ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

যে লক্ষণ দেখলে মশা আপনাকেই বেশি পছন্দ করে ও কামড়ায়


যে লক্ষণ দেখলে মশা আপনাকেই বেশি পছন্দ করে ও কামড়ায়

একসঙ্গে অনেক মানুষ বসে আড্ডা দিচ্ছেন, কিন্তু মশার কামড় খেতে হচ্ছে শুধুমাত্র একজনকেই—এমন দৃশ্য প্রায়ই দেখা যায়। অনেকেই বিষয়টিকে কাকতালীয় মনে করেন, তবে এর পেছনে রয়েছে বৈজ্ঞানিক কারণ। শরীরের কিছু বৈশিষ্ট্যের কারণে নির্দিষ্ট কিছু মানুষকে মশা অন্যদের তুলনায় বেশি কামড়ায়।

আনন্দবাজারের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, শরীর থেকে নিঃসৃত কার্বন ডাই-অক্সাইড, রক্তের গ্রুপ, ঘামের গন্ধ, শরীরের তাপমাত্রা, অতিরিক্ত মদ্যপান এবং ত্বকে থাকা কিছু ব্যাকটেরিয়ার কারণে মশা কিছু মানুষের প্রতি বেশি আকৃষ্ট হতে পারে।

নিঃশ্বাসের কার্বন ডাই-অক্সাইড

আরও পড়ুন: ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৪, হাসপাতালে ভর্তি ১৮৫১ জন

শরীর থেকে নিঃসৃত কার্বন ডাই-অক্সাইড মশাকে আকৃষ্ট করে। মশার শুঁড়ে থাকা বিশেষ ধরনের অনুভূতিশক্তিসম্পন্ন অংশ প্রায় ১০০ ফুট দূরত্ব থেকে নিঃশ্বাসের মাধ্যমে বের হওয়া কার্বন ডাই-অক্সাইড শনাক্ত করতে সক্ষম।

যারা নিয়মিত ব্যায়াম করেন বা দ্রুত হাঁটেন, তাদের নিঃশ্বাসের গতি তুলনামূলকভাবে বেশি থাকে। ফলে শরীর থেকে বেশি কার্বন ডাই-অক্সাইড বের হয়। এতে এডিস এবং ম্যালেরিয়ার মশা তাদের প্রতি বেশি আকৃষ্ট হতে পারে।

রক্তের গ্রুপ

বিভিন্ন গবেষণায় দেখা গেছে, ‘ও’ পজেটিভ এবং ‘ও’ নেগেটিভ রক্তের গ্রুপের মানুষের প্রতি মশা তুলনামূলকভাবে বেশি কামড়ায়। এরপর রয়েছে ‘বি’ রক্তের গ্রুপের মানুষ।

আরও পড়ুন: ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু

তবে মশা কীভাবে রক্তের গ্রুপের পার্থক্য বুঝতে পারে, তা নিয়ে এখনও গবেষণা চলছে। নির্দিষ্ট রক্তের গ্রুপের মানুষের ত্বক থেকে বিশেষ ধরনের রাসায়নিক সংকেত বের হয়, যা মশা সহজেই শনাক্ত করতে পারে বলে ধারণা করা হয়।

ঘামের গন্ধ

মানুষের ঘামে ল্যাকটিক অ্যাসিড, ইউরিক অ্যাসিড এবং অ্যামোনিয়ার মতো বিভিন্ন উপাদান থাকে। যারা বেশি ঘামেন, তাদের শরীর থেকে এসব উপাদানও বেশি পরিমাণে বের হয়। ফলে তাদের প্রতি মশার আকর্ষণ বৃদ্ধি পেতে পারে।

শরীরের বেশি তাপমাত্রা

আরও পড়ুন: ক্যানসার হাসপাতালগুলোতে রেডিওথেরাপি মেশিন স্থাপনের উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী

মশার শরীরে থাকা বিশেষ অনুভূতিশক্তি শরীরের তাপমাত্রার সামান্য পরিবর্তনও শনাক্ত করতে পারে। বিশেষ করে যারা বেশি ব্যায়াম করেন বা জ্বরে আক্রান্ত, তাদের শরীরের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি থাকতে পারে। এ কারণে মশা তাদের প্রতি বেশি আকৃষ্ট হতে পারে।

অতিরিক্ত মদ্যপান

অতিরিক্ত মদ্যপান করলেও মশার কামড় বৃদ্ধি পেতে পারে বলে গবেষণায় উঠে এসেছে। শরীরে অ্যালকোহল প্রবেশ করলে রক্তনালি প্রসারিত হয় এবং ত্বকে রক্তপ্রবাহ বাড়ে। একই সঙ্গে ঘামের মাধ্যমে ইথানল বের হয়, যা মশা শনাক্ত করতে পারে। এছাড়া অতিরিক্ত মদ্যপানে শরীরের তাপমাত্রাও বৃদ্ধি পেতে পারে, যা মশাকে আকৃষ্ট করে।

ত্বকে থাকা ব্যাকটেরিয়া

আরও পড়ুন: স্বাস্থ্যখাতের বাজেটের বড় অংশ ক্যানসার চিকিৎসায় ব্যয় হবে: স্বাস্থ্যমন্ত্রী

মানুষের ত্বকে বিভিন্ন ধরনের অণুজীব বা ব্যাকটেরিয়া বিদ্যমান। ত্বকে থাকা কিছু বিশেষ প্রজাতির ব্যাকটেরিয়ার কারণে ম্যালেরিয়া ও এডিস মশা কিছু মানুষের প্রতি বেশি আকৃষ্ট হতে পারে। ফলে অন্যদের তুলনায় তাদের মশার কামড়ের সংখ্যা বেশি হতে পারে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাত্রী দেখতে গিয়ে ছবি তুলে ফেসবুকে অশ্লীলভাবে প্রচার, এরপর গ্রেপ্তার তিনজন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:০৭ পি.এম


পাত্রী দেখতে গিয়ে ছবি তুলে ফেসবুকে অশ্লীলভাবে প্রচার, এরপর গ্রেপ্তার তিনজন

নীলফামারীর সৈয়দপুরে এক তরুণীর ছবি অশ্লীলভাবে এডিট করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে স্বামী-স্ত্রীও রয়েছেন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বিষয়টি নিশ্চিত করেন। এর আগে রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে সৈয়দপুর শহরের সাহেবপাড়া লিচু বাগান এলাকার একটি বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন কামাল হোসেনের ছোট ছেলে সুজন মিয়া (২৫), মেজো ছেলে শাকির রানা (৩০) এবং শাকির রানার স্ত্রী মাহিমা ইসলাম শাম্মী (২৫)।

মামলার এজাহার ও ভুক্তভোগীর পরিবারের সূত্রে জানা যায়, সুজন মিয়া ওই তরুণীকে দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। একপর্যায়ে বিভিন্নভাবে প্ররোচিত করে গোপনে তাকে বিয়ে করেন তিনি।

পরে তরুণীর পরিবার এই বিষয়টি জানতে পারে। এ নিয়ে পারিবারিকভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয়। এর অংশ হিসেবে সুজনের পরিবারের সদস্যরা তরুণীকে দেখতে তাদের বাড়িতে যান এবং তার ছবি তুলে নিয়ে আসেন।

অভিযোগ রয়েছে, পরে ওই ছবি অশ্লীলভাবে এডিট করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেন আসামিরা।

এ ঘটনায় ভুক্তভোগী তরুণীর বাবা সালাম রেজা বাদী হয়ে সৈয়দপুর থানায় মামলা করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে।

সৈয়দপুর থানার ওসি রেজাউল করিম রেজা জানান, তরুণীর অশ্লীল ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে সাইবার সুরক্ষা আইনের ১৯(ক)/২৫/২৭ ধারায় মামলা করা হয়েছে। মামলাটির নম্বর ৭। সোমবার দুপুরে গ্রেপ্তার তিন আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাঁচ মাসে হাম-রুবেলার টিকা পেয়েছে প্রায় ২ কোটি শিশু

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:০৭ পি.এম


পাঁচ মাসে হাম-রুবেলার টিকা পেয়েছে প্রায় ২ কোটি শিশু

চলমান হাম-রুবেলার টিকাদান কর্মসূচির আওতায় গত পাঁচ মাসে সারাদেশে ১ কোটি ৯৭ লাখ ৭১ হাজার ৭২০ জন শিশু টিকা গ্রহণ করেছে, যা লক্ষ্যমাত্রার তুলনায় প্রায় ১০ শতাংশ বেশি।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, চলতি বছরের মার্চ মাসের শেষের দিকে দেশে হামের প্রাদুর্ভাব দেখা দিলে সরকার দ্রুততার সঙ্গে ৫ এপ্রিল প্রথম দফায় দেশের ১৮ জেলার ৩০ উপজেলায় জরুরি টিকাদান কর্মসূচি শুরু করে। দ্বিতীয় দফায় ১২ এপ্রিল থেকে গুরুত্বপূর্ণ ৪টি সিটি করপোরেশনে (ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর, বরিশাল ও ময়মনসিংহ) এবং সর্বশেষ তৃতীয় দফায় ২০ এপ্রিল থেকে সারাদেশে একযোগে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু হয়, যা এখনও চলমান রয়েছে।

তবে দেশে হামের প্রাদুর্ভাব এখনও বিদ্যমান থাকায় আগামী ২৬ সেপ্টেম্বর থেকে হাম প্রতিরোধে সরকার আবারও নতুন করে ব্যাপকভাবে টিকা ক্যাম্পেইন শুরু করতে যাচ্ছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, প্রথমে এই কর্মসূচির আওতায় সারাদেশের প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু সরকারের বিভিন্ন উদ্যোগের কারণে শিশুদের টিকা গ্রহণের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ১০৯ দশমিক ৮ শতাংশে পৌঁছেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, সরকারের লক্ষ্যমাত্রা ছিল ১ কোটি ৮০ লাখ ১৫ হাজার ৬৪ জন শিশুকে হাম-রুবেলার টিকা দেওয়া। কিন্তু ১৩ সেপ্টেম্বর পর্যন্ত দেখা গেছে, সারাদেশে ১ কোটি ৯৭ লাখ ৭১ হাজার ৭২০ জন শিশুকে টিকা দেওয়া হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে হাম-রুবেলার টিকার সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, বরিশাল বিভাগে ১১ লাখ ১০ হাজার ৬৯৮ জন, চট্টগ্রাম বিভাগে ৪৮ লাখ ৪১ হাজার ৯২৪ জন, ঢাকা বিভাগে ৪৯ লাখ ১৯ হাজার ৯১৩ জন, খুলনা বিভাগে ১৬ লাখ ৯৫ হাজার ৭৭৯ জন, ময়মনসিংহ বিভাগে ১৫ লাখ ৩০ হাজার ৯১৬ জন, রাজশাহী বিভাগে ২২ লাখ ১৩ হাজার ১৯৭ জন, রংপুর বিভাগে ২০ লাখ ৭৩ হাজার ৪৮৮ জন ও সিলেট বিভাগে ১৩ লাখ ৮৫ হাজার ৮০৫ জন শিশুকে হাম-রুবেলার টিকা দেওয়া হয়েছে।

এছাড়া সিটি করপোরেশন এলাকায় বরিশাল সিটি করপোরেশনে ৪৪ হাজার ১১৯ জন, চট্টগ্রাম সিটি করপোরেশনে ৩ লাখ ৩৬ হাজার ৮৭০ জন, কুমিল্লা সিটি করপোরেশনে ৪৮ হাজার ৬৪৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৫ লাখ ৫৭ হাজার ৬৮৮ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৪ লাখ ১৮ হাজার ৯৭২ জন, গাজীপুর সিটি করপোরেশনে ২ লাখ ৬ হাজার ৯২৭ জন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে ৮৩ হাজার ৬৯৭ জন, খুলনা সিটি করপোরেশনে ৯৬ হাজার ৭৯২ জন, ময়মনসিংহ সিটি করপোরেশনে ৬২ হাজার ৩০৫ জন, রাজশাহী সিটি করপোরেশনে ৬৩ হাজার ৫৯ জন, রংপুর সিটি করপোরেশনে ৮২ হাজার ২৫৩ জন ও সিলেট সিটি করপোরেশন এলাকায় ৭২ হাজার ৩৪৯ জন শিশু হাম-রুবেলার টিকা নিয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মো. জাহিদ রায়হান বলেন, শিশুদের টিকা দেওয়া একটি চলমান প্রক্রিয়া। তবে আগামী ২৬ সেপ্টেম্বর থেকে সারাদেশে ব্যাপকভাবে শিশুদের হামের টিকা দেওয়ার যে ঘোষণা দেওয়া হয়েছে, এটি সরকারের বাড়তি তৎপরতা।

তিনি আরও বলেন, এই কর্মসূচির মূল লক্ষ্য হচ্ছে, যাতে কোনো শিশু টিকা গ্রহণ থেকে বাদ না পড়ে। সূত্র: বাসস

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোহাম্মদপুরে সাবেক এমপি আ.লীগের খন্দকার মো. আজিজুল হক আটক

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:০৭ পি.এম


মোহাম্মদপুরে সাবেক এমপি আ.লীগের খন্দকার মো. আজিজুল হক আটক

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় সাবেক সংসদ সদস্য খন্দকার মো. আজিজুল হক আরজুকে পুলিশ আটক করেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে লালমাটিয়া মিনা বাজারের সামনে স্থানীয় ছাত্রদল নেতাদের সহযোগিতায় তাকে আটক করা হয়।

আটক হওয়া খন্দকার মো. আজিজুল হক আরজু (৬৯) পাবনা জেলার আমিনপুর থানার নাটিয়াবাড়ী গ্রামের বাসিন্দা। তিনি ২০১৪ সালে পাবনা-২ আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হালিম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আটকের সময় ধস্তাধস্তির কারণে আজিজুল হক আরজু সামান্য আহত হন। হৃদরোগে আক্রান্ত হওয়ায় পুলিশি প্রহরায় তাকে পরিবারের সদস্যদের সঙ্গে চিকিৎসকের কাছে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানানো হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিকেএসপিতে চীনের ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দল

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:০৮ পি.এম


বিকেএসপিতে চীনের ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দল

চীনের ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ের (Yunnan Minzu University) তিন সদস্যের একটি শিক্ষক প্রতিনিধি দল আজ বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-তে এক বছরের জন্য আগমন করেছে। চীনা ভাষা শিক্ষা কার্যক্রমকে আরও সমৃদ্ধ ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার উদ্দেশ্যে এই সফরটি অনুষ্ঠিত হচ্ছে। বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফ উল্লাহ প্রতিনিধি দলকে স্বাগত জানান।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেএসপিতে আয়োজিত মতবিনিময় সভায় মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফ উল্লাহ এবং ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দলের সদস্যরা একে অপরের সঙ্গে চীনা ভাষা শিক্ষা, উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা করেন।

২০২৩ সালে চীনের ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বিকেএসপির সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়। এই সমঝোতার আওতায় বিকেএসপির প্রশিক্ষণার্থীদের উচ্চশিক্ষার জন্য স্কলারশিপ প্রদানের সুযোগ সৃষ্টি হয়েছে। বর্তমানে বিকেএসপির ১০ জন প্রশিক্ষণার্থী ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ করছেন।

চীনা ভাষা শিক্ষার কার্যক্রমকে আরও কার্যকর ও যুগোপযোগী করার লক্ষ্যে বিকেএসপির কলেজ শাখার একটি শ্রেণিকক্ষকে আধুনিক ল্যাঙ্গুয়েজ ল্যাব হিসেবে প্রস্তুত করা হয়েছে। এর ফলে বিকেএসপির প্রশিক্ষণার্থীরা চীনা ভাষা শেখার পাশাপাশি ভবিষ্যতে চীনে উচ্চশিক্ষা ও প্রশিক্ষণের ক্ষেত্রে যোগাযোগ দক্ষতা বৃদ্ধির সুযোগ পাবেন।

বিকেএসপি ও ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ের এই সহযোগিতা দুই প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষা, ক্রীড়া ও সাংস্কৃতিক বিনিময়কে আরও জোরদার করবে এবং বাংলাদেশ-চীন বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করার আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%