ঢাকা শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৯শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ইং ২৯শে কার্তিক, ১৪৩২বাং

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারও কমেছে, দুই সপ্তাহের নিম্নমুখী প্রবণতা


বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারও কমেছে, দুই সপ্তাহের নিম্নমুখী প্রবণতা

বিশ্ববাজারে আবারও জ্বালানি তেলের দাম কমে গেছে। যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও বাণিজ্যিক অবরোধ ইরানের ওপর অব্যাহত রাখার ঘোষণা এবং মধ্যপ্রাচ্যে নতুন সংঘাতের আশঙ্কা কমে যাওয়ার কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দামে নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে।

শুক্রবার (১৩ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ওঠানামা করলেও, এটি টানা দ্বিতীয় সপ্তাহের মতো দরপতনের পথে রয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গ্রিনিচ মান সময় শুক্রবার রাত ২টা ৪২ মিনিটে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের ভবিষ্যৎ সরবরাহ চুক্তির দাম ব্যারেলপ্রতি ১ সেন্ট কমে ৯৫ দশমিক ৪১ ডলারে পৌঁছেছে।

আরও পড়ুন: অস্থিতিশীলতা চললে পোশাক খাত কঠিন চ্যালেঞ্জে পড়বে

একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ২০ সেন্ট বা শূন্য দশমিক ২৫ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৮ দশমিক ৫২ ডলারে নেমে এসেছে।

শুক্রবারের এই দরপতনের ফলে টানা দুই দিনের মূল্যবৃদ্ধির ধারায় ছেদ পড়েছে। ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধ নবম মাসে প্রবেশ করায় আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা অব্যাহত রয়েছে।

যুদ্ধ অবসানে সমঝোতার সম্ভাবনা নিয়ে কিছুটা আশাবাদ তৈরি হলেও, মধ্যপ্রাচ্যে তেল সরবরাহ বিঘ্নিত হওয়ার ঝুঁকি পুরোপুরি কাটেনি। বিশেষ করে ইরানপন্থী ইয়েমেনের হুথি গোষ্ঠীর সৌদি আরবের বিভিন্ন অবকাঠামোতে হামলা এবং উপসাগরীয় অঞ্চল থেকে অপরিশোধিত তেল পরিবহনকারী ট্যাংকারে হামলার আশঙ্কা বাজারে উদ্বেগ সৃষ্টি করেছে।

তবে নতুন করে বড় ধরনের সংঘাতের আশঙ্কা কমে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দামে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। সব মিলিয়ে ভূরাজনৈতিক পরিস্থিতি ও সরবরাহ নিয়ে অনিশ্চয়তার মধ্যেই টানা দ্বিতীয় সপ্তাহের মতো কমতির দিকে রয়েছে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম।

আরও পড়ুন: জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বায়োগ্যাস: আমিনুল হক

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পদত্যাগের পরও রেহাই নেই, কংগ্রেসে তলব এনভিডিয়ার সাবেক প্রধানকে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০১:০৯ পি.এম


পদত্যাগের পরও রেহাই নেই, কংগ্রেসে তলব এনভিডিয়ার সাবেক প্রধানকে

চীনা গুপ্তচরের সঙ্গে কথিত প্রেমের সম্পর্ক এবং যুক্তরাষ্ট্রের নিরাপত্তাসংক্রান্ত তথ্য ফাঁসের আশঙ্কায় কংগ্রেসে তলব করা হয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াংকে। আগামী ৩ ডিসেম্বর মার্কিন সিনেটের ব্যাংকিং কমিটির সামনে তাকে স্বেচ্ছায় সাক্ষ্য দিতে বলা হয়েছে। একই ঘটনায় জিজ্ঞাসাবাদের মুখে পড়তে যাচ্ছেন দেশটির বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিকও।

শুক্রবার (১৩ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

দক্ষিণ ক্যারোলাইনার রিপাবলিকান সিনেটর টিম স্কট জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ও সংবেদনশীল প্রযুক্তির সুরক্ষা নিয়ে গুরুতর উদ্বেগ তৈরি হয়েছে। হুয়াং স্বেচ্ছায় হাজির না হলে তাকে বাধ্য করতে সমন জারি করা হতে পারে। এছাড়া প্রতিনিধি পরিষদের তিনটি কমিটিও আগামী ১ ডিসেম্বর তাকে রুদ্ধদ্বার বৈঠকে হাজির হওয়ার জন্য চিঠি দিয়েছে।

সিঙ্গাপুরের প্রতিষ্ঠান মেগাস্পিডের সাবেক নির্বাহী অ্যালিস হুয়াংয়ের সঙ্গে জেনসেন হুয়াংয়ের কথিত সম্পর্ক নিয়ে সম্প্রতি বিতর্ক শুরু হয়। অ্যালিসকে চীনের গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত থাকার সন্দেহ করা হলেও বেইজিং এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে। এ ঘটনায় যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানিয়েছে, অ্যালিস গুপ্তচরবৃত্তিতে জড়িত কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায়নি।

এদিকে, এনভিডিয়ার আরেক নির্বাহীর সঙ্গেও হুয়াংয়ের কথিত সম্পর্কের খবর প্রকাশ্যে আসার পর প্রতিষ্ঠানটির কর্মীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) এনভিডিয়ার প্রধান নির্বাহীর পদ থেকে সরে দাঁড়ান ৬৩ বছর বয়সী জেনসেন হুয়াং। হুয়াংয়ের পদত্যাগের পর একই দিন প্রতিষ্ঠানটির অর্থ বিভাগের প্রধান কোলেট ক্রেসকে অন্তর্বর্তী প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

এ ঘটনায় মাত্র পাঁচ দিনে এনভিডিয়ার শেয়ারবাজারের মূল্য ৫৫০ বিলিয়ন ডলার কমেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, জাতীয় নিরাপত্তা কিংবা তাদের গোপন তথ্যের কোনো ক্ষতি হয়েছে বলে বিশ্বাস করার কারণ নেই। তবে বিষয়টি খতিয়ে দেখতে স্বাধীন তদন্ত চলছে।

আগামী ৩ ডিসেম্বর সিনেটের ব্যাংকিং কমিটিতে স্বেচ্ছায় সাক্ষ্য দিতে জেনসেনকে চিঠি দিয়েছেন সিনেটর টিম স্কট। হাজির না হলে তাকে বাধ্য করতে সমন জারি করা হতে পারে বলেও সতর্ক করা হয়েছে। এছাড়া প্রতিনিধি পরিষদের তিনটি কমিটি আগামী ১ ডিসেম্বর তাকে রুদ্ধদ্বার বৈঠকে হাজির হওয়ার জন্য চিঠি দিয়েছে। একই ঘটনায় যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিককেও সিনেটের সামনে হাজির হতে বলা হয়েছে।

এদিকে, বিতর্কের জেরে এনভিডিয়ার বাজারমূল্য ৪ লাখ কোটি ডলারের নিচে নেমে গেছে, যা ২০২৫ সালের জুলাইয়ের পর প্রথম। প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ জেনসেনের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে একটি আইনজীবী প্রতিষ্ঠান নিয়োগ করেছে। তবে এনভিডারের দাবি, জাতীয় নিরাপত্তা কিংবা প্রতিষ্ঠানের গোপন তথ্যের ক্ষতি হয়েছে বলে বিশ্বাস করার কোনো কারণ নেই।

সূত্র: আল জাজিরা , বিবিসি

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
আল জাজিরার বিশ্লেষণ

ইরান যুদ্ধের খরচ মেটাতে মিত্র দেশগুলোর ওপর চাপ দেবেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০১:০৯ পি.এম


ইরান যুদ্ধের খরচ মেটাতে মিত্র দেশগুলোর ওপর চাপ দেবেন ট্রাম্প

মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির শোচনীয় পরাজয়ের পরও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন মন্তব্যের মাধ্যমে আলোচনায় রয়েছেন। তিনি এবার ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় করা অর্থ মিত্র দেশগুলো থেকে আদায়ের পরিকল্পনার কথা জানিয়েছেন।

সম্প্রতি সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প উল্লেখ করেন, ইরান যুদ্ধের জন্য যুক্তরাষ্ট্র যে অর্থ ব্যয় করেছে, তা সংশ্লিষ্ট দেশগুলোকে ফেরত দিতে হবে। মঙ্গলবার (১১ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে।

ট্রাম্প পূর্বে নির্বাচনে পরাজয়ের একটি কারণ হিসেবে ইরান যুদ্ধ নিয়ে জনমনে তৈরি হওয়া অসন্তোষের বিষয়টি স্বীকার করেছিলেন। সিবিএস নিউজের সংবাদদাতা রস ডাউথ্যাটকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘যুদ্ধের কারণে আমাদের যে খরচ হয়েছে, তা ওইসব দেশকে পরিশোধ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা সব অর্থ ফেরত নেব। তারা অবশ্যই তা দেবে, শতভাগ। কারণ আমরা না থাকলে তাদের অস্তিত্বই থাকত না।’ ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্র সামরিকভাবে হস্তক্ষেপ না করলে ইসরাইলের অস্তিত্বও হুমকির মুখে পড়ত।

কোন কোন দেশের কাছে ক্ষতিপূরণ চান ট্রাম্প? যুদ্ধের ব্যয়ভার বহনের প্রসঙ্গে এবারই প্রথম সরাসরি ইসরাইলের নাম উল্লেখ করেছেন ট্রাম্প। তার দাবি, যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক অস্ত্রভান্ডার ধ্বংস করেছে। ওয়াশিংটন সামরিক পদক্ষেপ না নিলে ইসরাইল পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যেত।

এর আগে হরমুজ প্রণালি ঘিরে মার্কিন সামরিক উপস্থিতির সুবিধা পাওয়া উপসাগরীয় দেশগুলোর কাছ থেকেও যুদ্ধের খরচ আদায়ের কথা বলেছিলেন তিনি। ওই অঞ্চলে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে মার্কিন বাহিনী কাজ করছে।

গত জুলাইয়ে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, বিশ্বের অন্যতম ধনী একটি অঞ্চলকে সুরক্ষা দিতে যুক্তরাষ্ট্র বিপুল অর্থ ব্যয় করছে। তাই তাদের নিরাপত্তা নিশ্চিত করার খরচ ওয়াশিংটনকে ফিরিয়ে দেওয়া উচিত। এ ক্ষেত্রে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন ও কুয়েতের নাম উল্লেখ করেন তিনি।

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় কত?

মার্কিন সামরিক বাহিনীর হিসাব অনুযায়ী, অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ দশমিক ১ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। তবে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলোর ক্ষয়ক্ষতি মেরামতের খরচ এই হিসাবের বাইরে থাকায় প্রকৃত ব্যয় আরও বেশি হতে পারে।

গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের কংগ্রেসনাল বাজেট অফিসের এক হিসাব অনুযায়ী, যুদ্ধ যত দিন চলবে, প্রতি মাসে অতিরিক্ত ২ থেকে ৩ বিলিয়ন ডলার ব্যয় হবে।

মিত্রদের কাছ থেকে কি সত্যিই ক্ষতিপূরণ আদায় করবেন ট্রাম্প? বিশ্লেষকদের ধারণা, মিত্র দেশগুলোর কাছ থেকে সরাসরি যুদ্ধের ক্ষতিপূরণ আদায় করার সম্ভাবনা খুবই কম। তাদের মতে, ট্রাম্পের এমন বক্তব্যকে বাস্তব নীতিগত সিদ্ধান্তের চেয়ে রাজনৈতিক বার্তা হিসেবেই দেখা উচিত।

চ্যাথাম হাউসের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা কর্মসূচির সহযোগী ফেলো নিল কুইলিয়াম আল জাজিরাকে বলেন, ট্রাম্পের বক্তব্যকে নীতিগত প্রস্তাব হিসেবে না দেখে রাজনৈতিক বার্তা হিসেবে বিবেচনা করা উচিত। কুয়েত বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক বাদের আল-সাইফের মতে, উপসাগরীয় দেশগুলো ট্রাম্পের এমন বক্তব্যকে খুব একটা গুরুত্ব দেবে না।

অন্যদিকে, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিশ্লেষক স্টেফান লুকাস মনে করেন, নির্বাচনে পরাজয়ের পর দায় অন্যের ওপর চাপানোর চেষ্টা করছেন ট্রাম্প। তার সাম্প্রতিক বক্তব্যও সেই প্রচেষ্টার অংশ। লুকাস বলেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের আরব মিত্রদের কাছ থেকে বিপুল অঙ্কের ক্ষতিপূরণ আদায়ের সম্ভাবনা খুবই কম।

তবে ইসরাইলের ক্ষেত্রে পরিস্থিতি ভিন্ন হতে পারে বলে মনে করেন তিনি। সরাসরি ক্ষতিপূরণ দাবি না করলেও দেশটির প্রতি মার্কিন সহায়তা কমিয়ে দিতে পারেন ট্রাম্প। ইতোমধ্যে তিনি জানিয়েছেন, চলতি বছরের পর ইসরাইলকে আর কোনো সহায়তার অর্থ পাঠাবে না ওয়াশিংটন।

লুকাসের মতে, ট্রাম্প মনে করেন, ইসরাইলই তাকে ইরানের সঙ্গে যুদ্ধে জড়াতে বাধ্য করেছে।

কীভাবে আদায় হতে পারে যুদ্ধের ব্যয়?

বিশ্লেষকদের ধারণা, ক্ষতিপূরণ আদায়ের ক্ষেত্রে সরাসরি অর্থ দাবি না করে বিকল্প কৌশল নিতে পারেন ট্রাম্প। এর মধ্যে মিত্র দেশগুলোর সঙ্গে বিদ্যমান বাণিজ্য চুক্তি এবং যুক্তরাষ্ট্রে তাদের বিনিয়োগের বিষয়টি গুরুত্ব পেতে পারে।

আমস্টারডাম বিশ্ববিদ্যালয়ের মধ্যপ্রাচ্যের রাজনীতিবিষয়ক সহকারী অধ্যাপক ফরিদ বুসাইদের মতে, উপসাগরীয় দেশগুলোকে যুক্তরাষ্ট্রে আরও বেশি বিনিয়োগের জন্য চাপ দিতে পারে ওয়াশিংটন। পরে এসব বিনিয়োগকেই যুদ্ধের ক্ষতিপূরণ হিসেবে উপস্থাপন করা হতে পারে।

এর আগেও বিদেশি বিনিয়োগ ও বাণিজ্য চুক্তি নিয়ে বিভিন্ন বিভ্রান্তিকর দাবি করেছেন ট্রাম্প। অনেক সময় এসব বিনিয়োগকে যুক্তরাষ্ট্রকে দেওয়া অর্থ কিংবা উপহার হিসেবে তুলে ধরেছেন তিনি।

ট্রাম্পের দাবিতে মিত্রদের প্রতিক্রিয়া কী হতে পারে? উপসাগরীয় দেশগুলোর দাবি, ইরানে হামলার পরিকল্পনা সম্পর্কে তাদের আগে থেকে কিছু জানানো হয়নি। এরই মধ্যে যুদ্ধের কারণে এসব দেশ বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েছে। এমন পরিস্থিতিতে তাদের কাছে আবারও বিপুল অর্থ দাবি করা হলে বিষয়টি ভালোভাবে নেওয়ার সম্ভাবনা কম বলে মনে করছেন বিশ্লেষকেরা।

চ্যাথাম হাউসের নিল কুইলিয়াম বলেন, উপসাগরীয় নেতাদের কাছে সরাসরি ক্ষতিপূরণ দাবি করা হলে তারা সম্ভবত নীরবে এর বিরোধিতা করবেন। তিনি বলেন, প্রতিরক্ষা সহযোগিতা, বিনিয়োগ এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্বের মাধ্যমে আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে উপসাগরীয় দেশগুলো ইতোমধ্যে উল্লেখযোগ্য অবদান রাখছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইতিহাসের সবচেয়ে বড় বন্দিবিনিময়ের জন্য প্রস্তুত রাশিয়া ও ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০১:১০ পি.এম


ইতিহাসের সবচেয়ে বড় বন্দিবিনিময়ের জন্য প্রস্তুত রাশিয়া ও ইউক্রেন

মস্কো, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে একটি বড় ধরনের বন্দিবিনিময়ের ব্যাপারে সম্মতি অর্জিত হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, এটি দুই দেশের মধ্যে এখন পর্যন্ত পরিকল্পিত সবচেয়ে বড় বন্দিবিনিময় হতে যাচ্ছে।

১২ নভেম্বর, বৃহস্পতিবার, আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং তার জামাতা ও বিশেষ দূত জ্যারেড কুশনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এ তথ্য জানান জেলেনস্কি।

জেলেনস্কি বলেন, রাশিয়া বন্দিবিনিময়ের বিষয়ে সম্মতি প্রদান করেছে। তিনি উল্লেখ করেন, ‘এটি হবে যুদ্ধবন্দিদের মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে বড় বিনিময়। এটি একটি বাস্তব অর্জন। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

ইউক্রেনের প্রেসিডেন্ট সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে অনুষ্ঠিত সাম্প্রতিক আলোচনার অগ্রগতির কথাও তুলে ধরেন। তার মতে, সর্বশেষ বৈঠক যুদ্ধের অবসান ঘটানোর বিষয়ে নতুন আশার সঞ্চার করেছে।

জেলেনস্কি জানান, এই বিষয়ে আরও বৈঠক অনুষ্ঠিত হবে। তিনি মনে করেন, প্রতিটি আলোচনার পর্ব থেকে সুনির্দিষ্ট অগ্রগতি আসা উচিত। আলোচনা মাধ্যমে দুই দেশকে যুদ্ধের অবসানের দিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট।

তিনি আরও জানান, পরবর্তী আলোচনায় ইউরোপীয় প্রতিনিধিরাও অংশ নেবেন। তবে তারা আলাদা পক্ষ হিসেবে নয়, বরং আলোচক দলের সদস্য হিসেবেই যুক্ত থাকবেন।

জেলেনস্কি বলেন, ‘আলোচনায় ইউরোপেরও মতামত দেওয়ার সুযোগ থাকবে। এটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কারণ, যুদ্ধটি ইউরোপের মাটিতে চলছে এবং ভবিষ্যতে আমরা ইউরোপীয় ইউনিয়নের সদস্য হব। ইউরোপের অংশগ্রহণ আমাদের সমৃদ্ধি ও নিরাপত্তার নিশ্চয়তার জন্যও অত্যন্ত জরুরি।’

এদিকে, বৃহস্পতিবার মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। এর এক দিন আগে আবুধাবিতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইউক্রেন যুদ্ধ বন্ধে সর্বশেষ শান্তি আলোচনা সম্পন্ন হয়।

বন্দিবিনিময়ের বিষয়ে দুই পক্ষের সম্মতির খবরকে চলমান শান্তি আলোচনা প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। তবে বিনিময়ের তারিখ, সংখ্যা কিংবা বিস্তারিত পরিকল্পনা এখনো প্রকাশ করা হয়নি।

তথ্যসূত্র: আনাদোলু

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বড় দলগুলোকে সুবিধা দিতে ২০২৭ সালের নারী বিশ্বকাপের নিয়ম বদলাল ফিফা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০১:১১ পি.এম


বড় দলগুলোকে সুবিধা দিতে ২০২৭ সালের নারী বিশ্বকাপের নিয়ম বদলাল ফিফা

২০২৭ সালে ব্রাজিলে অনুষ্ঠিত হতে যাওয়া নারী বিশ্বকাপের ড্রয়ের জন্য এক মাসেরও কম সময় বাকি রয়েছে। এই সময়ের মধ্যে এবারের বিশ্বকাপের ড্রয়ের নিয়ম পরিবর্তন করেছে ফিফা। নতুন নিয়ম অনুযায়ী, বিশ্ব র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দলগুলো বড় সুবিধা পাবে।

র‍্যাঙ্কিংয়ের ১ থেকে ৪ নম্বরের মধ্যে থাকা সব দল সেমিফাইনালের আগে একে অপরের মুখোমুখি হবে না। তবে, এর জন্য একটি বড় শর্ত পূরণ করতে হবে। চারটি দলকেই তাদের নিজ নিজ গ্রুপের শীর্ষে থাকতে হবে। এই নতুন নিয়ম ২০২৬ সালের পুরুষ বিশ্বকাপের নিয়মের অনুকরণে তৈরি করা হয়েছে।

বর্তমান র‍্যাঙ্কিংয়ে শীর্ষ চারটি দলের মধ্যে রয়েছে স্পেন, যুক্তরাষ্ট্র, জার্মানি ও ইংল্যান্ড। তবে, এই র‍্যাঙ্কিং যদি শেষ পর্যন্ত অপরিবর্তিত থাকে, তবেই এই দলগুলো সুবিধা পাবে। র‍্যাঙ্কিংয়ের চূড়ান্ত ফলাফল ৭ ডিসেম্বর প্রকাশিত হবে। ওই দিন যে অবস্থান থাকবে, তার ভিত্তিতে দলগুলোর অবস্থান নির্ধারণ করা হবে।

বিশ্বকাপের ড্র আগামী ১১ ডিসেম্বর স্থানীয় সময় দুপুর দেড়টায় অনুষ্ঠিত হবে। এই আয়োজনের স্থান রিও ডি জেনিরোর মিউজিয়াম অব মডার্ন আর্ট।

সেরা দলগুলোর মধ্যে এখনও কেউ কেউ বিশ্বকাপ নিশ্চিত করতে পারেনি। যুক্তরাষ্ট্র ২৭ নভেম্বর এল সালভাদরের বিরুদ্ধে খেলবে। জয়ী হলে তারা বিশ্বকাপে জায়গা পাবে। র‍্যাঙ্কিংয়ে কোনো পরিবর্তন না হলে যুক্তরাষ্ট্র স্পেনের বিপরীত দিকের অর্ধে অবস্থান করবে। ফলে, দুই দলের দেখা হতে পারে ২৫ জুলাই মারাকানা স্টেডিয়ামে ফাইনালে।

ইংল্যান্ডের জন্য পথ আলাদা। তাদের ইউক্রেনকে হারাতে হবে দুই লেগের ম্যাচে। ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ১ ও ৫ ডিসেম্বর।

স্বাগতিক ব্রাজিল থাকবে এ গ্রুপের শীর্ষে। তারা ২৪ জুন মারাকানায় উদ্বোধনী ম্যাচ খেলবে। ব্রাজিলের সঙ্গে প্রথম পটে থাকবে র‍্যাঙ্কিংয়ের সেরা সাত দল।

দ্বিতীয় ও তৃতীয় পটে থাকবে র‍্যাঙ্কিংয়ের পরবর্তী আটটি দল করে। চতুর্থ পটে থাকবে মার্চে শেষ হতে যাওয়া আন্তঃমহাদেশীয় প্লে-অফের তিন বিজয়ী। এর সঙ্গে থাকবে সবচেয়ে নিচের র‍্যাঙ্কের দলগুলো।

আগের মতো মহাদেশভিত্তিক নিয়ম বজায় থাকবে। এক গ্রুপে ইউরোপের সর্বোচ্চ দুটি দল থাকতে পারবে। অন্য যেকোনো মহাদেশের জন্য একটি করে দল থাকতে পারবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%