শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং
০৩:১৭ পি.এম
বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসির নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) রাব্বুর রেজা। বৃহস্পতিবার পরিচালনা পর্ষদের সভায় তাকে পাঁচ বছরের জন্য এ পদে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নিয়োগটি অবিলম্বে কার্যকর হবে। তবে কোম্পানির পরবর্তী বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের অনুমোদন সাপেক্ষে এই নিয়োগ চূড়ান্ত হবে। বিদায়ী ব্যবস্থাপনা পরিচালক ইকবাল আহমেদ পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে তার দায়িত্ব অব্যাহত রাখবেন।
নতুন দায়িত্বে রাব্বুর রেজা প্রতিষ্ঠানটির সামগ্রিক কার্যক্রম ও কৌশলগত পরিকল্পনার নেতৃত্ব দেবেন। তিনি পরিচালন দক্ষতা বৃদ্ধি, প্রাতিষ্ঠানিক সুশাসন জোরদার, অংশীজনদের আস্থা বৃদ্ধি, উদ্ভাবন ত্বরান্বিত করা এবং দেশ-বিদেশের ওষুধবাজারে ব্যবসা সম্প্রসারণকে বিশেষ গুরুত্ব দেবেন।
বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান এ এস এফ রহমান মন্তব্য করেন, ‘রাব্বুর রেজাকে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দিতে পেরে আমরা আনন্দিত। তিনি প্রতিষ্ঠানে দায়িত্ব পালনের পুরো সময়ে অসাধারণ নেতৃত্বগুণ ও শিল্পখাতের অভিজ্ঞতার পরিচয় দিয়েছেন। বেক্সিমকো ফার্মার প্রবৃদ্ধিতে তাঁর অবদান গুরুত্বপূর্ণ। রোগী ও শেয়ারহোল্ডারদের জন্য রাব্বুর রেজার উদ্যোগগুলো ইতিবাচক ভূমিকা রেখেছে। তাঁর নেতৃত্বে প্রতিষ্ঠানটি আরও এগিয়ে যাবে বলে আমরা আশাবাদী।’
নতুন ব্যবস্থাপনা পরিচালক রাব্বুর রেজা বলেন, ‘ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়ে আমি সম্মানিত বোধ করছি। এ দায়িত্ব দেওয়ার জন্য পরিচালনা পর্ষদের প্রতি কৃতজ্ঞতা জানাই। বেক্সিমকো ফার্মার সঙ্গে আমার ২৫ বছরের বেশি সময়ের পথচলা। আমি আরও বেশি মানুষের কাছে উন্নত মানের সাশ্রয়ী ওষুধ পৌঁছে দেওয়ার লক্ষ্যে নতুন দায়িত্বে কাজ করতে অত্যন্ত আগ্রহী।’
রাব্বুর রেজা ২০০৯ সাল থেকে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের প্রধান পরিচালন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তার ওষুধশিল্পে ৩০ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি আন্তর্জাতিক ব্যবসা সম্প্রসারণ, পরিচালনা, কৌশল নির্ধারণ ও নেতৃত্বের বিভিন্ন ক্ষেত্রে কাজ করেছেন।
তার নেতৃত্বে প্রতিষ্ঠানটির রপ্তানি কার্যক্রম ৬০টির বেশি দেশে সম্প্রসারিত হয়েছে। এসব দেশের মধ্যে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও ইউরোপের বিভিন্ন বাজার অন্তর্ভুক্ত রয়েছে। এ ছাড়া নুভিস্তা ফার্মা এবং সানোফি বাংলাদেশ (বর্তমানে সাইনোভিয়া ফার্মা) অধিগ্রহণের কৌশলগত উদ্যোগেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
হেপাটাইটিস সি ও কোভিড-১৯-এর চিকিৎসায় প্রথম বাজারজাত করা জেনেরিক ওষুধসহ বিভিন্ন বিশেষায়িত জেনেরিক ওষুধ ও উদ্ভাবনী চিকিৎসাপণ্য বাজারে আনার ক্ষেত্রেও তার ভূমিকা রয়েছে। ২০২৬ সালে বাজারে আসা ট্রিকো এ ক্ষেত্রে উল্লেখযোগ্য উদ্যোগ। এটি সিস্টিক ফাইব্রোসিসের চিকিৎসায় ব্যবহৃত যুক্তরাষ্ট্রের ভার্টেক্স ফার্মাসিউটিক্যালসের ওষুধ ট্রিকাফটার প্রথম জেনেরিক সংস্করণ।
রাব্বুর রেজা ভারতের পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসিতে স্নাতক এবং অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি অব টেকনোলজি থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। এ ছাড়া হার্ভার্ড বিজনেস স্কুল, লন্ডন বিজনেস স্কুল ও এমআইটি স্লোন স্কুল অব ম্যানেজমেন্টে নির্বাহী ও ব্যবস্থাপনা উন্নয়ন শিক্ষা কার্যক্রম সম্পন্ন করেছেন।
রাব্বুর রেজা বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজের (বিএপিআই) নির্বাহী কমিটির সদস্য। পাশাপাশি মন্ট্রিল প্রটোকলের আওতাধীন মেডিকেল টেকনিক্যাল অপশনস কমিটিরও সদস্য তিনি।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইনের (ইউএপিএ) আওতায় আন্তর্জাতিক ইসলামি বক্তা ডা. জাকির নায়েকের প্রতিষ্ঠিত সংগঠন ‘ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন’ (আইআরএফ)-কে ‘বেআইনি সংগঠন’ হিসেবে আরও পাঁচ বছরের জন্য ঘোষণা করেছে।
১৩ নভেম্বর, ২০২৬ তারিখে জারি করা একটি প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিষেধাজ্ঞা আগামী ১৪ নভেম্বর থেকে কার্যকর হবে এবং সরকারি গেজেটে প্রকাশের তারিখ থেকে পরবর্তী পাঁচ বছর বলবৎ থাকবে।
মোদি সরকারের পক্ষ থেকে উগ্র হিন্দুত্ববাদী দাবি করা হয়েছে যে, সংগঠনটি দেশের নিরাপত্তার জন্য ক্ষতিকর কার্যক্রমে জড়িত ছিল। এর ফলে জনশৃঙ্খলা, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং ভারতের ধর্মনিরপেক্ষ কাঠামো বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সরকার ২০১৬ সালের নভেম্বরে প্রথমবার আইআরএফ-কে বেআইনি সংগঠন হিসেবে ঘোষণা করেছিল এবং ২০২১ সালের নভেম্বরে সেই নিষেধাজ্ঞা নবায়ন করা হয়। পরবর্তীতে ২০১৭ এবং ২০২২ সালে ‘বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) ট্রাইব্যুনাল’ সরকারের পূর্ববর্তী ঘোষণাগুলোকে বহাল রেখে আদেশ দিয়েছিল।
নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর পেছনে আইআরএফ-এর প্রতিষ্ঠাতা ও সভাপতি ডা. জাকির নায়েকের বিভিন্ন বিবৃতি ও বক্তৃতাকে মুসলিম-বিদ্বেষী বিজেপি সরকার উল্লেখ করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ভারতের কেন্দ্রীয় সরকার তুলনামূলক ধর্মতত্ত্বের পন্ডিত জাকির নায়েকের বক্তৃতা ও বিবৃতিগুলোকে ‘আপত্তিকর এবং ধ্বংসাত্মক’ বলে মনে করে। অভিযোগ করা হয়েছে যে, তার বক্তব্যগুলো বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ ছড়াচ্ছে এবং ভারত ও বিদেশের তরুণদের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়াতে উৎসাহিত করতে পারে।
এতে আরও উল্লেখ করা হয়, জাকির নায়েক আন্তর্জাতিক স্যাটেলাইট টেলিভিশন নেটওয়ার্ক, ইন্টারনেট, প্রিন্ট মিডিয়া এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের কাছে তার বক্তব্য পৌঁছে দিয়েছেন।
মোদি সরকারের আরও অভিযোগ, তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ না করা হলে সংগঠনটি তাদের কার্যক্রম চালিয়ে যেতে পারে, পলাতক সদস্যদের পুনরায় সংগঠিত করতে পারে, সাম্প্রদায়িক অস্থিরতা ও রাষ্ট্রবিরোধী মনোভাব উসকে দিতে পারে এবং জঙ্গিবাদ ও বিচ্ছিন্নতাবাদকে সমর্থন জোগাতে পারে।
১৯৬৭ সালের ইউএপিএ আইনের ৩(১) এবং ৩(৩) ধারা প্রয়োগ করে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় অবিলম্বে আইআরএফ-কে বেআইনি সংগঠন হিসেবে ঘোষণা করেছে।
প্রজ্ঞাপনে জানানো হয়েছে, এই আইনের ৪ নম্বর ধারার অধীনে পরবর্তী কোনো আদেশ জারি না হওয়া পর্যন্ত এই ঘোষণা আগামী পাঁচ বছর কার্যকর থাকবে। সর্বশেষ এই আদেশের মাধ্যমে ২০১৬ সাল থেকে সংগঠনটির ওপর চলে আসা বিধিনিষেধের মেয়াদ আরও দীর্ঘায়িত হলো।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সরকার কৃষকদের সেচ সুবিধা সম্প্রসারণ, ফসলি জমির উৎপাদন বৃদ্ধি এবং কৃষিকে লাভজনক করার লক্ষ্যে দেশব্যাপী বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছে। পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ জানিয়েছেন, এসব প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে পানিসম্পদ মন্ত্রণালয়সহ স্থানীয় সরকার, দুর্যোগ ব্যবস্থাপনা ও কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে।
শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দাড়ারহাট এলাকায় তেলীপাড়া হালকা সেচ (ইলেকট্রিক ব্লক-৩) উপপ্রকল্পের ৮ দশমিক ৯৩০ কিলোমিটার বাঁধ পুনরাকৃতি এবং ৮৪টি আউটলেট ও পাম্পহাউজ পুনর্বাসন কাজের উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী উল্লেখ করেন, ‘কৃষকদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং ফসলি জমির উৎপাদন বাড়ানোই সরকারের অন্যতম লক্ষ্য। এই লক্ষ্য অর্জনের জন্য বিভিন্ন মন্ত্রণালয়ের মাধ্যমে কৃষকদের জন্য লাভজনক একাধিক প্রকল্প গ্রহণ করা হয়েছে। দেশের বিভিন্ন স্থানে এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার।’
উদ্বোধনকৃত প্রকল্পের কাজ সম্পন্ন হলে সংশ্লিষ্ট এলাকার সেচ অবকাঠামোর উন্নয়ন এবং কৃষিকাজে পানির প্রাপ্যতা বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।
জানা গেছে, ১৯ কোটি ১৪ লাখ ৫৩ হাজার টাকা ব্যয়ে দাড়ারহাট এলাকায় তেলীপাড়া হালকা সেচ (ইলেকট্রিক ব্লক-৩) উপপ্রকল্পের বাঁধ পুনরাকৃতি এবং আউটলেট ও পাম্পহাউজ পুনর্বাসন কাজের উদ্বোধন করা হয়। প্রকল্পটি দেবীগঞ্জ উপজেলার সুন্দরদীঘি, দণ্ডপাল ও দেবীডুবা ইউনিয়নের ভেতর দিয়ে যাওয়া ৯ কিলোমিটার দীর্ঘ ক্যানেলে সিসি ক্যানেল লাইনিং কাজ, পাম্পহাউজ ও আউটলেট পুনর্বাসন, কালভার্ট ও অ্যাকুইডাক্ট নির্মাণ এবং মোটর ও পাম্প স্থাপনের মাধ্যমে পঞ্চগড় পানি উন্নয়ন বোর্ড বাস্তবায়ন করছে।
প্রকল্পটির উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী দোয়া ও মোনাজাতে অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন হালকা সেচ (ইলেকট্রিক ব্লক-৩) উপপ্রকল্পের পরিচালক পীযূষ কৃষ্ণ কুণ্ডু, পঞ্চগড়ের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশুতোষ বর্মন, উপপ্রধান সম্প্রসারণ কর্মকর্তা রফিউল বারী, উপবিভাগীয় প্রকৌশলী প্রবীর কুমার পাল, দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজীত সাহা, দেবীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন মো. তোবারক আলী হ্যাপীসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মী ও স্থানীয়রা।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
যুদ্ধবিমান প্রযুক্তিতে দীর্ঘকাল ধরে বিশ্বের মধ্যে আধিপত্য বজায় রেখেছে যুক্তরাষ্ট্র। তবে ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান তৈরির প্রতিযোগিতায় চীন নতুন করে আলোচনায় এসেছে। দেশটির তৈরি একটি লেজবিহীন রহস্যময় যুদ্ধবিমানের নতুন ভিডিও নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
এতে দাবি করা হচ্ছে যে, বিমানটি মাত্র দুই সেকেন্ডেরও কম সময়ে ৯০ ডিগ্রি বাঁক নিতে সক্ষম। ফলে চীনের আকাশযুদ্ধে সক্ষমতা নিয়ে নতুন প্রশ্ন উঠছে।
চীনের চেংদু এয়ারক্রাফট করপোরেশনের তৈরি এই যুদ্ধবিমানটি প্রথম প্রকাশ্যে আসে ২০২৪ সালের ডিসেম্বরে। এরপর থেকেই এটিকে সম্ভাব্য ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান হিসেবে বিবেচনা করা হচ্ছে। এর আকার বড় হওয়ায় এতে অত্যাধুনিক রাডার, উন্নত সেন্সর এবং বিপুল পরিমাণ অস্ত্র বহনের সক্ষমতা যুক্ত করার সুযোগ রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বিমানটির সবচেয়ে আলোচিত বৈশিষ্ট্য হলো এর লেজবিহীন নকশা। প্রচলিত যুদ্ধবিমানে সাধারণত অনুভূমিক লেজ বা হরিজন্টাল টেইলপ্লেন থাকে, যা বিমানের স্থিতিশীলতা বজায় রাখতে এবং দ্রুত দিক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু চীনের এই যুদ্ধবিমানে প্রচলিত কাঠামো না থাকায় এর নিয়ন্ত্রণ ও উড্ডয়ন সক্ষমতা নিয়ে প্রশ্ন ছিল।
তবে নতুন প্রকাশিত ভিডিওতে বিমানটির দ্রুত কৌশল পরিবর্তনের দৃশ্য সেই ধারণাকে চ্যালেঞ্জ করেছে। বিশেষজ্ঞদের মতে, ডানার সঙ্গে সমন্বিত উন্নত নিয়ন্ত্রণব্যবস্থা এবং অত্যাধুনিক ফ্লাইট-কন্ট্রোল সফটওয়্যারের মাধ্যমে বিমানটি এমন সক্ষমতা অর্জন করতে পারে। যদিও ভিডিওতে দেখা কৌশলগত সক্ষমতার স্বাধীন ও পূর্ণাঙ্গ যাচাই এখনো নিশ্চিত নয়।
স্টেলথ প্রযুক্তির ক্ষেত্রেও বিমানটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হতে পারে। লেজবিহীন নকশা রাডারে শনাক্ত হওয়ার ঝুঁকি কমাতে সহায়তা করতে পারে। বিশেষ করে বিভিন্ন দিক থেকে আসা রাডার সংকেত এড়ানোর ক্ষেত্রে এ ধরনের নকশা বাড়তি সুবিধা দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। ফলে যুক্তরাষ্ট্রের এফ-৩৫ কিংবা চীনের জে-২০-এর মতো পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানের পরবর্তী প্রযুক্তিগত ধাপ হিসেবে এটিকে দেখা হচ্ছে।
অন্যদিকে, ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান তৈরিতে যুক্তরাষ্ট্রও পিছিয়ে নেই। দেশটি এফ-৪৭ এবং নৌবাহিনীর এফ/এ-এক্সএক্স কর্মসূচির মাধ্যমে নতুন প্রজন্মের যুদ্ধবিমান উন্নয়নে কাজ করছে। তবে এসব প্রকল্পের উন্নয়ন, ইঞ্জিন প্রযুক্তি এবং পরীক্ষামূলক উড্ডয়ন নিয়ে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে।
সব মিলিয়ে, ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান তৈরির প্রতিযোগিতায় চীনের অগ্রগতি যুক্তরাষ্ট্রের জন্য নতুন কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করছে। তবে কোনো যুদ্ধবিমান প্রথম উড্ডয়ন পরীক্ষা বা উন্নত কৌশল প্রদর্শন করলেই সেটিকে প্রযুক্তিগতভাবে শ্রেষ্ঠ বলা যায় না। স্টেলথ, সেন্সর, অস্ত্রব্যবস্থা, ইঞ্জিন, নির্ভরযোগ্যতা এবং বাস্তব যুদ্ধক্ষেত্রে কার্যকারিতার ওপরই নির্ভর করবে চূড়ান্ত সাফল্য।
এখন দেখার বিষয় হলো, আকাশযুদ্ধের ভবিষ্যৎ প্রযুক্তিতে শেষ পর্যন্ত কে এগিয়ে থাকে, ওয়াশিংটন, নাকি বেইজিং?
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে কুঁচকির চোটে আক্রান্ত হন দক্ষিণ আফ্রিকার পেসার এনরিখ নরকিয়া। ধারণা করা হচ্ছিল যে, বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে তার প্রত্যাবর্তন ঘটবে।
দক্ষিণ আফ্রিকার কোচ শুকরি কনরাড জানিয়েছেন, নরকিয়ার প্রথম টেস্টে অংশগ্রহণের সম্ভাবনা কম। তবে ২৩ নভেম্বর সেঞ্চুরিয়নে অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচে তাকে পাওয়া যেতে পারে। সিরিজের সূচনা হবে ১৫ নভেম্বর জোহানেসবার্গে।
কনরাড বলেন, “টেস্ট ম্যাচ চলাকালে সে সেন্ট জর্জেসে স্ক্যান করিয়েছিল। গুরুতর কোনো সমস্যা ধরা পড়েনি। প্রাথমিকভাবে যতটা খারাপ মনে হয়েছিল, চোট ততটা গুরুতর ছিল না। বিশেষ কোনো চিকিৎসারও প্রয়োজন হয়নি। শুধু কিছুদিন বিশ্রাম এবং পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যেতে হয়েছে।
প্রোটিয়া কোচ আরও বলেন, “এখানে অনুষ্ঠিত দুটি টেস্টের অন্তত একটিতে, সম্ভবত দ্বিতীয়টিতে, তাকে পাওয়ার সম্ভাবনা রয়েছে। চিকিৎসাবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে কোনো সমস্যা ছিল না এবং সে ভালোভাবেই সেরে উঠেছে। যথেষ্ট আগেই অনুশীলন শুরু করেছে। বর্তমানে ধীরে ধীরে অনুশীলনের চাপ বাড়াচ্ছে। দ্বিতীয় টেস্টের জন্য সে প্রস্তুত হয়ে উঠবে বলে আশা করছি।”
যদিও নরকিয়া না খেলতে পারলেও দক্ষিণ আফ্রিকাকে খুব বেশি চিন্তিত হতে হচ্ছে না। তাদের দলে পেস বোলিংয়ের জন্য আরও ৫টি বিকল্প রয়েছে। কাগিসো রাবাদা ও মার্কো ইয়ানসেন প্রথম সারির বোলার হিসেবে পরিচিত, পাশাপাশি উইয়ান মুল্ডার, করবিন বোশ ও ডেন প্যাটারসনও পেস বোলিং করতে সক্ষম।
দক্ষিণ আফ্রিকা স্কোয়াড
টেম্বা বাভুমা (অধিনায়ক), মার্কেস আকারম্যান, ম্যাথিউ ব্রিটজকে, করবিন বোশ, টনি ডি জর্জি, সাইমন হারমার, জুবাইর হামজা, মার্কো ইয়ানসেন, কেশভ মহারাজ, এইডেন মারক্রাম, উইয়ান মুল্ডার, এনরিখ নরকিয়া, ডেন প্যাটারসন, কাগিসো রাবাদা ও রায়ান রিকেলটন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ