প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
কক্সবাজারের উখিয়ার ইনানীতে ১৮ দিন ধরে জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)। আগুন নেভানোর জন্য অত্যাধুনিক যন্ত্রপাতি নিয়ে ঘটনাস্থলে একাধিক যানবাহন পৌঁছাতে শুরু করেছে।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে ইনানীর জালিয়াপালং ইউনিয়নের ছোট ইনানী সেতুর নিকটস্থ উদগীরণ স্থলে বাপেক্সের কারিগরি সরঞ্জামবাহী গাড়িগুলো প্রবেশ করতে দেখা যায়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২৭ অক্টোবর সকালে ছোট ইনানী এলাকায় মোস্তফা সিকদারের বাড়ির আঙিনায় প্রায় ১ হাজার ফুট গভীর নলকূপ খনন করার সময় ভূগর্ভ থেকে গ্যাস নির্গত হয়ে আগুন ধরে যায়। এরপর থেকে আগুনটি অব্যাহতভাবে জ্বলতে থাকে।
প্রাথমিকভাবে বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী ১৫ দিন আগুনটি পর্যবেক্ষণে রাখা হয়। বাপেক্সের ভূতাত্ত্বিক দলের প্রধান এসএম নাফিফুন আরহাম জানান, জোরপূর্বক আগুন নেভানোর চেষ্টা করলে ভূগর্ভে গ্যাস জমে বড় বিস্ফোরণের শঙ্কা তৈরি হতে পারে। তাই গ্যাসের চাপ, প্রবাহ ও প্রকৃতি বুঝতে আগুন জ্বলতে দেওয়া হয়।
এদিকে বাপেক্সের ল্যাবে নমুনা পরীক্ষায় এটি থার্মোজেনিক গ্যাস হিসেবে নিশ্চিত হওয়া গেছে। ফলে এটি সাধারণ পকেট গ্যাস নয়, বরং বাণিজ্যিক গ্যাসক্ষেত্র হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এটি সত্যি হলে ইনানী হবে দেশের ৩১তম গ্যাস ফিল্ড।
১৫ দিনের পর্যবেক্ষণ শেষ হওয়ার পর আজ ঘটনাস্থলে ৯ সদস্যের একটি উচ্চপর্যায়ের কারিগরি দল পৌঁছেছে। দলের প্রধান অহিদুল ইসলাম হাওলাদার জানান, আগুনের বর্তমান পরিস্থিতি অনুযায়ী, এভাবে আগুন জ্বলতে দেওয়া ঠিক হবে না। আগুন নিয়ন্ত্রণে এনে পরবর্তীতে রিলিফ কূপ খনন ও ২ডি সিসমিক জরিপের পরিকল্পনা রয়েছে।
এদিকে জননিরাপত্তার স্বার্থে ঘটনাস্থলের ২০০ মিটার এলাকায় উপজেলা প্রশাসনের জারি করা ১৪৪ ধারা এখনো বহাল রয়েছে। ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও পুলিশের পাশাপাশি বাপেক্স ও পেট্রোবাংলার দল সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন