ঢাকা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ইং ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

হাসিনাকে আশ্রয় দেওয়ায় ভারত বিশ্বে নিন্দিত হচ্ছে: দুদু


হাসিনাকে আশ্রয় দেওয়ায় ভারত বিশ্বে নিন্দিত হচ্ছে: দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু মন্তব্য করেছেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার কারণে ভারত সারা বিশ্বে নিন্দিত হচ্ছে।

তিনি সোমবার (২৩ নভেম্বর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ভারতের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, "আমরা ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই। কিন্তু এরকম একজন খুনি ও লুটেরাকে আপনারা যদি কাছে রাখেন, তবে বন্ধুত্ব কীভাবে হবে? এই ব্যক্তিকে যতদিন আপনারা কাছে রাখবেন, শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বে আপনারা নিন্দিত হবেন।"

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক ও মধ্যাহ্নভোজন

শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নাকচ করে বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, "শেখ হাসিনার মতো এমন শাসক গত ৫০-৫৫ বছরেও এই মাটিতে আসেনি। গায়ের জোরে তিনটি টার্ম ক্ষমতায় থেকে তিনি ভেবেছিলেন আজীবন থাকবেন। কিন্তু কোনো নির্বাচনে নয়, ছাত্র-জনতার গণবিস্ফোরণে তিনি পালিয়েছেন। পালানো ব্যক্তি কি কখনো ফিরে আসে? তিনি আবার আসতে চাইছেন, কিন্তু এটি কখনোই সম্ভব নয়।"

আওয়ামী লীগের রাজনীতি নিয়ে কঠোর মন্তব্য করে শামসুজ্জামান দুদু বলেন, "আওয়ামী লীগ সন্ত্রাসী, আগুন, হত্যা—এটা তাদের কাজ। এর জন্য এই আওয়ামী লীগের সঙ্গে, গোপালগঞ্জের হত্যাকারীদের সঙ্গে বাংলাদেশের মানুষের কোনো সম্পর্ক নেই। কোনো রকম তাদের এই অন্যায়কে এ দেশের মানুষ স্বীকার করে না। রাজনীতিতে তারা আবর্জনাতুল্য।"

বিএনপির নেতৃত্বের প্রসঙ্গ টেনে তিনি বলেন, "রাজনীতিতে যদি থাকতে হয়, বেগম খালেদা জিয়া দৃষ্টান্ত স্থাপন করেছেন, তারেক রহমান দৃষ্টান্ত করেছেন।"

বর্তমান নেতৃত্ব ও সরকারের প্রশংসা করে শামসুজ্জামান দুদু বলেন, "আজকে যার নেতৃত্বে বাংলাদেশ পরিচালিত হচ্ছে, তিনি জনবান্ধব একটা মানুষ। তার একটি মহিমা আছে। তার মন্ত্রিপরিষদ, তার সহকর্মীরা সকলেই অত্যন্ত পরীক্ষিত মানুষ। সেই পরীক্ষা তারা প্রায় দুই দশক ধরে এই দেশে দিয়েছেন।"

আরও পড়ুন: ফ্যাসিবাদ প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে এক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী: নাহিদ ইসলাম

সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, "ঐক্যবদ্ধতার কোনো বিকল্প নেই। আমরা ঐক্যবদ্ধ যতক্ষণ থাকব, সন্ত্রাসীদের এবং পরজীবীদের কোনো ভবিষ্যৎ নাই।"

ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান ও ১২-দলীয় জোটের সমন্বয়ক লায়ন মো. ফারুক রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য হাবিবুর রহমান হাবিব, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. মাইনুল ইসলাম, জাতীয় পার্টির (কাজী জাফর) কো-চেয়ারম্যান আহসান হাবিব লিংকন, আম-জনতা দলের সাধারণ সম্পাদক তারেক রহমান এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী রাশেদ খানসহ ১২-দলীয় জোটের শীর্ষ নেতারা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ইসলামাবাদের উদ্দেশে ঢাকা ছাড়লেন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:০০ পি.এম


স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ইসলামাবাদের উদ্দেশে ঢাকা ছাড়লেন

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের বিশেষ আমন্ত্রণে সরকারি সফরের জন্য ঢাকা ত্যাগ করেছেন। ইসলামাবাদের উদ্দেশ্যে এই সফরে দুই দেশের সংসদীয় সম্পর্ককে শক্তিশালী করা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার পরিকল্পনা রয়েছে।

তিনি সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে ইসলামাবাদের দিকে রওনা হন। জাতীয় সংসদ সচিবালয় এ তথ্য নিশ্চিত করেছে।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের নেতৃত্বে একটি সংসদীয় প্রতিনিধিদল সফরে অংশগ্রহণ করছে। প্রতিনিধিদলে সংসদ সদস্য নাসের রহমান, জহরত আদিব চৌধুরী, হুমাম কাদের চৌধুরী, মোহাম্মদ নাজিবুর রহমান ও নিলোফার চৌধুরী অন্তর্ভুক্ত রয়েছেন।

এই সফরের সময় বাংলাদেশ ও পাকিস্তানের সংসদীয় প্রতিনিধিদলের মধ্যে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। একই সঙ্গে দুই দেশের সংসদীয় সম্পর্ককে আরও জোরদার করার বিষয়টিও গুরুত্ব পাবে।

সফরের পর আগামী ২৯ নভেম্বর স্পিকারের নেতৃত্বে প্রতিনিধিদল দেশে ফেরার কথা রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:০১ পি.এম


ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলার উদ্দেশ্যে গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সোমবার বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনার ভিত্তিতে মোতায়েন করা বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে তাদের দায়িত্ব পালন করছেন। এই জেলাগুলোর গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ও নজরদারি বৃদ্ধি করার পাশাপাশি যেকোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা এবং জননিরাপত্তার জন্য হুমকি হতে পারে এমন কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সদস্যরা সচেষ্ট রয়েছেন।

মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি অব্যাহত রাখা হয়েছে। এই লক্ষ্যে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে পাওয়া লাইভ ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

এতে উল্লেখ করা হয়েছে, বিজিবি সদস্যরা সীমান্তে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা ও ধৈর্যের সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করে চলেছেন। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নিতে বিজিবি বদ্ধপরিকর।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাষ্ট্রপতির সঙ্গে আইইউবিএটি ও স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির প্রতিনিধিদের সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:০১ পি.এম


রাষ্ট্রপতির সঙ্গে আইইউবিএটি ও স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির প্রতিনিধিদের সাক্ষাৎ

ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৬ : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) এবং স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের দুটি আলাদা প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে।

আজ দুপুরে বঙ্গভবনে, আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব এবং স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. শরীফ নাফে আস-সাবেরের নেতৃত্বে উভয় প্রতিনিধিদল পৃথকভাবে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন।

রাষ্ট্রপতির প্রেস উইং-এর একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ সময়, তাঁরা নিজেদের বিশ্ববিদ্যালয়ের সার্বিক অবস্থা ও শিক্ষা কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

রাষ্ট্রপতি উচ্চশিক্ষার মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীদের যথাযথ জ্ঞান ও দক্ষতা অর্জনের মাধ্যমে কর্মসংস্থান এবং পেশাগত জীবনের জন্য উপযোগী করে গড়ে তোলার আহ্বান জানান।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২০২৬ সালের এইচএসসির পুনর্মূল্যায়নে ৩৩৩৪৯ শিক্ষার্থীর ফল পরিবর্তন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:০২ পি.এম


২০২৬ সালের এইচএসসির পুনর্মূল্যায়নে ৩৩৩৪৯ শিক্ষার্থীর ফল পরিবর্তন

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফলাফল প্রকাশিত হয়েছে। ফল পরিবর্তনের আওতায় এসেছে ৩৩ হাজার ৩৪৯ জন শিক্ষার্থীর।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির একটি বিজ্ঞপ্তিতে সোমবার (২৩ নভেম্বর) ফল প্রকাশের পদ্ধতি এবং বিষয়টি জানানো হয়েছে।

এদিকে, বিকেল ৩টা থেকে শিক্ষার্থীরা তাদের ফলাফল দেখতে সক্ষম হয়েছেন। শিক্ষাবোর্ডগুলোর ওয়েবসাইটের পাশাপাশি আবেদনকারীদের মোবাইল ফোনেও এসএমএসের মাধ্যমে ফল জানানো হচ্ছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, তিনটি পদ্ধতির মাধ্যমে পুনঃনিরীক্ষণের ফল জানা যাবে। পরীক্ষার্থীরা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, কেন্দ্রীয় ফল প্রকাশের ওয়েবসাইট এবং মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন।

শিক্ষার্থীরা কেন্দ্রীয় ওয়েবসাইট থেকে ফল দেখতে পারবেন। এছাড়া, পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করা মোবাইল ফোন নম্বরে এসএমএসের মাধ্যমে ফল পাঠানো হবে।

এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের জন্য ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী আবেদন করেছেন। ঢাকা শিক্ষা বোর্ডে সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%