ঢাকা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ইং ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

বিশ্ববাজারে কমেছে কমল তেলের দাম, শেয়ারবাজার নিম্নমুখী


বিশ্ববাজারে কমেছে কমল তেলের দাম, শেয়ারবাজার নিম্নমুখী

সোমবার এশিয়ার শেয়ারবাজারগুলো নিম্নমুখী অবস্থায় ছিল। প্রযুক্তিনির্ভর দক্ষিণ কোরিয়ার শেয়ারবাজারে ৪ শতাংশ দরপতন লক্ষ্য করা গেছে। একই ধরনের পরিস্থিতি দেখা গেছে চীন, হংকং এবং অস্ট্রেলিয়ার বাজারগুলোতেও। এর আগে, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারেও বড় ধরনের দরপতন হয়েছিল। বিশেষ করে প্রযুক্তি খাতের কোম্পানিগুলোর শেয়ার সূচক নাসডাক এক সপ্তাহে ১০ শতাংশ কমে যায়।

বাংলাদেশ সময় সোমবার রাত ২টা ১৬ মিনিটে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২৮ সেন্ট বা শূন্য দশমিক ৩০ শতাংশ কমে ৯২ ডলার ২৯ সেন্টে পৌঁছেছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) এর দাম ১৫ সেন্ট বা শূন্য দশমিক ১৮ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৩ ডলার ২৬ সেন্টে নেমে এসেছে।

পূর্ববর্তী সপ্তাহেও তেলের বাজারে উল্লেখযোগ্য দরপতন হয়েছিল। ওই সপ্তাহে ব্রেন্ট ক্রুডের দাম ৪ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম ৫ শতাংশ কমে যায়।

আরও পড়ুন: কার্বন নিঃসরণ কমিয়ে আন্তর্জাতিক মানের গ্রিন পোর্টের পথে চট্টগ্রাম বন্দর

তবে যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ এবং উপসাগরীয় অঞ্চলে জাহাজ চলাচলে হামলার কারণে তেলের বাজারে বড় ধরনের পতন ঠেকানো সম্ভব হয়েছে। যুদ্ধের উত্তেজনা অব্যাহত থাকায় সরবরাহ নিয়ে উদ্বেগও কাটছে না।

তথ্যসূত্র: রয়টার্স

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অভিষেকেই দুঃস্বপ্ন পচেত্তিনোর, গড়লেন লজ্জার রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৫১ এম


অভিষেকেই দুঃস্বপ্ন পচেত্তিনোর, গড়লেন লজ্জার রেকর্ড

ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হিসেবে মরিসিও পচেত্তিনোর প্রথম ম্যাচে বড় ধরনের পরাজয়ের মুখোমুখি হতে হলো। রোববার প্রিমিয়ার লিগের ১১তম রাউন্ডে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী লিভারপুলের কাছে ৪-০ গোলে পরাজিত হয় ইউনাইটেড। এই সপ্তাহেই যুক্তরাষ্ট্র জাতীয় দল থেকে ইউনাইটেডে যোগ দেন আর্জেন্টাইন কোচ পচেত্তিনো।

শুরুর পরিস্থিতি ছিল অত্যন্ত খারাপ। অষ্টম মিনিটে লেনি ইয়োরো সরাসরি লাল কার্ড পান। লিভারপুলের আলেক্সান্ডার ইসাক দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছিলেন, পেছন থেকে তাকে ফেলে দেন ইয়োরো। এর ফলে নিশ্চিত গোলের সুযোগ নষ্ট হয়।

লাল কার্ডের পর লিভারপুল পেনাল্টি এলাকার ঠিক বাইরে একটি ফ্রি কিক পায়। সরাসরি শট নিয়ে দোমিনিক সোবোসলাই গোল করেন। বল দেয়ালের ভেতর দিয়ে গোলরক্ষক সেনে লামেন্সকে পরাস্ত করে লক্ষ্যবস্তুতে পৌঁছায়। কয়েক মিনিট পর ফ্লোরিয়ান ভার্টজ ব্যবধান বাড়ান। ঘুরে গিয়ে ভলিতে তিনি গোল করেন। ১৩ মিনিটের মধ্যে ইউনাইটেড ২-০ গোলে পিছিয়ে পড়ে, তখন তারা ১০ জনের দল।

এই ঘটনার মাধ্যমে পচেত্তিনো একটি অনাকাঙ্ক্ষিত রেকর্ড গড়েন। প্রিমিয়ার লিগে অভিষেক ম্যাচে সবচেয়ে দ্রুত দুই গোলে পিছিয়ে পড়া কোচ হিসেবে তার নাম উঠে আসে। ওপটাজোর তথ্য অনুযায়ী, অভিষেক ম্যাচের প্রথমার্ধে লাল কার্ড ও দুই গোল হজম করার ঘটনা প্রিমিয়ার লিগের ইতিহাসে এই প্রথম।

দ্বিতীয়ার্ধেও পরিস্থিতির পরিবর্তন ঘটেনি। ৬৬ মিনিটে লিভারপুল ব্যবধান ৩-০ করে। এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দারুণ আক্রমণ গড়ে ব্র্যাডলি বার্কোলা বল দেন ১৮ বছর বয়সী ফরোয়ার্ড রিও এনগুমোহার কাছে, যিনি গোল করেন। ৮২ মিনিটে চতুর্থ গোলটি করেন ভিক্তর মুনিয়োস। ভির্টৎসের সঙ্গে ওয়ান-টু খেলে তিনি দারুণ ফিনিশ করেন। ইউনাইটেডের দুর্বল ক্লিয়ারেন্স থেকেই এই সুযোগ তৈরি হয়।

ইউনাইটেডের সেরা সুযোগটি আসে যোগ করা সময়ে। ব্রুনো ফার্নান্দেস একা বল নিয়ে ছুটে যান এবং কর্নার থেকে হ্যারি ম্যাগুয়ের হেড করেন। তবে ১০ জনের ইউনাইটেডের আক্রমণ ছিল অকার্যকর। তারা ১০টি শট নেয়, যার মধ্যে চারটি লক্ষ্যে ছিল। অপরদিকে লিভারপুল ২৮টি শট নেয়, লক্ষ্যে ১১টি। ফলাফল আরও বড় হতে পারত, কারণ লামেন্স সাতটি সেভ করেন এবং লিভারপুল ছয়টি বড় সুযোগ নষ্ট করে।

পচেত্তিনোর জন্য ইউনাইটেডের দায়িত্ব নেওয়া শুরু থেকেই কঠিন ছিল। ক্লাবটি মৌসুম শুরু করেছে খারাপভাবে, প্রথম ১০ ম্যাচে তারা মাত্র একটি ম্যাচ জিতেছে। সাবেক কোচ মাইকেল ক্যারিক গত মৌসুমের শেষে দায়িত্ব নেন এবং ২০২৬-২৭ মৌসুমের শুরু থেকেই তার চাকরি নিয়ে টানাটানি চলছিল।

ক্যারিককে ছাঁটাইয়ের আগে পচেত্তিনোর নাম আলোচনায় আসে। ছাঁটাইয়ের পর সবকিছু দ্রুত এগিয়ে যায়। ইউনাইটেড যুক্তরাষ্ট্র ফুটবল ফেডারেশনের সঙ্গে যোগাযোগ করে। কয়েক মাস আগে পচেত্তিনো যে চুক্তি বাড়িয়েছিলেন, তার একটি ধারা অনুযায়ী তাকে আনতে ইউনাইটেডের খরচ হয়েছে ১ কোটি ডলার।

এই পরাজয়ের পর ২০ দলের লিগে ইউনাইটেড ১৯তম স্থানে নেমে গেছে। এভাবে চললে ক্লাবের ইতিহাসে প্রথমবারের মতো রেলিগেশনের ঝুঁকিতে পড়তে পারে তারা। এই ম্যাচসহ তারা ২৩ গোল হজম করেছে, তাদের চেয়ে বেশি গোল খেয়েছে শুধু তলানির ক্রিস্টাল প্যালেস।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাম্পের ইরানের বিরুদ্ধে নতুন সামরিক হামলার আভাস

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৫১ এম


ট্রাম্পের ইরানের বিরুদ্ধে নতুন সামরিক হামলার আভাস

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে, নতুন বছরের পর ইরানের বিরুদ্ধে আবারও সামরিক হামলা শুরুর বিষয়টি বিবেচনায় রয়েছে যদি দেশটির সঙ্গে কোনো চুক্তিতে পৌঁছাতে না পারেন। তিনি জানিয়েছেন, তেহরানের সঙ্গে চলমান পরোক্ষ আলোচনায় কোনো দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় এমন অবস্থানের কথা বলেছেন।

রোববার (২২ নভেম্বর) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প মন্তব্য করেন, "ইরানিরা সব সময় কথা বলে, কিন্তু আলোচনায় কোনো ফল আসে না।" তাঁর মতে, "তারা শুধু কথাই বলে যায়।" নতুন বছরের পরও যদি কোনো চুক্তি না হয়, তাহলে ইরানে আবার হামলা চালানোর বিষয়ে তিনি আগ্রহী বলে জানান।

ট্রাম্প আরও জানান, যুক্তরাষ্ট্রের আরোপ করা নৌ অবরোধ পরীক্ষা করার জন্য ইরানের তেলবাহী জাহাজগুলো এগিয়ে আসুক, এমনটাও চান। তিনি বলেন, "জাহাজগুলোও সমুদ্রের তলদেশে চলে যাবে, যেমনটা হয়েছে ইরানের নৌবাহিনীর ক্ষেত্রে।"

এদিকে, নবনির্বাচিত মার্কিন সিনেটর আবদুল এল-সাইয়েদ ট্রাম্পের বিরুদ্ধে যুদ্ধকে অগ্রাধিকার দেওয়ার অভিযোগ তুলেছেন। তাঁর অভিযোগ, প্রেসিডেন্ট কার্যকর সরকার পরিচালনা ও সাধারণ মানুষের অর্থনৈতিক চাহিদার চেয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়াকে বেশি গুরুত্ব দিচ্ছেন।

রোববার এনবিসি নিউজের ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে এল-সাইয়েদ বলেন, "সম্ভাব্য সরকারি অচলাবস্থার জন্য ডেমোক্র্যাটদের দায়ী করা ঠিক হবে না। বরং যুদ্ধের অর্থায়ন নিয়ে সমঝোতায় পৌঁছানোর দায়িত্ব ট্রাম্পের।"

এল-সাইয়েদ আরও বলেন, "জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখা, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং মার্কিন সেনাসদস্যদের জীবন রক্ষার মতো বিষয়গুলোর চেয়ে যুদ্ধকে বেশি গুরুত্ব দিচ্ছেন ট্রাম্প।"

তিনি উল্লেখ করেন, "যুদ্ধের অর্থ বরাদ্দ এবং যুদ্ধ ঘোষণার সাংবিধানিক ক্ষমতা কংগ্রেসের। কিন্তু ট্রাম্প কার্যত সেই ক্ষমতা নিজের হাতে তুলে নিয়েছেন।" তবে তিনি স্পষ্ট করেন যে, সরকার বন্ধ হয়ে যাক, সেটি তিনি চান না। তথ্যসূত্র: আল-জাজিরা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সোমবার ঢাকার বিভিন্ন মার্কেট ও দোকানপাট বন্ধ থাকবে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৫২ এম


সোমবার ঢাকার বিভিন্ন মার্কেট ও দোকানপাট বন্ধ থাকবে

প্রয়োজনের কারণে প্রায়শই আমাদের বিভিন্ন মার্কেটে যেতে হয়। রাজধানী ঢাকা শহরে সপ্তাহের বিভিন্ন দিন বিভিন্ন এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ থাকে। তাই, বের হওয়ার আগে জানা উচিত কোন দিন কোন এলাকার দোকানপাট বা মার্কেট বন্ধ থাকে। এতে করে ঘর থেকে বের হয়ে সময় নষ্ট না করে ফিরে আসা সম্ভব হয়।

সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর যেসব এলাকার দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে, সেগুলি নিচে উল্লেখ করা হলো-

যেসব এলাকার মার্কেট বন্ধ

আগারগাঁও, তালতলা, শেরেবাংলা নগর, শেওড়াপাড়া, কাজীপাড়া, পল্লবী, মিরপুর-১০, মিরপুর-১১, মিরপুর-১২, মিরপুর-১৩, মিরপুর-১৪, ইব্রাহীমপুর, কচুক্ষেত, কাফরুল, মহাখালী, নিউ ডিওএইচএস, ওল্ড ডিওএইচএস, কাকলী, তেজগাঁও ওল্ড এয়ারপোর্ট এরিয়া, তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, ক্যান্টনমেন্ট, গুলশান-১, ২, বনানী, মহাখালী কমার্শিয়াল এরিয়া, নাখালপাড়া, মহাখালী ইন্টারসিটি বাস টার্মিনাল এরিয়া, রামপুরা, বনশ্রী, খিলগাঁও, গোড়ান, মালিবাগের একাংশ, বাসাবো, ধলপুর, সায়েদাবাদ, মাদারটেক, মুগদা, কমলাপুরের একাংশ, যাত্রাবাড়ীর একাংশ, শনির আখড়া, দনিয়া, রায়েরবাগ ও সানারপাড়।

যেসব মার্কেট অর্ধদিবস বন্ধ থাকবে

বিসিএস কম্পিউটার সিটি (আইডিবি), পল্লবী সুপার মার্কেট, মিরপুর বেনারসি পল্লী, ইউএই মৈত্রী কমপ্লেক্স, বনানী সুপার মার্কেট, ডিসিসি মার্কেট গুলশান-১ ও ২, গুলশান পিংক সিটি, মোল্লা টাওয়ার, আল-আমিন সুপার মার্কেট, রামপুরা সুপার মার্কেট, মালিবাগ সুপার মার্কেট, তালতলা সিটি কর্পোরেশন মার্কেট, কমলাপুর স্টেডিয়াম মার্কেট, গোড়ান বাজার, আবেদিন টাওয়ার, ঢাকা শপিং সেন্টার, আয়েশা মোশারফ শপিং কমপ্লেক্স, মিতালী অ্যান্ড ফ্রেন্ড সুপার মার্কেট।

যেসব এলাকার দোকানপাট বন্ধ থাকবে

রামপুরার মোল্লা টাওয়ার, আল-আমিন সুপার মার্কেট, রামপুরা সুপার মার্কেট, মালিবাগ সুপার মার্কেট, তালতলা সিটি কর্পোরেশন মার্কেট, কমলাপুর স্টেডিয়াম মার্কেট, গোড়ান বাজার, মেরাদিয়া বাজার, আয়েশা-মোশারফ শপিং কমপ্লেক্স, দনিয়া তেজারত সুপার মার্কেট, আবেদীন টাওয়ার, ঢাকা শপিং সেন্টার, মিতালী অ্যান্ড ফ্রেন্ডস সুপার মার্কেট।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কালিয়াকৈরের ২০০ বছরের জমিদার বাড়িতে ৫ হাজার স্মৃতি, অবহেলায় হারাচ্ছে ইতিহাসের গুপ্তধন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৫৩ এম


কালিয়াকৈরের ২০০ বছরের জমিদার বাড়িতে ৫ হাজার স্মৃতি, অবহেলায় হারাচ্ছে ইতিহাসের গুপ্তধন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শ্রীফলতলী গ্রামে প্রায় ২০০ বছরের পুরোনো ঐতিহাসিক শ্রীফলতলী জমিদার বাড়িটি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে, কালিয়াকৈর বাজার বাসস্ট্যান্ডের নিকটে অবস্থিত এই বাড়িটি। স্থানীয়ভাবে এটি ছিবলতলী নামেও পরিচিত, যদিও অনেকে ভুল করে এটিকে শিমুলতলী বলে। সঠিক নাম শ্রীফলতলী। সবুজ প্রকৃতির ছায়াঘেরা, পাখির কলকাকলিতে মুখর এই বাড়ির ভেতরেই লুকিয়ে আছে ৫০০০ স্মৃতি। কিন্তু আজ সেই ইতিহাস ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। বড় তরফের অনেক দরজায় তালা, দেয়ালে ফাটল, ছোট তরফে এখনো বংশধররা টিকে আছেন। আর সেই হৃদয়বিদারক বাস্তবতা নিয়েই এই প্রতিবেদনটি রচিত হয়েছে।

পারিবারিক ইতিহাস ও স্থানীয় সূত্র অনুযায়ী, তুর্কি সুলতান সুলায়মান দ্য গ্রেট ধর্ম প্রচারের উদ্দেশ্যে ভারতবর্ষে চারজন গাজীকে পাঠিয়েছিলেন। তাদের মধ্যে তালিব গাজী অন্যতম। তার নামানুসারেই এই অঞ্চলের নাম তালিবাবাদ পরগণা হয়ে ওঠে।

শ্রীফলতলীর জমিদার হিসেবে পরিচিত তালিব গাজীর বংশধররা। এই এস্টেটটি বিখ্যাত তালিবাবাদ পরগণার নয় আনা অংশের মালিকানা নিয়ে গঠিত হয়েছিল। এস্টেটের তৎকালীন কর্ণধার খোদা নেওয়াজ খানের কনিষ্ঠ পুত্র রহিম নেওয়াজ খান চৌধুরী এই জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা। তার জমিদারির পরিধি ছিল ময়মনসিংহ, নরসিংদী এবং সাটুরিয়া পর্যন্ত বিস্তৃত। জানা যায়, তার প্রচেষ্টায় প্রায় একশ বছর আগে তালিবাবাদ পরগণা সাভার থেকে আলাদা হয়ে কালিয়াকৈর থানা হিসেবে আত্মপ্রকাশ করে। জমিদার রহিম নেওয়াজ খান চৌধুরী ৩০শে বৈশাখ ১৩২০ বঙ্গাব্দে মৃত্যুবরণ করেন। আজ তার নামে এলাকায় মাদ্রাসা চলছে, কিন্তু তার বাড়ি আজ অবহেলায় কাঁদছে।

একজন ইতিহাস সচেতন ব্যক্তি মন্তব্য করেন, "কালিয়াকৈর থানা হওয়ার পেছনে এই পরিবারের অবদান আছে। আজ আমরা কালিয়াকৈরবাসী বলে পরিচয় দিই, কিন্তু যারা এই পরিচয় এনে দিলেন, তাদের বাড়ির দিকে আমরা তাকাই না। এটা বড় দুঃখের।"

জমিদার বাড়িটি বড় তরফ ও ছোট তরফ- এই দুই অংশে বিভক্ত।

বড় তরফ: পেছনে কিছু পরিবার বসবাস করেন। মূল ভবনের অনেক দরজা তালাবদ্ধ থাকে। বাইরের অংশ সহজে দেখা যায়। ভেতরে ঢুকলেই বোঝা যায়, একসময় এখানে কত মানুষের আনাগোনা ছিল, কত উৎসব হতো। আজ সেখানে নীরবতা বিরাজ করছে।

ছোট তরফ: জমিদার বংশধরদের একটি অংশ বসবাস করেন। এটি বিভিন্ন নাটক ও সিনেমার শুটিং স্পট হিসেবেও ব্যবহৃত হয়। এখানে প্রবেশের ক্ষেত্রে অনুমতি নেওয়ার প্রয়োজন হয়।

মসজিদ: দুই তরফের মাঝখানে জমিদার বাড়ির মসজিদ অবস্থিত, যা সময়ের প্রয়োজনে সম্প্রসারিত হয়েছে। আজও এই মসজিদে নামাজ হয়, আজান হয়। এই আজানই যেন মনে করিয়ে দেয়- এই বাড়ি এখনো বেঁচে আছে।

সরেজমিনে দেখা যায়, মূল প্রবেশদ্বার পেরিয়ে ভেতরে ঢুকতেই পূর্বপ্রান্তে সৈয়দ আফজাল হোসেন আপেলের দেওয়া সংক্ষিপ্ত ইতিহাস ও তথ্যসংবলিত ফলক রয়েছে। এর পাশেই রহিম নেওয়াজ খান ও সৈয়দ মোফাজ্জল হোসেন চৌধুরীর (শাহজাহান চৌধুরী) দুটি আলোকচিত্র এবং পরিচিতি লেখা আছে। সবুজ ঘাসের আঙিনা পেরিয়ে মূল ভবনের যে কক্ষে সৈয়দ আফজাল হোসেন আপেল বসেন, সেখানেও রয়েছে অসংখ্য দুর্লভ ছবি।

জমিদার বংশের উত্তরসূরি সৈয়দ আফজাল হোসেন আপেলের উদ্যোগে প্রায় ১৫ বছর আগে এই বাড়িতে গড়ে তোলা হয়েছে একটি ব্যতিক্রমী ব্যক্তিগত জাদুঘর। এতে স্থান পেয়েছে ৩০০ বছরের পুরোনো পালকি, তৈজসপত্র, দুষ্প্রাপ্য আলোকচিত্র ও পুরোনো সংবাদপত্রসহ প্রায় ৫ হাজার দুর্লভ নিদর্শন। দুটি কক্ষে প্রায় ৩০০ বছর আগের নানা নিদর্শন টেবিল, আলমারি ও কাচের ফ্রেমে যত্নসহকারে সাজানো রয়েছে।

একটি প্রাচীন পালকি, পুরোনো আমলের চামচ, প্লেট, গ্লাস, পিতলের তৈজসপত্র, মাটির ব্যাংক, হারিকেন, কেটলি, চায়ের কাপ, চুড়ি, দা-বঁটি, পুরোনো মডেলের মোবাইল ফোন, বাইসাইকেল ও যন্ত্রাংশসহ ছোট-বড় প্রায় ৫ হাজার সামগ্রী, দেয়াল ও ফ্রেমে স্থান পেয়েছে শত শত দুষ্প্রাপ্য আলোকচিত্র। এর মধ্যে মহানবী (সা.)-এর পদচিহ্নের ছবি, ঐতিহাসিক মসজিদ, ব্রিটিশ আমলের ছবি, জমিদারদের প্রতিকৃতি, দেশি-বিদেশি কবি, সাহিত্যিক ও মনীষীদের ছবি, পুরোনো দিনের চলচ্চিত্র তারকাদের ছবি এবং প্রকৃতি ও বন্যপ্রাণীর নানা আলোকচিত্র উল্লেখযোগ্য।

একসময় সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকলেও বর্তমানে বন্ধ রাখা হয়েছে। তবে আগ্রহী দর্শনার্থীরা সৈয়দ আফজাল হোসেন আপেলের অনুমতি নিয়ে এটি পরিদর্শন করতে পারেন।

একজন দর্শনার্থী বলেন, "আমি একবার ভেতরে ঢুকেছিলাম। মনে হলো ৩০০ বছর পেছনে চলে গেছি। পালকি দেখে মনে হলো, জমিদাররা এতেই চড়তেন। এই জিনিসগুলো দেখলে চোখে পানি চলে আসে।"

জাদুঘর গড়ে তোলার প্রেক্ষাপট জানিয়ে সৈয়দ আফজাল হোসেন আপেল বলেন, "দেশে ও বিদেশে পড়াশোনার সুবাদে বিভিন্ন জাদুঘর দেখার সুযোগ হয়েছে। সেখান থেকেই অনুপ্রাণিত হয়ে নিজের জমিদার বাড়িতে এই সংগ্রহশালা গড়ে তুলি। দুর্লভ নিদর্শনগুলো সংরক্ষণের মাধ্যমে মানুষের জ্ঞানের পরিধি বাড়ানো এবং গবেষণার সুযোগ সৃষ্টি করাই আমার লক্ষ্য, যাতে আগামী প্রজন্ম ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানতে পারে।"

ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে তিনি ভারাক্রান্ত কণ্ঠে বলেন, "আমি যখন থাকব না, তখন সরকারি নিয়ম অনুযায়ী জাদুঘরটি সরকারের দায়িত্বে হস্তান্তর করে যেতে চাই। কারণ, যথাযথ প্রাতিষ্ঠানিক তত্ত্বাবধান ছাড়া সাধারণ মানুষের পক্ষে এসব দুর্লভ নিদর্শনের মর্যাদা ও সুরক্ষা নিশ্চিত করা সম্ভব নয়। আমি চাই না আমার চোখের সামনে ৫ হাজার স্মৃতি নষ্ট হয়ে যাক।"

এটাই তার সবচেয়ে বড় দুঃখ-একা একা এই ইতিহাস বয়ে বেড়াচ্ছেন, কিন্তু রাষ্ট্র এখনো এগিয়ে আসেনি। তিনি আরও বলেন, "আমি টাকার জন্য এটা করিনি। আমি করেছি ইতিহাস বাঁচানোর জন্য। আমার পূর্বপুরুষরা মানুষের জন্য অনেক কিছু দিয়ে গেছেন। আমি চাই তাদের স্মৃতিটুকু অন্তত বেঁচে থাকুক।"

এলাকার উন্নয়নে শ্রীফলতলীর জমিদারদের অবদানও কম নয়। পূর্বপুরুষরা মহাসড়ক ও কালিয়াকৈর হাসপাতালের জন্য জমি দান করেছেন এবং কালিয়াকৈর প্রধান ডাকঘর প্রতিষ্ঠা করেছেন। আজ যে রাস্তা দিয়ে মানুষ চলাচল করে, যে হাসপাতালে চিকিৎসা নেয়, তার পেছনে এই জমিদার পরিবারের দান রয়েছে।

একজন প্রবীণ বাসিন্দা বলেন, "আগে যখন হাসপাতাল ছিল না, মানুষ মারা যেত। জমিদাররা জমি না দিলে আজ কালিয়াকৈরে হাসপাতাল হতো না। তাদের দানের কারণেই আমরা বেঁচে আছি।"

সেই ধারাবাহিকতায় সৈয়দ আফজাল হোসেন আপেল প্রতিষ্ঠা করেছেন কায়সার বানু চৌধুরাণী মহিলা কলেজ। এই কলেজের জন্য তিনি ইতোমধ্যে ৯১ শতাংশ জমি দান করেছেন এবং আরও ৪০ শতাংশ জমি দেওয়ার ঘোষণা দিয়েছেন।

কিন্তু হৃদয়বিদারক বিষয় হলো, বর্তমানে প্রায় পাঁচ লাখ টাকার অভাবে কলেজটির কার্যক্রম আটকে আছে। জমি দিয়েছেন, স্বপ্ন দেখেছেন, কিন্তু টাকার অভাবে মেয়েদের কলেজটি চালু হচ্ছে না। তিনি শিক্ষার প্রসারে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।

একজন অভিভাবক বলেন, "আমাদের মেয়েরা দূরে কলেজে যেতে পারে না। এই কলেজটা হলে আমাদের মেয়েরা ঘরের কাছে পড়তে পারত। মাত্র ৫ লাখ টাকার জন্য এটা আটকে আছে, এটা শুনে খুব কষ্ট লাগে।"

এ ছাড়া তার তত্ত্বাবধানে জামিয়া আরাবিয়া রহিম নেওয়াজ খান হাফিজিয়া মাদ্রাসা ও সৈয়দা আফিফা খাতুন মহিলা মাদ্রাসা পরিচালিত হচ্ছে।

নানা জাতের বৃক্ষলতা ও পাখির কলকাকলিতে মুখর শ্রীফলতলী জমিদার বাড়ি এলাকাটি প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য লীলাভূমি। প্রকৃতির এই উদারতার মাঝেই শতবর্ষী আভিজাত্য নিয়ে দাঁড়িয়ে আছে স্থাপনাটি। কিন্তু এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে অবহেলা। সংস্কারের অভাবে অনেক অংশ নষ্ট হয়ে যাচ্ছে। পর্যটনের কোনো ব্যবস্থা নেই। সরকারি কোনো বোর্ড নেই, কোনো নির্দেশনা নেই।

স্থানীয়রা বলছেন, শ্রীফলতলী জমিদার বাড়ির এই জাদুঘর কালিয়াকৈরের গর্ব। এটিকে সরকারি পৃষ্ঠপোষকতায় সংরক্ষণ করা হলে গাজীপুরসহ সারা দেশের শিক্ষার্থী, গবেষক ও পর্যটকরা উপকৃত হবেন।

এক স্থানীয় বাসিন্দা বলেন, "এই বাড়ি আমাদের ইতিহাস। ৫ হাজার জিনিস এক জায়গায় দেখা যায়, এটা অনেক বড় ব্যাপার। সরকার যদি এটাকে রক্ষা না করে, তাহলে একদিন এই বাড়ি ভেঙে যাবে, আর আমাদের সন্তানরা জানতেই পারবে না তাদের শেকড় কোথায়।"

আরেকজন বলেন, "যারা হাসপাতালের জন্য জমি দিল, রাস্তার জন্য জমি দিল, ডাকঘর দিল—আজ তাদের বাড়ি অবহেলায় পড়ে আছে। এটা আমাদের জন্য লজ্জার।"

একজন শিক্ষক বলেন, "আমরা ছাত্রদের বইয়ে ইতিহাস পড়াই। কিন্তু চোখের সামনে জীবন্ত ইতিহাস পড়ে আছে শ্রীফলতলীতে। সরকার যদি এটাকে জাদুঘর হিসেবে ঘোষণা করে, তাহলে আমাদের ছাত্ররা অনেক কিছু শিখতে পারবে।"

ঢাকা থেকে বাসে শ্রীফলতলী মোড় বা চন্দ্রা/কালিয়াকৈর বাসস্ট্যান্ডে নেমে রিকশা বা হেঁটে সহজেই এখানে পৌঁছানো যায়। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশেই শ্রীফলতলী এলাকায় অবস্থিত এই বাড়ি। দর্শনার্থীরা অনুমতি নিয়ে জাদুঘরটি ঘুরে দেখতে পারেন। তবে বড় তরফের ভেতরে প্রবেশে অনুমতি লাগে।

কালিয়াকৈরের শ্রীফলতলী জমিদার বাড়ি শুধু ইট-পাথরের স্থাপনা নয়, এটি ২০০ বছরের ইতিহাস, ঐতিহ্য, দান ও মানবতার স্মৃতি। আজ সেই স্মৃতি বাঁচানোর জন্য উত্তরসূরি একা লড়ছেন। একদিকে ৫ হাজার নিদর্শন নষ্ট হয়ে যাওয়ার ভয়, অন্যদিকে ৫ লাখ টাকার অভাবে মেয়েদের কলেজ আটকে থাকার কষ্ট।

এখন সময় এসেছে-রাষ্ট্র, সমাজ ও বিত্তবানদের এগিয়ে এসে এই গুপ্তধনকে রক্ষা করার। একদিন কালিয়াকৈর হারিয়ে ফেলবে তার সবচেয়ে বড় পরিচয়। আর তখন আমাদের সন্তানরা শুধু গল্প শুনবে-একসময় শ্রীফলতলীতে এক জমিদার বাড়ি ছিল, যেখানে ৫ হাজার স্মৃতি ছিল।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%