মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং
০৭:০৬ পি.এম
পাবনা, ২৪ নভেম্বর, ২০২৬ : রাশিয়া থেকে আমদানি করা পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামের আরেকটি চালান পৌঁছেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প এলাকায়, যা পাবনার ঈশ্বরদী অঞ্চলে অবস্থিত।
আজ মঙ্গলবার ভোর ৫টা ৪৮ মিনিটে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে কঠোর নিরাপত্তাবলয়ের মধ্যে ইউরেনিয়ামবাহী তিনটি বিশেষায়িত লরি প্রকল্প এলাকায় প্রবেশ করে। রোসাটমের সাঈড ইনচার্জ রুহুল কুদ্দুস টুটুল এই তথ্য জানিয়েছেন। এর ফলে প্রকল্পটিতে মোট আটটি চালান এসে পৌঁছেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন এই চালানটিসহ রূপপুর প্রকল্পের প্রথম ইউনিটের জন্য অতিরিক্ত একটি এবং দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি—মোট আটটি চালান দেশে এসে পৌঁছেছে।
এর আগে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম জানিয়েছিল, রূপপুর প্রকল্পের দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি কার্গো বিমানে ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি এবং প্রথম ইউনিটে পুনরায় জ্বালানি সরবরাহের জন্য আরও দুটি কার্গোতে ৪৮টি অ্যাসেম্বলি আনার পরিকল্পনা রয়েছে। এইভাবে মোট নয়টি চালানে এসব পারমাণবিক জ্বালানি বাংলাদেশে আনার কথা রয়েছে।
রাশিয়ার সর্বাধুনিক প্রযুক্তিতে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভিভিইআর-১২০০ মডেলের দুটি ইউনিট রয়েছে, যার প্রতিটির উৎপাদনক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট।
এর মধ্যে প্রথম ইউনিট থেকে গত ১৭ নভেম্বর পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে।
ওই দিন বিকেল ৩টা ১৬ মিনিটে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের উপস্থিতিতে জাতীয় গ্রিডের সঙ্গে কেন্দ্রটির সফল সিনক্রোনাইজেশন সম্পন্ন হয়; সে সময় সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়।
এর ধারাবাহিকতায় আজ সোমবার দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করেছে রূপপুর প্রকল্প।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
পাবনার চাটমোহরে দীর্ঘদিন ধরে কেনা জমিতে বসবাসকারী এক বিধবার পরিবারকে উচ্ছেদের চেষ্টা করার অভিযোগ স্থানীয় কিছু ব্যক্তির বিরুদ্ধে উঠেছে। এই ঘটনায় থানায় একাধিক সালিস বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো সমাধান আসেনি। পরে আদালতে মামলা করার পর ভুক্তভোগী পরিবারকে মামলা তুলে নিতে চাপ দেওয়া এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে।
অভিযোগের সূত্রে জানা যায়, উপজেলার মুলগ্রাম ইউনিয়নের শাহাপুর গ্রামের মৃত আলাউদ্দিনের স্ত্রী জামেনা খাতুন ২০১৫ সালে একই গ্রামের মৃত নজির মোল্লার ছেলে মোক্তার মোল্লার কাছ থেকে ১১ শতক জমি ক্রয় করেন। এরপর জমির নামজারি ও খাজনা পরিশোধ করে সাত বছর আগে সেখানে ঘরবাড়ি নির্মাণ করে পরিবার নিয়ে বসবাস শুরু করেন তিনি।
জামেনা খাতুনের অভিযোগ, কেনা জমির পাশ দিয়ে পাকা রাস্তা নির্মাণের পর জমি বিক্রেতা মোক্তার মোল্লার আত্মীয়স্বজনেরা তার পরিবারকে জমিটি ছেড়ে দিতে চাপ দিতে শুরু করেন। বিভিন্ন সময়ে বাড়িতে এসে তারা হুমকি-ধমকিও দেন। এ বিষয়ে থানায় একাধিকবার সালিস বৈঠক হলেও অভিযুক্তরা তা মানেননি। পরে পুলিশের পরামর্শে আদালতে দুটি মামলা দায়ের করেন তারা।
অভিযুক্তদের মধ্যে রয়েছেন শাহাপুর গ্রামের আমিন উদ্দিন, জাহিন, মজনু, ৩ নম্বর ওয়ার্ডের বিএনপির সাবেক সভাপতি মহির উদ্দিন, ইন্তাজ, আশরাফুলসহ আরও কয়েকজন।
জামেনা খাতুন বলেন, ‘আমার কেনা জমি, দলিলও আছে। কিন্তু এখন তারা জমি ছাড়তে বলছে। আমাদের এলাকা থেকে তাড়িয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। বিভিন্ন সময় বাড়িতে এসে হুমকি-ধমকি দিচ্ছে। এ নিয়ে থানায় কয়েকবার সালিস হয়েছে। কিন্তু তারা কিছুই মানছে না। পরে পুলিশের পরামর্শে আদালতে দুটি মামলা করেছি।’
জামেনা খাতুনের ছেলে সবুজ সরকার অভিযোগ করেন, বিএনপি নেতা মহির উদ্দিন জমি বিক্রেতা মোক্তার মোল্লার ভাতিজা। তিনি অন্যদের নেতৃত্ব দিয়ে তাদের ওপর নির্যাতন চালাচ্ছেন। বাড়িতে হামলা করতে আসছেন এবং তাকে তুলে নিয়ে যাওয়া ও পরিবারকে এলাকা ছাড়া করার হুমকি দিচ্ছেন। গত ২০ নভেম্বর লোকজন নিয়ে তাদের বাড়িতে হামলার চেষ্টা করা হয়। এ সময় তার খালু মমিন আলী তাদের পাশে দাঁড়ানোর কারণে তাকেও মারধর করা হয়।
মমিন আলী বলেন, জামেনা খাতুনের পরিবারকে সহযোগিতা করায় গত ১৭ নভেম্বর অভিযুক্তরা তাকে মারধরের চেষ্টা করেন। এরপর ২০ নভেম্বর বাড়ি থেকে বাজারে যাওয়ার পথে দ্বিতীয় দফায় তাকে মারধর করা হয়। এ সময় মামলা তুলে নিতে বলা হয় এবং মামলা না তুললে গুম করার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় তিনি আদালতে ১০ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।
এ বিষয়ে ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল কুদ্দুস রেজা বলেন, ‘বিষয়গুলো আমি জানি। জামেনা খাতুনের জমি কেনার কাগজপত্র সব ঠিক আছে। কিন্তু ওই জমির পাশ দিয়ে রাস্তা হওয়ায় একটি পজিশন তৈরি হয়েছে। এখন জমি বিক্রেতার স্বজনেরা জমি বিক্রির বিষয়টি মানছেন না। এ নিয়ে একাধিকবার সালিস হয়েছে, কিন্তু কোনো সমাধান হয়নি।’
তবে নিজের বিরুদ্ধে উঠা অভিযোগ অস্বীকার করেছেন বিএনপি নেতা মহির উদ্দিন। তিনি বলেন, ‘জামেনা খাতুন জমি কিনে সেখানে বসবাস করছেন, সবকিছু ঠিক আছে। তবে তার বাড়ির পাশে আমার চাচাতো ভাই জাহাঙ্গীরের জমি রয়েছে। জামেনার বাড়ির মোটরের পানি ওই জমিতে পড়ে। এ বিষয়ে নিষেধ করায় তারা ক্ষিপ্ত হন। আমার ভাতিজাকে মারধরের চেষ্টা করেন জামেনার ছেলে সবুজ। এ ঘটনা শুনতে আমরা সেদিন ওই বাড়িতে গিয়েছিলাম। তবে কারও ওপর হামলা বা কাউকে মারধর করা হয়নি।’
জমি বিক্রেতা মোক্তার মোল্লা বলেন, ‘আমি আমার অংশের জমি বিক্রি করেছি এবং তাদের বুঝিয়ে দিয়েছি। খাজনা-খারিজও তাদের নামে হয়েছে। সেখানে অনেক দিন ধরে তারা বসবাস করছেন। কিন্তু আমার আত্মীয়স্বজন তাদের সঙ্গে ঝামেলা করলেও আমি কিছু করতে পারছি না। তাদের নিষেধ করেও লাভ হয়নি। আমি অসহায়।’
এ বিষয়ে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান বলেন, ভুক্তভোগীরা থানায় না এলে এ বিষয়ে কিছু বলা সম্ভব নয়। অভিযোগ পেলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের মাধ্যমে বিষয়টি দেখা হয়। থানায় এ নিয়ে কোনো বৈঠক হয়েছিল কি না, তা এই মুহূর্তে মনে করতে পারছি না।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
মালয়েশিয়ার অভিবাসন বিভাগের তথ্য অনুযায়ী, গত তিন বছরে দেশটিতে প্রবেশের অনুমতি না পাওয়া বিদেশি নাগরিকদের মধ্যে ইন্দোনেশিয়া, বাংলাদেশ ও ভারতের নাগরিকদের সংখ্যা সর্বাধিক। ২০২৪ সালের জানুয়ারি থেকে গত মাস পর্যন্ত ইন্দোনেশিয়ার নাগরিকদের জন্য ৩৪ হাজার ৬শ’ ৫০টি, বাংলাদেশের নাগরিকদের জন্য ২৭ হাজার ৫শ’ ৪টি এবং ভারতের নাগরিকদের ওপর ২২ হাজার ৩শ’ ৫০টি ‘প্রবেশে নিষেধাজ্ঞা’ জারি করা হয়েছে। চলতি বছরের প্রথম ১০ মাসে ৪১ হাজার ৬শ’ ৫৬জন বিদেশি নাগরিককে প্রবেশে নিষেধাজ্ঞার নোটিশ প্রদান করা হয়েছে, যার দৈনিক গড় প্রায় ১শ’ ৪০ জন। গত বছর পুরো সময়ের মধ্যে এ সংখ্যা ছিল ৪৯ হাজার ৫শ’ ২২ এবং ২০২৪ সালে ছিল ৩৪ হাজার ৫শ’ ২৮।
মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক জাকারিয়া শাবান এক সাক্ষাৎকারে উল্লেখ করেছেন যে, নির্ধারিত সব সীমান্ত প্রবেশপথে কঠোরভাবে যাচাই করা হয়। তিনি বলেছেন, "অভিবাসন আইনের ৮(৩) ধারায় প্রবেশে নিষেধাজ্ঞার প্রধান ভিত্তি ও সাধারণ কারণগুলোর মধ্যে রয়েছে অবস্থানকালীন ব্যয় নির্বাহের পর্যাপ্ত আর্থিক সামর্থ্য প্রমাণে ব্যর্থতা, সফরের উদ্দেশ্য সন্দেহজনক হওয়া বা তা যাচাই করতে না পারা কিংবা নিরাপত্তা ও কালোতালিকাভুক্ত ব্যক্তিদের তথ্যভান্ডারে নাম থাকা।" এ ছাড়া, বৈধ পাসপোর্ট বা উপযুক্ত ভিসা না থাকাও প্রবেশে বাধা দেওয়ার অন্যতম কারণ। দেশের অভিবাসন বিভাগ অভিবাসন আইন লঙ্ঘন, নিরাপত্তাসংক্রান্ত উদ্বেগ, আইন প্রয়োগকারী সংস্থার অভিযান কিংবা অন্যান্য কর্তৃপক্ষের নির্দেশে প্রবেশে নিষিদ্ধ বিদেশিদের তথ্য সংরক্ষণ করে।
দেশটির প্রবেশ ও বহির্গমন প্রক্রিয়াতে শনাক্ত হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে মালয়েশিয়ার আইন অনুযায়ী গ্রেপ্তার বা বহিষ্কারসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। তিনি আরও বলেন, যাদের বিরুদ্ধে সক্রিয় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে অথবা যারা আন্তর্জাতিকভাবে বা অন্য কোনোভাবে খোঁজ করা ব্যক্তিদের তালিকায় রয়েছেন, তাদের সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার কাছে হস্তান্তর করা হয়। জাকারিয়া বলেন, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান, অবৈধ কর্মসংস্থান, অপরাধমূলক কর্মকাণ্ড কিংবা অন্যান্য আইন লঙ্ঘনের কারণে প্রবেশে নিষেধাজ্ঞা আসতে পারে।
এসব নিষেধাজ্ঞা সাময়িক অথবা অনির্দিষ্টকালের জন্য হতে পারে। প্রতিটি ঘটনার ধরন অনুযায়ী নিষেধাজ্ঞার মেয়াদ নির্ধারণ করা হয়। মালয়েশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞার নোটিশ এড়াতে ভ্রমণকারীদের কমপক্ষে ছয় মাস মেয়াদি বৈধ পাসপোর্ট, নিশ্চিত ফিরতি বা পরবর্তী গন্তব্যের টিকিট, পর্যাপ্ত অর্থ এবং অবস্থানের জন্য আবাসনের প্রমাণপত্র সঙ্গে রাখতে হবে। তিনি আরও বলেন, অব্যাহতিপ্রাপ্ত ব্যক্তিদের বাইরে সব বিদেশিকে মালয়েশিয়ায় পৌঁছানোর আগের তিন দিনের মধ্যে অনলাইনে মালয়েশিয়া ডিজিটাল আগমনপত্র পূরণ করতে হবে।
আন্তর্জাতিকভাবে খোঁজ করা অপরাধীদের বিষয়ে জানতে চাইলে জাকারিয়া বলেন, ইন্টারপোলের ‘রেড নোটিশ’-এর মাধ্যমে এ ধরনের ব্যক্তিদের তথ্য বিনিময় করে মালয়েশিয়া।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ