প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
মার্কিন বাহিনী জানিয়েছে, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল বন্ধে ইরানের হুমকি দেওয়ার সামরিক সক্ষমতা আরও দুর্বল করতে যুক্তরাষ্ট্র দেশটিতে নতুন করে হামলা চালিয়েছে। এই দাবির ফলস্বরূপ গভীর রাতে ইরানের বিভিন্ন শহরে বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
সোমবার (২০ জুলাই) ইরানের স্থানীয় সময় রাত আড়াইটা থেকে নতুন দফার এই হামলা শুরু হয়।
বার্তাসংস্থা আনাদোলু তাদের প্রতিবেদনে জানায়, টানা নবম রাতের মতো ইরানে নতুন করে হামলা চালানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এ তথ্য জানিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে সেন্টকম বলেছে, টানা নবম রাতের সামরিক অভিযানের অংশ হিসেবে ইরানে নতুন করে এই হামলা চালানো হয়েছে। সেন্টকমের দাবী, হরমুজ প্রণালির মাধ্যমে বাণিজ্যিক জাহাজ ও বেসামরিক নাবিকদের লক্ষ্য করে ইরান যে সামরিক সক্ষমতা ব্যবহার করছে, সেটিকে আরও দুর্বল করাই এই হামলার উদ্দেশ্য।
এদিকে, যুক্তরাষ্ট্রের সর্বশেষ হামলার পর সোমবার ভোরে ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় তাবরিজ শহরে বিস্ফোরণের আওয়াজ শোনা গেছে। ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন জানাচ্ছে, নতুন মার্কিন সামরিক অভিযান শুরুর পর তাবরিজে এটিই প্রথম হামলার ঘটনা।
রাষ্ট্রীয় টেলিভিশন আরও জানাচ্ছে, দক্ষিণ-পূর্বাঞ্চলের সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের চাবাহার শহরেও কিছু বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
আধা-সরকারি মেহর নিউজ এজেন্সি জানিয়েছে, দক্ষিণাঞ্চলের বুশেহর প্রদেশের দাশতি এলাকায় বেশ কিছু বিস্ফোরণ ঘটেছে। এছাড়া হরমোজগান প্রদেশের জাস্কে অন্তত তিনটি এবং সিরিকে একাধিক বিস্ফোরণ ঘটার ঘটনা ঘটেছে। একই সঙ্গে দক্ষিণাঞ্চলে একটি শত্রু ড্রোন ভূপাতিত করা হয়েছে, এবং সিস্তান ও বেলুচিস্তানের কোনারাক এলাকায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।
অন্যদিকে, আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সি জানাচ্ছে, বুশেহর প্রদেশের খোরমোজ শহরে যুক্তরাষ্ট্রের হামলার ফলে কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। এছাড়া খুজেস্তান প্রদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বন্দর মাহশাহর ও বন্দর ইমাম খোমেনি শহরেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে, কোন উপর আঞ্চলিক উত্তেজনা বেড়ে যায়। এর জবাবে, উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা থাকা দেশগুলোকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান।
এর মধ্যে গত মাসে পাকিস্তানের মধ্যস্থতায় সংঘাতের অবসান এবং দীর্ঘমেয়াদী শান্তি চুক্তির লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর হয়েছিল। তবে, গত সপ্তাহে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে উত্তেজনা আবারও বেড়ে যায়, এবং উভয় পক্ষ নতুন করে পাল্টাপাল্টি হামলা শুরু করে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন