ঢাকা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ইং ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

মৌলভীবাজারে উদ্বোধন হলো ‘সিলেট টি-দ্য ব্রাগানজা ব্লেন্ড’ প্যাকেজিং ইউনিট


মৌলভীবাজারে উদ্বোধন হলো ‘সিলেট টি-দ্য ব্রাগানজা ব্লেন্ড’ প্যাকেজিং ইউনিট

যুক্তরাজ্য ভিত্তিক লন্ডন টি এক্সচেঞ্জ দীর্ঘদিন ধরে সিলেট অঞ্চলের চায়ের ঐতিহ্যকে ইউরোপের বাজারে ছড়িয়ে দেওয়ার জন্য কাজ করে আসছে। সেই ধারাবাহিকতায় মৌলভীবাজারে উদ্বোধন হলো ‘সিলেট টি—দ্য ব্রাগানজা ব্লেন্ড’ প্যাকেজিং ইউনিট। সংশ্লিষ্টদের বিশ্বাস, এই উদ্যোগ বাংলাদেশের চায়ের ব্র্যান্ডিং এবং আন্তর্জাতিক বাজারে রপ্তানিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

মৌলভীবাজার, যা চায়ের রাজধানী হিসেবে পরিচিত, সেখানে চা বাগানের নিকটবর্তী স্থানে ‘সিলেট টি—দ্য ব্রাগানজা ব্লেন্ড’ চায়ের ‘লন্ডন টি এক্সচেঞ্জ প্যাকেজিং ইউনিট’ যাত্রা শুরু করেছে।

রোববার (২২ নভেম্বর) সকালে পর্তুগিজ রাজপরিবারের সদস্য ইনফান্তা মারিয়া ফ্রান্সিসকা দে ব্রাগাঞ্জা আনুষ্ঠানিকভাবে এই ইউনিটের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে লন্ডন টি এক্সচেঞ্জের চেয়ারম্যান শেখ অলিউর রহমান উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ক্যানসার সচেতনতা প্রচারক রুবিয়া নিজেই ক্যানসারে আক্রান্ত

বাংলাদেশ চা গবেষণা ইন্সটিটিউটের পরিচালক ড. ইসমাইল হোসেন, চা বোর্ডের প্রকল্প ইউনিটের পরিচালক মো. রফিকুল ইসলামসহ দেশের ও বিদেশের চায়ের সঙ্গে সংশ্লিষ্ট অনেকেই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এই ইউনিটের মাধ্যমে বাংলাদেশের চায়ের ঐতিহ্যের সঙ্গে যুক্ত হলো পর্তুগালের ঐতিহাসিক রাজপরিবার ‘হাউস অব ব্রাগাঞ্জা’র পরিচিতি। পর্তুগিজ রাজকন্যা জানালেন, সিলেট টি এক্সচেঞ্জের আমন্ত্রণে এখানে আসতে পেরে তিনি আনন্দিত। তিনি উল্লেখ করেন, সিলেটের চায়ের বাজার টি এক্সচেঞ্জের মাধ্যমে আরও সমৃদ্ধ হবে।

রাজকন্যা ইনফান্তা মারিয়া ফ্রান্সিসকা দে ব্রাগাঞ্জা গণমাধ্যমকে বলেন, "এটা একটা বড় দায়িত্ব, কারণ আপনাদের সবকিছুই আছে। আপনাদের চায়ের গুণগত মান আছে, পেছনে অসাধারণ অভিজ্ঞতার কাজ রয়েছে, এবং নিশ্চয়তাও আছে। এখানে আমার কাজ হলো সম্ভাব্য সেরা উপায়ে আপনাদের পণ্য চা তুলে ধরা ও প্রচার করা। আমি আসার পর থেকেই এখানকার চা-বাগান, চমৎকার দৃশ্য, অসাধারণ মানুষ এবং আপনাদের পণ্যের গুণগত মান দেখে পুরোপুরি মুগ্ধ হয়েছি। আমি নিশ্চিত আপনারা ভালো করবেন। আশা করি যে বিশ্বে সিলেটের চা সম্ভাব্য সেরা হবে। কারণ এ দেশ অত্যন্ত মূল্যবান এবং এই স্বীকৃতি আপনাদের প্রাপ্য।"

সিলেট অঞ্চলের চায়ের দীর্ঘ ঐতিহ্য এবং পর্তুগিজ রাজপরিবারের ঐতিহাসিক আবহ—এই দুইয়ের সমন্বয়ে গড়ে ওঠা নতুন ব্র্যান্ডটি বৈশ্বিক বাজারে বাংলাদেশের চায়ের বিপণনে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন চা খাত সংশ্লিষ্টরা। সিলেটের চায়ের ঐতিহ্যের সঙ্গে পর্তুগিজ রাজপরিবারের পরিচিতির সমন্বয়ে নতুন এই ব্র্যান্ড ইউরোপের বাজারে বাংলাদেশের চায়ের অবস্থান আরও শক্তিশালী করবে বলে আশা করছেন চা সংশ্লিষ্টরা।

আরও পড়ুন: কালাইয়ে মোটরসাইকেলের ধাক্কায় নারীর মৃত্যু

লন্ডন টি এক্সচেঞ্জ বেশ কিছুদিন ধরে চায়ের আন্তর্জাতিক ব্র্যান্ডিং এবং রপ্তানি সম্প্রসারণের জন্য কাজ করছে। চা বাগানের সান্নিধ্যে গড়ে তোলা এই প্যাকেজিং ইউনিট, টি টেস্টিং সুবিধা এবং ওয়্যারহাউস চায়ের মান নিয়ন্ত্রণ এবং রপ্তানি কার্যক্রমকে আরও গতিশীল করবে।

লন্ডন টি এক্সচেঞ্জের চেয়ারম্যান শেখ অলিউর রহমান জানান, বাংলাদেশ টি বোর্ড অসাধারণ ভূমিকা রেখেছে। তিনি বলেন, "আমাদের উদ্দেশ্য হলো বিশ্বের প্রতিটি দেশ বাংলাদেশি চা এবং সিলেটি চা সম্পর্কে জানবে, তবে আমরা ঠিক সেটাই চাই। এরই মধ্যে বিশ্বের ১৪টি দেশ জানিয়েছে যে তারা সিলেটি চা চায়—কারণ লন্ডন টি এক্সচেঞ্জ এটি করছে। প্রথমবারের মতো যখন আমাদের মতো দীর্ঘ ইতিহাসের অধিকারী একটি কোম্পানি—লন্ডন টি এক্সচেঞ্জ চা নিয়ে কাজ করে, তখন সবাই সেদিকে তাকিয়ে দেখে। লন্ডন টি এক্সচেঞ্জ যদি এই চা নিয়ে কাজ করে থাকে, তবে এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে।"

তিনি আরও জানান, "আমরা সবসময় মানের জন্য লড়াই করি। এখানে আপনারা দেখতে পাবেন যে এটি ল্যাব টেস্ট করা। আমরা যে প্রতিটি চা নিয়ে কাজ করি, তা ল্যাব টেস্ট করা হয়। ফলে বাংলাদেশ এবং বিদেশের মানুষ জানবেন যে এটি নিরাপদ। এতে বাড়তি কোনো রঙ, প্রিজারভেটিভ বা অন্য কিছু নেই, এটি সম্পূর্ণ প্রাকৃতিক।"

পর্তুগিজ রাজকন্যার সম্পৃক্ততায় নতুন এই ব্লেন্ডিং উদ্যোগ ইউরোপের বিভিন্ন দেশে ‘সিলেট টি’ এর পরিচিতি আরও বাড়াবে। সংশ্লিষ্টরা আশা করছেন, এর ফলে ব্লেন্ডিং চা রপ্তানিতে দ্রুত প্রবৃদ্ধি আসবে।

আরও পড়ুন: ঢাকা ত্যাগ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ইসলামাবাদের উদ্দেশে

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আর্জেন্টিনায় ফুটবল অনুশীলনে বজ্রপাতে প্রাণ গেল ৩৪ বছর বয়সী খেলোয়াড়ের

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:১০ পি.এম


আর্জেন্টিনায় ফুটবল অনুশীলনে বজ্রপাতে প্রাণ গেল ৩৪ বছর বয়সী খেলোয়াড়ের

আর্জেন্টিনার উত্তরাঞ্চলীয় ফোরমোসা প্রদেশে ফুটবল অনুশীলন ও প্রস্তুতি ম্যাচ চলাকালীন বজ্রপাতে ৩৪ বছর বয়সী খেলোয়াড় ইভান মিয়ের্স প্রাণ হারিয়েছেন। শুক্রবার স্থানীয় সময় বিকেল ৩টার দিকে প্রাদেশিক রাজধানী ফোরমোসায় এই দুর্ঘটনা ঘটে। একই ঘটনায় সতীর্থ হুয়ান রোমেরো আহত হয়েছেন এবং তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম এলএন+ ও ইনফোবায়েরের প্রতিবেদনের ভিত্তিতে জানা যায়, ক্লাব স্পোর্তিভো পাতরিয়ার হয়ে অনুশীলন করছিলেন মিয়ের্স। ওইদিন টর্নেও আর্জেন্টিনোর একটি গুরুত্বপূর্ণ ম্যাচের প্রস্তুতির অংশ হিসেবে দলটি অনুশীলনের পাশাপাশি প্রীতি ম্যাচেও অংশগ্রহণ করে।

ক্লাবটির প্রধান কোচ হুয়ান কার্লোস এরমোসি বলেন, "হঠাৎ আকাশ মেঘলা হয়ে আসে এবং কয়েক ফোঁটা বৃষ্টি পড়ে। এর মধ্যেই মিয়ের্সের কয়েক সেন্টিমিটার দূরে বজ্রপাত আঘাত হানে।" কাছেই ছিলেন আরেক খেলোয়াড় হুয়ান রোমেরো।

ঘটনার পর সতীর্থরা দ্রুত দুজনকে ব্যক্তিগত গাড়িতে করে ফোরমোসার সেন্ট্রাল হাসপাতালে নিয়ে যান। মাঠেই তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছিল। পরে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হলেও কয়েক ঘণ্টা পর মারা যান মিয়ের্স। অন্যদিকে, রোমেরো এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকেরা তাঁর শারীরিক অবস্থার পূর্বাভাসকে সতর্কতামূলক পর্যায়ে রেখেছেন।

ফোরমোসায় জন্ম নেওয়া মিয়ের্স সম্প্রতি কর্দোবা প্রদেশের সিলভিও পেলিকো ক্লাবের হয়ে খেলেছেন। এর আগে তিনি স্থানীয় ক্লাব সান মার্তিন, সান লোরেঞ্জো ও ভিয়া দেল রোসারিওতে খেলেছেন। পরে স্পোর্তিভো পাতরিয়াকে সহায়তা করতে নিজ এলাকায় ফিরে আসেন।

মিয়ের্সের মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর স্পোর্তিভো পাতরিয়া, সান মার্তিন দে ফোরমোসা ও সিলভিও পেলিকো শোকবার্তা প্রকাশ করেছে। ক্লাবগুলো তাঁর পরিবার, বন্ধু ও সতীর্থদের প্রতি সমবেদনা জানিয়েছে।

মাঠে এমন আকস্মিক দুর্ঘটনায় আর্জেন্টিনার ফুটবল অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টাঙ্গাইলে ৫০ বছর পর মঞ্চস্থ হলো ‘কুমার খালীর চর’

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:৪৪ পি.এম


টাঙ্গাইলে ৫০ বছর পর মঞ্চস্থ হলো ‘কুমার খালীর চর’

টাঙ্গাইলের শতবর্ষী

সাংস্কৃতিক সংগঠন করোনেশন ড্রামাটিক ক্লাবের (সিডি ক্লাব) উদ্যোগে মঞ্চস্থ হয়েছে লেখক ও নাট্যকার গোলাম আম্বিয়া নূরীর কালজয়ী নাটক ‘কুমারখালির চর’। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় টাঙ্গাইল শহরের সিডি ক্লাবের রঙ্গমঞ্চে উপচে পড়া দর্শকের উপস্থিতিতে নাটকটির প্রথম প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

দর্শকদের ব্যাপক চাহিদার পরিপ্রেক্ষিতে রোববার (২২ নভেম্বর) একই সময়ে নাটকটির দ্বিতীয় প্রদর্শনী অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা রয়েছে। নাটক শুরুর আগে করোনেশন ড্রামাটিক ক্লাবের সভাপতি কাজি জাকেরুল মওলার সভাপতিত্বে স্বাগত বক্তব্য প্রদান করেন ক্লাবের সাধারণ সম্পাদক সাম্য রহমান।

তিনি উল্লেখ করেন, ‘পঞ্চাশ বছর আগে নির্মিত একটি নাটকের এই পুনর্র্নিমাণ সত্যিই চ্যালেঞ্জিং। কারণ দর্শক হিসেবে আমড়া সব সময় আগেরটির সাথে তুলনা করতে ভালোবাসি। ৫০ বছর আগে গোলাম আম্বিয়া নূরী রচিত এই নাটকটির নির্দেশনা দিয়েছিলেন ফারুক-রক্কু। আজ নতুন নির্দেশকেরা তাঁদের মুমূর্ষু দেখাবেন। দীর্ঘ দুই বছর পর করোনেশন ড্রামাটিক ক্লাবে আবারও নাট্য প্রদর্শনী শুরু হওয়াটা টাঙ্গাইলের সাংস্কৃতিক অঙ্গনের জন্য অত্যন্ত গর্বের বিষয়।’

ক্লাবের নাট্য সম্পাদক শাহ্ মেহেদি মাসুদ সুমনের তত্ত্বাবধানে এবং শাহ্ মো. ইছরাইল বিল্লাহর সার্বিক তত্ত্বাবধানে নাটকটি যৌথভাবে নির্দেশনা দিয়েছেন সাইদুর রহমান ঠান্ডু ও রতন দত্ত। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- তুলসী দাস সরকার, আরাফা (ফেরজা), সিথী ধর (ফেরজার মা), তোরা পাল (আসাফন), ফিরোজ আদনান (ময়েজ উদ্দিন), বিপ্লব দত্ত (ফয়েজ উদ্দিন), আলী হাসান (কালু), শহিদুজ্জামান মিয়া (খাঁ সাব), সাইদুর রহমান ঠান্ডু (মন্ডল), শেখ মানিক (আয়াত আলী), মোফাজ্জল হোসেন (কাইঞ্চা), দুলাল চন্দ্র সাহা (আমিন), রতন দত্ত (হোনা মিয়া) এবং জীবন শর্মা ও মানিক (নাঠিয়াল)।

এছাড়া নেপথ্যে আলোক নির্দেশনায় ছিলেন সুমন মেহেদি এবং আবহ সংগীতে ছিলেন ইকবাল হোসেন ও তাসমিয়া।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জ্ঞানকে উৎপাদন ও উদ্ভাবনে কাজে লাগাতে প্রয়োজন ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সংযোগ: শিক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:৪৫ পি.এম


জ্ঞানকে উৎপাদন ও উদ্ভাবনে কাজে লাগাতে প্রয়োজন ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সংযোগ: শিক্ষামন্ত্রী

ঢাকা, ২২ নভেম্বর, ২০২৬ : শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন মন্তব্য করেছেন যে, শিল্পপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সংযোগের মাধ্যমে জ্ঞানকে বাস্তবমুখী উৎপাদন ও উদ্ভাবনে কাজে লাগানো সম্ভব।

রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে ‘ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া কোলাবোরেশন: সরকারের নীতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন।

এই সেমিনারটি ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইউনিভার্সিটি অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যালায়েন্স যৌথভাবে আয়োজন করেছে।

শিক্ষামন্ত্রী শিল্প ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সম্পর্ক গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, এ সম্পর্ক প্রতিষ্ঠায় শিক্ষার্থীদের শিল্পপ্রতিষ্ঠানে পাঠিয়ে ইন্টার্নশিপ করানোর চিন্তা করলেই হবে না। শিক্ষকদেরও আগে শিল্পপ্রতিষ্ঠানে গিয়ে সেখানকার চাহিদা ও বাস্তবতা বুঝতে হবে। এরপর সেই অভিজ্ঞতার ভিত্তিতে গবেষণা, পাঠ্যক্রম ও সিলেবাস তৈরি করে শিক্ষার্থীদের প্রশিক্ষিত করতে হবে।

মন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিল্পপ্রতিষ্ঠানের সম্পর্ক এমনভাবে গড়ে তুলতে হবে যে উভয় পক্ষই লাভবান হয়। বিশ্ববিদ্যালয় শিল্পপ্রতিষ্ঠানকে কী দেবে এবং শিল্পপ্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কাজ করে কী সুবিধা পাবে, সেটিও গুরুত্ব সহকারে বিবেচনায় নিতে হবে। এক পক্ষের সহযোগিতা চাওয়ার পাশাপাশি অন্য পক্ষের সুবিধা ও প্রয়োজনও স্বীকার করতে হবে।

উন্নত বিশ্বের অভিজ্ঞতা অনুসরণ করার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, বিভিন্ন দেশের উন্নয়নের মডেল নিয়ে আমাদের চিন্তা করতে হবে। উন্নত বিশ্ব কীভাবে এগিয়েছে, তাদের অভিজ্ঞতা কী, সেসব বাস্তবসম্মতভাবে অনুসরণ করা প্রয়োজন।

গবেষণার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, দেশে গবেষণার বিষয়বস্তু ও মান নিয়ে আরও গুরুত্ব দিয়ে ভাবতে হবে। জ্ঞানকে বাণিজ্যিকীকরণ করতে হবে। জ্ঞানকে বাণিজ্যিকভাবে কাজে লাগাতে শিল্পপ্রতিষ্ঠানগুলোকে গবেষণার ফলাফল গ্রহণ ও ব্যবহার করতে হবে।

মন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়গুলোকে বেকারত্ব তৈরির কারখানায় পরিণত করা যাবে না। বর্তমান শ্রমবাজারে যেসব বিভাগের প্রয়োজন নেই, সেসব বিভাগ চালু করা উচিত নয়। শিক্ষক রাজনীতি বা ছাত্ররাজনীতির বিবেচনায় নতুন বিভাগ খোলার পরিবর্তে বাজারের চাহিদা, কর্মসংস্থানের সুযোগ ও প্রয়োজনীয় জনবল বিবেচনায় নিতে হবে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকেও এ ক্ষেত্রে সতর্ক ভূমিকা পালন করতে হবে।

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে উদ্বেগের প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, তিনি এআইকে সমস্যা নয়, বরং সমাধানের অংশ হিসেবে দেখেন। ১৯৮০-এর দশকে কম্পিউটার ও মাইক্রোপ্রসেসরের উদ্ভাবনের সময়ও চাকরি হারানোর আশঙ্কা তৈরি হয়েছিল। কিন্তু বাস্তবে সেই আশঙ্কা পুরোপুরি সত্য হয়নি। তাই এআই নিয়েও অতিরিক্ত উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই।

বিশ্ববিদ্যালয়ের বাজেট ব্যবস্থাপনা নিয়ে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্দ বাড়ানো হয়েছে। তবে বরাদ্দকৃত অর্থ কীভাবে ব্যয় করা হবে, বিশেষ করে মানসম্মত শিক্ষা ও গবেষণার উন্নয়নে কত অর্থ ব্যয় হচ্ছে, সে বিষয়ে জবাবদিহি নিশ্চিত করতে হবে।

শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর সমস্যা নিজেরাই চিহ্নিত করতে হবে এবং সমাধানের উদ্যোগ নিতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীলদের নিজেদের প্রতিষ্ঠানের বাজেট, গবেষণা ও উৎপাদনশীলতা নিয়ে পরিকল্পনা করতে হবে। শুধু বক্তৃতা ও দীর্ঘ গবেষণাপত্র নয়, বাস্তব কাজের অগ্রগতি ও ফলাফলও দেখাতে হবে।

তিনি বলেন, সরকার বিশ্ববিদ্যালয়গুলোকে প্রয়োজনীয় অর্থ ও সহযোগিতা দিতে আগ্রহী। শিল্পপ্রতিষ্ঠানগুলোও সরকারের কাছে বিভিন্ন প্রণোদনা ও সহযোগিতা চায়। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠান উভয়ের প্রয়োজন বিবেচনায় নিয়ে সমন্বিত উদ্যোগ নেওয়া যেতে পারে। শিল্পপ্রতিষ্ঠানের প্রস্তাব, আধুনিকায়ন, পাঠ্যক্রম সংস্কার, ফলাফলভিত্তিক শিক্ষা, যৌথ গবেষণা, উদ্ভাবন কেন্দ্র ও ইনকিউবেটর প্রতিষ্ঠার মতো বিষয়গুলোতে সরকার সহযোগিতা করবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন মূল প্রবন্ধ উপস্থাপন করেন। স্বাগত বক্তব্য দেন ইউনিভার্সিটি অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যালায়েন্স-এর সভাপতি ড. মহিউদ্দিন।

সেমিনারে দেশের বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, হলের প্রভোস্ট, বিভাগের চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালক, শিক্ষক ও শিক্ষার্থী প্রতিনিধি, অফিসপ্রধান এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সভাপতি ও চেয়ারম্যানরা অংশগ্রহণ করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এআই ব্যবহার করে বিদেশে মিথ্যা তথ্য তৈরি করে অপপ্রচার চালানোর অভিযোগ রিজভীর

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:৪৫ পি.এম


এআই ব্যবহার করে বিদেশে মিথ্যা তথ্য তৈরি করে অপপ্রচার চালানোর অভিযোগ রিজভীর

ঢাকা, ২২ নভেম্বর, ২০২৬ : বিদেশে বসবাসরত ব্যক্তিরা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ভুয়া ছবি ও মিথ্যা তথ্য তৈরি করে দেশে অপপ্রচার চালাচ্ছে।

এটি মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

আজ দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘চির ভাস্বর শহীদ জিয়া’ শীর্ষক গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই তথ্য তুলে ধরেন।

তিনি উল্লেখ করেন, একটি চক্র দেশে আবারও অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। তবে তিনি আশাবাদী যে জনগণের সম্মিলিত শক্তির কাছে তাদের এই অপচেষ্টা সফল হবে না।

রিজভী আরও বলেন, ইউরোপ, আমেরিকা, ভারত ও ব্যাংককসহ বিশ্বের বিভিন্ন স্থানে বসবাসকারী ব্যক্তিরা এআই প্রযুক্তির মাধ্যমে অসত্য তথ্য ও ছবি তৈরি করে দেশে অপপ্রচার চালাচ্ছেন। তিনি বলেন, অতীতের মতো ইতিহাস ও তথ্য বিকৃত করে একটি একমাত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আরও জানান, গত কয়েক দিনে নড়াইল ও ফরিদপুরের ভাঙ্গায় হরতালের নামে তাণ্ডব চালানো হয়েছে। এছাড়া গোপালগঞ্জে কয়েকজন ব্যক্তিকে গুম করে মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দেওয়ার ঘটনাও ঘটেছে।

তিনি বলেন, গুমের যে প্রবণতা একসময় তৈরি হয়েছিল, তা এখনো পুরোপুরি নির্মূল হয়নি।

সাম্প্রতিক পরিস্থিতি মোকাবিলায় সরকারের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, নানা ঘটনার পরও বর্তমান সরকার শান্ত ও স্থিরভাবে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। তিনি অতীতের শাসনামলে এ ধরনের ঘটনায় ক্রসফায়ার ও রক্তপাতের ঘটনা ঘটার কথা উল্লেখ করেন এবং বলেন, বর্তমান সরকার ধৈর্যের সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

অপরাধী ও সন্ত্রাসীদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে গ্রেপ্তার করে প্রচলিত আইনের আওতায় আনার এবং আদালতের মাধ্যমে বিচার নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে রিজভী বলেন, রাষ্ট্রীয় ক্ষমতার দম্ভে সে সময় ইতিহাস, বিজ্ঞান ও ভূগোল পর্যন্ত পরিবর্তনের চেষ্টা করা হয়েছিল। প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের একটি উপন্যাস থেকে স্বাধীনতার ঘোষণা-সংক্রান্ত অধ্যায় আদালতের মাধ্যমে বাদ দিতে বাধ্য করা হয়েছিল বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, প্রবীণ রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক এমাজউদ্দীন আহমদ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সান্ত্বনা দিতে গুলশান কার্যালয়ে যাওয়ায় তাঁর বিরুদ্ধেও পাঁচটি মামলা দেওয়া হয়েছিল।

প্রকাশিত গ্রন্থ সম্পর্কে রিজভী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শৈশব থেকে শাহাদাত বরণ পর্যন্ত জীবন, কর্ম, শিশু ও তরুণদের সঙ্গে তাঁর সম্পর্ক এবং রাষ্ট্র পরিচালনার বিভিন্ন দিক বইটিতে তুলে ধরা হয়েছে। লেখক অধ্যাপক ড. হীরা সোবাহান পুরোনো পত্রিকার কাটিং, তথ্য ও পরিসংখ্যান সংযুক্ত করে গবেষণাধর্মী কাজটি করেছেন। তিনি আশা প্রকাশ করেন যে, এ বই নতুন প্রজন্মকে ইতিহাস সম্পর্কে জানতে সহায়তা করবে।

প্রকৃতি-প্রত্যয় প্রকাশনার আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুপারনিউমারারি অধ্যাপক ও বৌদ্ধতত্ত্ববিদ সুকোমল বড়ুয়া।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক নিয়াজ আহমেদ চৌধুরী, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক তাহমিনা আখতার এবং কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. হাবীবুর রহমান।

গ্রন্থটির ওপর আলোচনা করেন কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক জি এম শফিউর রহমান। স্বাগত বক্তব্য দেন গ্রন্থটির লেখক অধ্যাপক হীরা সোবাহান।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%