মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং
০৭:০৭ পি.এম
মালয়েশিয়ার অভিবাসন বিভাগের তথ্য অনুযায়ী, গত তিন বছরে দেশটিতে প্রবেশের অনুমতি না পাওয়া বিদেশি নাগরিকদের মধ্যে ইন্দোনেশিয়া, বাংলাদেশ ও ভারতের নাগরিকদের সংখ্যা সর্বাধিক। ২০২৪ সালের জানুয়ারি থেকে গত মাস পর্যন্ত ইন্দোনেশিয়ার নাগরিকদের জন্য ৩৪ হাজার ৬শ’ ৫০টি, বাংলাদেশের নাগরিকদের জন্য ২৭ হাজার ৫শ’ ৪টি এবং ভারতের নাগরিকদের ওপর ২২ হাজার ৩শ’ ৫০টি ‘প্রবেশে নিষেধাজ্ঞা’ জারি করা হয়েছে। চলতি বছরের প্রথম ১০ মাসে ৪১ হাজার ৬শ’ ৫৬জন বিদেশি নাগরিককে প্রবেশে নিষেধাজ্ঞার নোটিশ প্রদান করা হয়েছে, যার দৈনিক গড় প্রায় ১শ’ ৪০ জন। গত বছর পুরো সময়ের মধ্যে এ সংখ্যা ছিল ৪৯ হাজার ৫শ’ ২২ এবং ২০২৪ সালে ছিল ৩৪ হাজার ৫শ’ ২৮।
মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক জাকারিয়া শাবান এক সাক্ষাৎকারে উল্লেখ করেছেন যে, নির্ধারিত সব সীমান্ত প্রবেশপথে কঠোরভাবে যাচাই করা হয়। তিনি বলেছেন, "অভিবাসন আইনের ৮(৩) ধারায় প্রবেশে নিষেধাজ্ঞার প্রধান ভিত্তি ও সাধারণ কারণগুলোর মধ্যে রয়েছে অবস্থানকালীন ব্যয় নির্বাহের পর্যাপ্ত আর্থিক সামর্থ্য প্রমাণে ব্যর্থতা, সফরের উদ্দেশ্য সন্দেহজনক হওয়া বা তা যাচাই করতে না পারা কিংবা নিরাপত্তা ও কালোতালিকাভুক্ত ব্যক্তিদের তথ্যভান্ডারে নাম থাকা।" এ ছাড়া, বৈধ পাসপোর্ট বা উপযুক্ত ভিসা না থাকাও প্রবেশে বাধা দেওয়ার অন্যতম কারণ। দেশের অভিবাসন বিভাগ অভিবাসন আইন লঙ্ঘন, নিরাপত্তাসংক্রান্ত উদ্বেগ, আইন প্রয়োগকারী সংস্থার অভিযান কিংবা অন্যান্য কর্তৃপক্ষের নির্দেশে প্রবেশে নিষিদ্ধ বিদেশিদের তথ্য সংরক্ষণ করে।
দেশটির প্রবেশ ও বহির্গমন প্রক্রিয়াতে শনাক্ত হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে মালয়েশিয়ার আইন অনুযায়ী গ্রেপ্তার বা বহিষ্কারসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। তিনি আরও বলেন, যাদের বিরুদ্ধে সক্রিয় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে অথবা যারা আন্তর্জাতিকভাবে বা অন্য কোনোভাবে খোঁজ করা ব্যক্তিদের তালিকায় রয়েছেন, তাদের সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার কাছে হস্তান্তর করা হয়। জাকারিয়া বলেন, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান, অবৈধ কর্মসংস্থান, অপরাধমূলক কর্মকাণ্ড কিংবা অন্যান্য আইন লঙ্ঘনের কারণে প্রবেশে নিষেধাজ্ঞা আসতে পারে।
এসব নিষেধাজ্ঞা সাময়িক অথবা অনির্দিষ্টকালের জন্য হতে পারে। প্রতিটি ঘটনার ধরন অনুযায়ী নিষেধাজ্ঞার মেয়াদ নির্ধারণ করা হয়। মালয়েশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞার নোটিশ এড়াতে ভ্রমণকারীদের কমপক্ষে ছয় মাস মেয়াদি বৈধ পাসপোর্ট, নিশ্চিত ফিরতি বা পরবর্তী গন্তব্যের টিকিট, পর্যাপ্ত অর্থ এবং অবস্থানের জন্য আবাসনের প্রমাণপত্র সঙ্গে রাখতে হবে। তিনি আরও বলেন, অব্যাহতিপ্রাপ্ত ব্যক্তিদের বাইরে সব বিদেশিকে মালয়েশিয়ায় পৌঁছানোর আগের তিন দিনের মধ্যে অনলাইনে মালয়েশিয়া ডিজিটাল আগমনপত্র পূরণ করতে হবে।
আন্তর্জাতিকভাবে খোঁজ করা অপরাধীদের বিষয়ে জানতে চাইলে জাকারিয়া বলেন, ইন্টারপোলের ‘রেড নোটিশ’-এর মাধ্যমে এ ধরনের ব্যক্তিদের তথ্য বিনিময় করে মালয়েশিয়া।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ