ঢাকা মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ইং ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

নিরাপদ খাদ্য আইনে ১০ লাখ টাকা জরিমানা প্রস্তাব করেছে খাদ্য মন্ত্রণালয়


নিরাপদ খাদ্য আইনে ১০ লাখ টাকা জরিমানা প্রস্তাব করেছে খাদ্য মন্ত্রণালয়

খাদ্য মন্ত্রণালয় নিরাপদ খাদ্য আইন, ২০১৩ সংশোধন করে গুরুতর অনিয়মের ক্ষেত্রে সর্বোচ্চ ১০ লাখ টাকা প্রশাসনিক জরিমানার বিধান যুক্ত করার প্রস্তাব করেছে। একই সঙ্গে, আদায় করা জরিমানার ২৫ শতাংশ অভিযোগকারীকে তাৎক্ষণিকভাবে দেওয়ার প্রস্তাব করা হয়েছে।

এ প্রস্তাবের কথা মঙ্গলবার (২৪ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে জানানো হয়। বৈঠকটি কমিটির সভাপতি মো. আবদুস সালাম পিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

বৈঠকে খাদ্যমন্ত্রী ও কমিটির সদস্য আফরোজা খানম নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশনা দেন।

আরও পড়ুন: চাটমোহরে বিধবার পরিবারকে উচ্ছেদের চেষ্টা, প্রাণনাশের হুমকি

তিনি বলেন, "ভোক্তাদের কাছে নিরাপদ, মানসম্মত ও ভেজালমুক্ত খাদ্য পৌঁছে দিতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।"

এ জন্য বিদ্যমান আইন আরও কঠোর করার পাশাপাশি প্রয়োজনে মৃত্যুদণ্ডের বিধান রাখার কথাও তিনি উল্লেখ করেন।

খাদ্যমন্ত্রী ধান সংগ্রহের ক্ষেত্রে সরাসরি কৃষকের কাছ থেকে ধান কেনার ওপর গুরুত্ব দেন। তিনি সংশ্লিষ্ট ব্যক্তিদের সতর্ক থাকার আহ্বান জানান যাতে কোনো মধ্যস্বত্বভোগী কৃষকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করতে না পারে।

বৈঠকে কমিটির সভাপতি বলেন, "সরকারের প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীকে স্বচ্ছতা, জবাবদিহি ও সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।"

আরও পড়ুন: রূপপুরে পৌঁছেছে রাশিয়া থেকে আমদানি করা ইউরেনিয়ামের অষ্টম চালান

মাঠপর্যায়ে কোনো সিন্ডিকেট বা অনিয়ম থাকলে তা কঠোরভাবে মোকাবেলা করতে হবে। কৃষক ও ভোক্তাদের অধিকার এবং ন্যায্য স্বার্থ সংরক্ষণে কার্যকর পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান তিনি।

বৈঠকে জানানো হয়, দেশের খাদ্যগুদামগুলোর ধারণক্ষমতা বর্তমানের ২২ লাখ ৯৩ হাজার টন থেকে বাড়িয়ে ২০৩০ সালের মধ্যে ৩০ লাখ টনে উন্নীত করার পরিকল্পনা নিয়ে কাজ করছে খাদ্য মন্ত্রণালয়। এ লক্ষ্যে দেশের খাদ্যগুদামগুলোর প্রকৃত অবস্থা তুলে ধরার সুপারিশ করেছে কমিটি।

পুরোনো ও ব্যবহারের অনুপযোগী খাদ্যগুদাম সরেজমিনে পরিদর্শন করে সেগুলো বাতিল করার পাশাপাশি প্রয়োজনে নতুন গুদাম নির্মাণের পরামর্শ দেওয়া হয়।

খাদ্যগুদামে পোকামাকড় নিয়ন্ত্রণ ও ছত্রাকের ঝুঁকি কমাতে শস্যের সঠিক আর্দ্রতা বজায় রেখে খাদ্যশস্য সংগ্রহ এবং যান্ত্রিক বায়ু চলাচলব্যবস্থা (মেকানিক্যাল ভেন্টিলেশন সিস্টেম) স্থাপনের বিষয়েও আলোচনা হয়। এ ছাড়া গুদাম নির্মাণে ইটের পরিবর্তে পরিবেশবান্ধব প্রি-ফেব্রিকেটেড কাঠামো ব্যবহারের বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়।

আরও পড়ুন: ন্যূনতম মজুরি: মালিকরা প্রস্তাব ১৫,৭০০, পোশাক শ্রমিকরা চায় ২২,০০০

বৈঠকে আরো জানানো হয়, খাদ্য মন্ত্রণালয়, খাদ্য অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের শূন্য পদে জনবল নিয়োগের কার্যক্রম চলমান রয়েছে।

খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে বিশৃঙ্খলা এড়াতে সংশোধিত নীতিমালায় ডিলার নিয়োগের ক্ষেত্রেও পরিবর্তন আনা হয়েছে। আগের নিয়মে প্রতি ৫০০ উপকারভোগীর জন্য একজন ডিলার নিয়োগের বিধান থাকলেও এখন প্রতি ২৫০ জনের বিপরীতে একজন ডিলার নিয়োগের বিধান করা হয়েছে।

গত ১৩ নভেম্বর থেকে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের খাদ্য ব্যয় কমাতে বিশেষ খোলাবাজারে চাল বিক্রি (ওএমএস) কর্মসূচি শুরু হয়েছে। এ কর্মসূচিতে শ্রমিকদের কাছে প্রতি কেজি ৩০ টাকা দরে সর্বোচ্চ ১০ কেজি চাল বিক্রি করা হচ্ছে। প্রাথমিকভাবে ঢাকা মহানগর, সাভার, ধামরাই, গাজীপুর, নারায়ণগঞ্জ ও চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকায় ৭৩টি ট্রাকের মাধ্যমে প্রতি শুক্রবার এ চাল বিক্রি করা হচ্ছে।

বৈঠকের শুরুতে আগের সভার কার্যবিবরণী অনুমোদন করা হয়। পাশাপাশি প্রথম বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতিও পর্যালোচনা করা হয়।

আরও পড়ুন: স্বর্ণদ্বীপে সেনাপ্রধানের সঙ্গে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী

বৈঠকে কমিটির সদস্য ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী, সংসদ সদস্য আবুল কালাম, খোন্দকার আবু আশফাক, এলিজা জামান, মো. আবু তালেব মন্ডল, মো. আব্দুল করিম ও শামছুন্নাহার বেগম উপস্থিত ছিলেন। এ ছাড়া খাদ্য মন্ত্রণালয়ের সচিব, অধীন দপ্তর ও সংস্থার প্রধান এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে ধামরাইয়ের রাজাপুরে শোকের ছায়া

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:০১ পি.এম


অভিনেতা সোহেল খানের মৃত্যুতে ধামরাইয়ের রাজাপুরে শোকের ছায়া

অভিনেতা সোহেল খানের মৃত্যুর খবর শুটিংয়ের সময়ে আকস্মিক অসুস্থতার কারণে ধামরাই উপজেলার রাজাপুর গ্রামে শোকের ছায়া ফেলেছে। তার মরদেহ ধামরাইয়ে আনার পর, এলাকার স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে গ্রামটির পরিবেশ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে বগুড়ায় ‘নসিব’ সিনেমার শুটিংয়ে অংশগ্রহণের সময় আকস্মিক অসুস্থ হয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে সোহেল খানের বয়স ছিল ৬৬ বছর। প্রিয় অভিনেতাকে হারিয়ে শোকাহত হয়ে পড়েছে এলাকাবাসী এবং তার দীর্ঘদিনের সহকর্মীরা।

‘নসিব’ সিনেমার শুটিংয়ের জন্য সোহেল খান ১৯ নভেম্বর থেকে বগুড়ায় অবস্থান করছিলেন। আগামীকাল বুধবার (২৫ নভেম্বর) তার অংশের শুটিং শেষ হওয়ার কথা ছিল। কিন্তু এর আগেই তিনি না ফেরার দেশে চলে যান।

সর্বশেষ তথ্য অনুযায়ী, বগুড়া থেকে সোহেল খানের মরদেহ তার পৈতৃক বাড়ি ধামরাইয়ের রাজাপুর গ্রামে নিয়ে আসা হয়েছে। সেখানে বাদ মাগরিব তার জানাজা অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা রয়েছে। জানাজার পর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় বাংলালিংকের একটি বিজ্ঞাপনচিত্রে অভিনয়ের মাধ্যমে সোহেল খান তার পর্দায় যাত্রা শুরু করেন। পরবর্তীতে ‘৪২০’ ধারাবাহিক নাটকে অভিনয় করে ব্যাপক পরিচিতি অর্জন করেন। নাটকের পাশাপাশি ‘দারুচিনি দ্বীপ’ ও ‘জংলি’সহ বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন এই গুণী শিল্পী।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাতকড়া পরিয়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হতে পারে: হুমায়ুন কবির

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:০২ পি.এম


হাতকড়া পরিয়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হতে পারে: হুমায়ুন কবির

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া হতে পারে হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারির মধ্যে, এমন মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে অবস্থানরত বিদেশি কূটনীতিকদের ব্রিফিং শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও জানান, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা যেতে পারে শুধুমাত্র হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারির মধ্যে।

শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে চান বলে রয়টার্সের প্রকাশিত একটি প্রতিবেদনের প্রেক্ষিতে এ মন্তব্য করেন তিনি।

হুমায়ুন কবির বলেন, "শেখ হাসিনা কী চান এবং বাস্তবে কী ঘটতে পারে- এই দুটির মধ্যে পার্থক্য বুঝতে হবে।"

বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সরকার পরিস্থিতি মোকাবিলায় আত্মবিশ্বাসী এবং জনগণকে এ বিষয়ে অবহিত রাখা হবে।

তিনি আরও জানান, "আমরা সব সময় জনগণের পাশে দৃঢ়ভাবে রয়েছি। আমরা আত্মবিশ্বাসের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছি এবং জনগণকে সঙ্গে নিয়েই কাজ করছি।"

হুমায়ুন কবির অভিযোগ করেন, আওয়ামী লীগের সমর্থকরা জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে বিক্ষিপ্ত হামলার সঙ্গে জড়িত। তিনি বলেন, এসব হামলায় শেখ হাসিনার পৃষ্ঠপোষকতা রয়েছে, তবে এসব হামলা জনগণকে ভীতসন্ত্রস্ত করতে ব্যর্থ হয়েছে।

ব্রিফিংয়ে কূটনীতিকরা কোনো বক্তব্য দিয়েছেন কি না, জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, এটি নিয়মিত কূটনৈতিক হালনাগাদ কার্যক্রমের অংশ। পররাষ্ট্র মন্ত্রণালয় কূটনৈতিক সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে এ ধরনের বহু আলোচনা করেছে।

ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিতরণ করা এক নোটে জানানো হয়, ব্রিফিংয়ে অংশ নিতে বিভিন্ন দেশের কূটনৈতিক মিশনের প্রধান, জাতিসংঘের বিভিন্ন সংস্থা এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছিল।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শ্রীপুরে শ্রমিক অসন্তোষ, পাঁচ কারখানা বন্ধ; মহাসড়কে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:০২ পি.এম


শ্রীপুরে শ্রমিক অসন্তোষ, পাঁচ কারখানা বন্ধ; মহাসড়কে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড

গাজীপুরের শ্রীপুরে শ্রমিক অসন্তোষ ও নিরাপত্তাজনিত পরিস্থিতির কারণে কর্তৃপক্ষ পাঁচটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করেছে।

এদিকে, যখন কারখানা বন্ধের খবর ছড়িয়ে পড়ে, শ্রমিকদের একটি অংশ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধের চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে, যার ফলে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যায়। এই ঘটনার কারণে মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে বাঘের বাজার এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার মাধ্যমে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। পরে ভবানীপুর থেকে মাওনা চৌরাস্তা পর্যন্ত মহাসড়কের বিভিন্ন স্থানে শ্রমিকদের বিক্ষিপ্ত অবস্থানের কারণে যান চলাচলে বিঘ্ন ঘটে।

ছুটি ঘোষণা করা কারখানাগুলোর মধ্যে রয়েছে মেম্বারবাড়ী এলাকার সিল্কেন সুইং, ভবানীপুর এলাকার আর অ্যান্ড জি (বিডি) গার্মেন্টস কোম্পানি লিমিটেড, বাঘের বাজার এলাকার মন্ডল ইন্টিমেন্টস ও গোল্ডেন রিফিট গার্মেন্টস এবং নতুন বাজার এলাকার মেঘনা হাই ফ্যাশন।

শিল্প পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে এসব কারখানায় ছুটি ঘোষণা করা হলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে, বিক্ষুব্ধ শ্রমিকদের একটি অংশ বাঘের বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধের চেষ্টা করে। পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যায়।

এরপর, শ্রমিকদের আরেকটি দল নতুন বাজার এলাকায় পরমাণু কৃষি গবেষণাগারের সামনে মহাসড়কে ওঠার চেষ্টা করে। পুলিশ ধাওয়া দিয়ে তাদের সরিয়ে দেয়। এ সময় প্রায় আধা ঘণ্টা মহাসড়কের ঢাকা অভিমুখী লেনে যান চলাচল বন্ধ থাকে।

পরে নতুন বাজার থেকে শ্রমিকদের একটি দল গড়গড়িয়া মাস্টারবাড়ী এলাকার দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। একইভাবে, শিরিরচালা এলাকায় মহাসড়কের পশ্চিম পাশে অবস্থান নেওয়ার চেষ্টা করা শ্রমিকদের লক্ষ্য করেও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়।

এদিকে, মহাসড়কের বিভিন্ন স্থানে শ্রমিকদের ছোট ছোট দল অবস্থান নেওয়ায় যান চলাচল স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বেগ পেতে হয়। ভবানীপুর থেকে মাওনা পর্যন্ত বিভিন্ন পয়েন্টে শ্রমিকদের সড়কে নামার চেষ্টা অব্যাহত ছিল।

আন্দোলনরত কয়েকজন শ্রমিক জানান, আশপাশের অনেক পোশাক কারখানা ছুটি ঘোষণা না করায় সেসব কারখানার শ্রমিকেরা ভেতরে কাজ বন্ধ রেখে অবস্থান করছেন। তাঁদের দাবি, শ্রমিকদের বেতন বৃদ্ধির আন্দোলনে সব কারখানার শ্রমিকদের সমানভাবে অংশগ্রহণ করতে হবে।

আন্দোলনে অংশ নেওয়া শ্রমিকেরা পুলিশের বাধার মুখে পড়বেন, আর অন্যরা কারখানায় কাজ চালিয়ে যাবেন—এ ধরনের বৈষম্য তাঁরা মেনে নেবেন না। তাঁদের মতে, আন্দোলনের সুফল সবাই পেলে অংশগ্রহণও সবার থাকতে হবে।

এ বিষয়ে গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার (এসপি) আমজাদ হোসেনের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। ফলে শ্রমিক অসন্তোষের কারণ, পরিস্থিতির সার্বিক অবস্থা এবং আইনশৃঙ্খলা বাহিনীর পরবর্তী পদক্ষেপ সম্পর্কে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অ্যাকারম্যানের রেকর্ড সেঞ্চুরিতে বাংলাদেশের চাপে ১৩৭ রানের লিড

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:০৩ পি.এম


অ্যাকারম্যানের রেকর্ড সেঞ্চুরিতে বাংলাদেশের চাপে ১৩৭ রানের লিড

ঢাকা, ২৪ নভেম্বর ২০২৬ : টানা দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকার ওপেনার মার্কেস অ্যাকারম্যান দ্বিতীয় সেঞ্চুরি অর্জন করেছেন। তাঁর অসাধারণ ব্যাটিংয়ের ফলে সেঞ্চুরিয়ানের সুপারস্পোর্ট পার্কে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের মধ্যাহ্ন বিরতির সময় দক্ষিণ আফ্রিকার স্কোর ৩ উইকেটে ২২৮ রান দাঁড়িয়েছে। বাংলাদেশের বিপক্ষে স্বাগতিকদের লিড বর্তমানে ১৩৭ রান।

প্রথম টেস্টে ১৫৭ রানের ইনিংসের পর এবার তিনি ১৫০ রানের ইনিংস খেলেছেন। টানা দুই টেস্টে দেড়শ রান ছাড়ানো ইনিংস খেলে দক্ষিণ আফ্রিকার দলের জন্য ম্যাচের নিয়ন্ত্রণ সম্পূর্ণরূপে প্রতিষ্ঠা করেছেন অ্যাকারম্যান।

মধ্যাহ্ন বিরতির ঠিক আগে শরিফুল ইসলাম অ্যাকারম্যানকে আউট করে বাংলাদেশকে কিছুটা স্বস্তি প্রদান করেন। তবে এর আগে সফরকারী বোলারদের ওপর তিনি সাবলীল ব্যাটিং করে চড়াও হন।

অ্যাকারম্যান ১৩৮ বল মোকাবেলা করে ২৩টি চার ও চারটি ছক্কায় ১৫০ রান সংগ্রহ করেন।

দিনের শুরুতে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ছিল ১ উইকেটে ৮৮ রান। এরপর বাংলাদেশের বোলারদের ওপর, বিশেষ করে শরিফুলের ওপর, অ্যাকারম্যান আক্রমণ চালান।

দ্বিতীয় উইকেটে হামজা জুবায়েরের সঙ্গে ৯৬ রানের জুটি গড়েন তিনি। সৈয়দ খালেদ আহমেদ ২৭ রান করা জুবায়েরকে ফিরিয়ে এই জুটি ভাঙেন।

এরপর তৃতীয় উইকেটে টনি ডি জর্জির সঙ্গে ৭৪ রানের জুটি গড়েন অ্যাকারম্যান। এই জুটিতে তাঁর একক আধিপত্য ছিল, ৭৪ রানের মধ্যে ৬৭ রান তিনি করেন।

বিরতির সময় ডি জর্জি ৯ রানে ব্যাট করছিলেন। অপর প্রান্তে ম্যাথু ব্রিটজ ২ রানে অপরাজিত আছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৯ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%