মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং
১১:৫২ এম
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা দেশে ফিরে আসার জন্য রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজের আবেদন করেছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তিনি আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে ভারত থেকে ঢাকায় ফিরতে চান।
শেখ হাসিনা কেন রাষ্ট্রীয় বিমান চাইলেন, এ বিষয়ে তার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী মঙ্গলবার (২৪ নভেম্বর) রয়টার্সকে একটি বিবৃতিতে ব্যাখ্যা প্রদান করেছেন।
সৈয়দ মোজাম্মেল আলী জানান, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশি উড়োজাহাজে শেখ হাসিনাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল। এখন দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্যও তিনি সরকারের কাছে বিমান পরিবহণের ব্যবস্থা চেয়েছেন।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এটি প্রথমবারের মতো শেখ হাসিনা দেশে ফেরার জন্য নির্দিষ্ট তারিখ ঘোষণা করেছেন। তার এই ঘোষণার ফলে বাংলাদেশের রাজনৈতিক ও আইনি পরিস্থিতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। কারণ, তার দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে এবং দেশে তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়াও চলছে।
এদিকে, চলতি মাসের শুরুতে শেখ হাসিনা নতুন পাসপোর্টসহ প্রয়োজনীয় কাগজপত্রের জন্য আবেদন করেছেন। পাসপোর্টের পাশাপাশি দেশে ফেরার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজের ব্যবস্থা করারও তিনি আবেদন জানিয়েছেন।
শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলীর দাবি, সংবিধানবহির্ভূত পরিস্থিতিতে শেখ হাসিনাকে দেশত্যাগে বাধ্য করা হয়েছিল। তাই বিজয় দিবসে তাকে বাংলাদেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা সরকারের দায়িত্ব।
হাসিনার ১৬ ডিসেম্বর ফেরার বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, বাংলাদেশে আসতে হলে তাকে হাতকড়া পরে বন্দি হিসেবেই আসতে হবে। তিনি বলেন, "মনের জ্বালায় টাকা দিয়ে অনেকেই খবর করাতে পারে।" এ ধরনের পরিস্থিতিতে সংবিধানবহির্ভূতভাবে তাকে নির্বাসিত করা হয়েছে। তাই ১৬ ডিসেম্বর বিজয় দিবসে তার বাংলাদেশে প্রত্যাবর্তন নিশ্চিত করা এখন সরকারের দায়িত্ব।
গত রোববার বাংলাদেশের এক মন্ত্রী রয়টার্সকে জানিয়েছেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হবে। তাকে দেশে ফিরিয়ে আনতে ভারত সরকারের সঙ্গে উড়োজাহাজ পাঠানোর বিষয়ে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
গাজীপুরের টঙ্গীতে অবস্থিত একটি তুলার গুদামে আগুনের ঘটনা ঘটেছে, যা দেড় ঘণ্টা পর নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে ফায়ার সার্ভিস টিমের মাধ্যমে। টঙ্গী ফায়ার সার্ভিস, উত্তরা এবং গাজীপুর মডার্ন ফায়ার সার্ভিসের মোট ৮টি ইউনিট দুপুর ১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে সক্ষম হয়। তবে, ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি।
শনিবার দুপুর ১২টার দিকে টঙ্গীর স্টেশন রোডের মিলগেট এলাকায় একটি বড় তুলার গুদামে আগুন লাগার ঘটনা ঘটে। এ সময় আগুন আশপাশের আরও ৭টি গুদামে ছড়িয়ে পড়ে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ পরিচালক মোহাম্মদ মামুন এ বিষয়ে জানিয়েছেন, “শনিবার দুপুর ১২টার দিকে টঙ্গীর স্টেশন রোডের মিলগেট এলাকায় তুলার গুদামে আগুনের সূত্রপাত ঘটে। স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নাম্বারে কল করেন। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের ভয়াবহতা বৃদ্ধি পাওয়ায় উত্তরা ও গাজীপুর মডার্ন ফায়ার সার্ভিসের আরও ৪টি ইউনিট সেখানে যোগ দেয়।”
তিনি আরও জানান, “পরে তাদের প্রচেষ্টায় দেড় ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণ করা হয়। এ ঘটনায় আশপাশের ৭টি গোডাউন পুড়ে গেছে।”
ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট এ কাজে অংশগ্রহণ করেছে। দুর্ঘটনাস্থলে পানি সংকট ছিল। এ ঘটনায় এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস মিডিয়া সেলের ওয়্যারহাউজ ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানা যাবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
কিশোরগঞ্জের হোসেনপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা স্বেচ্ছাসেবক দল একটি বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করে। শনিবার (৮ নভেম্বর) দুপুরে হোসেনপুর সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে র্যালিটি শুরু হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। র্যালির পর সেখানে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১(কিশোরগঞ্জ-হোসেনপুর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, সংবিধান বিশেষজ্ঞ এবং জেলা বিএনপির সদস্য ব্যারিস্টার এম. আতিকুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু নাসের সুমন, সদস্য আজমল হক বাচ্চু এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শওকত হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন সদস্য সচিব আল আমিন ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক সারোয়ার উদ্দিন খান তসলিম, মো. সুজন মিয়া এবং পৌর ছাত্রদলের সভাপতি রাজিব মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, "বিপ্লব ও সংহতি দিবস শুধু বিএনপির নয়, এটি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের এক ঐতিহাসিক দিন।"
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
টাঙ্গাইল জেলা ও দায়রা জজ আদালত চত্বরে বিচার প্রার্থীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (০৮ নভেম্বর) সকালে, টাঙ্গাইল জেলা ও দায়রা জজ কোর্ট প্রাঙ্গণে ন্যায়কুঞ্জের ফলক উন্মোচন ও ফিতা কেটে শুভ উদ্বোধন করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী।
এই ন্যায়কুঞ্জে রয়েছে মিনি কনফেকশনারি, পুরুষ ও নারীদের জন্য পৃথক টয়লেট, মাতৃদুগ্ধ পান কেন্দ্র, ক্যান্টিন এবং বিশ্রামের জন্য পর্যাপ্ত আসনের ব্যবস্থা।
এ সময় বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ন্যায়কুঞ্জকে রক্ষণাবেক্ষণ ও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়ে বলেন, "আদালতে আগত বিচারপ্রার্থীদের মধ্যে নারী বিচার প্রার্থীদের যেন বিশ্রামাগারে অগ্রাধিকার ভিত্তিতে সুযোগ দেওয়া হয়। আদালতে এসে অনেকে টয়লেট ও ওয়াশরুম ব্যবহারের প্রয়োজন পড়ে। অনেকে বিড়ম্বনায় পড়েন। আশা করি এর মাধ্যমে সেই কষ্ট লাঘব হবে। যে উদ্দেশ্য নিয়ে ন্যায়কুঞ্জ নির্মাণ করা হলো সবার সহযোগিতায় আশা করি সেটি সফল হবে।"
উদ্বোধনকালে টাঙ্গাইল জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মো. কাওসার আহমেদ, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান, জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. জহুর আজহার খান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রতন, জেলা জজ কোর্টের পিপি শফিকুল ইসলাম রিপনসহ আদালতের বিচারক ও আইনজীবীরা উপস্থিত ছিলেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
গাজীপুরের কাপাসিয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জিপিএ-৫ প্রাপ্ত এইচএসসি ও আলিম শিক্ষার্থীদের জন্য সংবর্ধনা, পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয়েছে। এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত নেতা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আ স ম হান্নান শাহ্ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে। ৮ নভেম্বর শনিবার অনুষ্ঠিত হয় এই সংবর্ধনা।
উপজেলা সদরে অবস্থিত মডিউল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এই অনুষ্ঠানটির প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিচার বিভাগ সংস্কার কমিশনের চেয়ারম্যান, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের প্রাক্তন বিচারপতি ও হান্নান শাহ্ স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি শাহ্ আবু নাঈম মমিনুর রহমান। তিনি অনুষ্ঠানে বলেন, 'মেধাবী নয় পরিশ্রমিরাই সফল হয়' এই প্রতিপাদ্য বিষয়কে গুরুত্ব দিয়ে তরুণ মেধার স্বীকৃতি স্বরূপ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক শাহ্ রিয়াজুল হান্নান সভাপতিত্ব করেন এই অনুষ্ঠানে। অনুষ্ঠানের পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা, বাংলাদেশ হেফাজতে ইসলামের নায়েবে আমির ও শহীদ তাজউদ্দীন আহমদ সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান চৌধুরী, সিলেট শাহ্জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর একেএম মাজহারুল ইসলাম, ময়মনসিংহ শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক সৈয়দ আক্তারুজ্জামান ফরিদ, শিক্ষানুরাগী অ্যাডভোকেট শাহ্ বখতিয়ার, কাপাসিয়া উপজেলা বিএনপির সিনিয়র নেতা ফ ম মমতাজ উদ্দিন রেনু, শহীদ তাজউদ্দীন আহমদ সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ আফলাতুন, প্রাক্তন পরীক্ষা নিয়ন্ত্রক হোসাইন মোহাম্মদ ফারুক, সিঙ্গুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান এবং বর্ণমালার শিক্ষার্থী নওশিন রায়হান।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন খোরশেদ সরকার। প্রধান অতিথি বিচারপতি শাহ্ আবু নাঈম মমিনুর রহমান কৃতি শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, পরবর্তীতে মেধাকে কাজে লাগিয়ে দেশ, জাতী ও সমাজের দায়িত্ব পালন করতে হবে। তিনি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পরবর্তী জীবনে উন্নতি করতে হলে উচ্চ শিক্ষার চেয়ে কারিগরি শিক্ষাকে গুরুত্ব দেয়ার আহ্বান জানান। তিনি বলেন, এই ফাউন্ডেশন মেধাবী শিক্ষার্থীদের যথাযথ মূল্যায়ন করে থাকে এবং উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে মূর্খতার পরিচয় না দেয়ার তাগাদা দেন।
হান্নান শাহ্ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে এবছর এইচএসসির জিপিএ-৫ প্রাপ্ত ৩০ জন, আলিম শিক্ষার্থী ১০ জন এবং কারিগরি শিক্ষার্থী ২ জনসহ মোট ৪২ জন কৃতি শিক্ষার্থীদের নগদ অর্থ ও সনদপত্র বিতরণ করা হয়। এর আগে এসএসসি ও দাখিল কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, অভিভাবক, শিক্ষার্থী ও বিএনপি দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ