প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
মিস ইউনিভার্স প্রতিযোগিতার সুইমস্যুট পর্বে বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি ব্যতিক্রমী সাজে উপস্থিত হয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন। যেখানে অন্যান্য প্রতিযোগীরা সাধারণত বিকিনি বা দুই খণ্ডের সাঁতারের পোশাক পরিধান করে থাকেন, সেখানে মাহি সম্পূর্ণ ভিন্ন এক লুক বেছে নিয়েছেন। তিনি পুরো শরীর ঢাকা ফিটিং নীল পোশাকে আত্মবিশ্বাসীভাবে বিশ্বমঞ্চে আলাদা করে নজর কেড়েছেন।
মিস ইউনিভার্স প্রতিযোগিতার সুইমস্যুট পর্বটি অন্যতম আকর্ষণীয় ও চ্যালেঞ্জিং আয়োজন হিসেবে পরিচিত। এই পর্বে প্রতিযোগীরা সাধারণত নিজেদের শারীরিক সৌন্দর্য, আত্মবিশ্বাস ও ব্যক্তিত্ব প্রদর্শন করেন। তবে প্রচলিত ধারার বাইরে গিয়ে মাহি ফুলহাতা নীল পোশাক পরিধান করেছেন। তার সঙ্গে ছিল নীল রঙের লম্বা কাপড়, যা হাঁটার সময় পেছনে ঢেউয়ের মতো ছড়িয়ে পড়ছিল। তার উপস্থাপনায় স্বতন্ত্র রুচি ও আভিজাত্য ফুটে উঠেছে।
স্থানীয় সময় রোববার রাতে মাহি তার সামাজিকমাধ্যমে এই পর্বের ছবি ও ভিডিও প্রকাশ করেন। সেখানে তিনি উল্লেখ করেন, মিস ইউনিভার্সের বিশ্বমঞ্চে সুইমস্যুট প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরে তিনি গর্বিত। তিনি জানান, আত্মবিশ্বাস, শক্তি ও আভিজাত্যের সঙ্গে দেশের প্রতিনিধিত্ব করছেন।
মাহির এই ব্যতিক্রমী উপস্থিতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা কুড়াচ্ছে। অনেকেই তার পোশাক নির্বাচন ও আত্মবিশ্বাসের প্রশংসা করছেন। এক নেটিজেন মন্তব্য করেছেন, বিকিনি ছাড়াও যে বিশ্বমঞ্চে নিজের দেশকে সুন্দরভাবে উপস্থাপন করা সম্ভব, মাহি তা দেখিয়ে দিয়েছেন। অন্য একজন লিখেছেন, ‘বাংলাদেশের হয়ে সেরা সুইমস্যুট ওয়াক’।
এর আগে ন্যাশনাল কস্টিউম পর্বেও মাহি নিজস্ব ভাবনায় বাংলাদেশকে তুলে ধরেছিলেন। ‘মাদারহুড—আ ইউনিভার্সাল বন্ড অব লাভ’ শিরোনামে মাতৃত্বের সর্বজনীন ভালোবাসাকে উপজীব্য করে ঐতিহ্যবাহী শাড়িতে হাজির হন তিনি। পোশাকের মাধ্যমে মাতৃত্বের মমতা ও ভালোবাসার বার্তা তুলে ধরেন।
৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন সামিরা খান মাহি। এবারের গ্র্যান্ড ফিনালে আগামী ২৪ নভেম্বর অনুষ্ঠিত হবে। সেদিন বিজয়ীর নাম ঘোষণা করা হবে এবং নতুন মিস ইউনিভার্সের মাথায় উঠবে কাঙ্ক্ষিত মুকুট। বাংলাদেশের দর্শকদের প্রত্যাশা, মাহির এই আত্মবিশ্বাসী ও ব্যতিক্রমী যাত্রা দেশের জন্য সম্মান ও সাফল্য বয়ে আনবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন