ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

ঝিনাইদহ সীমান্তে বিজিবির অভিযানে দালালসহ ৪ জন আটক


ঝিনাইদহ সীমান্তে বিজিবির অভিযানে দালালসহ ৪ জন আটক

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযান পরিচালনা করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চোরাচালানকৃত ২০০ প্যাকেট ভারতীয় কীটনাশক, ৬৫৩ পিস ওষুধ এবং একটি ইজিবাইক জব্দ করেছে। এ অভিযানের সময় এক দালালসহ তিন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে।

আজ শুক্রবার মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২২ অক্টোবর আনুমানিক দুপুর ২টা ২০ মিনিটে মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্থ নতুনপাড়া বিওপির একটি দল সীমান্ত পিলার-৬৬/৭-এস হতে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালায়। নায়েব সুবেদার মোহা. শরীফ উদ্দিনের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে একটি আম বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ২০০ প্যাকেট ভারতীয় অবৈধ কীটনাশক উদ্ধার করা হয়।

আরও পড়ুন: মৌলভীবাজারে তিন বছর ধরে বন্ধ সড়ক পাকাকরণ, কোটি টাকার সেতু কাজে আসছে না

খোসালপুর বিওপির একটি টহলদল যোশপুর গ্রাম থেকে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় তিন বাংলাদেশি নাগরিক ও এক দালালকে আটক করে। আটক দালাল হলেন মহেশপুর থানার বাঘাডাঙ্গা গ্রামের বিল্লাল হোসেন (৩৫)। আটক হওয়া তিন বাংলাদেশি নাগরিকের মধ্যে রয়েছেন কুমিল্লার সায়েদ আলম (২২), সাব্বির হোসাইন (২৩) এবং চাঁদপুরের মো. মাহমুদুল হাসান (২১)। তাদের কাছ থেকে একটি ইজিবাইকও জব্দ করা হয়।

​

এদিকে, আজ ২৩ অক্টোবর ভোরে যাদবপুর বিওপির এলাকা থেকে নায়েব সুবেদার মো. আবু বকরের নেতৃত্বে পরিচালিত অভিযানে বেতবাড়িয়া এলাকার একটি ক্ষেতের পাশ থেকে ৬৫৩ পিস ভারতীয় চোরাচালানি ওষুধ উদ্ধার করে বিজিবি।

৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী এমদাদুর রহমান জানান, আটকদের বিরুদ্ধে আইনিব্যবস্থা গ্রহণ করে উদ্ধারকৃত মালামাল ও ইজিবাইকসহ তাদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন: কালীগঞ্জের ১০ গ্রামের মানুষের পাকা রাস্তার স্বপ্ন অধরাই

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাজেক পর্যটনকেন্দ্র পর্যটকশূন্য, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

০২:৫১ পি.এম


সাজেক পর্যটনকেন্দ্র পর্যটকশূন্য, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক এখন পর্যটকশূন্য অবস্থায় রয়েছে। সড়ক অবরোধের কারণে সংঘর্ষ, গুলিবর্ষণ ও পর্যটকদের আটকে পড়ার ঘটনার ফলে পর্যটন খাতে নেতিবাচক প্রভাব পড়ছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) নিরাপত্তা বাহিনীর সহযোগিতায় প্রায় তিন হাজার পর্যটককে সাজেক থেকে খাগড়াছড়ি সদরে ফিরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে পর্যটনকেন্দ্রটি সম্পূর্ণ পর্যটকশূন্য হয়ে পড়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেখানে পর্যটকদের যাতায়াত বন্ধ থাকায় স্থানীয় পর্যটন ব্যবসা ও পরিবহন খাতে অচলাবস্থা সৃষ্টি হয়েছে।

সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন বিভিন্ন দাবিতে গত ১১ অক্টোবর থেকে সড়ক অবরোধের কর্মসূচি পালন করে আসছে, যার মধ্যে পাহাড়ের সশস্ত্র সদস্যদের সরিয়ে নেওয়ার দাবি রয়েছে। দুর্গাপূজা উপলক্ষে ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত কর্মসূচি স্থগিত রাখা হলেও দাবি পূরণ না হওয়ার অভিযোগে ২২ অক্টোবর থেকে আবারও অবরোধ শুরু হয়।

অবরোধের কারণে সাজেকের সঙ্গে খাগড়াছড়ির দীঘিনালা হয়ে সড়ক যোগাযোগ ব্যাহত হয়েছে। বৃহস্পতিবার পর্যটকদের নিজ গন্তব্যে ফেরাতে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটে। পরে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী পর্যটক ও নিরাপত্তা বাহিনীর ওপর গুলি ছুঁড়লে আত্মরক্ষায় নিরাপত্তা বাহিনীও গুলিবর্ষণ করে।

এদিকে, সংগঠন দুটির ডাকে এখনো সাজেক সড়কে অনির্দিষ্টকালের অবরোধ চলছে। তবে শুক্রবার (২৩ অক্টোবর) সকালে সড়কের কোথাও পিকেটারদের অবস্থান লক্ষ্য করা যায়নি। সড়কে যান চলাচলও বন্ধ রয়েছে।

রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব জানিয়েছেন, ‘আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী সাজেকের বিভিন্ন পয়েন্টে টহল দিচ্ছে। বর্তমানে সাজেকের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

বারবার অবরোধ ও পর্যটন কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার কারণে স্থানীয় ব্যবসায়ী, রিসোর্ট-কটেজ মালিক, জিপচালক ও পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তিরা বিপাকে পড়েছেন। সাজেক রিসোর্ট-কটেজ মালিক সমিতি জানায়, বৃহস্পতিবার ও শুক্রবারের জন্য অনেক প্রতিষ্ঠানে আগাম বুকিং ছিল। কিন্তু পর্যটকদের আগেভাগে ফিরে যেতে হওয়ায় এবং পরবর্তী সময়ের বুকিং বাতিল হওয়ায় ব্যবসায় ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। পর্যটন বন্ধ থাকায় জিপচালকদের আয়ও বন্ধ হয়ে গেছে। পাশাপাশি সড়ক যোগাযোগ ব্যাহত হওয়ায় স্থানীয় বাসিন্দাদের নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনাকাটা ও কৃষিপণ্য বাজারজাত করতেও ভোগান্তিতে পড়তে হচ্ছে।

সাজেক পরিবহন কাউন্টারের ব্যবস্থাপক মো. আরিফ জানিয়েছেন, প্রতিদিন কমপক্ষে ১০০-১৫০ পর্যটকবাহী জিপগাড়ি সাজেকের উদ্দেশে রওয়ানা দিত। তবে পর্যটনের নিষেধাজ্ঞার কারণে বর্তমানে কোনো পর্যটক যেতে পারছেন না।

সাজেক পর্যটন ভ্যালির কুঁড়েঘর রিসোর্টের স্বত্বাধিকারী যতেন ত্রিপুরা জানিয়েছেন, পাহাড়ের তিন জেলাতেই আঞ্চলিক সংগঠনগুলোর মধ্যে সংঘাতের ঘটনা ঘটছে। কিন্তু অন্য কোথাও সড়ক অবরোধের ডাক দেওয়া হয় না। সাজেক পর্যটনকে কেন্দ্র করে সড়ক অবরোধের ডাক দেওয়াকে তিনি পর্যটন খাতের ক্ষতি করার পাঁয়তারা বলে মনে করেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রশাসনকে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

অবরোধ ও পর্যটন বন্ধের ঘোষণায় ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় পর্যটন ব্যবসায়ীরা। সাজেক রিসোর্ট কটেজ মালিক সমিতির সহ-সাধারণ সম্পাদক মতিজয় ত্রিপুরা বলেছেন, ‘অবরোধের কারণে পর্যটকদের সাজেক ছাড়তে হয়েছে। অনেকে রিসোর্টের আগাম বুকিং বাতিল করেছেন। সাজেকে সড়ক অবরোধ হলে শুধু পর্যটক বা ব্যবসায়ীরা নন, স্থানীয় বাসিন্দারাও চরম ভোগান্তিতে পড়েন। খাদ্যসামগ্রী কেনাকাটা ও উৎপাদিত কৃষিপণ্য বাজারে নেওয়া বন্ধ হয়ে যায়।’

এ পরিস্থিতিতে সাজেকের নিরাপত্তা নিশ্চিত করা এবং পর্যটনকেন্দ্র কবে আবার খুলবে, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এরই মধ্যে সাজেকের অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের প্রতিবাদে শনিবার (২৪ অক্টোবর) সকাল ৫টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাঙামাটি ও খাগড়াছড়িতে সড়ক ও নৌপথে আধাবেলা অবরোধের ঘোষণা দিয়েছে ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এসএএফএনের সিনিয়র ফেলো হলেন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

০২:৫২ পি.এম


এসএএফএনের সিনিয়র ফেলো হলেন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী

বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সাউথ এশিয়া ফোরসাইট নেটওয়ার্কের (এসএএফএন) সম্মানসূচক সিনিয়র ফেলো হিসেবে নিযুক্ত হয়েছেন। কূটনীতি, সাংবাদিকতা, জনসেবা ও মানবাধিকার খাতে তাঁর দীর্ঘ অভিজ্ঞতার স্বীকৃতি হিসেবে এই দায়িত্ব প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) প্রতিষ্ঠানটি এক ঘোষণার মাধ্যমে এই তথ্য প্রকাশ করে।

এসএএফএন, যা দ্য মিলেনিয়াম প্রজেক্টের অধীনে পরিচালিত, দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ, ভূরাজনীতি ও নীতিনির্ধারণী বিষয় নিয়ে গবেষণা করে। প্রতিষ্ঠানটি এই বিষয়ে নীতিনির্ধারক ও বিশেষজ্ঞদের অংশগ্রহণে সংলাপের আয়োজন করে।

নতুন দায়িত্ব গ্রহণের পর আনসারী ওয়াশিংটনে এসএএফএনের যোগাযোগ ও অংশগ্রহণ বৃদ্ধির পাশাপাশি বাংলাদেশে প্রতিষ্ঠানটির গবেষণা, সংলাপ ও অন্যান্য উদ্যোগকে এগিয়ে নিতে কাজ করবেন। এসএএফএন মনে করে, তাঁর অভিজ্ঞতা প্রতিষ্ঠানটির কার্যক্রম সম্প্রসারণ এবং ওয়াশিংটনের নীতিনির্ধারকদের সঙ্গে যোগাযোগ জোরদারে সহায়ক হবে।

মুশফিকুল ফজল আনসারী দুই দশকেরও বেশি সময় ধরে জনসেবা, আন্তর্জাতিক সম্পর্ক ও সাংবাদিকতায় কাজ করে আসছেন। বর্তমানে তিনি বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে সিনিয়র সচিবের মর্যাদায় সংযুক্ত রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। একই সময়ে কোস্টারিকা, গুয়াতেমালা, ইকুয়েডর ও হন্ডুরাসেও বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্বে ছিলেন।

কূটনীতিতে যোগ দেওয়ার আগে আনসারী ওয়াশিংটনে মানবাধিকার সংগঠন রাইট টু ফ্রিডমের সহপ্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হিসেবে কাজ করেছেন। তিনি সাউথ এশিয়া পারসপেক্টিভসের নির্বাহী সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এছাড়া হোয়াইট হাউস ও জাতিসংঘে স্থায়ী সংবাদদাতা হিসেবে কাজ করেছেন এবং যুক্তরাষ্ট্রের নীতিনির্ধারণী বিষয় নিয়ে সাংবাদিকতা করেছেন।

এসএএফএনের সিনিয়র ফেলোদের মধ্যে রয়েছেন জাতিসংঘের পরিবেশ কর্মসূচির সাবেক নির্বাহী পরিচালক ও নরওয়ের সাবেক পরিবেশমন্ত্রী এরিক সোলহেইম, থাইল্যান্ডের অর্থনীতিবিদ অধ্যাপক ক্রিয়েংসাক চারোয়েনওংসাক এবং শ্রীলঙ্কার সাবেক বিমানবাহিনী প্রধান গগন বুলাথসিংহলা। দক্ষিণ এশিয়ার নিরাপত্তা, কৌশলগত অধ্যয়ন, জলবায়ু ও আন্তসীমান্ত নদী নিয়ে কাজ করা বিশেষজ্ঞরাও এই নেটওয়ার্কের সঙ্গে যুক্ত।

এসএএফএনের বাংলাদেশ চ্যাপ্টারের পরিচালক মেজর জেনারেল (অব.) এ এন এম মুনীরুজ্জামান। তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের প্রেসিডেন্ট।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এআইয়ের মাধ্যমে নিরাপত্তা ত্রুটি শনাক্ত, বিশ্বজুড়ে বন্ধ বহু ওয়েবসাইট

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

০২:৫২ পি.এম


এআইয়ের মাধ্যমে নিরাপত্তা ত্রুটি শনাক্ত, বিশ্বজুড়ে বন্ধ বহু ওয়েবসাইট

ঢাকা, ২৩ অক্টোবর, ২০২৬ : কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তায় পিএইচপি প্রোগ্রামিং ভাষায় গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর, সাইবার হামলা প্রতিরোধের জন্য বৃহস্পতিবার বিশ্বের বিভিন্ন দেশে সরকার ও প্রতিষ্ঠানগুলো তাদের ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে। তারা সম্ভাব্য হ্যাকিংয়ের ঝুঁকি থেকে নিজেদের রক্ষা করার জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণ করছে।

এ বিষয়ে বার্তা সংস্থা এএফপি’র প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান উইজ রিসার্চের তথ্য অনুযায়ী, বিশ্বের প্রায় ৭০ শতাংশ ওয়েবসাইট পরিচালনার জন্য পিএইচপি ব্যবহার করা হয়। সরকারি সেবা, সংবাদমাধ্যমের ওয়েবসাইট এবং অনলাইন দোকানের মতো বিভিন্ন প্ল্যাটফর্ম এ প্রোগ্রামিং ভাষার ওপর নির্ভরশীল। প্রতিষ্ঠানটি নিরাপত্তা ত্রুটির মধ্যে দুটি গুরুতর দুর্বলতা শনাক্ত করেছে।

১৯৯০-এর দশকের শুরুতে তৈরি পিএইচপি নামের প্রাথমিক অর্থ ছিল ‘পার্সোনাল হোম পেজ’। বর্তমানে এর পূর্ণরূপ ‘হাইপারটেক্সট প্রিপ্রসেসর’। জনপ্রিয় ওয়েবসাইট তৈরির বিভিন্ন প্ল্যাটফর্মের পেছনে এ প্রোগ্রামিং ভাষা কাজ করে।

উইজের একটি ব্লগ পোস্টে উল্লেখ করা হয়েছে, ‘পিএইচপিতে শনাক্ত হওয়া এই ত্রুটিগুলোকে এখন পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে গুরুতর নিরাপত্তা দুর্বলতাগুলোর অন্যতম হিসেবে বিবেচনা করা যায়। এমনকি সফটওয়্যার ইতিহাসের সবচেয়ে গুরুতর ত্রুটিগুলোর মধ্যেও এগুলো স্থান পেতে পারে।’

বর্তমানে আরও শক্তিশালী হয়ে ওঠা এআই মডেলগুলো কম্পিউটার কোডের এমন দুর্বলতা শনাক্ত করতে সক্ষম হচ্ছে, যা বছরের পর বছর মানুষের নজর এড়িয়ে গেছে।

এ পরিস্থিতিতে সাইবার নিরাপত্তা নিয়ে উদ্বেগ বৃদ্ধি পেয়েছে। ২০২৬ সালে বিশ্বজুড়ে শনাক্ত হওয়া সফটওয়্যার নিরাপত্তা ত্রুটির সংখ্যা গত বছরের রেকর্ডের প্রায় দ্বিগুণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

‘ভয়াবহ ক্ষতি’ হতে পারে

পিএইচপি প্রোগ্রামাররা বুধবার নিরাপত্তা ত্রুটি দূর করার জন্য সংশোধিত সংস্করণ প্রকাশ করেছেন। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ) বিভিন্ন প্রতিষ্ঠানকে তাদের ওয়েবসাইটের সফটওয়্যার অবিলম্বে হালনাগাদ করার নির্দেশ দিয়েছে। যদি তা সম্ভব না হয়, তাহলে ঝুঁকিপূর্ণ সিস্টেমগুলো ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন রাখার পরামর্শ দেওয়া হয়েছে। চীন থেকে ইউরোপীয় ইউনিয়ন পর্যন্ত বিভিন্ন কর্তৃপক্ষও একই ধরনের সতর্কতা জারি করেছে।

অ্যামাজন থ্রেট ইন্টেলিজেন্স জানিয়েছে, পিএইচপির নিরাপত্তা ত্রুটিগুলো জনসমক্ষে প্রকাশের আগেই তারা একটি হ্যাকিংয়ের চেষ্টা শনাক্ত করেছিল।

প্রতিষ্ঠানটি বলেছে, হামলাকারী কীভাবে নিরাপত্তা ত্রুটি কাজে লাগানোর তথ্য পেয়েছিল, তা এখনো স্পষ্ট নয়। তারা জানিয়েছে, বেনামি একটি ইন্টারনেট সংযোগ থেকে ‘হানিপট’ লক্ষ্য করে হামলার চেষ্টা চালানো হয়েছিল। হানিপট হলো সাইবার হামলাকারীদের কার্যকলাপ শনাক্ত করার জন্য তৈরি একটি কৃত্রিম লক্ষ্যব্যবস্থা।

তবে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্যালিফের পিএইচপি-সংক্রান্ত গবেষণায় যুক্ত রায়ান অস্টিন বিবিসিকে জানিয়েছেন, ‘এ মুহূর্তে মনে হচ্ছে না যে এই ত্রুটিগুলো কাজে লাগিয়ে হামলা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।’

যেসব ওয়েবসাইট নিজস্ব সার্ভারে পিএইচপি ব্যবহার করে, সেগুলোই মূলত এ ঝুঁকির মুখে রয়েছে। অনেক বড় অনলাইন প্ল্যাটফর্ম অন্য প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে। আবার যেসব প্রতিষ্ঠানের নিজস্ব প্রযুক্তি দল দ্রুত নিরাপত্তা ত্রুটি সংশোধন করতে পেরেছে, সেগুলোর অনেকেই অনলাইন কার্যক্রম চালু রাখতে সক্ষম হয়েছে।

অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলসের সিডনি ক্যাম্পাসের সাইবার নিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক রাহাত মাসুদ এ আবিষ্কারকে ‘অত্যন্ত ভয়াবহ’ বলে বর্ণনা করেছেন।

তিনি এএফপিকে বলেছেন, এ ত্রুটির সুযোগ নিয়ে হামলাকারীরা কোনো অনুমতি, ব্যবহারকারীর নাম বা পাসওয়ার্ড ছাড়াই সার্ভারে প্রবেশ করতে পারে।

তিনি আরও বলেন, ‘সার্ভারে একবার ঢুকতে পারলে তারা নিজেদের ইচ্ছামতো যেকোনো কাজ করতে পারে।’ এর মধ্যে সংবেদনশীল তথ্য চুরি করা কিংবা ওয়েবসাইটের বিষয়বস্তু পরিবর্তন করার মতো কর্মকাণ্ডও রয়েছে।

এ ধরনের ঝুঁকিকে গুরুত্বের সঙ্গে নেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

এআইয়ের সক্ষমতায় ‘নতুন যুগের সূচনা’

অস্ট্রেলিয়া, ফিনল্যান্ড, নেদারল্যান্ডস ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের সরকারি সংস্থার ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। বিমা প্রতিষ্ঠান, পরিবহন সংস্থা ও সংবাদমাধ্যমের বিভিন্ন অনলাইন সেবাও জরুরি রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ রাখা হয়।

জনপ্রিয় কিছু অ্যাপও সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। এর মধ্যে পোকেমনভিত্তিক একটি ঘুম পর্যবেক্ষণকারী অ্যাপ রয়েছে। নিরাপত্তা ত্রুটি সংশোধনের কাজ চলাকালে উইকিপিডিয়া পরিচালনাকারী ফাউন্ডেশনও ব্যবহারকারীদের সম্ভাব্য সেবাবিঘ্নের বিষয়ে সতর্ক করেছে।

পিএইচপি ভাষার উন্নয়নে অর্থায়নকারী পিএইচপি ফাউন্ডেশন তাদের ব্লগ পোস্টে বলেছে, ‘আপনি যদি পিএইচপি ব্যবহার করেন, তাহলে এখনই সফটওয়্যার হালনাগাদ করা অত্যন্ত জরুরি।’

ফাউন্ডেশনের নিরাপত্তা প্রকৌশলী ভলকার ডুশ ওয়াল স্ট্রিট জার্নালকে জানিয়েছেন, এক দশকেরও বেশি সময়ের মধ্যে পিএইচপি সবচেয়ে গুরুতর নিরাপত্তা সমস্যার মুখে পড়েছে।

তিনি ২০১৪ সালে শনাক্ত হওয়া ‘হার্টব্লিড’ নামের নিরাপত্তা ত্রুটির সঙ্গে এর তুলনা করেছেন। ওই ত্রুটি শনাক্ত হওয়ার পর বিশ্বজুড়ে সফটওয়্যার হালনাগাদের ব্যাপক তৎপরতা শুরু হয়েছিল।

সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্যালিফ গত আগস্টে ওপেনএআইয়ের জিপিটি-৫.৬ সল মডেল ব্যবহার করে পিএইচপির কোড নিরীক্ষার সময় ত্রুটিগুলো শনাক্ত করে। ওপেনএআইয়ের অর্থায়নে পরিচালিত নিরাপত্তা নিরীক্ষার অংশ হিসেবে এ কাজ করা হয়।

ওপেনএআই বলেছে, ‘এই আবিষ্কার এমন এক নতুন পর্যায়ের সূচনা করছে, যেখানে এআই ইন্টারনেটের বিশাল পরিসরে প্রভাব ফেলতে পারে—এমন নিরাপত্তা ত্রুটি শনাক্ত করতে সক্ষম।’

গুগলের মালিকানাধীন উইজ জানিয়েছে, কয়েক সপ্তাহ পর তাদের পক্ষ থেকেও স্বাধীনভাবে একই ত্রুটি শনাক্ত করা হয়েছে। এ কাজে গুগলের জেমিনি ৪ আর্গন এবং জিপিটি-৫.৬ সলসহ একাধিক এআই মডেলের সহায়তা নেওয়া হয়েছিল।

সংশোধিত সংস্করণ তৈরির জন্য ত্রুটিগুলোর বিষয়ে আগেই গোপনে পিএইচপির উন্নয়নকারীদের জানানো হয়েছিল। নিরাপত্তা হালনাগাদ প্রস্তুত না হওয়া পর্যন্ত তথ্যগুলো গোপন রাখা হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের জন্য দল ঘোষণা করলো বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

০২:৫৩ পি.এম


ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের জন্য দল ঘোষণা করলো বাংলাদেশ

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচের জন্য দল ঘোষণা করেছে। দলে ফিরেছেন পেসার তাসকিন আহমেদ। ইনজুরি কাটিয়ে ফেরা লিটন দাসও জায়গা পেয়েছেন। তবে সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষে টেস্ট স্কোয়াডে থাকা সৌম্য সরকার ও সৈয়দ খালেদ আহমেদ বাদ পড়েছেন।

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে বাংলাদেশ সফরে এসে ওয়েস্ট ইন্ডিজ দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে। বর্তমানে ক্যারিবীয়রা বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে অংশ নিচ্ছে। সিরিজের প্রথম টেস্ট আগামী ২৮ অক্টোবর মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে। ম্যাচটি সকাল সাড়ে ৯টায় শুরু হবে।

ঢাকা টেস্টের দলে উইকেটরক্ষক ব্যাটার জাকের আলি অনিক অন্তর্ভুক্ত রয়েছেন। পেস আক্রমণে তাসকিনের সঙ্গে রয়েছেন হাসান মাহমুদ, এবাদত হোসেন ও শরিফুল ইসলাম। স্পিন বিভাগে নাঈম হাসান, তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ রয়েছেন।

লিটন দাস সর্বশেষ ত্রিদেশীয় সিরিজে ইনজুরির কারণে দল থেকে বাদ পড়েছিলেন। তার অনুপস্থিতিতে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন তাওহীদ হৃদয়। এখন টেস্ট দলে ফিরে আসছেন লিটন।

সাম্প্রতিক সময়ে জিম্বাবুয়ে ও আফগানিস্তানের কাছে হতাশাজনক হারের অভিজ্ঞতা পেছনে ফেলে বাংলাদেশের লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘুরে দাঁড়ানো। ঘরের মাঠে টেস্ট সিরিজে ভালো পারফরম্যান্সের মাধ্যমে আত্মবিশ্বাস ফিরে পেতে চাইবে টাইগাররা।

ঢাকায় প্রথম টেস্ট শেষ হওয়ার পর দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে সিলেটে যাবে দুই দল। সিরিজের দ্বিতীয় টেস্ট আগামী ৫ থেকে ৯ নভেম্বর অনুষ্ঠিত হবে।

ঢাকা টেস্টে বাংলাদেশের স্কোয়াড

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মো. সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী ও শরিফুল ইসলাম।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%