শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং
০১:৩৪ পি.এম
পার্থে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে বল হাতে অসাধারণ পারফরম্যান্স প্রদর্শন করেছেন অস্ট্রেলিয়ার ২১ বছর বয়সী পেসার মাহলি বিয়ার্ডম্যান। অভিষেক ম্যাচেই তিনি ২৪ রান খরচ করে ছয় উইকেট দখল করেছেন। তাঁর দুর্দান্ত বোলিংয়ের ফলে ইংল্যান্ডের ইনিংস ৩৩.৪ ওভারে শেষ হয়ে যায়। স্বাগতিকদের সামনে জয়ের জন্য লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ১৩২ রান।
শুক্রবার পার্থ স্টেডিয়ামে টস জিতে ইংল্যান্ডকে আগে ব্যাটিং করার সুযোগ দেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ। শুরু থেকেই সুইং এবং গতির মাধ্যমে ইংলিশ ব্যাটারদের চাপে রাখেন অস্ট্রেলিয়ার পেসাররা। ওপেনার বেন ডাকেট ৯ রান করে স্পেনসার জনসনের বলে ক্যাচ দিয়ে ফিরে যান। টম ব্যান্টন ২৭ বল খেলে ২৫ রান সংগ্রহ করে জেভিয়ার বার্টলেটের শিকার হন।
এরপর ইংল্যান্ডের ব্যাটিংয়ে ধস নামাতে সক্ষম হন অভিষিক্ত বিয়ার্ডম্যান। তাঁর বোলিংয়ে একের পর এক উইকেট হারাতে থাকে ইংল্যান্ড, যার মধ্যে হ্যারি ব্রুক (১), জো রুট (১৭), জর্ডান কক্স (২), স্যাম কারান (০) এবং লিয়াম ডসন (০) অন্তর্ভুক্ত। বিশেষ করে রুট ও ব্রুকের উইকেটও দখল করেন এই তরুণ পেসার। এক পর্যায়ে ইংল্যান্ড ৬০ রানে সাত উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে।
শেষ দিকে উইল জ্যাকস ২৫ রান করলেও জনসনের বলে আউট হন। গাস অ্যাটকিনসন ৩২ বল খেলে অপরাজিত ২৯ রান করেন, যা দলের সংগ্রহ কিছুটা বাড়াতে সাহায্য করে। জেমি ওভারটন ৪ রান এবং জোফরা আর্চার ১১ রান করেন। শেষ পর্যন্ত ইংল্যান্ড ৩৩.৪ ওভারে অলআউট হয়ে যায়।
অস্ট্রেলিয়ার হয়ে বিয়ার্ডম্যান ৭.৪ ওভারে ২৪ রান দিয়ে ছয় উইকেট দখল করেন। তিনি ওয়ানডে অভিষেকে কোনো অস্ট্রেলীয় বোলারের সেরা বোলিংয়ের রেকর্ডও গড়েছেন। স্পেনসার জনসন তিন উইকেট নেন, আর বার্টলেটের শিকার একটি।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢালিউডের অভিনেতা ও প্রযোজক অনন্ত জলিল সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বার্তায় মহান আল্লাহর প্রতি তাঁর ভরসার কথা তুলে ধরেছেন। তিনি তাঁর প্রতি ভালোবাসা প্রকাশ করে ইতিবাচক মন্তব্য ও দোয়া করা ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে, অনন্ত জলিল নিজের ফেসবুক পেজে একটি পোস্টে পবিত্র কোরআনের কিছু আয়াতের অংশ উল্লেখ করেন। সেখানে তিনি লেখেন, ‘ইয়্যাকা না’বুদু ওয়া ইয়্যাকা নাসতা’ঈন।’ এর অর্থ হল, ‘আমরা কেবল আপনারই ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি।’
এরপর তিনি উল্লেখ করেন, ‘হাসবুনাল্লাহু ওয়া নি’মাল ওয়াকিল।’ অর্থাৎ আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনিই উত্তম কর্মবিধায়ক।
পোস্টে অনন্ত জলিল জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে যাঁরা তাঁর জন্য দোয়া করেছেন, ইতিবাচক বার্তা দিয়েছেন এবং ভালোবাসা প্রকাশ করেছেন, তাঁদের প্রতি তিনি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁদের সমর্থন ও শুভকামনার জন্য তিনি ভালোবাসাও জানিয়েছেন।
অন্যদিকে, যাঁরা তাঁকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় থাকার বা দর্শক টানার উদ্দেশ্যে বিভিন্ন কনটেন্ট তৈরি করেছেন, তাঁদের জন্যও ধন্যবাদ জানিয়েছেন অনন্ত জলিল। তবে তিনি তাঁদের জন্য আল্লাহর কাছে হেদায়েত কামনা করেছেন।
পোস্টের শেষে ‘আমিন’ লিখে সবার প্রতি শুভকামনা জানান এই অভিনেতা।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বৈশ্বিক উষ্ণায়নের ফলে পৃথিবীর গড় তাপমাত্রা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এই উষ্ণায়নের প্রভাব মানুষের স্বাভাবিক জীবনযাত্রা, শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের ওপর পড়ছে। তবে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা একই হারে বৃদ্ধি পাচ্ছে না। কিছু স্থানে তাপমাত্রা দ্রুত বাড়ছে, আবার কিছু স্থানে দিনের বেলায় তাপমাত্রা কমার প্রবণতা দেখা যাচ্ছে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির মধ্যেও বিশ্বের বিভিন্ন স্থানে তীব্র শীত এবং অস্বাভাবিক তুষারপাতের ঘটনা ঘটছে। খবর এনডিটিভির।
তাপমাত্রার এই আঞ্চলিক পার্থক্যের পেছনে সূর্যালোক, মেঘের উপস্থিতি, বায়ুমণ্ডলীয় প্রবাহ এবং বাতাসের আর্দ্রতার মতো বিষয়গুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি গত এক শতকে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির হারও বৃদ্ধি পেয়েছে। প্রাকৃতিক আবহাওয়াজনিত ঘটনা এল নিনোর প্রভাবও তাপমাত্রা বৃদ্ধির পেছনে আংশিকভাবে দায়ী।
২০২৬ সালের মে মাসে কমিউনিকেশনস আর্থ অ্যান্ড এনভায়রনমেন্ট সাময়িকীতে প্রকাশিত এক গবেষণায় এই চিত্র উঠে এসেছে। ২০০২ থেকে ২০২১ সাল পর্যন্ত বিশ্বের প্রায় ১ হাজার ৪০০টি শহরের স্যাটেলাইট থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে গবেষণাটি পরিচালিত হয়। এতে দেখা গেছে, অধিকাংশ শহরে তাপমাত্রা বেড়েছে, তবে কিছু শহরে দিনের বেলায় ভূপৃষ্ঠের তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমেছে।
গবেষণার তথ্য অনুযায়ী, বিশ্বের ৮৬ শতাংশ শহরে দিনের তাপমাত্রা বেড়েছে। অন্যদিকে রাতে তাপমাত্রা বেড়েছে ৯৬ শতাংশ শহরে। তবে মাত্র ৩ দশমিক ৯ শতাংশ শহরে দিনের বেলায় তাপমাত্রা কমার পরিসংখ্যানগতভাবে তাৎপর্যপূর্ণ প্রবণতা পাওয়া গেছে। রাতে তাপমাত্রা কমার প্রবণতা প্রায় নেই বললেই চলে।
২০২৬ সালের জানুয়ারিতে বিশ্বের বিভিন্ন অঞ্চলের আবহাওয়ায় এই বৈপরীত্য স্পষ্ট হয়ে ওঠে। ওই মাসে বৈশ্বিক গড় ভূপৃষ্ঠের বায়ুর তাপমাত্রা ছিল ১২ দশমিক ৯৫ ডিগ্রি সেলসিয়াস, যা ১৯৯১ থেকে ২০২০ সালের গড়ের চেয়ে শূন্য দশমিক ৫১ ডিগ্রি বেশি। অথচ উত্তর গোলার্ধের বিস্তীর্ণ অঞ্চলে তখন তীব্র শীত অনুভূত হয়েছে।
ফিনল্যান্ডের লাপেনরান্তা শহরে তাপমাত্রা নেমে আসে মাইনাস ৩১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে। অন্যদিকে সাইবেরিয়ার বিভিন্ন এলাকায় তাপমাত্রা ছিল প্রায় মাইনাস ৪০ ডিগ্রি সেলসিয়াস।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের সেন্ট্রাল পার্কে ২৫ জানুয়ারি ১১ দশমিক ৪ ইঞ্চি বা প্রায় ২৯ সেন্টিমিটার তুষারপাত হয়। এটি প্রায় চার বছরের মধ্যে একক ঝড়ে সর্বোচ্চ তুষারপাত হিসেবে চিহ্নিত হয়েছে। রাশিয়ার কামচাটকা উপদ্বীপে জানুয়ারির প্রথম দুই সপ্তাহে দুই মিটারের বেশি তুষার জমে। এ ছাড়া জাপানের উত্তরাঞ্চলীয় শহর আওমোরিতে ৩ ফেব্রুয়ারি তুষারের গভীরতা দাঁড়ায় ১ দশমিক ৭ মিটার, যা ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ।
অন্যদিকে একই সময়ে অস্ট্রেলিয়ার রেনমার্ক শহরে দেখা যায় সম্পূর্ণ বিপরীত চিত্র। ২৬ জানুয়ারি সেখানে তাপমাত্রা ৪৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়, যা শহরটির ইতিহাসে সর্বোচ্চ।
গবেষণায় ভারত, ইরান, আফগানিস্তান এবং উত্তর-পূর্ব চীনের কয়েকটি শহরে দিনের তাপমাত্রা তুলনামূলক কম হারে বাড়তে দেখা গেছে। কিছু এলাকায় আবার দিনের তাপমাত্রা কমার প্রবণতাও শনাক্ত করেছেন গবেষকেরা।
বিজ্ঞানীরা এর সম্ভাব্য কারণ হিসেবে বায়ুমণ্ডলে অ্যারোসলের ঘনত্ব বৃদ্ধি এবং উদ্ভিদ আচ্ছাদনের পরিবর্তনের কথা উল্লেখ করেছেন। অ্যারোসল হলো বায়ুমণ্ডলে ভেসে থাকা অতি ক্ষুদ্র কঠিন কণা বা তরল পদার্থের ফোঁটা। ধুলাবালি ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের মতো প্রাকৃতিক উৎসের পাশাপাশি শিল্পকারখানার নির্গমন, যানবাহনের ধোঁয়া এবং জৈব পদার্থ পোড়ানোর মাধ্যমেও এগুলো তৈরি হয়।
বায়ুমণ্ডলে থাকা এসব কণা সূর্যের আলো প্রতিফলিত বা ছড়িয়ে দিয়ে ভূপৃষ্ঠে পৌঁছানো তাপের পরিমাণ কমাতে পারে। ফলে কিছু অঞ্চলে দিনের তাপমাত্রা কমার প্রবণতা দেখা যায়। তবে এর বড় ধরনের স্বাস্থ্যঝুঁকিও রয়েছে। বিশেষ করে সূক্ষ্ম বস্তুকণা মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। পাশাপাশি এসব কণা মেঘ তৈরি, বৃষ্টিপাত এবং আঞ্চলিক জলবায়ুর ওপরও প্রভাব ফেলতে পারে।
তাপমাত্রা নিয়ন্ত্রণে উদ্ভিদ ও গাছপালারও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। গাছপালা ছায়া দেওয়ার পাশাপাশি বাষ্পমোচন প্রক্রিয়ায় পরিবেশে জলীয় বাষ্প ছাড়ে। এ প্রক্রিয়ায় আশপাশের পরিবেশ থেকে তাপশক্তি ব্যবহৃত হয়, ফলে ভূপৃষ্ঠ ও আশপাশের বাতাস তুলনামূলক ঠান্ডা থাকে।
যুক্তরাষ্ট্রের জলবায়ু সংস্থা ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন (এনওএএ) গত এক শতকে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে তাপমাত্রার ওঠানামার বিভিন্ন পর্যায় শনাক্ত করেছে। সংস্থাটির মতে, অক্ষাংশ, ভূপ্রকৃতি এবং আটলান্টিক মহাসাগর ও মেক্সিকো উপসাগরের মতো বড় জলভাগের নৈকট্য এ ধরনের পরিবর্তনে ভূমিকা রাখে।
জলবায়ু গবেষকদের মতে, ঘন মেঘের উপস্থিতি এবং মাটির আর্দ্রতাও দিনের তাপমাত্রা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ। ঘন মেঘ সূর্যের আলো ভূপৃষ্ঠে পৌঁছাতে বাধা দেয়। অন্যদিকে মাটিতে পর্যাপ্ত আর্দ্রতা থাকলে বাষ্পীভবনের হার বাড়ে। এতে দিনের বেলায় ভূপৃষ্ঠের তাপমাত্রা প্রত্যাশিত মাত্রায় বাড়তে পারে না।
এ ছাড়া এল নিনো ও লা নিনার মতো প্রাকৃতিক আবহাওয়াজনিত ঘটনাও বিভিন্ন অঞ্চলের তাপমাত্রা ও আবহাওয়ার ধরন পরিবর্তন করতে পারে। এর ফলে কোথাও উষ্ণতা বাড়ে, আবার কোথাও শীতল পরিস্থিতি তৈরি হয়।
তবে এসব আঞ্চলিক ব্যতিক্রমের অর্থ এই নয় যে বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব কমে যাচ্ছে। কিছু এলাকায় দিনের তাপমাত্রা কমলেও সামগ্রিকভাবে পৃথিবীর গড় তাপমাত্রা বাড়ছে। একই সঙ্গে সমুদ্রের বরফের পরিমাণ কমে যাওয়া, সমুদ্রের তাপীয় উপাদান বৃদ্ধি এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ার মতো পরিবর্তন পৃথিবীর বিভিন্ন অঞ্চলের জন্য বড় হুমকি হয়ে উঠছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
রাজধানীর বিভিন্ন স্থানে অনুষ্ঠিত উন্মুক্ত কনসার্টের প্রেক্ষাপটে কিশোরদের ধূমপান, বেপরোয়া চালচলন এবং সামাজিক মূল্যবোধের অবক্ষয় নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জনপ্রিয় ইসলামি বক্তা শাইখ আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ। সংস্কৃতি চর্চার আড়ালে যে কোনো ধরনের উচ্ছৃঙ্খলতা প্রতিরোধের জন্য এসব অনুষ্ঠানের ওপর কঠোর নজরদারি বৃদ্ধির আহ্বান করেছেন তিনি। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে তিনি এ বিষয়ে নিজের ভেরিফাইড ফেসবুকে একটি পোস্ট করেন। তার পোস্টটি যুগান্তরের পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো।
‘মহল্লায় অর্ধরাতের আগে দেখি, খালি গা, হাতে হাতে সিগারেট! ভেতরে তামাক, নাকি অন্য কিছু- জানি না! চিৎকার করে কোরাসে গান গাইতে গাইতে একঝাঁক কিশোর ফিরছে! বয়স তেরো-চৌদ্দ-পনেরো।
ড্যাম কেয়ার ভঙ্গিতে ফিরছে কনসার্ট থেকে! মোহাম্মদপুর, আদাবর, শ্যামলী, কল্যাণপুরের বাসিন্দারা নিশ্চয়ই বুঝতে পারছেন, কী ধরনের প্রজন্ম বেড়ে উঠছে!
প্রশ্ন হলো, সাংস্কৃতিক আয়োজনের নামে এসব উন্মুক্ত কনসার্ট থেকে বিপথগামী কোনো তরুণ কি সুপথে ফিরেছে? মাদক ছেড়েছে? পড়ালেখায় মনোযোগী হয়েছে? মানসিক স্ট্রেস কমিয়ে দুর্দান্ত পড়ালেখায় মনোযোগ দিয়েছে, সমাজ মাদক জুয়ার নির্মূলে ঝাঁপিয়ে পড়েছে, বাজে বন্ধু বাদ দিয়েছে, বাবা-মায়ের প্রতি দায়িত্বশীল কিংবা বড়দের প্রতি শ্রদ্ধাশীল হয়েছে? নাকি উলটো উচ্ছৃঙ্খলতা ও মূল্যবোধহীনতাকেই স্বাভাবিক করে তোলা হচ্ছে?
সাম্প্রতিক কিছু বিনোদন আয়োজনে প্রকাশ্যে ধূমপান, মাদকের ব্যবহার, অশালীন আচরণ, কুরুচিপূর্ণ মেলামেশা, সামাজিক ও পারিবারিক মূল্যবোধকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইঙ্গিতপূর্ণ বেলুন উড়িয়ে, দেশীয় লজ্জা ও চিরায়ত পারিবারিক ঐতিহ্য ছুঁড়ে ফেলে সমাজে অসভ্যতার বিস্তার ঘটানো হচ্ছে। যে চিত্র দেখা গেছে, তা উপেক্ষা করতে পারবেন?
যেখানে পাবলিক প্লেসে ধূমপান আইনত নিষিদ্ধ, সেখানে শিশু-কিশোরসহ সবার জন্য উন্মুক্ত আয়োজনে প্রকাশ্যে এসবের প্রদর্শন কোন সংস্কৃতি? একজন আরেকজনের কাঁধে চড়ে নেশার আহ্বান করছে! এগুলো কি আমাদের উঠতি প্রজন্মের কাছে অসভ্যতাকে স্বাভাবিক করে তুলছে না?
অন্যদিকে ধর্মীয় আয়োজনের মাধ্যমে অসংখ্য তরুণ মাদক ও জুয়া ছেড়ে সুস্থ জীবনে ফিরছে, বাবা-মায়ের প্রতি দায়িত্বশীল হচ্ছে, ঘুস-দুর্নীতি ও অনৈতিকতা থেকে বাঁচার শপথ নিচ্ছে। শতভাগ সফলতা না থাকলেও সমাজ ও আইনশৃঙ্খলায় এসব আয়োজনের ইতিবাচক প্রভাব অস্বীকার করার উপায় নেই।
সরকারের উচিত, বক্তাদের যথাযথ প্রশিক্ষণ ও ওয়ার্কশপের মাধ্যমে তরুণ প্রজন্মের মনস্তত্ত্ব বুঝে আরও কার্যকর ও গঠনমূলক আলোচনায় উদ্বুদ্ধ করা।
সবচেয়ে উদ্বেগের বিষয়, যেখানেই যাই সেখানেই আমাদের কাছে পরিবারগুলি নানান নাসীহা করার আবদার নিয়ে আসেন! যে বয়সে কিশোর গ্যাং, মাদক ও জুয়া আমাদের তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, ঠিক সেই সময়েই কিছু আয়োজন উচ্ছৃঙ্খলতা ও মূল্যবোধহীনতাকে বিনোদনের নামে উদযাপন করতে শেখাচ্ছে!
একদিকে দেশ ও জাতির চরিত্র গঠনের আহ্বান, অন্যদিকে সাংস্কৃতিক চর্চার নামে লাগামহীন আয়োজন! সংস্কৃতির নামে যা খুশি তা-ই করার স্বাধীনতা হতে পারে না। দায়িত্বশীল মহল বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন, এটাই প্রত্যাশা। লাগামটা ছিঁড়ে যেতে দিয়েন না, প্লিজ!’
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
কক্সবাজারের উখিয়ার ইনানীতে ১৮ দিন ধরে জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)। আগুন নেভানোর জন্য অত্যাধুনিক যন্ত্রপাতি নিয়ে ঘটনাস্থলে একাধিক যানবাহন পৌঁছাতে শুরু করেছে।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে ইনানীর জালিয়াপালং ইউনিয়নের ছোট ইনানী সেতুর নিকটস্থ উদগীরণ স্থলে বাপেক্সের কারিগরি সরঞ্জামবাহী গাড়িগুলো প্রবেশ করতে দেখা যায়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২৭ অক্টোবর সকালে ছোট ইনানী এলাকায় মোস্তফা সিকদারের বাড়ির আঙিনায় প্রায় ১ হাজার ফুট গভীর নলকূপ খনন করার সময় ভূগর্ভ থেকে গ্যাস নির্গত হয়ে আগুন ধরে যায়। এরপর থেকে আগুনটি অব্যাহতভাবে জ্বলতে থাকে।
প্রাথমিকভাবে বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী ১৫ দিন আগুনটি পর্যবেক্ষণে রাখা হয়। বাপেক্সের ভূতাত্ত্বিক দলের প্রধান এসএম নাফিফুন আরহাম জানান, জোরপূর্বক আগুন নেভানোর চেষ্টা করলে ভূগর্ভে গ্যাস জমে বড় বিস্ফোরণের শঙ্কা তৈরি হতে পারে। তাই গ্যাসের চাপ, প্রবাহ ও প্রকৃতি বুঝতে আগুন জ্বলতে দেওয়া হয়।
এদিকে বাপেক্সের ল্যাবে নমুনা পরীক্ষায় এটি থার্মোজেনিক গ্যাস হিসেবে নিশ্চিত হওয়া গেছে। ফলে এটি সাধারণ পকেট গ্যাস নয়, বরং বাণিজ্যিক গ্যাসক্ষেত্র হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এটি সত্যি হলে ইনানী হবে দেশের ৩১তম গ্যাস ফিল্ড।
১৫ দিনের পর্যবেক্ষণ শেষ হওয়ার পর আজ ঘটনাস্থলে ৯ সদস্যের একটি উচ্চপর্যায়ের কারিগরি দল পৌঁছেছে। দলের প্রধান অহিদুল ইসলাম হাওলাদার জানান, আগুনের বর্তমান পরিস্থিতি অনুযায়ী, এভাবে আগুন জ্বলতে দেওয়া ঠিক হবে না। আগুন নিয়ন্ত্রণে এনে পরবর্তীতে রিলিফ কূপ খনন ও ২ডি সিসমিক জরিপের পরিকল্পনা রয়েছে।
এদিকে জননিরাপত্তার স্বার্থে ঘটনাস্থলের ২০০ মিটার এলাকায় উপজেলা প্রশাসনের জারি করা ১৪৪ ধারা এখনো বহাল রয়েছে। ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও পুলিশের পাশাপাশি বাপেক্স ও পেট্রোবাংলার দল সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ