগাছ, শাপলা ফুল, লতাপাতা এবং ফার্সি খোদাই শিল্পের বিভিন্ন কারুকাজ রয়েছে। মসজিদ প্রাঙ্গণের উত্তর পাশে হজরত শাহদৌলা ও তার পাঁচ সঙ্গীর মাজার অবস্থিত।
মসজিদের পাশে ৫২ বিঘার বিশাল দিঘি রয়েছে। দিঘির পাশ দিয়ে চলাফেরার জন্য সরু রাস্তা রয়েছে। সুবিশাল দিঘির সামনে বসলে যে কারো মন জুড়িয়ে যায়। বাংলার স্বাধীন সুলতান আলাউদ্দিন হুসাইন শাহের পুত্র নাসিরউদ্দীন নুসরত শাহ জনকল্যাণার্থে মসজিদের সামনেই দিঘিটি খনন করেন।
দিঘির চারপাশে সারিবদ্ধ নারিকেল গাছ রয়েছে। প্রতিবছর শীতে এ দিঘিতে অসংখ্য অতিথি পাখির কলতানে এলাকা মুখরিত হয়ে ওঠে। বর্তমানে দিঘিটির চারটি বাঁধানো পাড় নির্মাণ করা হয়েছে। মসজিদ সংলগ্ন জহর খাকী পীরের মাজারও রয়েছে। মূল মাজারের উত্তর পাশে তার কবর অবস্থিত।
স্থানীয়রা বাসস’কে জানান, ১৯৯৭ সালে মাজারের পশ্চিম পাশে খনন করার সময় ৩০ ফুট বাই ২০ ফুট আয়তনের একটি বাঁধানো পুকুরের সন্ধান মেলে। এই পুকুরটি একটি সুড়ঙ্গপথের মাধ্যমে অন্দরমহলের সাথে যুক্ত ছিল। তিন দিক থেকে বাঁধানো সিঁড়ি পুকুরের ভেতরে নেমে গেছে। মসজিদের ভিতরে ও বাইরে প্রচুর পোড়ামাটির ফলক রয়েছে। মসজিদের ভেতরে উত্তর-পশ্চিম কোণে কিছুটা উঁচুতে নির্মিত একটি বিশেষ নামাজের কক্ষ রয়েছে। প্রতিবছর ঈদুল ফিতরের দিন থেকে তিন দিন পর্যন্ত ‘বাঘা মেলা’ আয়োজন করা হয়। এই মেলাটি ৫০০ বছরের ঐতিহ্য বহন করে। এ মেলায় বাঘা উপজেলার মানুষসহ জেলার বিভিন্ন উপজেলা ও পাশের জেলার অসংখ্য মানুষ অংশগ্রহণ করে।
সরেজমিনে দেখা যায়, প্রাচীন ঐতিহাসিক এ মসজিদটি দেখতে প্রতিদিন শত শত মানুষ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দর্শনার্থীদের ভিড় থাকে। কেউ কেউ পরিবার নিয়ে এসে মসজিদের পাশে রান্না করে খাওয়া দাওয়া করেন। অনেকে হাঁস, মুরগি, ছাগল, টাকা সহ বিভিন্ন জিনিস মানত করেন মনের আশা পূরণের জন্য। পুরুষ দর্শনার্থীদের অধিকাংশই এখানে দুই রাকাত নফল নামাজ পড়ে যান। নারীরাও পৃথকভাবে পর্দা দেয়া ঘেরা স্থানে নামাজ আদায় করেন। পবিত্র রমজান মাসে এলাকাবাসী এ মসজিদে জুম্মা ও তারাবিহ নামাজ আদায় করেন। এই ঐতিহ্যবাহী মসজিদটি ৫০ টাকার নোটে স্থান পেয়েছে।
দর্শনার্থী রোমানা আক্তার বাসস’কে বলেন, "আমি অনেক দুর থেকে পরিবারের সাথে এসেছি। মসজিদটির অনেক নাম শুনেছি। তাই দেখতে আসা। খুব ভালো লেগেছে। নামাজ আদায় করেছি। আল্লাহর কাছে মনের আশা পূরণের জন্য দোয়া করেছি।"
দর্শনার্থী শামিম বলেন, "আমি মসজিদটি দেখেছি ও মনের আশা পূরণের জন্য ছাগল ও টাকা মানত করেছি।" শুধু শামিমই নন, অনেকেই সামর্থ্য অনুযায়ী এখানে মানত করেন ও নামাজ আদায় করেন।
শামিমুল নামের স্থানীয় এক বাসিন্দা জানান, "এই মসজিদটি দেখতে প্রতিদিন শত শত মানুষ আসে। তাদের মধ্যে অনেকেই নামাজ আদায় করেন। এটি এই এলাকার গৌরব।"
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার জানিয়েছেন, বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে জোটটি। তিনি উল্লেখ করেন, "আমরা বাংলাদেশকে স্থিতিশীল দেখতে চাই।"
সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ডিক্যাব টকে তিনি এই মন্তব্য করেন।
মাইকেল মিলার আরও বলেন, বাংলাদেশে চলমান ঘটনাবলীর বিষয়ে গণমাধ্যমের দায়িত্বশীলভাবে সংবাদ পরিবেশন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে একটি প্রবণতা দেখা যাচ্ছে, যা নির্দেশ করে যে— এটি একটি সন্ধিক্ষণ, সবকিছু বদলে যাচ্ছে। তিনি জানান, "আমার পূর্ণ আস্থা আছে যে, নিরাপত্তা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে।"
এ সময় তিনি আশা প্রকাশ করেন যে, বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের অংশীদারত্বের সম্পর্ক আরও জোরদার হবে। একই সঙ্গে তিনি আশা করেন এলডিসি গ্রাজুয়েশনের জন্য বিভিন্ন খাতে শৃঙ্খলা ফিরিয়ে বাংলাদেশ আরও ভাল প্রস্তুতি নেবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
চট্টগ্রামের ফটিকছড়িতে মো. আবসার (৪০) নামে এক আসবাবপত্র ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা।
রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে এই ঘটনা ঘটে।
আহত আবসার উপজেলার ৭ নম্বর ওয়ার্ডের মানিকপুর এলাকার শেফায়েত হোসেন চৌধুরীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় তেমুহনী বাজারে নিজের আসবাবপত্রের দোকানে বসে ব্যবসা পরিচালনা করছিলেন আবসার। এ সময় মোটরসাইকেলে করে কয়েকজন দুর্বৃত্ত উত্তর দিক থেকে এসে তাকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি ছোড়ে। পরে তারা দক্ষিণ দিকে পালিয়ে যায়। গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত আবসারকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, আবসার পুলিশের তথ্যদাতা হিসাবে কাজ করতেন। এ কারণে তাকে লক্ষ্য করে হামলা চালানো হয়ে থাকতে পারে।
চট্টগ্রাম (হাটহাজারী-ফটিকছড়ি) সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী তারেক আজিজ বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে। তিনি পুলিশের তথ্য সংগ্রহকারী হিসাবে কাজ করতেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ