প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
মস্কো, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে একটি বড় ধরনের বন্দিবিনিময়ের ব্যাপারে সম্মতি অর্জিত হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, এটি দুই দেশের মধ্যে এখন পর্যন্ত পরিকল্পিত সবচেয়ে বড় বন্দিবিনিময় হতে যাচ্ছে।
১২ নভেম্বর, বৃহস্পতিবার, আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং তার জামাতা ও বিশেষ দূত জ্যারেড কুশনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এ তথ্য জানান জেলেনস্কি।
জেলেনস্কি বলেন, রাশিয়া বন্দিবিনিময়ের বিষয়ে সম্মতি প্রদান করেছে। তিনি উল্লেখ করেন, ‘এটি হবে যুদ্ধবন্দিদের মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে বড় বিনিময়। এটি একটি বাস্তব অর্জন। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
ইউক্রেনের প্রেসিডেন্ট সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে অনুষ্ঠিত সাম্প্রতিক আলোচনার অগ্রগতির কথাও তুলে ধরেন। তার মতে, সর্বশেষ বৈঠক যুদ্ধের অবসান ঘটানোর বিষয়ে নতুন আশার সঞ্চার করেছে।
জেলেনস্কি জানান, এই বিষয়ে আরও বৈঠক অনুষ্ঠিত হবে। তিনি মনে করেন, প্রতিটি আলোচনার পর্ব থেকে সুনির্দিষ্ট অগ্রগতি আসা উচিত। আলোচনা মাধ্যমে দুই দেশকে যুদ্ধের অবসানের দিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট।
তিনি আরও জানান, পরবর্তী আলোচনায় ইউরোপীয় প্রতিনিধিরাও অংশ নেবেন। তবে তারা আলাদা পক্ষ হিসেবে নয়, বরং আলোচক দলের সদস্য হিসেবেই যুক্ত থাকবেন।
জেলেনস্কি বলেন, ‘আলোচনায় ইউরোপেরও মতামত দেওয়ার সুযোগ থাকবে। এটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কারণ, যুদ্ধটি ইউরোপের মাটিতে চলছে এবং ভবিষ্যতে আমরা ইউরোপীয় ইউনিয়নের সদস্য হব। ইউরোপের অংশগ্রহণ আমাদের সমৃদ্ধি ও নিরাপত্তার নিশ্চয়তার জন্যও অত্যন্ত জরুরি।’
এদিকে, বৃহস্পতিবার মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। এর এক দিন আগে আবুধাবিতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইউক্রেন যুদ্ধ বন্ধে সর্বশেষ শান্তি আলোচনা সম্পন্ন হয়।
বন্দিবিনিময়ের বিষয়ে দুই পক্ষের সম্মতির খবরকে চলমান শান্তি আলোচনা প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। তবে বিনিময়ের তারিখ, সংখ্যা কিংবা বিস্তারিত পরিকল্পনা এখনো প্রকাশ করা হয়নি।
তথ্যসূত্র: আনাদোলু
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন