সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং
০১:৩৩ পি.এম
ভারতের পশ্চিমবঙ্গের সোনারপুরে মায়ের হত্যা মামলার এক গুরুত্বপূর্ণ সাক্ষী নবম শ্রেণির ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু ঘটেছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় মাতামহের বাড়ি থেকে সায়নী শিকারি নামের ওই কিশোরীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। তার বাবা সমীর শিকারি মাকে হত্যার মামলার প্রধান আসামি হিসেবে পরিচিত। সম্প্রতি প্রায় তিন বছর কারাবন্দি থাকার পর তিনি জামিনে মুক্তি পান।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া ও দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২৩ সালের অক্টোবরে সায়নীর মা মালা শিকারি খুন হন। এ ঘটনার পর পুলিশ সমীরকে গ্রেপ্তার করে। সায়নী মায়ের মৃত্যুর পর থেকে মাতামহ-মাতামহীর কাছে বসবাস করছিল। তার বাবার বিরুদ্ধে মামলায় সে গুরুত্বপূর্ণ সাক্ষী ছিল এবং তার জবানবন্দি বাবাকে গ্রেপ্তারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল বলে পুলিশ সূত্রের বরাত দিয়ে দ্য টেলিগ্রাফ জানিয়েছে।
পরিবারের সদস্যদের অভিযোগ, জামিনে মুক্তি পাওয়ার পর সমীর মেয়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করতে শুরু করেন। এ বিষয়ে উদ্বিগ্ন হয়ে স্বজনেরা পুলিশকে বিষয়টি জানান। তাদের দাবি, পুলিশ সায়নীর সিম কার্ড ও মোবাইল নম্বর পরিবর্তনের পরামর্শ দিয়েছিল। পরিবার সেই পরামর্শ মেনে নিলেও সমীর নতুন নম্বরটি জানার অভিযোগ উঠেছে।
দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে আরও বলা হয়েছে, সায়নীর মাতৃকূলের স্বজনদের অভিযোগ, তার বাবা তাকে ভয়ভীতি দেখাতেন এবং মায়ের হত্যা মামলায় দেওয়া সাক্ষ্য পরিবর্তন করার জন্য চাপ দিতে পারেন। তবে এ বিষয়ে বাবার বিরুদ্ধে আনুষ্ঠানিক লিখিত অভিযোগ করা হয়েছে কি না, তা নিশ্চিত নয়। পুলিশ এই মৃত্যুর সঙ্গে আগের হত্যা মামলার কোনো যোগসূত্র আছে কি না, তা এখনও জানাতে পারেনি।
শনিবার বিকেলে সায়নী বাড়িতে একা ছিল। সন্ধ্যায় পরিবারের সদস্যরা ফিরে এসে ঘরের ভেতর তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন এখনও অপেক্ষমাণ রয়েছে।
তদন্তের অংশ হিসেবে সায়নীর মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ। মৃত্যুর আগে কারও সঙ্গে তার যোগাযোগ হয়েছিল কি না, তা জানতে ফোনের কল রেকর্ড ও বার্তা পরীক্ষা করা হচ্ছে। দ্য টেলিগ্রাফ জানিয়েছে, ফোনটি লক করা থাকায় এর তথ্য উদ্ধারে ফরেনসিক পরীক্ষার উদ্যোগ নেওয়া হচ্ছে।
সায়নীর মৃত্যুর কারণ এবং এর পেছনে কোনো ব্যক্তির ভূমিকা রয়েছে কি না, তা এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ। সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া, দ্য টেলিগ্রাফ
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৬ : জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের বিষয়ে মতবিরোধের কারণে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১ কোনো ঐকমত্য ছাড়াই শেষ হয়েছে।
সম্মেলনটি নির্ধারিত সময়ের চেয়ে দুই দিন বেশি আলোচনা চলার পর রোববার বিশৃঙ্খল পরিস্থিতিতে শেষ হয়। জলবায়ু আন্দোলনকর্মীরা সোমবার এ ঘটনায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন।
এবারের সম্মেলনের ব্যর্থতা আন্তর্জাতিক কূটনীতির সীমাবদ্ধতা আরও স্পষ্ট করে দিয়েছে, যা ক্রমেই বিভক্ত হয়ে পড়া বিশ্বকে প্রতিফলিত করে।
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সম্মেলনে জোরালো বক্তব্যে দেশগুলোকে জীবাশ্ম জ্বালানিকে ‘ডাইনোসরের যুগে পাঠিয়ে দেওয়ার’ আহ্বান জানান। কিন্তু কোনো চুক্তি না হওয়ায় তিনি গভীর হতাশা প্রকাশ করেন।
বিদায়ী জাতিসংঘ মহাসচিব এক বিবৃতিতে বলেন, ‘জলবায়ু সংকট মোকাবিলায় সরকারগুলো যে দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে সবাই আশা করেছিল, তা না হওয়ায় তাদের গভীর হতাশার সঙ্গে আমিও একমত।’
প্রায় ২০০টি দেশের মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠার চেষ্টা করেও কপ৩১ সম্মেলনের আলোচনা-সমন্বয়ক ক্রিস বোয়েন ব্যর্থ হন। তিনি স্বীকার করেন, বিভিন্ন দেশের অবস্থান ও শর্ত ছিল, যার মধ্যে সমঝোতার কোনো সুযোগ ছিল না।
অস্ট্রেলিয়ার জলবায়ুমন্ত্রী বোয়েন সাংবাদিকদের বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে আমরা সম্মেলনের চূড়ান্ত ঘোষণাপত্র নিয়ে কোনো ঐকমত্যে পৌঁছাতে পারিনি। এটি হতাশাজনক। সত্যিই অত্যন্ত হতাশাজনক।’
সম্মেলন শেষ হওয়ার নির্ধারিত সময়ের ৪৯ ঘণ্টারও বেশি সময় পর কপ৩১-এর সভাপতি ও তুরস্কের পরিবেশমন্ত্রী মুরাত কুরুম হাতুড়ি ঠুকে দীর্ঘ আলোচনার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন।
সংস্কারের দাবি জোরালো
বোয়েন বলেন, ‘আমাদের জীবদ্দশায় দেখা সবচেয়ে জটিল ও উত্তেজনাপূর্ণ ভূরাজনৈতিক পরিস্থিতির মধ্যে’ এবারের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জ্বালানির মূল্যবৃদ্ধি এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব বিভিন্ন দেশের মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠার প্রচেষ্টাকে আরও কঠিন করে তুলেছে।
সম্মেলনের সহ-আয়োজক অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজও আলোচনা ব্যর্থতার জন্য ‘কঠিন ভূরাজনৈতিক পরিস্থিতিকে’ দায়ী করেছেন।
ইউরোপ থেকে নেপাল পর্যন্ত জলবায়ু পরিবর্তনজনিত একের পর এক দুর্যোগের মধ্যে সম্মেলন থেকে উল্লেখযোগ্য অগ্রগতি দেখানোর চাপ ছিল। এ পরিস্থিতিতে বোয়েন এমন একটি সামগ্রিক চূড়ান্ত ঘোষণাপত্র তৈরির চেষ্টা করেছিলেন, যার মাধ্যমে জলবায়ু সংকট মোকাবিলায় দেশগুলোর ঐক্য ধরে রাখার বিষয়টি প্রমাণ করা যায়।
কিন্তু জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের সময়সীমা নিয়ে পুরোনো মতবিরোধ আবারও সামনে আসায় তাঁর উদ্যোগ ভেস্তে যায়। কয়লা, তেল ও গ্যাসের ব্যবহার থেকে সরে আসার গতি নিয়ে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও সৌদি আরবের মধ্যে তীব্র মতবিরোধ দেখা দেয়।
তেল উৎপাদনকারী দেশগুলো চূড়ান্ত চুক্তিতে জীবাশ্ম জ্বালানির ব্যবহার পর্যায়ক্রমে বন্ধ করার বিষয়টি উল্লেখ করতে বাধা দিলে আলোচনা কার্যত থমকে যায়।
ইইউর আবর্তনশীল সভাপতিত্বের দায়িত্বে থাকা আয়ারল্যান্ডের জলবায়ুমন্ত্রী ডারা ও’ব্রায়েন বলেন, ‘আমরা এমন কোনো চূড়ান্ত ঘোষণাপত্র সমর্থন করব না, যেখানে জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ জীবাশ্ম জ্বালানির কথাই উল্লেখ থাকবে না।’
তিনি আরও বলেন, ‘জীবাশ্ম জ্বালানির ব্যবহারকে পরিবেশবান্ধব হিসেবে তুলে ধরার প্রচেষ্টাকেও আমরা মেনে নেব না।’
পানামা, ভানুয়াতু ও মার্শাল দ্বীপপুঞ্জও প্রস্তাবিত চুক্তির বিরোধিতা করে। শেষ পর্যন্ত চুক্তির উদ্যোগ ভেস্তে যাওয়ায় কপ৩১ ইতিহাসের দীর্ঘতম জলবায়ু সম্মেলনে পরিণত হয়।
যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট ও জলবায়ু আন্দোলনের অন্যতম পরিচিত মুখ আল গোর বলেন, ‘মুষ্টিমেয় কয়েকটি তেলসমৃদ্ধ দেশের জীবাশ্ম জ্বালানির প্রসঙ্গ উল্লেখ করার ক্ষেত্রেও ভেটো দেওয়ার ক্ষমতা থাকা অত্যন্ত আপত্তিকর।’
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি আরও বলেন, অধিকাংশ দেশ আন্তরিকভাবে এগিয়ে যেতে চাইলেও কপ সম্মেলনের পুরো প্রক্রিয়ায় বড় ধরনের সংস্কার প্রয়োজন।
প্রত্যাশা পূরণে ব্যর্থ সম্মেলন
সম্মেলনের ব্যর্থতা ২০০৯ সালের কোপেনহেগেন জলবায়ু সম্মেলনের ব্যর্থতার স্মৃতি ফিরিয়ে এনেছে। একই সঙ্গে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আন্তর্জাতিক কূটনৈতিক উদ্যোগের কার্যকারিতা নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে।
জাতিসংঘের জলবায়ুবিষয়ক প্রধান সাইমন স্টিয়েল বলেন, ‘আজকের সম্মেলন প্রত্যাশা পূরণে অবশ্যই ব্যর্থ হয়েছে।’
তিনি সতর্ক করে বলেন, ‘বিশ্ব আরেকটি এমন ব্যর্থতার পুনরাবৃত্তি সহ্য করতে পারবে না।’
সম্মেলনের ধীরগতির ও অকার্যকর আলোচনায় হতাশ হয়ে কয়েকটি দেশ এখন কপ সম্মেলনের বাইরে থেকেই জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধে উদ্যোগ নিচ্ছে।
গত এপ্রিল মাসে জীবাশ্ম জ্বালানির ব্যবহার পর্যায়ক্রমে বন্ধ করার বিষয়ে প্রথমবারের মতো আয়োজিত একটি সম্মেলনে প্রায় ৬০টি দেশ অংশ নেয়। কপ৩১ সম্মেলনেও কয়েকটি দেশ কয়লা, তেল ও গ্যাসের ব্যবহার বন্ধে নিজস্ব পরিকল্পনা তুলে ধরে।
সমঝোতার শেষ চেষ্টা হিসেবে সম্মেলনের সহ-আয়োজক তুরস্ক ও অস্ট্রেলিয়া চূড়ান্ত ঘোষণাপত্রে জীবাশ্ম জ্বালানির বিষয়ে পরোক্ষভাবে একটি উল্লেখ রাখার চেষ্টা করে। তবে চূড়ান্ত প্রস্তাবে বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরা সম্ভব হয়নি।
অন্যদিকে, কার্বন ধারণ ও সংরক্ষণ প্রযুক্তির ব্যবহার বাড়ানোর আহ্বান চূড়ান্ত চুক্তিতে বহাল থাকায় সমালোচনার মুখে পড়ে প্রস্তাবটি। এই প্রযুক্তির মাধ্যমে শিল্পকারখানা ও বিদ্যুৎকেন্দ্র থেকে নির্গত কার্বন ডাই-অক্সাইড ধরে সংরক্ষণ করা হয়। তবে এটি ব্যয়বহুল প্রযুক্তি এবং জীবাশ্ম জ্বালানি শিল্পের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে এর ব্যবহার সম্প্রসারণের পক্ষে প্রচার চালানো হচ্ছে।
সৌদি আরবের জলবায়ু আলোচক মোহাম্মদ আইয়ুব বলেন, ‘আমরা মনে করি, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সব ধরনের সমাধানের পথই খোলা রাখা প্রয়োজন।’
জীবাশ্ম জ্বালানির বিষয়টি চূড়ান্ত চুক্তিতে স্পষ্টভাবে না থাকায় সমালোচনার মুখে পড়ে তুরস্ক ও অস্ট্রেলিয়া বিশ্ব অর্থনীতিতে বিদ্যুতের ব্যবহার সম্প্রসারণের একটি লক্ষ্য নির্ধারণে সমর্থন আদায়ের চেষ্টা করে।
তাদের যুক্তি ছিল, অর্থনীতির বিভিন্ন খাতে বিদ্যুতের ব্যবহার বাড়ালে তাপ আটকে রাখা গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমানো সম্ভব হবে এবং জ্বালানি নিরাপত্তাও শক্তিশালী হবে। তবে শেষ পর্যন্ত প্রস্তাবিত ‘আন্তালিয়া চুক্তি’র সঙ্গে এ উদ্যোগও ভেস্তে যায়।
প্যারিস চুক্তির লক্ষ্য নিয়েও হতাশা
বিভিন্ন দেশ বলেছে, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখার প্যারিস চুক্তির লক্ষ্যকে আরও শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ হাতছাড়া হয়েছে।
বিজ্ঞানীদের আশঙ্কা, কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্য পূরণে দেশগুলো ব্যর্থ হওয়ায় আগামী কয়েক বছরের মধ্যেই বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির মাত্রা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে।
সম্মেলনে জলবায়ুবিষয়ক বৈজ্ঞানিক তথ্যের গুরুত্ব নিয়েও মতবিরোধ দেখা দেয়। বিশেষ করে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক আন্তসরকার প্যানেল (আইপিসিসি)-এর কাজ ও প্রতিবেদন নিয়ে বিতর্ক আলোচনায় ছড়িয়ে পড়ে।
যুক্তরাজ্যের জলবায়ুবিষয়ক আলোচক কেট হিউজ বলেন, ‘চূড়ান্ত ঘোষণাপত্রের বিষয়বস্তুতে আমরা গভীরভাবে হতাশ।’
তিনি আরও বলেন, ‘এটি বৈজ্ঞানিক অগ্রগতির পরিবর্তে আমাদের পেছনের দিকে নিয়ে যাচ্ছে। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় যেখানে সাহসী ও সম্মিলিত উদ্যোগের কথা তুলে ধরা উচিত ছিল, সেখানে সর্বনিম্ন গ্রহণযোগ্য অবস্থানকে ভিত্তি করে প্রস্তাব তৈরি করা হয়েছে।’
বরাবরের মতো এবারের সম্মেলনেও জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে বেশি দায়ী বৃহৎ শিল্পোন্নত ও দূষণকারী দেশগুলোর সঙ্গে এর সবচেয়ে বেশি ক্ষতির শিকার ছোট ও উন্নয়নশীল দেশগুলোর স্বার্থের ব্যবধান স্পষ্ট হয়ে উঠেছে।
উন্নয়নশীল দেশগুলো জলবায়ু মোকাবিলায় ১২০ বিলিয়ন ডলারের অর্থায়নের একটি লক্ষ্য নির্ধারণের দাবি জানিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ হওয়া চুক্তি থেকে সেই অর্থায়নের প্রস্তাবও বাদ পড়ে যায়।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
মিস ইউনিভার্স প্রতিযোগিতার সুইমস্যুট পর্বে বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি ব্যতিক্রমী সাজে উপস্থিত হয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন। যেখানে অন্যান্য প্রতিযোগীরা সাধারণত বিকিনি বা দুই খণ্ডের সাঁতারের পোশাক পরিধান করে থাকেন, সেখানে মাহি সম্পূর্ণ ভিন্ন এক লুক বেছে নিয়েছেন। তিনি পুরো শরীর ঢাকা ফিটিং নীল পোশাকে আত্মবিশ্বাসীভাবে বিশ্বমঞ্চে আলাদা করে নজর কেড়েছেন।
মিস ইউনিভার্স প্রতিযোগিতার সুইমস্যুট পর্বটি অন্যতম আকর্ষণীয় ও চ্যালেঞ্জিং আয়োজন হিসেবে পরিচিত। এই পর্বে প্রতিযোগীরা সাধারণত নিজেদের শারীরিক সৌন্দর্য, আত্মবিশ্বাস ও ব্যক্তিত্ব প্রদর্শন করেন। তবে প্রচলিত ধারার বাইরে গিয়ে মাহি ফুলহাতা নীল পোশাক পরিধান করেছেন। তার সঙ্গে ছিল নীল রঙের লম্বা কাপড়, যা হাঁটার সময় পেছনে ঢেউয়ের মতো ছড়িয়ে পড়ছিল। তার উপস্থাপনায় স্বতন্ত্র রুচি ও আভিজাত্য ফুটে উঠেছে।
স্থানীয় সময় রোববার রাতে মাহি তার সামাজিকমাধ্যমে এই পর্বের ছবি ও ভিডিও প্রকাশ করেন। সেখানে তিনি উল্লেখ করেন, মিস ইউনিভার্সের বিশ্বমঞ্চে সুইমস্যুট প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরে তিনি গর্বিত। তিনি জানান, আত্মবিশ্বাস, শক্তি ও আভিজাত্যের সঙ্গে দেশের প্রতিনিধিত্ব করছেন।
মাহির এই ব্যতিক্রমী উপস্থিতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা কুড়াচ্ছে। অনেকেই তার পোশাক নির্বাচন ও আত্মবিশ্বাসের প্রশংসা করছেন। এক নেটিজেন মন্তব্য করেছেন, বিকিনি ছাড়াও যে বিশ্বমঞ্চে নিজের দেশকে সুন্দরভাবে উপস্থাপন করা সম্ভব, মাহি তা দেখিয়ে দিয়েছেন। অন্য একজন লিখেছেন, ‘বাংলাদেশের হয়ে সেরা সুইমস্যুট ওয়াক’।
এর আগে ন্যাশনাল কস্টিউম পর্বেও মাহি নিজস্ব ভাবনায় বাংলাদেশকে তুলে ধরেছিলেন। ‘মাদারহুড—আ ইউনিভার্সাল বন্ড অব লাভ’ শিরোনামে মাতৃত্বের সর্বজনীন ভালোবাসাকে উপজীব্য করে ঐতিহ্যবাহী শাড়িতে হাজির হন তিনি। পোশাকের মাধ্যমে মাতৃত্বের মমতা ও ভালোবাসার বার্তা তুলে ধরেন।
৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন সামিরা খান মাহি। এবারের গ্র্যান্ড ফিনালে আগামী ২৪ নভেম্বর অনুষ্ঠিত হবে। সেদিন বিজয়ীর নাম ঘোষণা করা হবে এবং নতুন মিস ইউনিভার্সের মাথায় উঠবে কাঙ্ক্ষিত মুকুট। বাংলাদেশের দর্শকদের প্রত্যাশা, মাহির এই আত্মবিশ্বাসী ও ব্যতিক্রমী যাত্রা দেশের জন্য সম্মান ও সাফল্য বয়ে আনবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সিলেটের গোয়াইনঘাটে বাড়ির সীমানায় টিনের চালের পানি পড়াকে কেন্দ্র করে বিরোধের জেরে জাহাঙ্গীর আলম (২৭) নামে এক যুবক চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে নিহত হয়েছেন। পুলিশ অভিযুক্ত চাচাতো ভাই আমির হোসেনকে (২৪) গ্রেপ্তার করেছে।
এ ঘটনাটি সোমবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ১১ নম্বর মধ্য জাফলং ইউনিয়নের ইসলামপুর (দুভাগ) গ্রামে ঘটে।
নিহত জাহাঙ্গীর আলম ওই গ্রামের ময়না মিয়ার ছেলে। অপরদিকে, অভিযুক্ত আমির হোসেন একই গ্রামের মৃত রফিক মিয়ার সন্তান।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির সীমানায় টিনের চালের পানি পড়াকে কেন্দ্র করে প্রথমে জাহাঙ্গীর আলম ও আমির হোসেনের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় আমির হোসেনের মা আম্বিয়া বেগমকে প্রতিপক্ষের লোকজন কোপ দিয়ে আহত করেন বলে জানা গেছে। এর জের ধরে আমির হোসেন ধারালো চাকু দিয়ে জাহাঙ্গীর আলমের বুকের বাঁ পাশে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।
ঘটনার পরপরই গোয়াইনঘাট থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে অভিযুক্ত আমির হোসেনকে গ্রেপ্তার করে।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক মোড়ল জানান, মধ্য জাফলং ইউনিয়নে চাচাতো ভাইয়ের হাতে আরেক চাচাতো ভাই খুন হয়েছেন। ঘটনার পর উপ-পরিদর্শক (এসআই) গোলাম ফাত্তাহ চৌধুরী মোর্শেদের নেতৃত্বে অভিযান চালিয়ে অভিযুক্ত আমির হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ভারতের জয়ী হওয়ার প্রত্যাশা ভেঙে দিয়ে শেষ পর্যন্ত ড্রয়ের দিকে এগিয়ে গেল নিউজিল্যান্ড। ওয়েলিংটন টেস্টের শেষ দিনে ব্যাট হাতে অসাধারণ ধৈর্য ও দৃঢ়তা প্রদর্শন করেন ড্যারিল মিচেল এবং গ্লেন ফিলিপস। তাদের অবিচ্ছিন্ন জুটির ফলে স্বাগতিকরা ম্যাচ বাঁচাতে সক্ষম হয়।
শেষ দিনে ভারতের জন্য ৮ উইকেট প্রয়োজন ছিল জয়লাভের জন্য। অপরদিকে, নিউজিল্যান্ডের সামনে ছিল পুরো দিন ব্যাট করার চ্যালেঞ্জ, যাতে তারা ম্যাচটি বাঁচাতে পারে। দিনের শুরুতে ২ উইকেটে ১১৯ রান নিয়ে খেলা শুরু করা কিউইরা শেষ পর্যন্ত ৫ উইকেটে ২৩৯ রান করে ইনিংস ঘোষণা ছাড়াই ম্যাচটি ড্র করে।
একপর্যায়ে ১৭৬ রানে ৫ উইকেট হারিয়ে নিউজিল্যান্ড চাপে পড়ে। ভারত মাত্র ৪৪ রানের ব্যবধানে তিন উইকেট তুলে নিয়ে জয়লাভের সম্ভাবনা সৃষ্টি করে। তবে এরপর সফরকারীরা আর কোনো উইকেট নিতে পারেনি।
ষষ্ঠ উইকেটে অবিচ্ছিন্ন ৬৩ রানের জুটি গড়ে ভারতের জয়লাভের আশা নষ্ট করেন মিচেল ও ফিলিপস। ২৫৯ বল মোকাবেলা করে গড়া এই জুটিতে দুজনই অসাধারণ প্রতিরোধ প্রদর্শন করেন।
মিচেল ৪৯ রানে অপরাজিত থাকেন। ১৮৬ বলের ইনিংসে তিনি চারটি চার ও একটি ছক্কা মারেন। অন্যদিকে, ফিলিপস ১২৬ বলে দুই চারে ২৬ রান করে অপরাজিত ছিলেন।
দিনের শেষদিকে মিচেলের সামনে ছিল ব্যক্তিগত ১৭তম টেস্ট ফিফটি পূরণের সুযোগ। ৪৯ রানে থাকার সময় পানি পানের বিরতিতে ভারতীয় অধিনায়ক শুবমান গিলের দিকে হাত বাড়িয়ে হ্যান্ডশেক করেন তিনি। গিলও তাতে সাড়া দেন। ফলে আনুষ্ঠানিকভাবে ড্র মেনে নেয় দুই দল।
এর আগে নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৬৫ রান করেন ডেভন কনওয়ে। রাচিন রবীন্দ্র ৩৭ রান করেন। টম ব্লান্ডেল ৫৪ বলে ১৫ রান করে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন।
ম্যাচের প্রথম ইনিংসে হেনরি নিকলসের ১৭৫ ও গ্লেন ফিলিপসের ১১৮ রানের সুবাদে নিউজিল্যান্ড ৩৬৮ রান সংগ্রহ করে। জবাবে ভারতের ব্যাটাররা দাপুটে ব্যাটিং করে ৭২০ রান তুলে ইনিংস ঘোষণা করেন। যদিও বড় লিড পেলেও শেষ পর্যন্ত নিউজিল্যান্ডের দৃঢ়তায় জয়লাভ করতে পারেনি ভারত।
ভারতীয় ব্যাটাররা একের পর এক রেকর্ড গড়লেও ম্যাচসেরার পুরস্কার জিতেছেন নিউজিল্যান্ডের হেনরি নিকলস। তার দুর্দান্ত ১৭৫ রানের ইনিংসই কিউইদের শক্ত ভিত গড়ে দিয়েছিল ম্যাচে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ