০১:২১ পি.এম
মোস্তাফিজুর রহমান প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিখ্যাত ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে (বিবিএল) অংশগ্রহণ করতে যাচ্ছেন। মেলবোর্ন রেনেগেডস তাকে দলে অন্তর্ভুক্ত করেছে।
৩১ বছর বয়সী এই বাংলাদেশি পেসার ৩৩১টি টি-টোয়েন্টি ম্যাচে অংশগ্রহণ করেছেন এবং শিকার করেছেন ৪২৩ উইকেট। তবে এত দীর্ঘ ক্যারিয়ারে তিনি কখনো বিগ ব্যাশে খেলেননি।
রেনেগেডসের অভিজ্ঞ বাঁহাতি পেসার জেসন বেহরেনডর্ফ কাঁধের চোটের কারণে পুরো মৌসুম থেকে ছিটকে গেছেন। তার পরিবর্তে মোস্তাফিজকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি, যা তাদের বোলিং আক্রমণে বৈচিত্র্য আনতে সাহায্য করবে।
আরও পড়ুন: বার্সেলোনার চ্যাম্পিয়নস লিগে রাফিনিয়ার জোড়া গোলে ৩-০ জয়
আইএলটি-টোয়েন্টিতে খেলার ব্যস্ততার কারণে মোস্তাফিজ রেনেগেডসের প্রথম ম্যাচে পার্থ স্কর্চার্সের বিরুদ্ধে উপস্থিত থাকতে পারবেন না। তবে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) খেলার জন্য তিনি রোমাঞ্চিত।
সূচি অনুযায়ী, রেনেগেডস আগামী ১ জানুয়ারি সিডনি সিক্সার্স এবং ৪ জানুয়ারি মেলবোর্ন স্টার্সের বিরুদ্ধে এমসিজিতে মাঠে নামবে।
ক্লাবের এক বিবৃতিতে মোস্তাফিজ বলেন, ‘মেলবোর্ন রেনেগেডসের হয়ে প্রথমবারের মতো বিগ ব্যাশে খেলার অপেক্ষায় আছি। এমসিজিকে নিজের হোম গ্রাউন্ড হিসেবে পেয়ে সেখানে খেলাটা হবে বিশেষ কিছু। সতীর্থদের সঙ্গে যোগ দিতে এবং নিজের অভিজ্ঞতা দিয়ে দলকে সহায়তা করতে মুখিয়ে আছি।’
দলের নতুন কোচ লুক রনকিও মোস্তাফিজকে পেয়ে উচ্ছ্বসিত। তিনি জনি বেয়ারস্টো ও মাইকেল ব্রেসওয়েলের মতো বিদেশি ক্রিকেটারদের পাশাপাশি মোস্তাফিজকে দলে পাওয়াকে একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে দেখছেন।
আরও পড়ুন: ফুটবলারের মৃত্যু, শাস্তির মুখোমুখি হতে পারে দায়ী গোলরক্ষক
রনকি বলেন, ‘বিশ্বের বিভিন্ন প্রান্তে টি-টোয়েন্টি ক্রিকেটে মোস্তাফিজ নিজেকে একজন প্রমাণিত ম্যাচজয়ী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। পাওয়ারপ্লে এবং ইনিংসের শেষ দিকে; দুই সময়েই উইকেট নেওয়ার সামর্থ্য রয়েছে তার। আমাদের বোলিং আক্রমণে ঠিক এমন একজনকেই প্রয়োজন ছিল।’
এদিকে, মেলবোর্ন স্টার্সের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের ইতি টেনে পাকিস্তানের পেসার হারিস রউফ অ্যাডিলেড স্ট্রাইকার্সে যোগ দিয়েছেন। তার দলবদলের খবরের পরপরই বিগ ব্যাশে মোস্তাফিজের নতুন ঠিকানা নিশ্চিত হলো।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন