প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
পাবনার চাটমোহরে দীর্ঘদিন ধরে কেনা জমিতে বসবাসকারী এক বিধবার পরিবারকে উচ্ছেদের চেষ্টা করার অভিযোগ স্থানীয় কিছু ব্যক্তির বিরুদ্ধে উঠেছে। এই ঘটনায় থানায় একাধিক সালিস বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো সমাধান আসেনি। পরে আদালতে মামলা করার পর ভুক্তভোগী পরিবারকে মামলা তুলে নিতে চাপ দেওয়া এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে।
অভিযোগের সূত্রে জানা যায়, উপজেলার মুলগ্রাম ইউনিয়নের শাহাপুর গ্রামের মৃত আলাউদ্দিনের স্ত্রী জামেনা খাতুন ২০১৫ সালে একই গ্রামের মৃত নজির মোল্লার ছেলে মোক্তার মোল্লার কাছ থেকে ১১ শতক জমি ক্রয় করেন। এরপর জমির নামজারি ও খাজনা পরিশোধ করে সাত বছর আগে সেখানে ঘরবাড়ি নির্মাণ করে পরিবার নিয়ে বসবাস শুরু করেন তিনি।
জামেনা খাতুনের অভিযোগ, কেনা জমির পাশ দিয়ে পাকা রাস্তা নির্মাণের পর জমি বিক্রেতা মোক্তার মোল্লার আত্মীয়স্বজনেরা তার পরিবারকে জমিটি ছেড়ে দিতে চাপ দিতে শুরু করেন। বিভিন্ন সময়ে বাড়িতে এসে তারা হুমকি-ধমকিও দেন। এ বিষয়ে থানায় একাধিকবার সালিস বৈঠক হলেও অভিযুক্তরা তা মানেননি। পরে পুলিশের পরামর্শে আদালতে দুটি মামলা দায়ের করেন তারা।
অভিযুক্তদের মধ্যে রয়েছেন শাহাপুর গ্রামের আমিন উদ্দিন, জাহিন, মজনু, ৩ নম্বর ওয়ার্ডের বিএনপির সাবেক সভাপতি মহির উদ্দিন, ইন্তাজ, আশরাফুলসহ আরও কয়েকজন।
জামেনা খাতুন বলেন, ‘আমার কেনা জমি, দলিলও আছে। কিন্তু এখন তারা জমি ছাড়তে বলছে। আমাদের এলাকা থেকে তাড়িয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। বিভিন্ন সময় বাড়িতে এসে হুমকি-ধমকি দিচ্ছে। এ নিয়ে থানায় কয়েকবার সালিস হয়েছে। কিন্তু তারা কিছুই মানছে না। পরে পুলিশের পরামর্শে আদালতে দুটি মামলা করেছি।’
জামেনা খাতুনের ছেলে সবুজ সরকার অভিযোগ করেন, বিএনপি নেতা মহির উদ্দিন জমি বিক্রেতা মোক্তার মোল্লার ভাতিজা। তিনি অন্যদের নেতৃত্ব দিয়ে তাদের ওপর নির্যাতন চালাচ্ছেন। বাড়িতে হামলা করতে আসছেন এবং তাকে তুলে নিয়ে যাওয়া ও পরিবারকে এলাকা ছাড়া করার হুমকি দিচ্ছেন। গত ২০ নভেম্বর লোকজন নিয়ে তাদের বাড়িতে হামলার চেষ্টা করা হয়। এ সময় তার খালু মমিন আলী তাদের পাশে দাঁড়ানোর কারণে তাকেও মারধর করা হয়।
মমিন আলী বলেন, জামেনা খাতুনের পরিবারকে সহযোগিতা করায় গত ১৭ নভেম্বর অভিযুক্তরা তাকে মারধরের চেষ্টা করেন। এরপর ২০ নভেম্বর বাড়ি থেকে বাজারে যাওয়ার পথে দ্বিতীয় দফায় তাকে মারধর করা হয়। এ সময় মামলা তুলে নিতে বলা হয় এবং মামলা না তুললে গুম করার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় তিনি আদালতে ১০ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।
এ বিষয়ে ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল কুদ্দুস রেজা বলেন, ‘বিষয়গুলো আমি জানি। জামেনা খাতুনের জমি কেনার কাগজপত্র সব ঠিক আছে। কিন্তু ওই জমির পাশ দিয়ে রাস্তা হওয়ায় একটি পজিশন তৈরি হয়েছে। এখন জমি বিক্রেতার স্বজনেরা জমি বিক্রির বিষয়টি মানছেন না। এ নিয়ে একাধিকবার সালিস হয়েছে, কিন্তু কোনো সমাধান হয়নি।’
তবে নিজের বিরুদ্ধে উঠা অভিযোগ অস্বীকার করেছেন বিএনপি নেতা মহির উদ্দিন। তিনি বলেন, ‘জামেনা খাতুন জমি কিনে সেখানে বসবাস করছেন, সবকিছু ঠিক আছে। তবে তার বাড়ির পাশে আমার চাচাতো ভাই জাহাঙ্গীরের জমি রয়েছে। জামেনার বাড়ির মোটরের পানি ওই জমিতে পড়ে। এ বিষয়ে নিষেধ করায় তারা ক্ষিপ্ত হন। আমার ভাতিজাকে মারধরের চেষ্টা করেন জামেনার ছেলে সবুজ। এ ঘটনা শুনতে আমরা সেদিন ওই বাড়িতে গিয়েছিলাম। তবে কারও ওপর হামলা বা কাউকে মারধর করা হয়নি।’
জমি বিক্রেতা মোক্তার মোল্লা বলেন, ‘আমি আমার অংশের জমি বিক্রি করেছি এবং তাদের বুঝিয়ে দিয়েছি। খাজনা-খারিজও তাদের নামে হয়েছে। সেখানে অনেক দিন ধরে তারা বসবাস করছেন। কিন্তু আমার আত্মীয়স্বজন তাদের সঙ্গে ঝামেলা করলেও আমি কিছু করতে পারছি না। তাদের নিষেধ করেও লাভ হয়নি। আমি অসহায়।’
এ বিষয়ে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান বলেন, ভুক্তভোগীরা থানায় না এলে এ বিষয়ে কিছু বলা সম্ভব নয়। অভিযোগ পেলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের মাধ্যমে বিষয়টি দেখা হয়। থানায় এ নিয়ে কোনো বৈঠক হয়েছিল কি না, তা এই মুহূর্তে মনে করতে পারছি না।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন