প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার এনায়েতপুরে দুর্বৃত্তদের হাতে আশরাফ আলী (৫৮) নামে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে এনায়েতপুরের খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। নিহত আশরাফ আলী দৌলতপুর আঞ্চলিক ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এবং গোপরেখী ধরপাড়ার সোহরাব আলী ব্যাপারীর পুত্র ছিলেন।
নিহতের ছোট ভাই রেজাউল জানান, বুধবার রাত ১০টার দিকে আশরাফ আলী গোপরেখী ফুটানি মার্কেটে ইয়ামিনের চায়ের দোকানে বসে ছিলেন। সেই সময় ১০-১৫টি মোটরসাইকেলে স্থানীয় বিএনপি নেতা রইজ ব্যাপারী, এনায়েতপুর থানা ছাত্রদলের সভাপতি সোহাগ শিকদার, আলামিন শিকদার, হজরত আলীর নেতৃত্বে ২০/৩০ জন দলীয় নেতাকর্মী সেখানে উপস্থিত হয়। এরপর তারা কোনো কারণ ছাড়াই আশরাফ আলীকে মারধর ও ছুরিকাঘাত করে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে তার মৃত্যু ঘটে।
এ বিষয়ে এনায়েতপুর থানা ছাত্রদলের সভাপতি সোহাগ সিকদারসহ অন্যান্যদের ব্যবহৃত মোবাইলে কল করা হলেও তা বন্ধ পাওয়া যায়, ফলে তাদের বক্তব্য জানা যায়নি।
এ বিষয়ে এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। স্বজনরা মামলার প্রস্তুতি নিচ্ছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন