ঢাকা শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ইং ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান


কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থীশিবির পরিদর্শনে গেছেন। এটি মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় ঘোষণার পরের ঘটনা।

শুক্রবার (২০ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে তিনি উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান। সেখানে উপস্থিত রোহিঙ্গারা তাকে স্বাগত জানান।

পররাষ্ট্রমন্ত্রী সফরের সময় রোহিঙ্গাদের সঙ্গে সরাসরি কথা বলবেন। তারা নিজেদের দীর্ঘদিনের বাস্তুচ্যুতি, নিরাপত্তাহীনতা, নাগরিকত্বের অধিকার এবং মিয়ানমারে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষার বিষয়গুলো তুলে ধরবেন।

আরও পড়ুন: শনিবার সোনারগাঁ উপজেলার বিভিন্ন এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দপ্তর থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ সফরের তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ সফরের অংশ হিসেবে শুক্রবার কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থীশিবির পরিদর্শন করবেন খলিলুর রহমান। তিনি এর আগে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এ সফর এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে গাম্বিয়ার করা মামলায় গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) রায় ঘোষণা করেছে।

২০১৯ সালে গণহত্যা সনদের আওতায় গাম্বিয়ার দায়ের করা মামলায় মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালানোর অভিযোগ আনা হয়। রায়ের পরদিন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির রোহিঙ্গা শিবির পরিদর্শনকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন: মুকসুদপুর থানায় অস্ত্র উদ্ধার: সালথা ওসির টিম পাচ্ছে সর্বোচ্চ পুরস্কার

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জ্যোতিকা জ্যোতির পর এবার আটক তমাল মাহবুব, অভিযোগ উসকানিমূলক কর্মকাণ্ডে

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৩৩ পি.এম


জ্যোতিকা জ্যোতির পর এবার আটক তমাল মাহবুব, অভিযোগ উসকানিমূলক কর্মকাণ্ডে

ছোটপর্দার অভিনেতা তমাল মাহবুবকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি), অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির পর এবার।

২০ নভেম্বর বৃহস্পতিবার রাতে, রাজধানীর আজিমপুর এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়। পরে, তাকে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। তবে, এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো মামলায় গ্রেপ্তার দেখানোর খবর পাওয়া যায়নি।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম, অভিনেতা তমাল মাহবুবের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি সংবাদমাধ্যমকে জানান, রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে আজিমপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। এরপর, তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

প্রাথমিকভাবে আটকের কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হয়নি, তবে পরে শফিকুল ইসলাম সংবাদমাধ্যমকে বলেন, তমাল মাহবুবের বিরুদ্ধে উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

কিছু সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার এবং আলোচিত ‘আলো আসবেই’ হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে এই অভিনেতার বিরুদ্ধে। তবে, এসব অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। তমাল মাহবুবের বক্তব্যও পাওয়া যায়নি।

এর আগে, গত বুধবার দিবাগত রাত দুইটার দিকে রাজধানীর তুরাগ থানার ১৮ নম্বর সেক্টরের একটি বাসা থেকে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে আটক করে ডিবি। তাকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে জুলাই আন্দোলন দমনে টাকা জোগান দেওয়ার অভিযোগে গ্রেপ্তার দেখানো হয়। পরে, আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিনোদন অঙ্গনে আলোচনায় আসে ‘আলো আসবেই’ নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ। ওই বছরের সেপ্টেম্বরে গ্রুপটির কথোপকথনের কিছু স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়। গ্রুপে থাকা কয়েকজন অভিনয়শিল্পী, সাংবাদিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তির কথোপকথনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং আন্দোলনকারীদের নিয়ে নেতিবাচক মন্তব্য উঠে আসে।

গ্রুপটির সদস্যদের মধ্যে জ্যোতিকা জ্যোতির নামও ছিল। সে সময় ফেসবুক লাইভে এসে নিজের অবস্থান ব্যাখ্যা করেছিলেন এই অভিনেত্রী। তার দাবি ছিল, গ্রুপটির উদ্দেশ্য দেশের বা মানুষের ক্ষতি করা নয়। আন্দোলনের সময় ঢাকার পরিস্থিতি সম্পর্কে সেখানে বিভিন্ন তথ্য বিনিময় করা হতো।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসরাইলি হামলায় পা হারানো এএফপির সাংবাদিককে সম্মাননা দিল সিপিজে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৩৩ পি.এম


ইসরাইলি হামলায় পা হারানো এএফপির সাংবাদিককে সম্মাননা দিল সিপিজে

ঢাকা, ২০ নভেম্বর, ২০২৬ : লেবানন সীমান্তে সংবাদ সংগ্রহের সময় ইসরাইলি হামলায় একটি পা হারানো এএফপির সাংবাদিক ক্রিস্টিনা আসিকে সম্মাননা প্রদান করেছে সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করা আন্তর্জাতিক সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)।

সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে সোচ্চার ভূমিকার জন্য বৃহস্পতিবার তাকে এই সম্মাননা দেওয়া হয়।

খবরটি বার্তা সংস্থা এএফপি’র।

২০২৩ সালের অক্টোবরে ইসরাইল সীমান্তের কাছে সংঘাতের খবর সংগ্রহের সময় রয়টার্সের সাংবাদিক ইসাম আবদুল্লাহ নিহত হন। এ সময় আহত হন আরও ছয়জন, যাদের মধ্যে এএফপির সাংবাদিক ক্রিস্টিনা আসি ও ডিলান কলিন্সও ছিলেন।

এএফপির নিজস্ব তদন্তে উল্লেখ করা হয়েছে, উত্তর ইসরাইলের জর্দেইখ এলাকা থেকে দুটি ১২০ মিলিমিটার কামানের গোলা ছোড়া হয়েছিল।

রয়টার্স, সিপিজে, হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং রিপোর্টার্স উইদাউট বর্ডারসহ একাধিক আন্তর্জাতিক সংস্থার পৃথক তদন্তেও এএফপির তদন্তের ফলাফলের সঙ্গে মিল পাওয়া গেছে।

হামলার পর থেকে লেবাননের আলোকচিত্রী ও ফটো এডিটর আসি নিহত সহকর্মীর হত্যার বিচার, যুদ্ধক্ষেত্রে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং দায়িত্ব পালনকালে আহত সাংবাদিকদের সহায়তায় একটি কর্মসূচি চালুর দাবিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

২০২৪ সালের জুলাইয়ে প্যারিস অলিম্পিকে দায়িত্ব পালনকালে নিহত সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা জানাতে তিনি অলিম্পিক মশাল বহন করেন।

সম্মাননা অনুষ্ঠানের আগে এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে আসি বলেন, ‘আমি আনন্দিত ও সম্মানিত বোধ করছি। তবে একই সঙ্গে এই সম্মাননা পাওয়ার পেছনের কারণগুলো আমাকে ক্ষুব্ধ ও দুঃখিতও করছে।’

তিনি আরও বলেন, ‘গত তিন বছরে আমরা অনেক সহকর্মীকে হারিয়েছি। এখন পর্যন্ত আমরা যা করেছি এবং সাংবাদিকদের অধিকারের পক্ষে যেসব প্রচার-প্রচারণা চালিয়েছি, সেগুলোও যথেষ্ট মনে হচ্ছে না।’

এএফপির সংবাদ পরিচালক ফিল চেউইন্ড পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আগে বলেন, ‘ক্রিস্টিনা ও তার সাংবাদিক সহকর্মীদের ওপর হামলা স্পষ্টতই একটি যুদ্ধাপরাধ।’

তিনি আরও বলেন, ‘এ বিষয়ে জবাবদিহি নিশ্চিত করার জন্য এএফপি বারবার ইসরায়েলের কাছে ব্যাখ্যা চেয়েছে। কিন্তু কোনো জবাব পাওয়া যায়নি। দায়মুক্তির সংস্কৃতিকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’

বৃহস্পতিবার সিপিজের প্রেস ফ্রিডম অ্যাওয়ার্ড পাওয়া অন্য সাংবাদিকদের মধ্যে রয়েছেন হাঙ্গেরির অনুসন্ধানী সাংবাদিক সাবোলচ পানই এবং কলম্বিয়ার সাংবাদিক এস্তেফানি রদ্রিগেজ।

ভিক্টর অরবানের শাসনামলে দুর্নীতি নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন করার জন্য হাঙ্গেরির সাংবাদিক পানইকে এ সম্মাননা দেওয়া হয়। অন্যদিকে, যুক্তরাষ্ট্রে অভিবাসন আইন প্রয়োগসংক্রান্ত কার্যক্রম নিয়ে প্রতিবেদন তৈরির সময় গ্রেপ্তার হয়েছিলেন কলম্বিয়ার সাংবাদিক রদ্রিগেজ।

সিপিজে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি স্বাধীন আন্তর্জাতিক সংস্থা। বিশ্বজুড়ে সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষা এবং সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে সংগঠনটি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চীন-অস্ট্রেলিয়া সম্পর্কের ব্যাপক পরিবর্তনের প্রশংসা শি জিনপিংয়ের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৩৪ পি.এম


চীন-অস্ট্রেলিয়া সম্পর্কের ব্যাপক পরিবর্তনের প্রশংসা শি জিনপিংয়ের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মন্তব্য করেছেন যে, গত চার বছরে চীন ও অস্ট্রেলিয়ার দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি সাধিত হয়েছে। তিনি জোর দিয়েছেন যে, দুই দেশের মধ্যে সহযোগিতা আরও বৃদ্ধি করা প্রয়োজন এবং মতপার্থক্যগুলোকে পাশ কাটিয়ে সম্পর্ককে এগিয়ে নেওয়ার জন্য গুরুত্ব দেওয়া উচিত।

শুক্রবার (২০ নভেম্বর) শেনজেনে অনুষ্ঠিত এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের ফাঁকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে বৈঠকে শি এসব কথা বলেন। রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, বৈঠকে শি জিনপিং চীনের অস্ট্রেলিয়ার সঙ্গে সহযোগিতা আরও জোরদার করার আগ্রহ প্রকাশ করেছেন। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে যে অগ্রগতি হয়েছে, তা কাজে লাগিয়ে দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য বেইজিং প্রস্তুত। শি জানান, ২০২২ সালে আলবানিজ প্রধানমন্ত্রী হওয়ার পর তাঁদের মধ্যে চারবার সাক্ষাৎ হয়েছে এবং এই সময়ের মধ্যে দুই দেশের সম্পর্কের ব্যাপক পরিবর্তন ঘটেছে।

চীন অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার। তবে, অস্ট্রেলিয়ার পূর্ববর্তী মধ্য-ডানপন্থী জোট সরকার ক্ষমতায় থাকাকালীন দুই দেশের মধ্যে টানাপড়েন সৃষ্টি হয়েছিল। করোনাভাইরাসের উৎস নিয়ে আন্তর্জাতিক তদন্তের দাবি জানানো অস্ট্রেলিয়ার পদক্ষেপে বেইজিং ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায়। পরবর্তীতে চীন অস্ট্রেলিয়ার বিভিন্ন পণ্যের ওপর আরোপিত একাধিক বাণিজ্যিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করে।

তবে, নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরও দুই দেশের মধ্যে বিভিন্ন বিষয়ে উত্তেজনা দেখা দিয়েছে। প্রশান্ত মহাসাগরে চীনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা এবং গুপ্তচরবৃত্তির অভিযোগে চীনে জন্ম নেওয়া অস্ট্রেলীয় নাগরিকদের গ্রেপ্তারের ঘটনা নতুন করে অস্বস্তি তৈরি করেছে।

বৈঠকের পর সাংবাদিকদের আলবানিজ বলেন, দুই দেশের মতপার্থক্য নিয়ে গঠনমূলক ও সরাসরি আলোচনা অব্যাহত থাকবে। তিনি উল্লেখ করেন, উভয় দেশের স্বার্থে সম্পর্ক স্থিতিশীল রাখা অত্যন্ত জরুরি। চীনের সঙ্গে গঠনমূলক যোগাযোগ বজায় রাখার গুরুত্ব তিনি তুলে ধরেন। মতপার্থক্যগুলো মোকাবেলা করতে হবে, তবে সেগুলো যেন দ্বিপক্ষীয় সম্পর্কের প্রধান বিষয় হয়ে না ওঠে।

শুক্রবার পরে আলবানিজের বেইজিং সফরে যাওয়ার কথা রয়েছে। সেখানে তিনি চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের সঙ্গে বৈঠক করবেন। সফরে অস্ট্রেলিয়ার কয়েকজন শীর্ষ ব্যবসায়ীও তাঁর সঙ্গে থাকবেন। তাঁদের মধ্যে রয়েছেন রিও টিন্টোর লৌহ আকরিক বিভাগের প্রধান ম্যাট হলজ এবং বিএইচপির অস্ট্রেলিয়া বিভাগের প্রধান জেরাল্ডিন স্ল্যাটারি। তাঁরা চীনের বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।

এদিকে, অস্ট্রেলিয়ার বড় খনি কোম্পানিগুলোর সঙ্গে চীনের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান চায়না মিনারেল রিসোর্সেস গ্রুপের লৌহ আকরিক কেনা নিয়ে আলোচনা জটিল হয়ে উঠছে। প্রতিষ্ঠানটি কেন্দ্রীয়ভাবে লৌহ আকরিক কেনার পরিমাণ বাড়াচ্ছে, যার ফলে চুক্তির দাম নির্ধারণে চীনের প্রভাব বৃদ্ধি পাচ্ছে। অস্ট্রেলিয়ার সম্পদবিষয়ক মন্ত্রী ম্যাডেলিন কিং এ সপ্তাহে বলেছেন, লৌহ আকরিকের বাণিজ্যে কারসাজির চেষ্টা আন্তর্জাতিক নিয়মের পরিপন্থী হবে এবং এতে সরকারের রাজস্ব আয় ক্ষতিগ্রস্ত হতে পারে। তথ্যসূত্র: রয়টার্স

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৪ বছরে ৫৯২ দুর্ঘটনা, নিরাপত্তা জোরদারের আহ্বান বিশেষজ্ঞদের

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৩৫ পি.এম


ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৪ বছরে ৫৯২ দুর্ঘটনা, নিরাপত্তা জোরদারের আহ্বান বিশেষজ্ঞদের

॥ মলয় কুমার দত্ত ॥

ঢাকা, ২০ নভেম্বর, ২০২৬ : ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে চার বছরেরও বেশি সময়ের মধ্যে ৫৯২টি সড়ক দুর্ঘটনা ঘটেছে, যার ফলে ১৫৪ জনের মৃত্যু এবং ৯৬২ জন আহত হয়েছেন। এসব দুর্ঘটনা প্রতিরোধে সড়ক নিরাপত্তা বিশেষজ্ঞরা আইন প্রয়োগের জোরদার, নিরাপদ অবকাঠামো নিশ্চিতকরণ এবং উন্নত ট্রাফিক ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেছেন।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ শফিকুল ইসলাম বাসস-কে জানিয়েছেন, ২০২২ সালের ২৫ জুন থেকে ২০২৬ সালের ১৯ নভেম্বর পর্যন্ত দুর্ঘটনাগুলি সংঘটিত হয়েছে।

৫৫ কিলোমিটার দীর্ঘ এই এক্সপ্রেসওয়ের প্রায় ৩৫ কিলোমিটার মুন্সীগঞ্জ জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। এটি ঢাকা থেকে দক্ষিণাঞ্চলের ২১টি জেলার সঙ্গে সংযোগের জন্য একটি গুরুত্বপূর্ণ সড়কপথ হিসেবে বিবেচিত।

দুর্ঘটনার পরিসংখ্যান অনুযায়ী, এই এক্সপ্রেসওয়েতে প্রতি মাসে গড়ে প্রায় ১২টি দুর্ঘটনা ঘটে। দ্রুত যাতায়াতের সুবিধা নিশ্চিত করতে নির্মিত মহাসড়কটিতে নিরাপত্তা ঝুঁকি এখনও বিদ্যমান, এ বিষয়টি পরিসংখ্যান স্পষ্ট করে।

বিশেষজ্ঞদের মতে, বেপরোয়া গাড়ি চালানো, অতিরিক্ত গতি, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং, ট্রাফিক আইন না মানা এবং সড়ক ব্যবস্থাপনার দুর্বলতা দুর্ঘটনার মূল কারণগুলোর মধ্যে অন্যতম। তাদের সতর্কবার্তা, শুধুমাত্র প্রযুক্তিনির্ভর নজরদারি দিয়ে দীর্ঘমেয়াদে দুর্ঘটনা কমানো সম্ভব নয়। এজন্য নিয়মিত আইন প্রয়োগের পাশাপাশি অবকাঠামোগত ঝুঁকিও দূর করতে হবে।

আইন প্রয়োগের মাধ্যমে দুর্ঘটনা কমাতে হবে :

ব্র্যাকের সড়ক নিরাপত্তা কর্মসূচির ব্যবস্থাপক এম খালিদ মাহমুদ বলেছেন, গতিসীমা নিয়ন্ত্রণে স্পিড ক্যামেরা কার্যকর ভূমিকা রাখতে পারে। তবে এর কার্যকারিতা নির্ভর করে যথাযথ নজরদারি ও তাৎক্ষণিক আইনি ব্যবস্থা গ্রহণের ওপর।

তিনি বলেন, অপরাধ শনাক্ত হওয়ার পর সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে স্বয়ংক্রিয়ভাবে মামলা দায়ের এবং আইনগত ব্যবস্থা নিশ্চিত করতে হবে। অপরাধ শনাক্ত করেও কোনো ব্যবস্থা না নিলে শুধু ক্যামেরা স্থাপন করে সড়কে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছাকাছি এক্সপ্রেসওয়ে স্থাপিত স্পিড ক্যামেরার উদাহরণ দিয়ে মাহমুদ বলেন, প্রযুক্তিনির্ভর নজরদারি যানবাহনের নিয়ম ভঙ্গ নিয়ন্ত্রণে সহায়তা করেছে। ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েসহ অন্যান্য মহাসড়কে পরিকল্পিত এআই-ভিত্তিক নজরদারি ব্যবস্থা চালু হলে ট্রাফিক শৃঙ্খলার উন্নতি হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

তবে তিনি জোর দিয়ে বলেন, প্রভাবশালী ব্যক্তি কিংবা পরিবহন মালিক-শ্রমিক গোষ্ঠীর চাপের কাছে নতি স্বীকার না করে সবার ক্ষেত্রে সমানভাবে ট্রাফিক আইন প্রয়োগ করতে হবে। বেছে বেছে আইন প্রয়োগ করলে জনগণের আস্থা নষ্ট হয় এবং সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা বাধাগ্রস্ত হয়।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম সম্প্রতি ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পুরো অংশ এআই-চালিত ক্যামেরার নজরদারির আওতায় আনার পরিকল্পনার কথা জানিয়েছেন। এই ব্যবস্থায় অতিরিক্ত গতি, ঝুঁকিপূর্ণ ওভারটেকিংসহ বিভিন্ন ধরনের ট্রাফিক আইন লঙ্ঘন শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্ত্রী জানান, জাতীয় মহাসড়কগুলোকে এআই নজরদারির আওতায় আনা হচ্ছে। পর্যায়ক্রমে জেলা ও আঞ্চলিক সড়কেও এ ব্যবস্থা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে অবকাঠামোতেই :

বিশেষজ্ঞরা বলছেন, দুর্ঘটনা কমাতে এক্সপ্রেসওয়ের আশপাশে বসবাসকারী মানুষের নিরাপত্তার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। বিশেষ করে দৈনন্দিন প্রয়োজনে যেসব পথচারীকে মহাসড়ক পারাপার হতে হয়, তাদের জন্য নিরাপদ ব্যবস্থা নিশ্চিত করা জরুরি।

নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর মহাসচিব লিটন এরশাদ বলেন, পদ্মা সেতু এক্সপ্রেসওয়ের আশপাশের কিছু এলাকায় পথচারীদের জন্য পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থার অভাব রয়েছে বলে তার কাছে মনে হয়েছে।

তিন দিনের সফরে নিজের পর্যবেক্ষণের কথা উল্লেখ করে তিনি বলেন, যেসব এলাকায় মানুষের চলাচল বেশি, সেগুলো গবেষণার মাধ্যমে চিহ্নিত করে উপযুক্ত নিরাপত্তাব্যবস্থা গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, ওভারপাস কিংবা আন্ডারপাসের অবস্থান দূরে হলে অথবা সেগুলো ব্যবহার করা অসুবিধাজনক হলে স্থানীয় বাসিন্দারা অনেক সময় মূল সড়ক দিয়েই পারাপারের চেষ্টা করেন।

এ বিষয়ে একজন সড়ক নিরাপত্তা বিশেষজ্ঞ বলেন, বাংলাদেশের ঘনবসতি এবং সড়কের পাশে জনবসতি থাকায় এক্সপ্রেসওয়ে পরিকল্পনা করা বেশ চ্যালেঞ্জিং। শুধু অবকাঠামোগত নিয়ম পূরণের জন্য পথচারী পারাপারের ব্যবস্থা করলেই হবে না; স্থানীয় মানুষের প্রয়োজন অনুযায়ী সহজে ব্যবহারযোগ্য পারাপার সুবিধা নিশ্চিত করতে হবে।

তিনি ঢাকামুখী একটি সড়কে সেতুর সংযোগস্থলের ঢাল নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তার মতে, বিশেষ করে বৃষ্টি কিংবা অন্ধকারের সময় ওই ঢালের কারণে যানবাহনের নিয়ন্ত্রণ হারানোর আশঙ্কা থাকতে পারে। তবে বিষয়টি নিশ্চিত হতে দক্ষ প্রকৌশলীদের মাধ্যমে কারিগরি মূল্যায়ন প্রয়োজন।

প্রবেশ নিয়ন্ত্রণ ও গতিসীমা ব্যবস্থাপনা অত্যন্ত জরুরি :

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুব আলম তালুকদার বলেন, এক্সপ্রেসওয়ের নিরাপত্তা বজায় রাখতে কঠোর প্রবেশ নিয়ন্ত্রণ ব্যবস্থা অপরিহার্য।

তিনি আরও বলেন, নসিমন ও করিমনের মতো ধীরগতির স্থানীয় যানবাহন উচ্চগতির সড়কে চলাচলের অনুমতি দেওয়া উচিত নয়।

এছাড়া সার্ভিস রোড, আন্ডারপাস ও ওভারপাস যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করতে হবে, যাতে স্থানীয় যানবাহন ও পথচারীদের মূল সড়কে প্রবেশ করতে না হয়।

মাহমুদ বলেন, বাংলাদেশের বিদ্যমান গাড়ি চালানোর সংস্কৃতি এবং আইন প্রয়োগের সক্ষমতার সঙ্গে সামঞ্জস্য রেখে গতিসীমা নির্ধারণ করা উচিত। অন্যান্য দেশে উচ্চগতিতে গাড়ি চালানোর সুযোগ থাকলেও ট্রাফিক আইন মেনে চলা নিশ্চিত না করে গতিসীমা বাড়ালে দুর্ঘটনার ঝুঁকি ও ভয়াবহতা দু’টিই বাড়তে পারে।

মোটরসাইকেলের নিরাপত্তায় আরও গুরুত্ব প্রয়োজন :

মোটরসাইকেল দুর্ঘটনাও একটি গুরুত্বপূর্ণ উদ্বেগের বিষয়। কারণ, সংঘর্ষের সময় মোটরসাইকেল চালকদের শারীরিক সুরক্ষা তুলনামূলকভাবে কম থাকে বলে জানান মাহমুদ।

তিনি বলেন, চালক ও আরোহী উভয়েরই মানসম্মত হেলমেট পরা বাধ্যতামূলক করতে হবে। নিম্নমানের ও সস্তা হেলমেট দুর্ঘটনার সময় পর্যাপ্ত সুরক্ষা দিতে পারে না।

মোটরসাইকেল চালকদের গ্লাভস, কনুই ও হাঁটু রক্ষাকারী গার্ড ব্যবহার এবং নিরাপদ গতিতে চলাচলেরও পরামর্শ দেন তিনি। গুরুতর আহত ও প্রাণহানির ঘটনা কমাতে এসব নিরাপত্তাবিধি কার্যকরভাবে প্রয়োগ করা প্রয়োজন।

ভবিষ্যৎ দুর্ঘটনা রোধে বৈজ্ঞানিক তদন্ত জরুরি :

ড. তালুকদার বলেন, সড়ক দুর্ঘটনা কমাতে নির্ভরযোগ্য তথ্য-উপাত্ত, বৈজ্ঞানিক গবেষণা এবং দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ধারণে স্বাধীন তদন্ত প্রয়োজন।

তিনি দুর্ঘটনার তথ্য সংগ্রহ ও পর্যবেক্ষণ ব্যবস্থা উন্নত করার পাশাপাশি আহতদের ৩০ দিন পর্যন্ত অনুসরণ করার আহ্বান জানান। এতে দুর্ঘটনায় আহত হওয়ার পর পরবর্তী সময়ে কেউ মারা গেলে সেই তথ্যও মৃত্যুর পরিসংখ্যানে অন্তর্ভুক্ত করা সম্ভব হবে। ফলে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির প্রকৃত চিত্র পাওয়া যাবে।

তিনি ব্যাখ্যা করে বলেন, দুর্ঘটনার পেছনে সড়কের নকশা ও অবকাঠামোর মতো ভৌত কারণ এবং মানুষের আচরণ ও মনস্তত্ত্বের মতো অবস্তুগত কারণ— উভয়ই জড়িত। কার্যকর সমাধান প্রণয়নের আগে এসব বিষয় যথাযথভাবে তদন্ত করতে হবে।

তিনি নির্বাচিত কয়েকটি সড়কে স্থানীয় জনগোষ্ঠী ও কারিগরি বিশেষজ্ঞদের সম্পৃক্ত করে পরীক্ষামূলক নিরাপত্তা প্রকল্প বাস্তবায়নের সুপারিশ করেন।

এছাড়া বড় অবকাঠামো প্রকল্প গ্রহণের আগে সম্ভাব্যতা যাচাই, ট্রাফিক জরিপ, রক্ষণাবেক্ষণ পরিকল্পনা, পরিবেশগত মূল্যায়ন এবং দীর্ঘমেয়াদি টেকসই ব্যবস্থাপনার বিষয়গুলো নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৬ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%