মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং
০৬:৫৮ পি.এম
দক্ষিণ আফ্রিকা সেঞ্চুরিয়ন টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনটিও নিজেদের করে নিয়েছে, যা বাংলাদেশের হতাশা বাড়িয়ে দিয়েছে। মারকেস অ্যাকারম্যান দেড়শ রানের এক ঝড়ো ইনিংসে দুটি কীর্তি গড়েছেন। প্রোটিয়ারা এখন বিশাল সংগ্রহের ভিত্তি পেয়ে গেছে।
দ্বিতীয় দিনের প্রথম সেশন শেষে স্বাগতিকদের সংগ্রহ দাঁড়িয়েছে ৪৬ ওভারে ৩ উইকেটে ২২৮ রান।
বাংলাদেশের জন্য কিছুটা স্বস্তির খবর হলো, দক্ষিণ আফ্রিকার ইনিংসে সবচেয়ে বড় হুমকি হিসেবে বিবেচিত অ্যাকারম্যান অবশেষে আউট হয়েছেন। তবে এই ব্যাটারের কারণে যে ক্ষতি হয়েছে, তা ইতোমধ্যেই হয়ে গেছে।
এই সেশন পুরোপুরি ছিল অ্যাকারম্যানের দখলে। দক্ষিণ আফ্রিকা সেশনে যে ১৪০ রান সংগ্রহ করেছে, তার মধ্যে অ্যাকারম্যান একাই ১০৪ রান করেছেন। ফলে তাকে ফিরিয়ে স্বাভাবিকতা কিছুটা ফিরলেও বাংলাদেশের উদ্বেগ কমেনি। কারণ অ্যাকারম্যানের ঝড়ো ইনিংসের সুবাদে দক্ষিণ আফ্রিকা ইতোমধ্যেই ১৩৭ রানের লিড গড়ে ফেলেছে।
১৩৮ বলের ইনিংসে অ্যাকারম্যান দুটি রেকর্ড গড়েছেন। দেড়শ ছুঁতে তার লেগেছে ১৩৭ বল, যা টেস্টে দক্ষিণ আফ্রিকার হয়ে দ্রুততম দেড়শ রানের রেকর্ড। গত বছর জিম্বাবুয়ের বিপক্ষে ১৫৭ বলে এই মাইলফলক স্পর্শ করেছিলেন লুয়ান ডি প্রিটোরিয়াস। তালিকার তিন নম্বরেও রয়েছেন অ্যাকারম্যান, যিনি আগের ম্যাচে ১৬০ বলে দেড়শ রান করেছিলেন।
সাদা পোশাকে দিনের প্রথম সেশনে একশর বেশি রান করা দক্ষিণ আফ্রিকার চতুর্থ ব্যাটসম্যান হলেন এই বাঁহাতি ওপেনার। তার আগে ১৯২৯ সালে টাপি ওয়েন স্মিথ, ২০১০ সালে এবি ডি ভিলিয়ার্স এবং গত বছর ভিয়ান মুল্ডার দিনের প্রথম সেশনে একশর বেশি রান করেছিলেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচন কমিশন (ইসি) রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে। আগামী ২৯, ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর এই তিন দিন ধরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিকভাবে সংলাপ অনুষ্ঠিত হবে। কমিশন নির্বাচনের পরিবেশ বজায় রাখার পাশাপাশি সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে দলগুলোর সহযোগিতা কামনা করবে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান। তিনি উল্লেখ করেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ২৯ ও ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে। সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চাওয়া হবে। এ ছাড়া নির্বাচনের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটি আলাদা বৈঠকও অনুষ্ঠিত হবে।
ইসি সচিব আরও জানান, আগামী ১০ ডিসেম্বরের মধ্যে ইউপি নির্বাচনের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হবে।
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে যেসব নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে ইসির সংলাপ হয়েছিল, মূলত সেসব দলের সঙ্গে তিন দিনের এই আলোচনা হবে। পরবর্তী সময়ে যেসব রাজনৈতিক দল নিবন্ধন পেয়েছে, তাদের সঙ্গেও আলোচনা করবে কমিশন।
তিনি বলেন, ইউপি নির্বাচনের জন্য কমিশনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তবে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনের প্রস্তুতি যথেষ্ট নয়। নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের আচরণবিধি মেনে চলতে হবে। পাশাপাশি সরকার, রাজনৈতিক দল, প্রার্থী ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী—এই চার পক্ষের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। সুষ্ঠু নির্বাচন আয়োজন এই চার পক্ষের সম্মিলিত সহযোগিতার ওপর নির্ভর করে।
এদিকে, নির্বাচন কমিশন পাঁচ ধাপে দেশের ৫০৮টি উপজেলার ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচনের তালিকা প্রকাশ করেছে। সম্প্রতি কমিশনের ওয়েবসাইটে কোন ইউনিয়ন পরিষদে কবে ভোট হবে, সেই তালিকা প্রকাশ করা হয়।
ইসির প্রকাশিত তালিকা অনুযায়ী, প্রথম ধাপে ১২৭টি উপজেলার ১ হাজার ৪২টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপে ১২৫টি উপজেলার ১ হাজার ৬৯টি, তৃতীয় ধাপে ১২০টি উপজেলার ১ হাজার ২৪টি, চতুর্থ ধাপে ৯৬টি উপজেলার ৮১৩টি এবং পঞ্চম ধাপে ৪০টি উপজেলার ৩৮৪টি ইউপিতে ভোট গ্রহণ করা হবে।
সূচি অনুযায়ী, প্রথম ধাপে ভোট গ্রহণ হবে ২০২৭ সালের ২১ জানুয়ারি। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ও শেষ ধাপে ২৭ মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
কমিশন পাঁচ ধাপে এসব নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। আগামী ১০ ডিসেম্বরের মধ্যে প্রয়োজনীয় কার্যক্রম শেষ করার পাশাপাশি রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের মাধ্যমে নির্বাচনে সংশ্লিষ্ট পক্ষগুলোর সহযোগিতা নিশ্চিত করতে চায় ইসি।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৬ : এম রশিদুজ্জামান মিল্লাত, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী, জানিয়েছেন যে বিমানবন্দরে পাখি ও বন্যপ্রাণীর ঝুঁকি মোকাবিলায় আধুনিক প্রযুক্তি ব্যবহৃত হবে।
আজ মঙ্গলবার, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ন্যাশনাল কমিটি ফর ওয়ার্ল্ড লাইফ হেজার্ড ম্যানেজমেন্ট এট দ্যা এয়ারপোর্টস অব বাংলাদেশ’র প্রথম সভায় তিনি এই মন্তব্য করেন।
সভায়, বাংলাদেশের বিমানবন্দরসমূহে নিরাপদে বিমান উড্ডয়ন ও অবতরণ নিশ্চিত করার জন্য পাখিসহ বন্যপ্রাণীর চলাচল নিয়ন্ত্রণের প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
মন্ত্রী তাঁর সভাপতির বক্তব্যে উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের এভিয়েশন খাতের উন্নয়নে কাজ চলছে।
তিনি আরও বলেন, এভিয়েশন খাতের উন্নয়নের জন্য বিমান উড্ডয়ন ও অবতরণ নিরাপদভাবে নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বার্ড হিটের তথ্য যাচাই করে বিমানবন্দরে বন্যপ্রাণী ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে।
মন্ত্রী আরো জানান, উদ্ভূত সমস্যা সমাধানের জন্য অত্যাধুনিক প্রযুক্তির এন্টি বার্ড কন্ট্রোল ইউনিট স্থাপন করা প্রয়োজন।
এছাড়া, প্রয়োজনীয় সংখ্যক বন্দুক ক্রয়ের ব্যবস্থা গ্রহণ এবং শূন্যপদে দ্রুত জনবল নিয়োগের জন্য কর্তৃপক্ষকে নির্দেশনা প্রদান করেন মন্ত্রী।
কমিটির সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, সেফ ফ্লাইজোন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসতে হবে। দ্রুত সমন্বয়ের সুবিধার্থে প্রতি তিন মাস অন্তর সভা আয়োজনের নির্দেশ দেন মন্ত্রী।
সভায় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকসহ ন্যাশনাল কমিটি ফর উইল ডিফাই হেজার্ড ম্যানেজমেন্ট এট দ্যা এয়ারপোর্ট অফ বাংলাদেশ’র সদস্যবৃন্দ।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরীন ফ্যাশনস পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ১৪ বছর পূর্ণ হয়েছে। তবে এই দীর্ঘ সময়ের পরেও ক্ষতিগ্রস্তদের জীবনযাত্রায় দুর্ভোগের অবসান ঘটেনি। নিহত শ্রমিকদের পরিবারের সদস্যরা স্বজন হারানোর শোকের পাশাপাশি শরীরে আগুনের ক্ষত নিয়ে মানবেতর জীবন যাপন করছেন, এবং অনেক বেঁচে ফেরা শ্রমিকও একই পরিস্থিতির শিকার।
এ মামলার বিচার এখনও সম্পন্ন হয়নি। তাদের অভিযোগ, যথাযথ ক্ষতিপূরণ ও পুনর্বাসনও তারা পাননি।
২০১২ সালের ২৪ নভেম্বর আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরীন ফ্যাশনস পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় ১১৭ জন শ্রমিক প্রাণ হারান এবং দুই শতাধিক আহত হন।
প্রতিবছরের মতো এবারও দিনটি স্মরণে মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে কারখানাটির সামনে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। তারা নিহত শ্রমিকদের স্মরণে শোক প্রকাশ করেন এবং ক্ষতিগ্রস্তদের জন্য যথাযথ ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবি জানান।
শ্রমিক কল্যাণ ফোরামের সাধারণ সম্পাদক লস্কর মোহাম্মদ তাসলিম মামলার বিচার দ্রুত শেষ করে ঘটনার দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।
১৪ বছর অতিবাহিত হওয়ার পরেও তাজরীন ট্র্যাজেডির ক্ষত এখনও বহন করছেন ক্ষতিগ্রস্তরা। তাদের দাবি, স্মরণ বা শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি নিশ্চিত করতে হবে যথাযথ ক্ষতিপূরণ ও পুনর্বাসন।
এছাড়া, দীর্ঘদিন ধরে ঝুলে থাকা মামলার বিচার দ্রুত শেষ করার দাবি তাদের।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
খাদ্য মন্ত্রণালয় নিরাপদ খাদ্য আইন, ২০১৩ সংশোধন করে গুরুতর অনিয়মের ক্ষেত্রে সর্বোচ্চ ১০ লাখ টাকা প্রশাসনিক জরিমানার বিধান যুক্ত করার প্রস্তাব করেছে। একই সঙ্গে, আদায় করা জরিমানার ২৫ শতাংশ অভিযোগকারীকে তাৎক্ষণিকভাবে দেওয়ার প্রস্তাব করা হয়েছে।
এ প্রস্তাবের কথা মঙ্গলবার (২৪ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে জানানো হয়। বৈঠকটি কমিটির সভাপতি মো. আবদুস সালাম পিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
বৈঠকে খাদ্যমন্ত্রী ও কমিটির সদস্য আফরোজা খানম নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশনা দেন।
তিনি বলেন, "ভোক্তাদের কাছে নিরাপদ, মানসম্মত ও ভেজালমুক্ত খাদ্য পৌঁছে দিতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।"
এ জন্য বিদ্যমান আইন আরও কঠোর করার পাশাপাশি প্রয়োজনে মৃত্যুদণ্ডের বিধান রাখার কথাও তিনি উল্লেখ করেন।
খাদ্যমন্ত্রী ধান সংগ্রহের ক্ষেত্রে সরাসরি কৃষকের কাছ থেকে ধান কেনার ওপর গুরুত্ব দেন। তিনি সংশ্লিষ্ট ব্যক্তিদের সতর্ক থাকার আহ্বান জানান যাতে কোনো মধ্যস্বত্বভোগী কৃষকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করতে না পারে।
বৈঠকে কমিটির সভাপতি বলেন, "সরকারের প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীকে স্বচ্ছতা, জবাবদিহি ও সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।"
মাঠপর্যায়ে কোনো সিন্ডিকেট বা অনিয়ম থাকলে তা কঠোরভাবে মোকাবেলা করতে হবে। কৃষক ও ভোক্তাদের অধিকার এবং ন্যায্য স্বার্থ সংরক্ষণে কার্যকর পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান তিনি।
বৈঠকে জানানো হয়, দেশের খাদ্যগুদামগুলোর ধারণক্ষমতা বর্তমানের ২২ লাখ ৯৩ হাজার টন থেকে বাড়িয়ে ২০৩০ সালের মধ্যে ৩০ লাখ টনে উন্নীত করার পরিকল্পনা নিয়ে কাজ করছে খাদ্য মন্ত্রণালয়। এ লক্ষ্যে দেশের খাদ্যগুদামগুলোর প্রকৃত অবস্থা তুলে ধরার সুপারিশ করেছে কমিটি।
পুরোনো ও ব্যবহারের অনুপযোগী খাদ্যগুদাম সরেজমিনে পরিদর্শন করে সেগুলো বাতিল করার পাশাপাশি প্রয়োজনে নতুন গুদাম নির্মাণের পরামর্শ দেওয়া হয়।
খাদ্যগুদামে পোকামাকড় নিয়ন্ত্রণ ও ছত্রাকের ঝুঁকি কমাতে শস্যের সঠিক আর্দ্রতা বজায় রেখে খাদ্যশস্য সংগ্রহ এবং যান্ত্রিক বায়ু চলাচলব্যবস্থা (মেকানিক্যাল ভেন্টিলেশন সিস্টেম) স্থাপনের বিষয়েও আলোচনা হয়। এ ছাড়া গুদাম নির্মাণে ইটের পরিবর্তে পরিবেশবান্ধব প্রি-ফেব্রিকেটেড কাঠামো ব্যবহারের বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়।
বৈঠকে আরো জানানো হয়, খাদ্য মন্ত্রণালয়, খাদ্য অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের শূন্য পদে জনবল নিয়োগের কার্যক্রম চলমান রয়েছে।
খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে বিশৃঙ্খলা এড়াতে সংশোধিত নীতিমালায় ডিলার নিয়োগের ক্ষেত্রেও পরিবর্তন আনা হয়েছে। আগের নিয়মে প্রতি ৫০০ উপকারভোগীর জন্য একজন ডিলার নিয়োগের বিধান থাকলেও এখন প্রতি ২৫০ জনের বিপরীতে একজন ডিলার নিয়োগের বিধান করা হয়েছে।
গত ১৩ নভেম্বর থেকে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের খাদ্য ব্যয় কমাতে বিশেষ খোলাবাজারে চাল বিক্রি (ওএমএস) কর্মসূচি শুরু হয়েছে। এ কর্মসূচিতে শ্রমিকদের কাছে প্রতি কেজি ৩০ টাকা দরে সর্বোচ্চ ১০ কেজি চাল বিক্রি করা হচ্ছে। প্রাথমিকভাবে ঢাকা মহানগর, সাভার, ধামরাই, গাজীপুর, নারায়ণগঞ্জ ও চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকায় ৭৩টি ট্রাকের মাধ্যমে প্রতি শুক্রবার এ চাল বিক্রি করা হচ্ছে।
বৈঠকের শুরুতে আগের সভার কার্যবিবরণী অনুমোদন করা হয়। পাশাপাশি প্রথম বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতিও পর্যালোচনা করা হয়।
বৈঠকে কমিটির সদস্য ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী, সংসদ সদস্য আবুল কালাম, খোন্দকার আবু আশফাক, এলিজা জামান, মো. আবু তালেব মন্ডল, মো. আব্দুল করিম ও শামছুন্নাহার বেগম উপস্থিত ছিলেন। এ ছাড়া খাদ্য মন্ত্রণালয়ের সচিব, অধীন দপ্তর ও সংস্থার প্রধান এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ