ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

চট্টগ্রামে গ্রিল কেটে শিশুকে ঘরে ঢুকিয়ে খোলা হয় দরজা, অতঃপর...


চট্টগ্রামে গ্রিল কেটে শিশুকে ঘরে ঢুকিয়ে খোলা হয় দরজা, অতঃপর...

চট্টগ্রামের বোয়ালখালীতে জানালার গ্রিল কেটে একটি শিশুকে ঘরের ভেতর ঢুকিয়ে দরজা খোলানোর পর তিনটি বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। এই সময় পরিবারের সদস্যদের ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতদল স্বর্ণালংকার, নগদ টাকা, মোবাইল ফোন ও একটি ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে গেছে।

ঘটনাটি ঘটে সোমবার (১৪ সেপ্টেম্বর) ভোরে উপজেলার কড়লডেঙ্গা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আব্দুস সাত্তারের বাড়িতে।

ভুক্তভোগী সহকারী শিক্ষিকা সাদিয়া আফরোজ জানান, রাত ৩টার দিকে ৬-৭ জনের একটি সশস্ত্র ডাকাত দল তাদের ঘরে প্রবেশ করে। এ সময় তার স্বামী শরিফুল ইসলামসহ পরিবারের সদস্যদের হাত ও চোখ বেঁধে মারধর করা হয়।

আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য

তিনি বলেন, ডাকাতরা দুটি স্বর্ণের চেইন, দুই জোড়া স্বর্ণের কানের দুল, একটি নাকফুল, এক জোড়া ডায়মন্ডের কানের দুল, দুই জোড়া রূপার নুপুর, পাঁচটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও নগদ ৪১ হাজার টাকা নিয়ে গেছে।

অটোরিকশাচালক নুরুল আবছার রুবেল জানান, ডাকাতরা রান্নাঘরের জানালার গ্রিল কাটার পর একটি শিশুকে ঘরের ভেতর ঢুকিয়ে দেয়। পরে শিশুটি ভেতর থেকে দরজা খুলে দিলে ডাকাতরা ঘরে প্রবেশ করে।

তিনি বলেন, ঘরে ঢুকেই ডাকাতরা তার গলায় ছুরি ধরে হাত বেঁধে পরিবারের সদস্যদের একটি কক্ষে আটকে রাখে। পরে ঘর তছনছ করে নগদ ২৫ হাজার টাকা ও তার ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে যায়।

স্থানীয়রা জানান, ডাকাতির শিকার পরিবারগুলো একই ভবনে পাশাপাশি ভাড়া থাকেন। গভীর রাতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে জানা গেছে, কাটার দিয়ে জানালার গ্রিল কেটে একটি শিশুকে ঘরের ভেতর ঢুকিয়ে দরজা খোলানো হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের তদন্তে গঠন হলো ৫ সদস্যের কমিটি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:০৫ পি.এম


ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের তদন্তে গঠন হলো ৫ সদস্যের কমিটি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের অগ্নিকাণ্ডের ঘটনার তদন্তের জন্য পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে এই কমিটি গঠন করা হয়।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান জানান, গতকালের অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তের জন্য হাসপাতাল কর্তৃপক্ষ পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে। কমিটির প্রধান হিসেবে হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক গোলাম রহমান ভূঁইয়াকে নিযুক্ত করা হয়েছে। তিনি সদস্যসচিবের দায়িত্বও পালন করবেন। কমিটিতে গণপূর্ত অধিদপ্তরের দুজন সদস্য এবং ফায়ার সার্ভিসের একজন প্রতিনিধি অন্তর্ভুক্ত রয়েছেন।

তিনি আরও উল্লেখ করেন, লিফটে আগুন লাগার ঘটনায় কোনো গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখবে তদন্ত কমিটি। আগুন লাগার সম্ভাব্য কারণ চিহ্নিত করা হবে এবং যদি কারও গাফিলতি পাওয়া যায়, তা শনাক্ত করা হবে। পাশাপাশি, প্রয়োজনীয় সুপারিশও করা হবে। তদন্তের সময় যদি অন্য কোনো বিষয় উঠে আসে, সেগুলোও বিবেচনায় নেওয়া হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ থেকে ওমানে বৈদ্যুতিক বাইক রপ্তানির সমঝোতা স্মারক সই

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:০৬ পি.এম


বাংলাদেশ থেকে ওমানে বৈদ্যুতিক বাইক রপ্তানির সমঝোতা স্মারক সই

বাংলাদেশ থেকে ওমানে বৈদ্যুতিক মোটরসাইকেল (ইভি বাইক) রপ্তানি, প্রযুক্তি বিনিময় এবং যৌথ বিনিয়োগের লক্ষ্যে বাংলাদেশের পিটন ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও ওমানের মডার্ন স্টার বিজনেসেস এলএলসির (স্টার ড্রোনস) মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে।

এ সমঝোতা স্মারক সোমবার (১৪ সেপ্টেম্বর) ঢাকার নভোথিয়েটারে বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬-এর অনুষ্ঠানে সই করা হয়। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সমঝোতা স্মারকে পিটন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক শেখ ইকবাল জাহেদী এবং স্টার ড্রোনসের পক্ষে প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা সাইদ আব্দুল গাফুর সাইফ উদ্দিন সই করেন।

চুক্তির আওতায় প্রাথমিকভাবে ওমানের ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম ‘বিজ’ (Bees)-এর ডেলিভারি বহরের জন্য বাংলাদেশ থেকে ইলেকট্রিক বাইক সংগ্রহ করা হবে। পরবর্তী ধাপে মধ্যপ্রাচ্যের বাজারের চাহিদা বিবেচনায় ওমানে একটি অ্যাসেম্বলি লাইন স্থাপনের পরিকল্পনা রয়েছে।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় জানায়, সমঝোতা অনুযায়ী বাংলাদেশ থেকে ইভি প্রযুক্তি ও প্রযুক্তিগত জ্ঞান ওমানে স্থানান্তরের পাশাপাশি দুই দেশের প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি করতে যৌথভাবে কাজ করা হবে। একই সঙ্গে রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে নতুন প্রযুক্তি উন্নয়নের পরিকল্পনাও রয়েছে।

এ ছাড়া স্টার ড্রোনস তাদের ড্রোন ডেলিভারি প্রযুক্তির সঙ্গে বাংলাদেশি ইভি বাইকের সমন্বয় ঘটিয়ে একটি সমন্বিত ডেলিভারি নেটওয়ার্ক তৈরির পরিকল্পনা করেছে। চুক্তির আওতায় ওমান থেকে মূলধন ও ড্রোন প্রযুক্তি বাংলাদেশে এনে স্থানীয়ভাবে বিনিয়োগের কথাও বলা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন।

তিনি বলেন, "বাংলাদেশে প্রথমবারের মতো একাডেমিয়া, দেশি-বিদেশি বিনিয়োগকারী এবং স্থানীয় উদ্যোক্তাদের সমন্বয়ে উদ্ভাবনী মেলার আয়োজন করা হয়েছে। পিটন ইন্ডাস্ট্রিজ ও স্টার ড্রোনসের মধ্যকার এ সমঝোতা সেই উদ্যোগের বাস্তব ফল।"

তিনি আরও বলেন, "এই প্রযুক্তিগত সহযোগিতা জাতীয় অর্থনীতি ও দেশের উদীয়মান সবুজ প্রযুক্তি খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।"

স্টার ড্রোনসের প্রতিনিধি জানান, বাংলাদেশি পণ্যের মান ও স্থানীয় উদ্ভাবনী সক্ষমতা তাদের আকৃষ্ট করেছে। এ উদ্যোগ শুধু ইভি বাইক কেনাবেচায় সীমাবদ্ধ থাকবে না; বরং মধ্যপ্রাচ্যে বাংলাদেশি প্রযুক্তির বাজার সম্প্রসারণ এবং বাংলাদেশে ওমানের যৌথ বিনিয়োগের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে এগিয়ে নেওয়া হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ওমান দূতাবাসের ডেপুটি হেড অব মিশন ও মিনিস্টার প্লেনিপোটেনশিয়ারি ফাথিয়া বিনতে আহমেদ আল বালুশি।

এ ছাড়া সৌদি আরব-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আশরাফুল হক চৌধুরী, পিটন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান শামসুল আলম লিটন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আলী আজগর অপু এবং স্টার ড্রোনসের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যে লক্ষণ দেখলে মশা আপনাকেই বেশি পছন্দ করে ও কামড়ায়

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:০৬ পি.এম


যে লক্ষণ দেখলে মশা আপনাকেই বেশি পছন্দ করে ও কামড়ায়

একসঙ্গে অনেক মানুষ বসে আড্ডা দিচ্ছেন, কিন্তু মশার কামড় খেতে হচ্ছে শুধুমাত্র একজনকেই—এমন দৃশ্য প্রায়ই দেখা যায়। অনেকেই বিষয়টিকে কাকতালীয় মনে করেন, তবে এর পেছনে রয়েছে বৈজ্ঞানিক কারণ। শরীরের কিছু বৈশিষ্ট্যের কারণে নির্দিষ্ট কিছু মানুষকে মশা অন্যদের তুলনায় বেশি কামড়ায়।

আনন্দবাজারের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, শরীর থেকে নিঃসৃত কার্বন ডাই-অক্সাইড, রক্তের গ্রুপ, ঘামের গন্ধ, শরীরের তাপমাত্রা, অতিরিক্ত মদ্যপান এবং ত্বকে থাকা কিছু ব্যাকটেরিয়ার কারণে মশা কিছু মানুষের প্রতি বেশি আকৃষ্ট হতে পারে।

নিঃশ্বাসের কার্বন ডাই-অক্সাইড

শরীর থেকে নিঃসৃত কার্বন ডাই-অক্সাইড মশাকে আকৃষ্ট করে। মশার শুঁড়ে থাকা বিশেষ ধরনের অনুভূতিশক্তিসম্পন্ন অংশ প্রায় ১০০ ফুট দূরত্ব থেকে নিঃশ্বাসের মাধ্যমে বের হওয়া কার্বন ডাই-অক্সাইড শনাক্ত করতে সক্ষম।

যারা নিয়মিত ব্যায়াম করেন বা দ্রুত হাঁটেন, তাদের নিঃশ্বাসের গতি তুলনামূলকভাবে বেশি থাকে। ফলে শরীর থেকে বেশি কার্বন ডাই-অক্সাইড বের হয়। এতে এডিস এবং ম্যালেরিয়ার মশা তাদের প্রতি বেশি আকৃষ্ট হতে পারে।

রক্তের গ্রুপ

বিভিন্ন গবেষণায় দেখা গেছে, ‘ও’ পজেটিভ এবং ‘ও’ নেগেটিভ রক্তের গ্রুপের মানুষের প্রতি মশা তুলনামূলকভাবে বেশি কামড়ায়। এরপর রয়েছে ‘বি’ রক্তের গ্রুপের মানুষ।

তবে মশা কীভাবে রক্তের গ্রুপের পার্থক্য বুঝতে পারে, তা নিয়ে এখনও গবেষণা চলছে। নির্দিষ্ট রক্তের গ্রুপের মানুষের ত্বক থেকে বিশেষ ধরনের রাসায়নিক সংকেত বের হয়, যা মশা সহজেই শনাক্ত করতে পারে বলে ধারণা করা হয়।

ঘামের গন্ধ

মানুষের ঘামে ল্যাকটিক অ্যাসিড, ইউরিক অ্যাসিড এবং অ্যামোনিয়ার মতো বিভিন্ন উপাদান থাকে। যারা বেশি ঘামেন, তাদের শরীর থেকে এসব উপাদানও বেশি পরিমাণে বের হয়। ফলে তাদের প্রতি মশার আকর্ষণ বৃদ্ধি পেতে পারে।

শরীরের বেশি তাপমাত্রা

মশার শরীরে থাকা বিশেষ অনুভূতিশক্তি শরীরের তাপমাত্রার সামান্য পরিবর্তনও শনাক্ত করতে পারে। বিশেষ করে যারা বেশি ব্যায়াম করেন বা জ্বরে আক্রান্ত, তাদের শরীরের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি থাকতে পারে। এ কারণে মশা তাদের প্রতি বেশি আকৃষ্ট হতে পারে।

অতিরিক্ত মদ্যপান

অতিরিক্ত মদ্যপান করলেও মশার কামড় বৃদ্ধি পেতে পারে বলে গবেষণায় উঠে এসেছে। শরীরে অ্যালকোহল প্রবেশ করলে রক্তনালি প্রসারিত হয় এবং ত্বকে রক্তপ্রবাহ বাড়ে। একই সঙ্গে ঘামের মাধ্যমে ইথানল বের হয়, যা মশা শনাক্ত করতে পারে। এছাড়া অতিরিক্ত মদ্যপানে শরীরের তাপমাত্রাও বৃদ্ধি পেতে পারে, যা মশাকে আকৃষ্ট করে।

ত্বকে থাকা ব্যাকটেরিয়া

মানুষের ত্বকে বিভিন্ন ধরনের অণুজীব বা ব্যাকটেরিয়া বিদ্যমান। ত্বকে থাকা কিছু বিশেষ প্রজাতির ব্যাকটেরিয়ার কারণে ম্যালেরিয়া ও এডিস মশা কিছু মানুষের প্রতি বেশি আকৃষ্ট হতে পারে। ফলে অন্যদের তুলনায় তাদের মশার কামড়ের সংখ্যা বেশি হতে পারে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাত্রী দেখতে গিয়ে ছবি তুলে ফেসবুকে অশ্লীলভাবে প্রচার, এরপর গ্রেপ্তার তিনজন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:০৭ পি.এম


পাত্রী দেখতে গিয়ে ছবি তুলে ফেসবুকে অশ্লীলভাবে প্রচার, এরপর গ্রেপ্তার তিনজন

নীলফামারীর সৈয়দপুরে এক তরুণীর ছবি অশ্লীলভাবে এডিট করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে স্বামী-স্ত্রীও রয়েছেন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বিষয়টি নিশ্চিত করেন। এর আগে রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে সৈয়দপুর শহরের সাহেবপাড়া লিচু বাগান এলাকার একটি বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন কামাল হোসেনের ছোট ছেলে সুজন মিয়া (২৫), মেজো ছেলে শাকির রানা (৩০) এবং শাকির রানার স্ত্রী মাহিমা ইসলাম শাম্মী (২৫)।

মামলার এজাহার ও ভুক্তভোগীর পরিবারের সূত্রে জানা যায়, সুজন মিয়া ওই তরুণীকে দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। একপর্যায়ে বিভিন্নভাবে প্ররোচিত করে গোপনে তাকে বিয়ে করেন তিনি।

পরে তরুণীর পরিবার এই বিষয়টি জানতে পারে। এ নিয়ে পারিবারিকভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয়। এর অংশ হিসেবে সুজনের পরিবারের সদস্যরা তরুণীকে দেখতে তাদের বাড়িতে যান এবং তার ছবি তুলে নিয়ে আসেন।

অভিযোগ রয়েছে, পরে ওই ছবি অশ্লীলভাবে এডিট করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেন আসামিরা।

এ ঘটনায় ভুক্তভোগী তরুণীর বাবা সালাম রেজা বাদী হয়ে সৈয়দপুর থানায় মামলা করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে।

সৈয়দপুর থানার ওসি রেজাউল করিম রেজা জানান, তরুণীর অশ্লীল ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে সাইবার সুরক্ষা আইনের ১৯(ক)/২৫/২৭ ধারায় মামলা করা হয়েছে। মামলাটির নম্বর ৭। সোমবার দুপুরে গ্রেপ্তার তিন আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%