প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বেলারুশের টেনিস তারকা আরিনা সাবালেঙ্কা কোর্টে তার উত্তেজিত আচরণ ও গালাগালির জন্য দুঃখ প্রকাশ করেছেন। ডব্লিউটিএ ফাইনালসে ইউক্রেনের এলিনা সিতোলিনার কাছে পরাজিত হওয়ার পর তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের আচরণের ব্যাখ্যা প্রদান করেন। সাবালেঙ্কার দাবি, তিনি প্রতিপক্ষ সিতোলিনাকে লক্ষ্য করে কিছু বলেননি, বরং গ্যালারিতে উপস্থিত কয়েকজন দর্শকের আচরণে ক্ষুব্ধ হয়ে এমন প্রতিক্রিয়া দেখিয়েছেন।
শুক্রবার ইন্ডিয়ান ওয়েলসে মৌসুমের শেষ এই প্রতিযোগিতার ম্যাচে সিতোলিনার কাছে ৬-৩, ৩-৬, ৬-১ গেমে হেরে যান সাবালেঙ্কা। ম্যাচ চলাকালে তার উত্তেজিত প্রতিক্রিয়া ও গালাগালির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি নিয়ে অনেকে ধারণা করেন যে, সাবালেঙ্কার মন্তব্য সিতোলিনা কিংবা ইউক্রেনীয়দের উদ্দেশ্যে ছিল। তবে শনিবার ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে সাবালেঙ্কা সেই ধারণা অস্বীকার করেন।
সাবালেঙ্কা লেখেন, “আমার মন্তব্য এলিনাকে উদ্দেশ্য করে ছিল না। কয়েকজন দর্শক আমার ভুলে আক্রমণাত্মকভাবে উল্লাস করছিলেন। এতে আমি হতাশ হয়ে মুহূর্তের আবেগে প্রতিক্রিয়া দেখিয়েছি।”
তিনি তার আচরণের জন্য ক্ষমা চেয়ে বলেন, “আমার হতাশা প্রকাশের ধরনটি আরও ভালো হওয়া উচিত ছিল। যাঁদের মনে আঘাত দিয়েছি, তাঁদের কাছে আমি দুঃখিত। এলিনা দারুণ খেলেছে। টুর্নামেন্টের বাকি সময়ের জন্য তাকে শুভকামনা জানাই।”
ম্যাচ শেষে সাবালেঙ্কা সিতোলিনার সঙ্গে করমর্দন করেননি। তবে এর পেছনে দুই খেলোয়াড়ের ব্যক্তিগত বিরোধের চেয়ে রাজনৈতিক বাস্তবতা বেশি গুরুত্বপূর্ণ। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে ইউক্রেনের খেলোয়াড়েরা রাশিয়া ও বেলারুশের খেলোয়াড়দের সঙ্গে ম্যাচ শেষে করমর্দন না করার সিদ্ধান্ত নিয়েছেন। বেলারুশ রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র এবং ইউক্রেনে অভিযানের সময় দেশটি রুশ বাহিনীকে ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিয়েছিল।
সাবালেঙ্কার পোস্ট সম্পর্কে জানতে চাইলে সিতোলিনা বলেন, ম্যাচে অনেক ইউক্রেনীয় সমর্থক উপস্থিত ছিলেন এবং তারা স্বাভাবিকভাবেই তাকে সমর্থন করেছেন। তিনি জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে যুদ্ধ নিয়ে কখনো কখনো তার বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করা হয়।
সিতোলিনা বলেন, “আমি আশা করি, আমাদের মধ্যকার ম্যাচগুলোতে পারস্পরিক সম্মান বজায় থাকবে। আমার সমর্থক আছে, আরিনারও সমর্থক আছে। প্রত্যেকেরই উচিত একে অপরকে সম্মান করা।”
সাবালেঙ্কাকে হারিয়ে সিতোলিনা শনিবার সেমিফাইনালে লিন্ডা নোসকোভাকে ৬-২, ৬-১ গেমে পরাজিত করেন। ফলে রোববারের ফাইনালে তার প্রতিপক্ষ রাশিয়ার তরুণ খেলোয়াড় মিরা আন্দ্রিভা। ১ কোটি ডলার প্রাইজমানির এই প্রতিযোগিতার ফাইনাল দিয়ে শেষ হবে ২০২৬ সালের ডব্লিউটিএ মৌসুম।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন