প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
॥ ওমর ফারুক ॥
রাজশাহী, ২৩ নভেম্বর ২০২৬ : ঐতিহ্যবাহী বাঘা শাহী জামে মসজিদ ইসলামি স্থাপত্যশৈলীর একটি অনন্য নিদর্শন। ৫০০ বছরের ইতিহাসের সাক্ষী হিসেবে মসজিদটি এখনও গর্বের সাথে দাঁড়িয়ে আছে। মসজিদের নির্মাণশৈলী দর্শনার্থীদের মুগ্ধ করে। একাধিকবার দর্শনার্থীরা এখানে আসেন।
বাঘা উপজেলা সদরে, রাজশাহী মহানগর থেকে প্রায় ৫০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত এই মসজিদটি পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান। এখানে নামাজ আদায় করতে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মানুষ আসেন।
১৫২৩-১৫২৪ সালে (৯৩০ হিজরি) হুসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা আলাউদ্দিন শাহের পুত্র সুলতান নুসরাত শাহ এই মসজিদটি প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে বিভিন্ন সময়ে মসজিদের সংস্কার করা হয়েছে। ১৮৯৭ সালে গম্বুজগুলো ভেঙে গেলে নতুন করে ছাদ দেওয়া হয়। বর্তমানে এটি রাষ্ট্রের হেরিটেজ সম্পদ হিসেবে সংরক্ষিত।
মসজিদটি ২৫৬ বিঘা জমির ওপর অবস্থিত। মসজিদের আঙিনা ভূমি থেকে ৮-১০ ফুট উঁচু করে তৈরি করা হয়েছে। উত্তর পাশের ফটকের ওপরের স্তম্ভ ও কারুকাজ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে ১০টি গম্বুজ এবং ৬টি স্তম্ভ রয়েছে। মসজিদটিতে ৪টি মেহরাব রয়েছে, যা অত্যন্ত কারুকার্য খচিত। দৈর্ঘ্য ৭৫ ফুট, প্রস্থ ৪২ ফুট, এবং উচ্চতা ২৪ ফুট ৬ ইঞ্চি। দেয়াল চওড়া ৮ ফুট, গম্বুজের ব্যাস ৪২ ফুট, উচ্চতা ১২ ফুট। চৌচালা গম্বুজের ব্যাস ২০ ফুট এবং উচ্চতা প্রায় ৩০ ফুট। মাঝখানের দরজার ওপর ফার্সি ভাষায় লেখা একটি শিলালিপি রয়েছে। মসজিদটির গাঁথুনি চুন-সুরকি দিয়ে তৈরি। ভিতরে এবং বাইরের দেয়ালে মেহরাব ও স্তম্ভ রয়েছে। বাঘা মসজিদের দৈর্ঘ্য ২২.৯২ মিটার, প্রস্থ ১২.১৮ মিটার এবং উচ্চতা ২৪ ফুট ৬ ইঞ্চি। এর দেয়াল ২.২২ মিটার পুরু। মসজিদটিতে পাঁচটি প্রবেশদ্বার রয়েছে এবং এটি চারদিকে প্রাচীর দিয়ে ঘেরা।
মসজিদের প্রধান বিশেষত্ব হলো সম্পূর্ণ টেরাকোটার কারুকাজ। গাঁথুনি চুন এবং সুরকি দিয়ে তৈরি। মসজিদটির ভিতরে এবং বাইরের দেয়ালে সুন্দর মেহরাব ও স্তম্ভ রয়েছে। পোড়ামাটির নকশায় আমগাছ, শাপলা ফুল, লতাপাতা এবং ফার্সি খোদাই শিল্পের বিভিন্ন কারুকাজ রয়েছে। মসজিদ প্রাঙ্গণের উত্তর পাশে হজরত শাহদৌলা ও তার পাঁচ সঙ্গীর মাজার অবস্থিত।
মসজিদের পাশে ৫২ বিঘার বিশাল দিঘি রয়েছে। দিঘির পাশ দিয়ে চলাফেরার জন্য সরু রাস্তা রয়েছে। সুবিশাল দিঘির সামনে বসলে যে কারো মন জুড়িয়ে যায়। বাংলার স্বাধীন সুলতান আলাউদ্দিন হুসাইন শাহের পুত্র নাসিরউদ্দীন নুসরত শাহ জনকল্যাণার্থে মসজিদের সামনেই দিঘিটি খনন করেন।
দিঘির চারপাশে সারিবদ্ধ নারিকেল গাছ রয়েছে। প্রতিবছর শীতে এ দিঘিতে অসংখ্য অতিথি পাখির কলতানে এলাকা মুখরিত হয়ে ওঠে। বর্তমানে দিঘিটির চারটি বাঁধানো পাড় নির্মাণ করা হয়েছে। মসজিদ সংলগ্ন জহর খাকী পীরের মাজারও রয়েছে। মূল মাজারের উত্তর পাশে তার কবর অবস্থিত।
স্থানীয়রা বাসস’কে জানান, ১৯৯৭ সালে মাজারের পশ্চিম পাশে খনন করার সময় ৩০ ফুট বাই ২০ ফুট আয়তনের একটি বাঁধানো পুকুরের সন্ধান মেলে। এই পুকুরটি একটি সুড়ঙ্গপথের মাধ্যমে অন্দরমহলের সাথে যুক্ত ছিল। তিন দিক থেকে বাঁধানো সিঁড়ি পুকুরের ভেতরে নেমে গেছে। মসজিদের ভিতরে ও বাইরে প্রচুর পোড়ামাটির ফলক রয়েছে। মসজিদের ভেতরে উত্তর-পশ্চিম কোণে কিছুটা উঁচুতে নির্মিত একটি বিশেষ নামাজের কক্ষ রয়েছে। প্রতিবছর ঈদুল ফিতরের দিন থেকে তিন দিন পর্যন্ত ‘বাঘা মেলা’ আয়োজন করা হয়। এই মেলাটি ৫০০ বছরের ঐতিহ্য বহন করে। এ মেলায় বাঘা উপজেলার মানুষসহ জেলার বিভিন্ন উপজেলা ও পাশের জেলার অসংখ্য মানুষ অংশগ্রহণ করে।
সরেজমিনে দেখা যায়, প্রাচীন ঐতিহাসিক এ মসজিদটি দেখতে প্রতিদিন শত শত মানুষ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দর্শনার্থীদের ভিড় থাকে। কেউ কেউ পরিবার নিয়ে এসে মসজিদের পাশে রান্না করে খাওয়া দাওয়া করেন। অনেকে হাঁস, মুরগি, ছাগল, টাকা সহ বিভিন্ন জিনিস মানত করেন মনের আশা পূরণের জন্য। পুরুষ দর্শনার্থীদের অধিকাংশই এখানে দুই রাকাত নফল নামাজ পড়ে যান। নারীরাও পৃথকভাবে পর্দা দেয়া ঘেরা স্থানে নামাজ আদায় করেন। পবিত্র রমজান মাসে এলাকাবাসী এ মসজিদে জুম্মা ও তারাবিহ নামাজ আদায় করেন। এই ঐতিহ্যবাহী মসজিদটি ৫০ টাকার নোটে স্থান পেয়েছে।
দর্শনার্থী রোমানা আক্তার বাসস’কে বলেন, "আমি অনেক দুর থেকে পরিবারের সাথে এসেছি। মসজিদটির অনেক নাম শুনেছি। তাই দেখতে আসা। খুব ভালো লেগেছে। নামাজ আদায় করেছি। আল্লাহর কাছে মনের আশা পূরণের জন্য দোয়া করেছি।"
দর্শনার্থী শামিম বলেন, "আমি মসজিদটি দেখেছি ও মনের আশা পূরণের জন্য ছাগল ও টাকা মানত করেছি।" শুধু শামিমই নন, অনেকেই সামর্থ্য অনুযায়ী এখানে মানত করেন ও নামাজ আদায় করেন।
শামিমুল নামের স্থানীয় এক বাসিন্দা জানান, "এই মসজিদটি দেখতে প্রতিদিন শত শত মানুষ আসে। তাদের মধ্যে অনেকেই নামাজ আদায় করেন। এটি এই এলাকার গৌরব।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন