প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সাউথ এশিয়া ফোরসাইট নেটওয়ার্কের (এসএএফএন) সম্মানসূচক সিনিয়র ফেলো হিসেবে নিযুক্ত হয়েছেন। কূটনীতি, সাংবাদিকতা, জনসেবা ও মানবাধিকার খাতে তাঁর দীর্ঘ অভিজ্ঞতার স্বীকৃতি হিসেবে এই দায়িত্ব প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) প্রতিষ্ঠানটি এক ঘোষণার মাধ্যমে এই তথ্য প্রকাশ করে।
এসএএফএন, যা দ্য মিলেনিয়াম প্রজেক্টের অধীনে পরিচালিত, দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ, ভূরাজনীতি ও নীতিনির্ধারণী বিষয় নিয়ে গবেষণা করে। প্রতিষ্ঠানটি এই বিষয়ে নীতিনির্ধারক ও বিশেষজ্ঞদের অংশগ্রহণে সংলাপের আয়োজন করে।
নতুন দায়িত্ব গ্রহণের পর আনসারী ওয়াশিংটনে এসএএফএনের যোগাযোগ ও অংশগ্রহণ বৃদ্ধির পাশাপাশি বাংলাদেশে প্রতিষ্ঠানটির গবেষণা, সংলাপ ও অন্যান্য উদ্যোগকে এগিয়ে নিতে কাজ করবেন। এসএএফএন মনে করে, তাঁর অভিজ্ঞতা প্রতিষ্ঠানটির কার্যক্রম সম্প্রসারণ এবং ওয়াশিংটনের নীতিনির্ধারকদের সঙ্গে যোগাযোগ জোরদারে সহায়ক হবে।
মুশফিকুল ফজল আনসারী দুই দশকেরও বেশি সময় ধরে জনসেবা, আন্তর্জাতিক সম্পর্ক ও সাংবাদিকতায় কাজ করে আসছেন। বর্তমানে তিনি বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে সিনিয়র সচিবের মর্যাদায় সংযুক্ত রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। একই সময়ে কোস্টারিকা, গুয়াতেমালা, ইকুয়েডর ও হন্ডুরাসেও বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্বে ছিলেন।
কূটনীতিতে যোগ দেওয়ার আগে আনসারী ওয়াশিংটনে মানবাধিকার সংগঠন রাইট টু ফ্রিডমের সহপ্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হিসেবে কাজ করেছেন। তিনি সাউথ এশিয়া পারসপেক্টিভসের নির্বাহী সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এছাড়া হোয়াইট হাউস ও জাতিসংঘে স্থায়ী সংবাদদাতা হিসেবে কাজ করেছেন এবং যুক্তরাষ্ট্রের নীতিনির্ধারণী বিষয় নিয়ে সাংবাদিকতা করেছেন।
এসএএফএনের সিনিয়র ফেলোদের মধ্যে রয়েছেন জাতিসংঘের পরিবেশ কর্মসূচির সাবেক নির্বাহী পরিচালক ও নরওয়ের সাবেক পরিবেশমন্ত্রী এরিক সোলহেইম, থাইল্যান্ডের অর্থনীতিবিদ অধ্যাপক ক্রিয়েংসাক চারোয়েনওংসাক এবং শ্রীলঙ্কার সাবেক বিমানবাহিনী প্রধান গগন বুলাথসিংহলা। দক্ষিণ এশিয়ার নিরাপত্তা, কৌশলগত অধ্যয়ন, জলবায়ু ও আন্তসীমান্ত নদী নিয়ে কাজ করা বিশেষজ্ঞরাও এই নেটওয়ার্কের সঙ্গে যুক্ত।
এসএএফএনের বাংলাদেশ চ্যাপ্টারের পরিচালক মেজর জেনারেল (অব.) এ এন এম মুনীরুজ্জামান। তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের প্রেসিডেন্ট।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন