১১:০৫ এম
২০২৬ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার স্পেনের কাছে পরাজয়ের পর দেশজুড়ে একটি গভীর শোকের ছায়া নেমে এসেছে। এই শিরোপা হাতছাড়া হওয়ার ধাক্কা সহ্য করতে না পারায়, রাজধানী বুয়েনস আইরেসে হৃদরোগে আক্রান্ত হয়ে দুজন প্রবীণ সমর্থকের মৃত্যু ঘটেছে। এর পাশাপাশি, আরও একজন গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আর্জেন্টিনার জরুরি চিকিৎসা সেবা সংস্থা (সামে) এবং স্বাস্থ্য কর্তৃপক্ষের দেয়া তথ্য অনুসারে, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে মনসেরাত এলাকার একটি বাসা থেকে জরুরি সেবায় ফোন করা হয়। সেখানে ৬৭ বছর বয়সী এক সমর্থক হৃদরোগে আক্রান্ত হন। চিকিৎসকরা ঘটনাস্থলেই তাকে সিপিআর (কার্ডিওপালমোনারি রিসাসিটেশন) দেন, তবে শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।
এর আগে, বিকেল ৫টা ৩৯ মিনিটে ৮৮ বছর বয়সী আরেক সমর্থকের শ্বাসকষ্ট শুরু হলে তার মেয়ে জরুরি সেবায় যোগাযোগ করেন। প্রাথমিকভাবে সিপিআর দেয়ার পরে তাকে ডুরান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা চলাকালীন প্রায় পাঁচ ঘণ্টা পরে তিনি মৃত্যু বরণ করেন।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
এদিকে, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২২ মিনিটে ৭২ বছর বয়সী আরেক ব্যক্তি হঠাৎ বুকে তীব্র ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন। বর্তমানে তিনি আলভারেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে চিকিৎসাধীন রয়েছেন। বুয়েনস আইরেসের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, তার অবস্থা আশঙ্কাজনক।
ফাইনাল শেষ হওয়ার পর, রাজধানীর ওবেলিস্ক চত্বরে জড়ো হওয়া সমর্থকদের মধ্যে হতাশা থেকে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এসময়, ৪৭ বছর বয়সী এক ব্যক্তি প্রায় ১৩ ফুট উঁচু থেকে পড়ে গিয়ে বাঁ পায়ের হাড় ভেঙে গুরুতর আহত হন।
স্থানীয় সংবাদমাধ্যম ইনফোবে জানাচ্ছে, পরাজয়ের হতাশায় অনেক সমর্থক অতিরিক্ত মদ্যপান করে অসুস্থ হয়ে পড়েন। এছাড়া, সমর্থকদের মধ্যে হাতাহাতি, ধাক্কাধাক্কি এবং পড়ে গিয়ে আহত হওয়ার একাধিক ঘটনা রেকর্ড করা হয়েছে।
বিশ্বকাপ ফাইনালের পর, বুয়েনস আইরেসজুড়ে শোকের আবহ বিরাজ করছে। স্থানীয় প্রশাসন ও জরুরি চিকিৎসা সেবা সংস্থাগুলো পরিস্থিতি শান্ত রাখতে এবং সংযম বজায় রাখার আহ্বান জানিয়েছেন।
আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন